কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী
কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে শুরুতেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। কারণ, জাতীয় সংসদে দেওয়া তাঁর বিবৃতিতে উৎসাহিত হয়ে তাঁর দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা গত মাসে ঝিনাইদহ আদালতে প্রথম আলোর ঝিনাইদহ প্রতিনিধি, একজন স্থানীয় সাংবাদিক ও প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে আটটি মানহানির মামলা দায়ের করেছেন। একই বিষয়ে আরও দুটি চাঁদাবাজির মামলা হয়েছে আমাদের ঝিনাইদহ প্রতিনিধির বিরুদ্ধে। বেগম মতিয়া চৌধুরী আমার নেত্রী, আমাদের ছাত্র ইউনিয়ন, ন্যাপ ও কমিউনিস্ট পার্টির সহস্র-লক্ষ সাবেক নেতা-কর্মীর প্রিয় নেতা ছিলেন। এখন তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী।
প্রথম আলোর একটি সংবাদকে কেন্দ্র করে আটটি মামলা, এটা আমার জন্য নতুন একটি রেকর্ড। বর্তমান সরকারের সময়ে এর আগের রেকর্ডটি ছিল একই অভিযোগে পাঁচ জেলায় পাঁচটি মামলার। গত বছরের অক্টোবর-নভেম্বরে পাঁচটি মিথ্যা মামলা দেওয়ার পেছনে কোনো কোনো গোয়েন্দা সংস্থার হাত ছিল বলে অনেকে বলেছেন। সরকারি দলের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই ওই মামলাগুলোর বাদী। এ মামলাগুলো করা হয়েছে বরিশাল, ঝালকাঠি, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও ও ঢাকায়। কিন্তু সব মামলার এজাহারের ভাষা ছিল অভিন্ন। মামলাগুলোয় জামিন নিতে ও হাজিরা দিতে আমাকে এসব জেলায় প্রায়ই যেতে হচ্ছে। আরও কত দিন যেতে হবে জানি না!
এবার অবশ্য সব মামলাই করা হয়েছে ঝিনাইদহ আদালতে। এখন আমাকে প্রায়ই যেতে হবে ঝিনাইদহ শহরে। সেটা একদিক থেকে ভালো হলো আমার জন্য। একটি জেলা শহরকে আমার ঘনিষ্ঠভাবে জানা-বোঝার সুযোগ ঘটবে। স্থানীয় অনেক মানুষের সঙ্গে পরিচয়ও হবে। তাদের কাছ থেকে অনেক কিছুই জানতে পারব, শিখতে পারব। তাই মতিয়া আপাকে ধন্যবাদ জানাই।
আমাদের নেতা মতিয়া চৌধুরীর নেতৃত্বে ১৯৬৫ সালের এপ্রিল মাসে গঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হয়েছিলাম। তবে তারও আগে থেকে তাঁর সঙ্গে আমাদের পরিচয়। ১৯৬৪ সালে আমাদের মতিয়া আপার সঙ্গে আমার প্রথম সম্পাদক (সাপ্তাহিক একতা, ১৯৭০ সাল) বজলুর রহমানের বিয়ের চা-অনুষ্ঠানেও (সিদ্দিকবাজারে) উপস্থিত থাকার সুযোগ পেয়েছিলাম। ষাটের দশকের সেই অগ্নিঝরা আন্দোলনের দিনগুলোর কত-না স্মৃতি