কৃষি বাজেট: আর্থিক প্রণোদনার সঙ্গে উদ্দীপনাও দরকার
শিগগিরই এবারের বাজেট ঘোষণা হতে যাচ্ছে। যত দূর শোনা যায়, গত বছরের ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেটের তুলনায় এবারের বাজেট আকারে বৃদ্ধি পাবে। খাদ্য ও কৃষি ভর্তুকি এবং প্রণোদনা খাতে উল্লেখযোগ্য পরিমাণে বরাদ্দ বৃদ্ধি এবারের বাজেটের প্রধান বৈশিষ্ট্য হবে বলে আশা করা যায়। আমাদের সামনে প্রধান চ্যালেঞ্জগুলো হচ্ছে করোনা ধকল কাটিয়ে উঠে কৃষি উৎপাদন বৃদ্ধির ধারা অব্যাহত রাখা, লাভজনক বাণিজ্যিক কৃষির গতি চালু রাখা, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি ও গ্রামাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে গ্রামীণ আয়রোজগার বাড়ানো। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার সব সময় কৃষকের পাশে আছে এমন আহ্বানের সঙ্গে বর্ধিত প্রণোদনা প্যাকেজ ঘোষণা যেমন প্রশংসনীয়, তেমনি খোদ কৃষক যাঁরা রোগব্যাধির ঝুঁকি নিয়ে উৎপাদন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, তাঁদের উদ্দীপনা বৃদ্ধি করে যাওয়াও অত্যন্ত প্রয়োজনীয়। এই পত্রিকায় প্রকাশিত আমার বাজেট–সম্পর্কিত আগের লেখায় বেশ কিছু ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি করার কথা বলা হয়েছিল। এ লেখায় বাজেট বিবেচনার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ কৃষি ও অকৃষি খাতের উল্লেখ করছি, যেগুলো উৎপাদন, আয়-বৃদ্ধি ও কৃষকের মধ্যে উদ্দীপনা সৃষ্টিতে সহায়ক হতে পারে।
১. সহজ শর্তে কৃষিঋণ বিতরণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের ঋণ পেতে বেগ পেতে হয় এবং অনেকে হয়তো না-ও পেতে পারেন। পেলেও প্রকারান্তরে ৪ শতাংশের বেশি সুদও গুনতে হতে পারে। এ অবস্থায় আমি কৃষকদের মনোবল চাঙা রাখার উদ্দেশ্যে এবারের বাজেটে ‘প্রধানমন্ত্রীর কৃষক উদ্দীপন ফান্ড’ নামে ২ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের প্রস্তাব করছি। হিসাব করে দেখা যায়, এতে একরপ্রতি ১ হাজার টাকা করে মোট ২ কোটি একর নিট আবাদি জমির জন্য কৃষকদের উদ্দীপনা অনুদান দেওয়া যাবে। প্রায় এই পরিমাণ কৃষি বাজেটের টাকা অনেক সময়ই খরচ করতে না পারায় ফেরত যায়। টাকার অঙ্কে যত কমই হোক, এটা গ্রামাঞ্চলে নগদ অর্থের প্রবাহ সৃষ্টি করবে এবং ক্রয়ক্ষমতা বৃদ্ধি করে খাদ্য, অন্যান্য পণ্য ও সেবাসামগ্রীর চাহিদা বৃদ্ধি করবে। এতে করোনা প্রভাবিত নাজুক গ্রামীণ অর্থনীতির অগ্র–পশ্চাৎ সংযোগ, যা ইতিমধ্যে অনেকটা ভেঙে পড়েছে এবং ভবিষ্যতেও পড়তে পারে, তা চাঙা হয়ে উঠবে। এ সময়ে কৃষকের মনস্তাত্ত্বিক উদ্দীপনা ধরে রাখাও অত্যন্ত জরুরি কাজ।
২. এবারের করোনাকালে লক্ষ করা গেছে যে শহরগুলোতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর একটা বড় অংশের জোগান এসেছে শহরসংলগ্ন কৃষি এলাকা থেকে। সেই সঙ্গে নগর কৃষি, বিশেষ করে ছাদ কৃষিও তাজা শাকসবজি দিয়ে অনেকটা পারিবারিক চাহিদা মিটিয়ে বেশ অবদান রেখেছে। শহরসংলগ্ন কৃষিতে সাধারণত বাণিজ্যিক ভিত্তিতে উচ্চ মূল্যের পুষ্টিকর ফসল ও কৃষিপণ্য উৎপাদিত হয় এবং জমিসহ অন্যান্য উপকরণ খরচও বেশি পড়ে এবং এটা পানি ও বায়ুদূষণেরও শিকার। ছাদ কৃষি তো সরাসরি নগরের উষ্ণতা রোধ করতে সহায়তা করে। এবারের বাজেটে নিরাপদ শহরসংলগ্ন কৃষি ও ছাদ কৃষির জন্য সহায়তার ব্যবস্থা রাখা যুক্তিযুক্ত হবে। অবস্থাভেদে এর জন্য পৌরকর আংশিক রেয়াত দেওয়ার ব্যবস্থাও থাকতে পারে।
৩. এবারের বাজেটে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের দিকে বেশি নজর দিতে হবে। এটা কৃষির জোগান-শৃঙ্খল ও মূল্য সংযোজনে সম্পূরক হিসেবে অবদান রাখবে। এখন আমরা ধান-চালে ও আলুতে উদ্বৃত্ত হয়েছি। এশিয়ার অন্যান্য দেশের মতো আমাদেরও আলু, চাল ও ভুট্টার বহুমুখী ব্যবহার বাড়াতে হবে। চাল থেকে পুষ্টিকর খাবার যেমন ভোজ্যতেল, নুডলস, কেক, পানীয় ইত্যাদি, আলু থেকে চিপস বিস্কুট বা তৈরির জন্য খাদ্যশিল্পের বিকাশ দরকার। এ জন্য বাজেটে অনুকূল আমদানি শুল্ক, কর ও ভ্যাট ব্যবস্থা থাকা প্রয়োজন।
