কৃষ্ণচূড়া, হায় কৃষ্ণচূড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষ্ণচূড়ার পতনেই প্রাণ হারান শিল্পী ও চলচ্চিত্রনির্মাতা খালিদ মাহমুদ মিঠু
কৃষ্ণচূড়ার পতনেই প্রাণ হারান শিল্পী ও চলচ্চিত্রনির্মাতা খালিদ মাহমুদ মিঠু

খালিদ মাহমুদ মিঠুকে কি আমি দেখেছি কোথাও? সম্ভবত দেখিনি। তবে তাঁকে আমি নামে চিনতাম, একজন গুণী মানুষ হিসেবে তাঁকে চিনত বহু মানুষ। তিনি চিত্রশিল্পী ছিলেন, চলচ্চিত্রনির্মাতাও ছিলেন। একজন শিল্পবোদ্ধা হিসেবে আমি খুবই নিম্নশ্রেণির। তবু এটুকু বুঝি যে মিঠুর বিচরণ ছিল সৃজনশীলতার শ্রেষ্ঠ জায়গাগুলোতে। তাঁর মতো সৃজনশীল মানুষ কমই ছিল বাংলাদেশে। এমন একজন মানুষ অকালে প্রাণ হারালেন গাছচাপা পড়ে। সেও রাজধানীর সবচেয়ে বনেদি একটি জায়গায়, প্রকাশ্য দিবালোকে!
করুণ দৃশ্য সহ্য হয় না আমাদের অনেকের। মৃত্যু, আহাজারি, যন্ত্রণার ছবি থাকলে তা দেখতে পারি না একদম। তবু রানা প্লাজার অসহায় নারী হোক, ভূমধ্যসাগরের তীরের অসহায় শিশুর হোক, বহু মৃত্যু আমাদের দেখতে হয়। অর্থ আর ক্ষমতায় বলীয়ান মানুষের লোভ, নৃশংসতা আর পৈশাচিকতার বলি হয়ে সারা পৃথিবীতে লাখ লাখ অসহায় মানুষ প্রাণ হারায়। আমরা না চাইলেও এসব দেখে অভ্যস্ত হই। আমাদের চোখ আর হৃদয় পাথর হয়ে যায়।
মিঠুর মৃত্যুসংবাদ তাই হয়তো পড়ি না প্রথমে। গাছচাপা বলে অবাক হই, সেই খবর পড়তে গিয়ে নিজের অজান্তে সিসি টিভির ফুটেজ দেখে ফেলি। ধনুকের মতো হেলে পড়া একটি গাছ সবেগে আছড়ে পড়ে রাস্তায়, তার আছড়ে পড়ার আগমুহূর্তে নিজেকে বলি দেওয়ার মতো করে যেন ধেয়ে আসে রিকশা। রিকশার যাত্রী শেষ মুহূর্তে মাথা নিচু করেন বাঁচার জন্য। তাঁর বেঁচে থাকার সময়টা অনেক সুন্দর ছিল, বেঁচে থাকলে বাকি সময়টা আরও সুন্দর হতে পারত। কিন্তু তা হয়নি। কৃষ্ণচূড়ার পতনেই হয় তাঁর শেষনিশ্বাস!
আমি সিসি টিভির ছবি কম্পিউটারের পর্দায় দেখি একবার। মনের পর্দায় তুমুল যন্ত্রণা নিয়ে দেখি বহুবার। কৃষ্ণচূড়া, হায় কৃষ্ণচূড়া! কত অমানুষের বিষনিশ্বাসে ক্ষতবিক্ষত হয় এই সমাজ! কারও মৃত্যুকামনা করতে হয় না, করিও না কখনো। তবু ভাবি, চাপা পড়ে মৃত্যুই যদি অনিবার্য হয়, হায় কৃষ্ণচূড়া, কেন তোমার নিচে চাপা পড়ল না তাদের কেউ? কেন মিঠুর মতো শিল্পী!