আমাদের! সেই দিনগুলো আর ফিরে আসবে না এই বাংলাদেশে। ষাটের দশকের ছাত্র আন্দোলনের শেষে মতিয়া আপাসহ আমাদের অনেক বন্ধু ন্যাশনাল আওয়ামী পার্টিতে (ন্যাপ) যোগ দেন। আর আমরা অনেকে সে সময়ের নিষিদ্ধ কমিউনিস্ট পার্টিতে যোগ দিই। এসব সিদ্ধান্ত ছিল কমিউনিস্ট পার্টির নেতৃত্বের। কারণ, আমরা সবাই সে সময় নিষিদ্ধ কমিউনিস্ট পার্টির সদস্য ছিলাম।
আমাদের ঝিনাইদহ প্রতিনিধি আজাদ রহমান, স্থানীয় সাংবাদিক সুব্রত সরকার এবং আমার বিরুদ্ধে আটটিসহ ১০টি মামলা দেওয়ার পটভূমি তৈরি করতে আমাদের মতিয়া আপা মহান জাতীয় সংসদে ‘জনস্বার্থে’ ব্যক্তিগত কৈফিয়ত দিতে তিনবার দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছেন। এর জন্য তিনি মোট ২২ মিনিট ৩৩ সেকেন্ড সময় ব্যয় করেছেন। টিআইবির (২০১১-২০১২ সালের) হিসাব অনুযায়ী, এই ২২ মিনিট ৩৩ সেকেন্ড কথা বলার পেছনে সংসদের ব্যয় হয়েছে মোট ১ ৭ লাখ ৫৫ হাজার টাকা (প্রতি মিনিটে ব্যয় ৭৮ হাজার টাকা)। এখন নিশ্চয়ই এই ব্যয় আরও বেড়েছে। প্রথম আলোর মতো একটি ছোট প্রতিষ্ঠান কিংবা আমাদের মতো নগণ্য ব্যক্তির জন্য জনগণের অর্থের এই অপব্যয় করা হয়েছে।
আমাদের প্রিয় নেতা মতিয়া চৌধুরী এবার তিন দিন ধরে ‘জনস্বার্থে’ প্রথম আলোর সাংবাদিকতার তীব্র সমালোচনা করার আগেও প্রথম আলো এবং এর সম্পাদকের বিরুদ্ধে অন্তত দুবার মহান জাতীয় সংসদে তীব্র ভাষায় আক্রমণ করে বক্তৃতা দেওয়া হয়, কুৎসা রটানো হয়। প্রথম দফায় আক্রমণ করা হয়েছিল ২০০১ সালের ১২ ও ২৬ জুন। সে সময় জাতীয় সংসদে অনেক জ্যেষ্ঠ মন্ত্রীর উপস্থিতিতে সম্পাদকের বিরুদ্ধে অত্যন্ত নিম্ন রুচির ভাষা ব্যবহার করে চরম নোংরা ও অসত্য বক্তব্য দিয়েছিলেন আওয়ামী লীগের তৎকালীন ‘বিখ্যাত’ সাংসদ ফেনীর জয়নাল হাজারী। এরপর বিগত সংসদে (২১ সেপ্টেম্বর, ২০১০ সালের সন্ধ্যায়) সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাংসদ শেখ সেলিমসহ কয়েকজন প্রায় এক ঘণ্টা ধরে অসত্য তথ্য দিয়ে আক্রমণাত্মক বক্তৃতা করেছিলেন। তাঁরা প্রথম আলোর সম্পাদককে গ্রেপ্তার ও সংসদে তলব করার দাবিও জানিয়েছিলেন। তবে দুবারই দুই স্পিকার জনাব হুমায়ুন রশীদ চৌধুরী (প্রয়াত) এবং জনাব আবদুল হামিদ (বর্তমানে রাষ্ট্রপতি) ওই মন্ত্রী ও সাংসদদের অসত্য, কুৎসা ও অশ্রাব্য বক্তৃতা কার্যবিবরণী থেকে বাদ দিয়েছিলেন। এত দিন পর আমাদের নেত্রী অগ্নিকন্যা মতিয়া চৌধুরী জাতীয় সংসদকে ব্যবহার করে কেন আবার নতুন করে একই পথে গেলেন?
