
রোববার অরল্যান্ডোর পুরুষ সমকামীদের নাইট ক্লাবে গুলি চালিয়ে ২৯ বছর বয়সী লোকটা আইএসের প্রতি আনুগত্য জানানোয় এক পুরোনো প্রশ্নের উদয় হয়েছে—হন্তারক কি সত্যিই ইসলামিক স্টেটের (আইএস) নির্দেশে এ কাজ করেছেন, নাকি প্রচারণা পাওয়ার জন্য সে এ কাজ করেছেন, নাকি ব্যক্তিগত ঘৃণা চরিতার্থ করে গোষ্ঠীটির অনুমোদন চেয়েছেন। তবে আইএসের সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনাকারীদের কাছে এই পার্থক্যের প্রাসঙ্গিকতা নেই।
বহু দূরের সন্ত্রাসীদের প্রভাবিত করে তাদের আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করানো এবং তারপর গণহারে মানুষ মারা গত দুই বছরে গোষ্ঠীটির প্রচারণা কৌশলের মূল অংশ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ খুবই উদ্দেশ্যমূলকভাবে সন্ত্রাসী গোষ্ঠী আইএসের পরিচালিত হত্যাকাণ্ড ও তার সমমনাদের চালানো হত্যাকাণ্ডের মধ্যকার পার্থক্য ঘুচিয়ে দেওয়া হচ্ছে।
আক্রমণকারী ওমর মতিন জরুরি ফোন সেবা ৯১১-এর এক অপারেটরকে জানিয়েছেন, তিনি আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করছেন। গোষ্ঠীটির প্রটোকলে এই আনুগত্য প্রকাশের ব্যাপারটিই মূল বিষয়। এই অরল্যান্ডো হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে এমন ব্যাপার তৃতীয়বার ঘটল, যেখানে হত্যাকারী নিজেকে আইএসের প্রতি অনুগত বলে ঘোষণা দিলেন।
গত ডিসেম্বরে সান বার্নার্দিনোতে এক দম্পতি অ্যাসাল্ট রাইফেল নিয়ে বেরোনোর সময় ফেসবুকে নিজেদের আনুগত্যের কথা জানিয়ে যান, যেটা পরবর্তীকালে আবিষ্কার করা হয়। আর টেক্সাসে ২০১৫ সালের মে মাসে হজরত মুহাম্মদ (সা.)-এর ছবি-সংবলিত একটি কার্টুন প্রদর্শনীতে গুলি চালানোর ঠিক আগ মুহূর্তে এলটন সিম্পসন টুইটারে একগুচ্ছ বার্তা ছড়িয়ে পরিষ্কার জানিয়ে দেন, তাঁর আনুগত্য কার প্রতি।
যারা আইএসের নামে সন্ত্রাস চালাতে চায়, আইএস তাদের শর্ত দেয়, প্রকাশ্যে তাদের প্রতি আনুগত্যের কথা জানাতে হবে। গত মাসে গোষ্ঠীটির মুখপাত্র আবু মোহাম্মদ আল-আদনানি নিজেদের সমর্থকদের পবিত্র রমজান মাসে প্রকাশ্য দিবালোকে মানুষ মারার উসকানি দিয়েছেন। তিনি বলেছেন, কোনো হামলাই খুব ছোট নয়, বিশেষ করে লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম উচ্চারণ করে তিনি এ কথা বলেছেন। ‘আপনারা তাদের ভূমিতে যত ছোট কাজই করুন না কেন, সেটা আমাদের কাছে সবচেয়ে বড় কাজের চেয়েও বেশি প্রিয়। সেই কাজ আসলে বেশি কার্যকর, তাদের জন্য বেশি ক্ষতিকর।’