৪. স্থানীয় পর্যায়ে বেকারি, হাস্কিং মিল, আটা-ময়দা মিল, অয়েল মিলসহ যাঁরা খাদ্য প্রক্রিয়াজাত ও মূল্য সংযোজন করেন, কর্মসংস্থান সৃষ্টিতে তাঁদের বিরাট অবদান। স্থানীয় অর্থনীতির বিকাশ এবং সেই সঙ্গে কৃষকদের ভালো মূল্যপ্রাপ্তির লক্ষ্যে স্থানীয় প্রক্রিয়াজাত ব্যবসার বিকাশের জন্য প্রযুক্তি ও আর্থিক বরাদ্দের ব্যবস্থা থাকা প্রয়োজন।
৫. এবারের বাজেটে কিছু অপ্রচলিত কৃষিপণ্যের মূল্য সংযোজনের ওপর গুরুত্ব দেওয়া প্রাসঙ্গিক হবে। যেমন বাংলাদেশে প্রায় দুই লাখ ছোট-বড় পোলট্রি ফার্মে উৎপাদিত হাঁস-মুরগির বিপুল পরিমাণ পালক ফেলে দেওয়া হয়। এগুলো দিয়ে উন্নত মানের নাইট্রোজেনসমৃদ্ধ জৈব সার বানানো যায় এবং প্রযুক্তিও সহজ। লাখ লাখ ব্রয়লার হাউস থেকে পালকগুলো সংগ্রহ করা কঠিন কাজ নয়। গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান হবে ও একই সঙ্গে উন্নত মানের জৈব সার নিরাপদ শাকসবজি চাষে কাজে আসবে। হাঁস-মুরগির পালক উন্নত মানের লেপ-তোশক-বালিশও তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার হয়। এ ধরনের উদ্ভাবনীমূলক উৎপাদনশীল কাজে আগ্রহ সৃষ্টি ও বিনিয়োগ আকর্ষণ করার লক্ষ্যে বাজেটে স্বল্প পুঁজি ও প্রযুক্তি সহায়তার বরাদ্দ রাখা যায়।
৬. পারিবারিক আয় ও পুষ্টি বিবেচনায় শহর ও গ্রামে মাশরুম চাষের গুরুত্ব বাড়ছে। মাশরুম চাষের বিকাশ ও বিপণনে মহিলাদের সহায়তার জন্য বাজেট সহায়তা থাকতে পারে। এ ছাড়া মাছের আচার, আলু-মাছসহযোগে ফিশ ফিঙ্গার, শুঁটকি মাছ, দুগ্ধজাত পণ্য ইত্যাদির প্রযুক্তি এখন হাতের মধ্যে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এগুলো দেওয়ার জন্য তৈরি। উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বাজেটে বরাদ্দ সহায়তা থাকলে প্যাকেটজাত পুষ্টিকর খাবারের বাজার সম্প্রসারিত হবে। এ জন্য ছোট ড্রায়ার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি দেশেই উৎপাদন ও বিতরণের জন্য ভ্যাট কর সুবিধা দেওয়া সংগত হবে।
৭. কৃষি যন্ত্রপাতি চালু রাখা এবং এগুলোর মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য গ্রামপর্যায়ে পাঁচ লাখের অধিক মেকানিক, যন্ত্রচালক এবং তাদের সঙ্গে সংযুক্ত হাজার হাজার ওয়ার্কশপ কর্মী রয়েছেন। আধুনিক দক্ষ ও লাভজনক কৃষির জন্য এঁদের যথাযথ প্রশিক্ষণ ও ক্ষেত্রভেদে পুঁজি সহায়তা দেওয়া দরকার। এবারের বাজেটে কৃষি যান্ত্রিকায়নে পর্যাপ্ত বরাদ্দের পাশাপাশি দক্ষতর মেকানিক সার্ভিস গড়ে তোলার জন্যও বরাদ্দের ব্যবস্থা রাখতে হবে। সরকারের সঙ্গে এখানে যন্ত্র সরবরাহকারী বেসরকারি প্রতিষ্ঠানকেও সংযুক্ত করার ব্যবস্থা থাকতে হবে।
৮. সবশেষে বলতে চাই যে লাভজনক বাণিজ্যিক কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নের জন্য কৃষি উৎপাদন, জোগান ও চাহিদা, জাতীয় ও আন্তর্জাতিক বাজারমূল্যের তারতম্য, আবহাওয়াজনিত কারণে বিভিন্ন দেশের কৃষিপণ্যের উৎপাদনের ওঠানামা, আগাম প্রক্ষেপণ ইত্যাদি সম্পর্কিত তথ্যাবলি নিবিড় বিশ্লেষণের ভিত্তিতে সঠিক নীতি প্রণয়ন ও পরামর্শ সেবার দরকার। তাই
একটি টেকসই বাণিজ্যিক কৃষির রূপান্তরের লক্ষ্যে এবারের বাজেটে একটি শক্তিশালী কৃষি কমিশন, যা ১৯৯৯ সালের কৃষিনীতিতেও ছিল, তা গঠনের ঘোষণা থাকা যুক্তিযুক্ত হবে।
এম এ সাত্তার মণ্ডল: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য, পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য এবং বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটির সদস্য