ওই দুই অভিজ্ঞতার পর এবারের এই অপপ্রচার বা মামলা-মোকদ্দমা নিয়ে তেমন কিছু বলার নেই আমাদের। কথা শুধু এটুকু, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরের স্থানীয় কৃষি বিভাগের অনিয়ম ও অন্যায় সরকারের এত বড় প্রভাবশালী নেতা ও মন্ত্রী কেন নিজের কাঁধে টেনে নিলেন? বর্তমান সরকারের আমলে সারা দেশ, সব জেলা আর উপজেলা-ইউনিয়ন থেকে অন্যায়-অবিচার-দুর্নীতি সব দূর হয়ে গেছে? সব পর্যায়ের সব সরকারি কর্মকর্তা আর কর্মচারী কি সাদা ধবধবে সাফসুতরো হয়ে গেছেন? নাকি সর্বত্রই এসব আছে? শুধু নেই মতিয়া আপার কৃষি মন্ত্রণালয়ে?
উনসত্তর আর সত্তরের সেই দিনগুলোর কথা এখনো সমুজ্জ্বল আমাদের স্মৃতিতে। একাত্তরের মুক্তিযুদ্ধের শুরুতে রক্তাক্ত বিধ্বস্ত বাংলাদেশে কমিউনিস্ট পার্টির নেতৃত্ব তাদের নেতা-কর্মীদের রক্ষা করার সর্বাত্মক চেষ্টা করেছিল। আমার ওপর দায়িত্ব পড়েছিল ঢাকা থেকে মতিয়া আপা আর বজলু ভাইকে নিরাপদে সরিয়ে নেওয়ার। সেই দুর্যোগের দিনে ঢাকা থেকে নৌকায় বিভিন্ন পথ ঘুরে তাঁদের নিয়ে উঠেছিলাম আমার নানাবাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। সেখানে তিনি আমার আম্মা, স্ত্রী আর পাঁচ বোনের সঙ্গে ছিলেন বেশ কিছুদিন। প্রবল দুর্যোগভরা সেই সব দিনের মানবিক সান্নিধ্যের স্মৃতি কি আদৌ ভোলা সম্ভব? সেখান থেকেই ঢাকা জেলার কৃষকনেতা ফয়েজ মাস্টার ছোট লঞ্চে করে মতিয়া আপা আর বজলু ভাইকে নিয়ে মেঘালয়ের পথে রওনা হয়েছিলেন।
যত্রতত্র প্রথম আলো বা সম্পাদকের যতই গালমন্দ-সমালোচনা মতিয়া আপা করুন না কেন, সেই সব দিনের স্মৃতি মনে করে আমাদের মতিয়া আপা বন্ধুবান্ধবের কাছে আমার আম্মাকে ‘এঞ্জেল’ বা স্বর্গীয় দূত বলে স্মরণ করেন। এসব শুনে ও জেনে আমার বেশ ভালো লাগে।
স্বাধীন বাংলাদেশে আবার নতুন করে সমাজ পরিবর্তনের লড়াইয়ে আমরা নতুন উদ্যমে যুক্ত হয়েছিলাম। মতিয়া আপা তখন ন্যাপ নেত্রী। আমি কমিউনিস্ট পার্টির কর্মী। সাপ্তাহিক একতা পত্রিকার সম্পাদকের দায়িত্ব আবার পড়ে আমাদের প্রিয় বজলুর রহমানের ওপর। আর আমি দায়িত্ব পাই ভারপ্রাপ্ত সম্পাদকের।

>ঝিনাইদহের কোটচাঁদপুরে ভর্তুকির টাকায় ১৫টি কলের লাঙল কেনা নিয়ে অনিয়মের খবর প্রকাশ করার পর তিনবার সংসদে বিবৃতি দিয়েছেন কৃষিমন্ত্রী। এরপর একে একে ১০টি মামলা হয়েছে প্রথম আলোর বিরুদ্ধে। এর মধ্যে আটটি মানহানির মামলা, দুটি চাঁদাবাজির

সেই সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের সরকারের সঙ্গে ‘ঐক্য ও সংগ্রামের’ নীতি নিয়ে ন্যাপ ও কমিউনিস্ট পার্টি রাজনৈতিক সংগ্রাম করছিল। এর মধ্যে ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম প্রকাশ্য কমিউনিস্ট পার্টির কংগ্রেসে আমি কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হই। আর আমাদের প্রিয় মতিয়া আপা প্রকাশ্যে ন্যাপের নেতৃত্বে থাকলেও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হন গোপনে। কমিউনিস্ট পার্টির সেই কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ রকম অনেক ঘটনা, অনেক স্মৃতি ইতিহাসমুখর হয়ে আছে আমাদের জীবনে।