আমার রাত দীর্ঘতর হয়। কেবলই মনে পড়ে ওভারব্রিজ ভেঙে, গার্মেন্টসে আগুন লেগে, ঈদের আনন্দবাহন ডুবে, বাসে জীবন্ত পুড়ে মরে যাওয়া মানুষের ছবি। কত ছোট ছোট স্বপ্ন, সাধ, ভালোবাসা নিমেষে নিঃশেষ হয় এভাবে। তারপরও কেন ঠান্ডা মাথার হত্যাকারী, লাশসুদ্ধ গুম করে দেওয়া ঘৃন্য ঘাতক, মানুষের রক্ত-ঘাম শুষে বিত্তের পাহাড় গড়া সরীসৃপরা থাকে বহাল তবিয়তে? হঠাৎ হঠাৎ অপমৃত্যু যদি জগতের নিয়মই হয়, কেন তাদের ওপর ভেঙে পড়ে না উড়ালসেতু কিংবা কোনো অশ্বত্থ বৃক্ষ! কেন তাদের জীবনে ঘটে না দুর্ঘটনা!

২.
মিঠুর মৃত্যুতে কিছু দুঃখবিলাস হবে, হয়তো কোনো কমিটিও হবে। হেলে পড়া বা পুরোপুরি সটান দাঁড়ানো কিছু গাছ কেটে ফেলা হবে। কিছু উচ্ছিষ্টভোগীর পকেট ভারী হবে। কিছু সুপারিশ হবে। তারপর সবাই তা ভুলে যাবে। মিঠু আর আসবেন না, গাছের নিচে হেঁটে বা রিকশায় যাওয়া মানুষের এক চিলতে দুঃস্বপ্নও শেষ হবে না।
এর আগে তারেক মাসুদের মতো বিশ্বনন্দিত মানুষকে অকালে আমরা হারিয়েছি সড়ক দুর্ঘটনায়। হারিয়েছি মিশুক মুনীরের মতো গুণী মানুষকে। এরপরও নানা কমিটি হয়েছে, বহু আন্দোলন হয়েছে, সংসদ আর সংসদের বাইরে লম্বা-চওড়া অনেক কথা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সড়কপথের বেপরোয়া ড্রাইভারদের দৌরাত্ম্য আরও বেড়েছে, গাড়িচাপা দিয়ে খুনের ঘটনাও ঘটছে, তাঁদের শাস্তি আরও লঘু করার আইন হয়েছে, গরু-ছাগলের ছবি চিনলেই লাইসেন্স পাবে হুংকার দেওয়া রাজনীতিকের আরও জয়জয়কার হয়েছে। পত্রিকায় দেখি, যে বিশ্ববিদ্যালয় ছিল সব অন্যায়ের প্রতিবাদভূমি, সেখানে ‘বাংলা নববর্ষে নারী নির্যাতন কোনো বিষয় নয়’—এমন বাণী সেখানেই বিনা প্রতিবাদে শোনা হয়েছে। পরে শুনেছি সেই বক্তব্য তিনি প্রত্যাহার করে নিয়েছেন। হয়তো সেই দিন দূরে নয়, গাছচাপা পড়ে দু-একজন মারা যাওয়া কোনো বিষয় নয়, এমন বাণী আসবে তাঁর বা অন্য কোনো বিশিষ্ট ক্ষমতাবানের মুখ থেকে।
দুর্ঘটনায় হোক, অপঘাতে হোক, মৃত্যুর মিছিল তাই থাকবে। লঞ্চ ডুবে, বাসে চাপা পড়ে, আকাশে বিদ্যুৎ চমকে, চাই কি গাছচাপা পড়ে প্রাণ হারাব ‘আমরা’। ‘ওরা’ নয়! ওরা যে কেন নয়, তাও বুঝি আমরা। ওরা ধ্যাড়ধেড়ে লঞ্চে চড়ে না, ওরা রিকশায় চলাচল করে না, রাজপথে হাঁটে না, দম বন্ধ করা গার্মেন্টসে ঢোকেই না, সস্তা বাজারের ভেজাল খাবার খায় না, অসুখ হলে ‘অসুস্থতর’ হাসপাতালে চিকিৎসা নেয় না। ওরা কিংবা ওদের লোকজন বরং রাস্তার সবকিছু থামিয়ে কিংবা উল্টো পথে নিরাপদ যাতায়াত করে, এমনকি যানজটে বিরক্ত হলে গুলি করে লাশ ফেলে দেয়, খুন করার সময় কেউ দেখে ফেললে তাকেসুদ্ধ গুম করে দেয়। ওদের জীবিকা বাংলাদেশে, জীবন ভিনদেশে! আত্মা অপরাধীর, মুখের ভাষা সাধুপুরুষের!
