মিশিগান অঙ্গরাজ্যের ডিয়ারবন নগরী। ফাতিমা ফারুক হিজাব পরে শরণার্থীসংক্রান্ত মামলার ম্যানেজার হিসেবে কাজে আসেন। তাঁর মক্কেলের সঙ্গে আরবি ভাষায় কথা বলেন। এরপরও তাঁকে জিজ্ঞেস করা হয়, তিনি মুসলমান কি না। তাঁর দুটি পরিচয়, তিনি মুসলমান ও কৃষ্ণাঙ্গ। ফাতিমা এবিসি নিউজের সাংবাদিকদের বলেন, ‘আমি সব সময় আমার পরিচয় প্রকাশ্য করার চেষ্টা করি। আমি কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, তা সর্বদা প্রমাণের চেষ্টা করি।’ তিনি বলেন, বর্তমান সময়ে কোনো কমিউনিটির বাইরে থাকা সত্যিই কঠিন।
অবৈধ অভিবাসীদের ব্যাপকভাবে ধরপাকড়সহ আমেরিকায় প্রবেশের ওপর কড়াকড়ি চলছে। ছয়টি মুসলমানপ্রধান দেশের জন্য নতুন ভিসা প্রদান স্থগিত রাখার নির্বাহী আদেশ, যা বর্তমানে আদালতে ঝুলছে। এসব নানা জটিলতায় আমেরিকার বহু মুসলমান উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন। ফাতিমা ফারুকের মতে, তাঁদের বিপত্তি আরও বেশি। কৃষ্ণাঙ্গ মুসলমানরা দুটি কারণে বিভিন্ন দিক থেকে, এমনকি স্বধর্মীয়দের কাছ থেকেও বৈষম্যের শিকার। এক তাঁরা কৃষ্ণাঙ্গ এবং তাঁরা মুসলমান।
ফাতিমা জানান, তাঁর পিতা-মাতা সুদান থেকে আমেরিকায় অভিবাসী হিসেবে আসেন। একসময় আফ্রিকান কমিউনিটি থেকে সরে গিয়ে আরব মুসলমানপ্রধান এলাকায় বসবাস শুরু করেন। কিন্তু সেখানেও তাঁরা অনুভব করেন, তাঁদের বহিরাগত হিসেবে মনে করা হয়।
কৃষ্ণাঙ্গ মুসলমানদের ব্যাপারে সাম্প্রতিক সপ্তাহসমূহে ব্যাপক আলোচনা লক্ষ করা গেছে। অস্কার বিজয়ী কৃষ্ণাঙ্গ মুসলমান অভিনেতা মাহেরসালা আলীর গুণকীর্তন থেকে ইসলামি সম্মেলনে কৃষ্ণাঙ্গ বক্তা না থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা দেখা যায়। ‘ব্ল্যাক লাইফ মেটার’ নামের নাগরিক আন্দোলনের সভাগুলোতে আরব ও দক্ষিণ এশীয়দের কম সম্পৃক্ততা নিয়েও সংখ্যালঘুদের মধ্যে আলোচনার ঝড় ওঠে। কমিউনিটি অ্যাকটিভিস্টরা মনে করেন, কৃষ্ণাঙ্গ ও অন্য গাত্রবর্ণের মুসলমানদের ঐক্য না থাকার বিষয়টি এখন প্রকাশ্য।
মিশিগানের ডেট্রয়েটে এলাকায় বড় হওয়া দক্ষিণ এশীয় মুসলিম অভিবাসী কাসিফ সাইদ। সাইদ এবিসি নিউজের সাংবাদিকদের বলেন, আমেরিকাজুড়ে মুসলমানরা ক্রমাগত দৃশ্যমান হুমকি মোকাবিলা করছেন। এটা আমাদের স্মরণ করিয়ে দেয় কৃষ্ণাঙ্গ মুসলমানরা বংশানুক্রমে এমন বাস্তবতা মোকাবিলা করেই টিকে আছেন। তিনি বলেন, কৃষ্ণাঙ্গ মুসলমানরা সিভিল রাইটস আন্দোলন থেকে যে বিজয় অর্জন করেছেন, সেদিকে ফিরে দেখার উত্তম সময় এখন। অকৃষ্ণাঙ্গ মুসলমানদের জন্য সিভিল রাইটস আন্দোলনকে ফিরে দেখার জন্য এর চেয়ে উত্তম সময়ের কথা ‘আমি ভাবতে পারছি না’ বলে তিনি উল্লেখ করেন।
শিকাগোর বাসিন্দা কৃষ্ণাঙ্গ কামার হেমফিল ইনার-সিটি মুসলিম অ্যাকশন নেটওয়ার্কের সংগঠক। তিনি বলেন, ভ্রমণনিষেধাজ্ঞা-সংক্রান্ত রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ এনে দিয়েছে। আমেরিকায় সব বর্ণের মুসলমানদের মধ্যে ঐক্যজোট গড়ে তোলার প্রচেষ্টাকে নির্বাহী আদেশটি চতুর্গুণ করেছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ হচ্ছি এবং একে অপরকে রক্ষা করব। এটা এক বিরাট সুযোগ। কারণ, এটা আমাদের সংকীর্ণ গণ্ডি থেকে বের করে আনছে।’