এত সব কিছুর পরও ঝিনাইদহ আদালতের আদেশ মান্য করে নাগরিক হিসেবে আমরা সব আইনি লড়াই চালিয়ে যাব। যত দূর খবর পাচ্ছি, স্থানীয় সরকারি কর্মকর্তারা আমাদের বিরুদ্ধে হওয়া মামলাগুলো নিয়ে ব্যস্ত আছেন। আটটি মামলার দুটির তদন্তভার দেওয়া হয়েছে স্থানীয় সরকারি মৎস্য কর্মকর্তার ওপর। সর্বশেষ মামলাটির দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় কৃষি কর্মকর্তাকে। অথচ কলের লাঙল কেনা নিয়ে ঘটা অনিয়মের প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে এই কর্মকর্তার বিরুদ্ধেই।
আর কৃষি মন্ত্রণালয়ের তদন্ত কমিটি প্রথম আলোর প্রতিনিধি আজাদ রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার সুপারিশ করেছিল। ওই সময় এসব বিষয়ে আমাদের মতিয়া আপার সঙ্গে প্রথম আলোর ঢাকার জ্যেষ্ঠ প্রতিনিধি টেলিফোনে কথা বলতে চাইলে তিনি বলেছিলেন, ‘আপনাদের বক্তব্য শোনার প্রস্তাব প্রত্যাখ্যান করলাম। যা বলার তদন্ত কমিটিকে বলেন।’ তিনি আইনি ব্যবস্থার কথাও বলেছিলেন। শেষ পর্যন্ত সেটাই হলো। তবে তদন্ত কমিটির সব অভিযোগ ছিল শুধু প্রথম আলোর স্থানীয় প্রতিনিধির বিরুদ্ধে। স্থানীয় সাংবাদিক সুব্রত সরকার এবং প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে তদন্ত কমিটির কোনো অভিযোগ ছিল না। আবার মামলার কাগজপত্র খুঁটিয়ে দেখা গেল, সেখানেও সম্পাদকের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আর আদালত যে আদেশ দিয়েছেন, তাতে দেখা যায় সমন জারি করা হয়েছে একাধিক দিনে। অর্থাৎ আসামি সম্পাদককে একাধিক দিন স্থানীয় আদালতে হাজিরা দিতে হবে। এতে চমকপ্রদ অভিজ্ঞতা অর্জন করতে পারব বলে বেশ আনন্দ পাচ্ছি। সে জন্য মাননীয় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে আবারও ধন্যবাদ জানাই। তাঁর প্রতি আরও কৃতজ্ঞতা এ জন্য যে আমাদের মতিয়া আপা, জাতীয় সংসদে তাঁর ১৬ জুনের বক্তৃতায় বলেছেন, ‘প্রথম আলো একটি লব্ধ প্রতিষ্ঠিত কাগজ। দেশজুড়ে তাদের অনেক পাঠক রয়েছে। আমরা অনেকেই আগ্রহভরে তাদের পত্রিকাটি পাঠ করি।’
প্রিয় পাঠক, আপনারা জানেন যে গত ২৭ মে প্রথম আলোয় ‘কলের লাঙলের ভর্তুকির বড় ভাগ সরকারি দলের নেতা-কর্মীদের পকেটে’ শিরোনামের প্রতিবেদনে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ১৫টি কলের লাঙল ক্রয়ে অনিয়মের কিছু তথ্য তুলে ধরা হয়েছিল। সেদিনই কৃষি মন্ত্রণালয় এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে। সে খবরও আমরা প্রথম আলোয় ছাপিয়েছি।