ওদের অপঘাতের শাস্তি নেই, মর্ত্যের বিধানেও শাস্তি নেই। ওরা অপরাধ করলে মামলা নেই। কদাচিৎ মামলা হলেও তা হয় পত্রিকা বা ক্ষুব্ধ মানুষের চেঁচামেচির কারণে। কিন্তু তখন তাদের খুঁজে পাওয়া যায় না। কখনো যদি ওরা ধরাও পড়ে, তাতেও কোনো অসুবিধা নেই। ওরা ধরা পড়লে জামিন পায়, জামিন না পেলে হাসপাতালে বিলাসী জীবন কাটায়, চোখ ঝলসে যাওয়া নতুন কাপড় পরে আদালতে হাজিরা দেয়, নারায়ণগঞ্জের সেই কীর্তিমানের মতো হলে দাঁত দেখিয়ে সবাইকে ব্যঙ্গের হাসি হাসে। ওদের রিমান্ড নেই, রিমান্ড হলে চেহারায় কোনো দুর্ভোগের ছাপ নেই! ওদের অপরাধ আছে, শাস্তি নেই। পাপ আছে, লজ্জা নেই। ওদের জীবনে অপঘাত নেই, দুর্ঘটনা নেই, শাস্তি নেই! এমন অনিন্দ্যসুন্দর যে কৃষ্ণচূড়া, তার হাতেও কোনো পোয়েটিক জাস্টিস নেই!

৩.
শাসক আর শোষিতের মধ্যে বঞ্চনার কথা বলে স্বাধীন হয়েছিল বাংলাদেশ। শোষিতের মঙ্গল, কল্যাণ আর নিরাপত্তার কথা বলে প্রণীত হয়েছিল এ দেশের শাসনতন্ত্র। সেখানে বলা ছিল, ‘সকল সময়ে জনগণের সেবা করা’ প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তিদের কর্তব্য। শাসনতন্ত্র বহুবার কাটাছেঁড়া হয়েছে অন্যায়ভাবে ক্ষমতায় থাকা পাকাপোক্ত করার জন্য। কিন্তু সেবা করার বিধান আজও রয়ে গেছে। শুধু তার অর্থ বদলেছে। জনগণ নয়, সব সময়ে বরং শুধু ক্ষমতাবান মানুষের সেবা চলছে এখন দেশে। এখানে রাজনীতির নিয়ম, ব্যবসা-চাকরির সুযোগ, রাস্তার নিয়ম, বিচারের ব্যবস্থা, শিক্ষা-স্বাস্থ্যসুবিধা সবই দুই রকম। শাসকশ্রেণির জন্য এক রকম, শোষিতের জন্য অন্য রকম।
এমন দেশে তাই নানা দুর্ঘটনা, অপঘাত, অপমৃত্যু ঘটবে। একটু দমকা বাতাসে গাছ হেলে পড়বে, একটু ভূমিকম্পে ভবন ধসে পড়বে, একটু কাঁপুনিতে চৌর্যবৃত্তির উড়ালসড়ক ভেঙে পড়বে। বাসে বাসে সংঘর্ষ হবে, লাঠিয়াল লাঠিয়ালে মারামারি হবে, ধাক্কাধাক্কিতে মানুষ পদদলিত হবে, নিজের প্রতিনিধি নির্বাচন করতে গিয়ে মানুষ ভিটে–মাটিছাড়া হবে। কখনো হুমকি দিয়ে, কখনো বশ করে, কখনো বধ করে থামিয়ে দেওয়া হবে প্রতিবাদী কণ্ঠ!
এমন দেশে কৃষ্ণচূড়াগাছের উপড়ে পড়ারই কথা। ধুলোমাটিতে মুখ থুবড়ে প্রাণ হারানোর কথা কৃষ্ণচূড়ার মতো সুন্দর মানুষদের।
এই সময়টা বদলাবে না?
* আসিফ নজরুল: অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।