প্রথম আলোয় গত ২৫ এপ্রিল প্রকাশিত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাক্ষাৎকার পড়লাম। অর্থমন্ত্রী বলেছেন, ‘কৃষি ব্যাংকের ওপর আমি খুবই অসন্তুষ্ট।’ এর আগে এমনভাবে কোনো অর্থমন্ত্রী বক্তব্য দিয়েছেন বলে আমার জানা নেই। মন্ত্রী সাক্ষাৎকারে বলেছেন, ‘কৃষি ব্যাংক কৃষককে যতটা গুরুত্ব দিয়েছে, তার চেয়ে বেশি দিয়েছে কৃষি-বাণিজ্যে।’ কৃষি ব্যাংকের নীতিমালা পাঠ করলে ব্যাপারটা এমন মনে হয় না। কৃষি ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত কৃষিঋণ বিতরণ ও আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে।
চলতি অর্থবছরে কৃষি ব্যাংকের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৬ হাজার ৩০০ কোটি টাকার মধ্যে ৪ হাজার ৮০০ কোটি টাকা কৃষিঋণের জন্য নির্ধারিত, যা লক্ষ্যমাত্রার ৭৬ শতাংশ। অবশিষ্ট ১ হাজার ৫০০ কোটি টাকার মধ্যে ১ হাজার কোটি টাকা এসএমই ও ৫০০ কোটি টাকা কৃষিভিত্তিক শিল্প খাতের জন্য রাখা হয়েছে। কৃষি-বাণিজ্য বলে কৃষি ব্যাংকের কোনো খাতই নেই।
কৃষি ব্যাংক বিধবা ভাতা, ঘরে ফেরা, বৃদ্ধ ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, ১০ টাকায় কৃষকদের হিসাবসহ সরকারের নানা কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। ১০ টাকার কৃষক হিসাবের সংখ্যা ২৫ লাখ ৫৩ হাজার, বিভিন্ন সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় কৃষি ব্যাংকের উপকারভোগীর সংখ্যা ৯ লাখ ২৫ হাজার। সঞ্চয়ী হিসাবের সংখ্যা ৭১ লাখ। ঋণগ্রহীতার সংখ্যা ৩৪ লাখ, যার ৯৫ শতাংশ কৃষক। আমদানি-বিকল্প ফসল উৎপাদনে ৪ শতাংশ সুদে কৃষি ব্যাংকের অর্জন ১০০ শতাংশ।
একজন সাবেক মহাব্যবস্থাপকের পাঁচ বছরের কার্যকলাপের শেষ দুই বছরে তিন থেকে চারটি এডি শাখার মাধ্যমে বাছাইকৃত কতিপয় দুষ্ট প্রকৃতির ঋণগ্রহীতা বৈদেশিক বাণিজ্যের নামে এলসি খুলে দাম পরিশোধ না করায় কয়েক শ কোটি টাকার দায় সৃষ্টি হয়। ওই এমডিকে পর পর দুবার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিলেন কে? অনুসন্ধান করলে তা জানতে পারবেন। বৈদেশিক বাণিজ্যের নন-ফান্ডেড (এলসি) ঋণ আর কৃষি-বাণিজ্য এক অর্থবোধক নয়।
৩৭ বছরের কর্মজীবনে কৃষি ব্যাংক কখনো স্বাধীনভাবে কাজ করেছে, তা দেখিনি। সরকারের চাপিয়ে দেওয়া কর্মসূচি বাস্তবায়নে সর্বদা ব্যস্ত থাকতে হয় বলে এ ব্যাংক কখনো মুনাফার দিকে মনোযোগ দিতে পারেনি। বন্যা, শিলাবৃষ্টি, খরা, ঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগে কৃষি ব্যাংককে তাৎক্ষণিকভাবে আগের ঋণ আদায় স্থগিত রেখে নতুন করে ঋণ দিতে হয়। অন্য কোনো ব্যাংককে এসব কাজে খুব একটা পাওয়া যায় না।
১৯৯১ সালে প্রধানমন্ত্রী হয়ে খালেদা জিয়া এক ঘোষণায় অনাদায়ি কৃষিঋণের আসল মওকুফ করেন, এতে কৃষি ব্যাংকের ১ হাজার কোটি টাকা ক্ষতি হয়। এমন আরও উদাহরণ দেওয়া যায়। আসলে গ্রামে একটা কথা আছে, ‘গরিবের বউ সবার ভাবি।’ বাংলাদেশের ব্যাংকিং খাতে কৃষি ব্যাংকের অবস্থা গরিবের বউয়ের মতো। এই পরিপ্রেক্ষিতে মাননীয় অর্থমন্ত্রী তাঁর কথা ফিরিয়ে নেবেন বলে আশা করছি।
লেখক: অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বাংলাদেশ কৃষি ব্যাংক।