১৬ জুন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ‘জনস্বার্থে’ ও আত্মপক্ষ সমর্থনে জাতীয় সংসদে প্রথম বিবৃতি দেন। তিনি আমাদের সংবাদকে অসত্য বলে দাবি করেন। পরদিন প্রথম আলোর সেদিনের একই বিষয়ের সংবাদের ওপর তিনি সংসদে আবার কথা বলেন। পুরো বিষয়টি নিয়ে প্রথম আলো আবার দীর্ঘ অনুসন্ধানের পর নিশ্চিত হয়ে ২ জুলাই আরেকটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে, যার শিরোনাম ছিল ‘প্রথম আলোর খবর অসত্য নয়, এখনো পাঁচজন লাঙল কেনেননি’।
ওই অনুসন্ধানী প্রতিবেদনে নিশ্চিত করা হয়, লাঙল যাঁরা পেয়েছেন, তাঁদের মধ্যে আটজনই যুবলীগের নেতা। অন্যরাও সংগঠনটির কর্মী। এসব ছাড়াও আরও ছবি, অন্যান্য প্রমাণসহ অনেক তথ্য ছিল ওই প্রতিবেদনে। তারপর আবারও তদন্ত দল কোটচাঁদপুরে যায়। কৃষি মন্ত্রণালয়ের উপসচিবের নেতৃত্বাধীন সেই (একই) তদন্ত দলই আবার নতুন করে তদন্ত করে। অর্থাৎ, যে কৃষি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তারা অভিযুক্ত, সেই মন্ত্রণালয়ই বিচারক।
৫ জুলাই বেগম মতিয়া চৌধুরী তৃতীয়বারের মতো সংসদে তাঁর বক্তৃতায় প্রথম আলোকে উদ্দেশ করে বলেন, ‘যতই বানোয়াট নিউজ ছাপান না কেন, এতে যে আমি খুব একটা উত্তেজিত হব, রাগান্বিত হব, এমন না।’ আমাদের নেতা মতিয়া চৌধুরী কথা রেখেছেন। তিনি রাগান্বিত হননি। তবে সংসদে তাঁর শেষ বক্তৃতার দুই দিন পর ৭ জুলাই প্রথম আলোর ঝিনাইদহ প্রতিনিধির বিরুদ্ধে ঝিনাইদহ দ্রুত বিচার আইনে একটি চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে। বাদী কলের লাঙল বিক্রেতা। তাঁর অভিযোগ ছিল অসত্য খবর প্রকাশের আর মামলা করলেন চাঁদাবাজির! আবার থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল মানহানির অভিযোগে। সেখানে চাঁদাবাজির কোনো কথা ছিল না। ওই বাদী তদন্ত কমিটির কাছে যে জবানবন্দি দিয়েছিলেন, সেখানেও চাঁদাবাজির কোনো অভিযোগ তিনি তোলেননি। আবার আটজন বাদীসহ লাঙলপ্রাপ্ত ১০ জন কোটচাঁদপুর থানায় ৪ জুলাই যে জিডি করেছিলেন, তাতে মোট ২০ লাখ টাকার মানহানির অভিযোগ আনা হয়। কিন্তু আদালতে করা মামলায় আটজন ৩ কোটি ৪০ লাখ টাকার মানহানির অভিযোগ করেছেন। জিডিতে সাক্ষী হয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কলের লাঙলের ডিলার চাঁদাবাজির মামলার বাদী।
শুধু বর্তমান সময়ের বাংলাদেশে নয়, নিকট বা দূর অতীতের বাংলাদেশে এমন ঘটনা অনেকবার ঘটেছে। হয়তো আরও বহু বছর আমাদের এমন পরিস্থিতি বা পরিবেশ মেনে নিতে হবে। তাই দৈনিক প্রথম আলোকে ১৬ বছর ধরে সব সরকারের আমলেই মামলা-মোকদ্দমা আর নানামুখী আক্রমণের মধ্য দিয়ে পথ চলতে হয়েছে; এখনো হচ্ছে। কারণ, সরকার, বিরোধী দল আর নানা স্বার্থান্বেষী মহলের রাগ-ক্ষোভ রয়েছে প্রথম আলোর ওপর। সেসবই প্রকাশ পায় নেতাদের বিবৃতি-বক্তৃতা আর মামলা-হামলার মধ্য দিয়ে।