আইএসের মুখপাত্র আবু মোহাম্মদ আল-আদনানি রমজান মাসে বিদেশে হত্যাকাণ্ড ঘটানোর আহ্বান জানিয়েছেন। সেই ২০১৪ সালের সেপ্টেম্বর মাসেই এই আদনানি পরিষ্কারভাবে বলেছিলেন, ‘সবারই আমাদের নামে সন্ত্রাসী হামলা চালানো উচিত, এর জন্য “আমাদের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই”।’ তিনি পরামর্শ দিয়েছিলেন, আইএসের সমমনা মানুষেরা যদি অস্ত্র কিনতে নাও পারে, তাহলে তারা পাথর ও ছুরি মেরে বা এমনকি গাড়িচাপা দিয়েও কাফেরদের হত্যা করতে পারে।
এরপর থেকে তারা যেখানে সম্ভব সেখানেই সন্ত্রাসী হামলা চালানোর জন্য কঠোর পরিশ্রম করছে। তারা রক্তাক্ত প্রচারণা দিয়ে ইন্টারনেট ভরে ফেলেছে, আর একদল প্রযুক্তিবিদ জিহাদিদের কাজে লাগিয়ে টুইটার, ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে প্রাণঘাতী বার্তা ছড়িয়ে দিয়েছেন। এ ক্ষেত্রে আইএসের প্রচারণা ও হন্তারকদের লক্ষ্যবস্তু নির্বাচনে একদম শতভাগ মিল দেখা যায়। জিহাদি গোষ্ঠী সমকামীদের বিরুদ্ধে ঘৃণার বাণী ছড়িয়েছে, এমনকি তারা এমন ছবিও ছড়িয়েছে, যেখানে দেখা যায়, যোদ্ধারা সন্দেহভাজন পুরুষ সমকামীদের উঁচু ভবনের ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করছে।
আবার দেখা যায়, জিহাদি ধরা বা মারা পড়লে আইন প্রয়োগকারী কর্মকর্তারা তাদের ঠিকুজি খুঁজতে গিয়ে গলদঘর্ম হন। আর তাদের সঙ্গে যে আইএসের কখনো কখনো প্রত্যক্ষ যোগাযোগ থাকে না, সেটা আসলে এই তথ্যপ্রযুক্তির যুগে গোষ্ঠীটির নিজেকে রক্ষা করার প্রয়াস। জর্জিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের চার্লি উইন্টার বলেছেন, ‘আইএস যা করছে, তা আসলে খুবই চাতুর্যের সঙ্গে করছে। অর্থাৎ এমন এক পরিস্থিতি সৃষ্টি করা, যেখানে কেউ হামলা চালালেও সংগঠনটির সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ থাকে না। তারা হামলা চালানোর আগে বা পরে আবু বকর আল-বাগদাদির প্রতি আনুগত্য জানাতে পারে, ফলে তাদের স্বতঃপ্রবৃত্ত জিহাদি থেকে আইএস যোদ্ধা হয়ে যায়।’
রোববার ওমর মতিন আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করলে গোষ্ঠীটির নিজস্ব সংবাদ বুলেটিন জানায়, ‘একটি উৎস’ থেকে নিশ্চিতভাবে জানা গিয়েছে, মতিন আইএসের হয়ে কাজ করতেন। ব্যস, জিহাদিরা ইন্টারনেটে হই-হুল্লোড় শুরু করে দেন। তারা আদনানির বক্তৃতার স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে তিনি পবিত্র রমজান মাসে মানুষকে আইএসের সমর্থনে এককভাবে হামলা চালানোর আহ্বান জানিয়েছেন। আর অরল্যান্ডোর হামলাকারীকে শ্রদ্ধা জানাতে বহু মানুষ ফেসবুক ও টুইটারে নিজের প্রোফাইল ছবি বদলে মতিনের ছবি লাগিয়েছেন।
অনুবাদ: প্রতীক বর্ধন, নিউইয়র্ক টাইমস থেকে নেওয়া।
রুকমিনি ক্যালিমাচি: রোমানীয়-মার্কিন সাংবাদিক।