আশা নুরের পরিবার সোমালিয়ার গৃহযুদ্ধ থেকে পালিয়ে আমেরিকাতে আসে। ছয়টি মুসলিম দেশের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞার পর তাঁর এলাকায় ‘টাউন হল’ সংলাপের ব্যবস্থা করেন। তিনি মনে করেন, তাঁর স্বদেশ ও সুদান থেকে উদ্বাস্তুদের পালিয়ে আসার বিষয়টি চাপা পড়ে যাচ্ছে। এ দুটি দেশও ট্রাম্পের নির্বাহী নিষেধাজ্ঞার আওতাভুক্ত। ‘টেক অন হেইট’ নামের একটি সংগঠনের উদ্যোক্তা নুর বলছেন, কৃষ্ণাঙ্গ মুসলমানরা দ্বিমুখী হুমকি মোকাবিলা করছেন। ভিন্ন গাত্রবর্ণের কারণে মুসলমান কমিউনিটির ভেতর থেকে এবং বৃহত্তর আমেরিকান সমাজ থেকে। এ সংগঠন আরব এবং মুসলমানদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছে। তিনি বলেন, কৃষ্ণাঙ্গ, মুসলিম কিংবা উভয় কারণে অনেকেই আক্রমণের শিকার হওয়ার আশঙ্কায় আছেন।
বিশেষজ্ঞরা মনে করেন, এর মূল কারণ হচ্ছে, ইসলামকে বিদেশি কোনো বিষয় হিসেবে চিত্রিত করা হচ্ছে। এ ভুল ধারণার প্রতিবাদ করেছেন, ইউনিভার্সিটি অব সানফ্রানসিসকোর অধ্যাপক আয়েশা হেদায়েত উল্লাহ। তিনি ‘ইসলাম ইন আমেরিকা’ বিষয়ে বলতে গিয়ে দাস ব্যবসা থেকে সিভিল রাইটস আন্দোলন পর্যন্ত তথ্য উপস্থাপন করেছেন। তিনি বলেন, আমেরিকাতে কালোদের অধ্যায় উদ্ঘাটনের ওপর বেশি গুরুত্ব দেওয়া উচিত। এর অনেকগুলো উপাদান বিস্মৃতির অতল গহ্বরে হারিয়ে গেছে। ইমাম ওয়াসির দীন মোহাম্মদ এবং লুইস ফারাহ খানের মতো কৃষ্ণাঙ্গ নেতারা মুসলমানদের আমেরিকার মূলধারায় সম্পৃক্ত করতে বিশেষ ভূমিকা রেখেছেন।
লেখক ও অ্যাকটিভিস্ট তারিক ট্যুরের মতে, আমেরিকাতে কৃষ্ণাঙ্গ মুসলমানদের অবদান সত্ত্বেও এখন মুসলমান কমিউনিটির মধ্যে দক্ষিণ এশীয় এবং আরব বংশোদ্ভূতদের কর্তৃত্ব বজায় রয়েছে। কৃষ্ণাঙ্গ মুসলমানরা মনে করেন, তাঁরা কীভাবে বৈরী সময় মোকাবিলা করছেন, তা বলার কোনো সুযোগই পাচ্ছেন না। মুসলমান সম্প্রদায়ের মধ্যে তৈরি সেতুটি ভেঙে গেছে। নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, তা এখন মোকাবিলা করতে হচ্ছে বলে অনেকেই মনে করেন।
আমেরিকায় জন্মগ্রহণকারী কৃষ্ণাঙ্গ আবদুল রহিম হাবিব। তিনি জানান, তাঁর ঘনিষ্ঠ মুসলমান বন্ধুরা মনে করেন, তিনি জন্মগত নয়, ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। কারণ, ওই সব বন্ধু মুসলমান হওয়া সত্ত্বেও কৃষ্ণাঙ্গদের সঙ্গে মেলামেশা করেন না। তিনি বলেন, আমেরিকায় আরব মুসলমানরা কৃষ্ণাঙ্গ মুসলমানদের বিপদে না পড়লে ‘ব্রাদার’ বলতে সচরাচর দেখা যায় না।
আমেরিকার চলমান বাস্তবতায় নাগরিক আন্দোলনে অভিজ্ঞ কৃষ্ণাঙ্গ মুসলমানরা অন্যান্য গাত্রবর্ণের মুসলমানদের মধ্যে সেতুবন্ধনের চেষ্টা করছেন। এবিসি নিউজের এ-সংক্রান্ত সাম্প্রতিক প্রতিবেদন ‘ব্ল্যাক মুসলিম এইম ফর ইউনিটি ইন চ্যালেঞ্জিং টাইম ফর ইসলাম’-এ এসব কথাই তুলে ধরা হয়েছে।
l ইব্রাহীম চৌধুরী: সাংবাদিক