বর্তমানে প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে বিচারাধীন মামলার সংখ্যা ৬৪টি। এর মধ্যে ২০০৮ সালের সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ সরকার গঠনের পর গত সাড়ে ছয় বছরে ৫৮টি মামলা হয়েছে। এর মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৪০টি মামলা করেছেন আওয়ামী লীগের লোকজন। বাকি ছয়টি মামলা বিগত বিএনপি সরকারের আমলে করা। অবশ্য বিএনপি সরকারের আমলে আরও অনেক মামলা দেওয়া হয়েছিল। কেবল খাগড়াছড়ির বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়া একাই করেছিলেন ২৭টি মামলা। সম্পাদক, প্রকাশকসহ আমাদের কয়েকজন সাংবাদিককে বারবার সেসব মামলায় হাজিরা দিতে খাগড়াছড়ি যেতে হয়েছিল। তবে প্রয়াত বিএনপির নেতা খোন্দকার দেলোয়ার হোসেন ও নাসির উদ্দীন আহম্মেদ পিন্টু এবং ওয়াদুদ ভূঁইয়া প্রমুখের মামলা আদালত শেষ পর্যন্ত খারিজ করে দিয়েছিলেন। অবশ্য বিএনপি আমলের ছয়টি মামলা এখনো বিচারাধীন।
অন্যদিকে, গত দুই বছরে প্রথম আলোর চার-পাঁচজন জেলা ও থানা প্রতিনিধি সরকারি দলের নেতা ও কর্মীদের হাতে নিষ্ঠুরভাবে নির্যাতিত হয়েছেন। তাঁদের একজনকে চিকিৎসার জন্য ভারতের চেন্নাই আর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যেতে হয়েছে। একজন ভীতসন্ত্রস্ত হয়ে দেশ ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিছুদিন আগে অন্য একজনকে পিটিয়ে হাত-পাসহ সারা শরীর থেঁতলে দেওয়া হয়েছিল। আবার একই সঙ্গে তাঁর বিরুদ্ধে মামলা দেওয়া, চিকিৎসার সুযোগ না দিয়ে কারাগারে পুরে রাখা হয়েছিল। তাঁর স্ত্রীকে চাকরিতে হয়রানি করা হয়। শেষ পর্যন্ত অনেক চেষ্টা করে হাইকোর্ট থেকে জামিন নিতে হয়েছে। এ ছাড়া প্রায় সব সময়ই আমাদের জেলা বা উপজেলা সাংবাদিকদের একধরনের ভয়ভীতির পরিবেশের মধ্যে কাজ করতে হচ্ছে। এ রকম অবস্থা কখনো কাম্য নয়, গ্রহণযোগ্যও হতে পারে না।
আসলে গত ৪৫ বছরের সাংবাদিকতা জীবনে এ সবকিছুতেই আমাদের অভ্যস্ত হয়ে উঠতে হয়েছে; এখনো হচ্ছে। যত বাধাই আসুক না কেন, আমরা এসব মেনে নিয়েই স্বাধীন সাংবাদিকতা সমুন্নত রাখতে সচেষ্ট আছি এবং ভবিষ্যতেও থাকব। আমরা আমাদের কাজ করে যাব। প্রিয় মতিয়া আপার কাজ তিনি করুন। তিনি আরও সফল হোন। সেটা আমরা সব সময় কামনা করি। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে, কৃষিতে আরও উন্নতি এবং দেশের মানুষের স্বার্থে তার সব কাজকে আমরা সমর্থন জানাব। যেমন জানিয়েছিলাম ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের সংসদ নির্বাচনের সময়েও। সব শেষে আমরা আমাদের প্রিয় নেতা মতিয়া আপাকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি।
মতিউর রহমান: সম্পাদক, প্রথম আলো।