
আমার মনে হচ্ছে, এত দিন ধরে চলা তর্ক-বিতর্ক আর দ্বন্দ্বের অবসান হতে যাচ্ছে। কেননা, অভ্যুত্থানের যুগের শেষ পর্যায় শুরু হয়েছে, যার পরাজয় হলো বলে। আমাদের বলা হয়েছে যে জেআইটি (পাকিস্তানে যৌথ তদন্তকারী দল) সুপ্রিম কোর্টেরই একটি অংশ। কিন্তু আমরা ইতিমধ্যে এটা জেনে গেছি যে এটি দেশের গোয়েন্দা সংস্থাগুলোরও একটি বর্ধিতাংশ, যারা কিনা নিরাপত্তা বলয়ের গুরুত্বপূর্ণ অংশ। প্রভাবশালী এই সংস্থাগুলোর যোগাযোগই জেআইটির কর্তৃত্বের ব্যাখ্যা দেয়। এটা এখন স্পষ্ট, এই নিরাপত্তা কর্তৃপক্ষের লক্ষ্য কেবল ‘দুর্নীতিবাজ’ প্রধানমন্ত্রী ও তাঁর পরিবার নয়। তাদের লক্ষ্য পাকিস্তানের গোটা ব্যবস্থা, যা এক দশক বা এর চেয়ে বেশি সময় আগে গড়ে উঠেছিল।
নিরাপত্তা কর্তৃপক্ষের উদ্বেগের একটি বিশেষ কারণ হচ্ছে সংবিধানের অষ্টাদশ সংশোধনী। পাকিস্তানের সাবেক দুই প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক ও জেনারেল পারভেজ মোশাররফের শাসনামলে সংবিধানের যে বারোটা বেজেছিল, তার ক্ষতিপূরণের লক্ষ্যে ২০১০ সালে ওই সংশোধনী আনা হয়। ওই সংশোধনীর মাধ্যমে পাকিস্তানি প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস করা হয়। ১৯৭৩ সালে প্রণীত সংবিধানটিতে যে কেন্দ্রীয় গণতান্ত্রিক এবং সংসদীয় ব্যবস্থার কথা বলা হয়েছিল, তা কখনো নিরাপত্তা কর্তৃপক্ষ মেনে নেয়নি। তারা কখনো কেন্দ্রীভূত ও কর্তৃত্বপরায়ণ প্রেসিডেনশিয়াল ব্যবস্থার প্রতি তাদের ভালোবাসা গোপন করেনি। তারা প্রদেশগুলোতে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি ঘৃণা করত; কারণ, এটি দেশে একনায়ক শাসন প্রতিষ্ঠার পথে বাধা।
এই প্রসঙ্গে ইমরান খান—যিনি কিনা নওয়াজের বিদায়ের পক্ষে—সম্প্রতি যে বক্তব্য রেখেছেন, তা বুঝতে হবে। তিনি বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে তাঁর দলের অংশগ্রহণ গ্রহণযোগ্য হবে না। কেননা, নির্বাচনী ব্যবস্থার সংস্কারবিষয়ক সংসদীয় কমিটি থেকে তাঁর দল বেরিয়ে গেছে, যে কমিটি ইতিমধ্যে তার কাজ শেষ করেছে। মজার বিষয় হচ্ছে, অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনী ব্যবস্থা সংস্কারের পক্ষে এবং সংস্কারের জন্য সংসদীয় কমিটি যে সুপারিশ করেছে, তা সমর্থন করছে। কিন্তু ইমরান খানের এই মনোভাব নিরাপত্তা কর্তৃপক্ষের উদ্দেশ্য সাধন করতে সহায়ক হতে পারে।
এটা ছাড়াও বলা যায় যে পিএমএল-এন সরকার গত চার বছরে সংসদকে অপ্রাসঙ্গিক করে দিয়ে অগণতান্ত্রিক বাহিনীর হস্তক্ষেপের জন্য স্থান তৈরিতে যথেষ্ট অবদান রেখেছে। এ কারণে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সংসদে যেতেই পারছেন না এবং দেশের সাংবিধানিক ব্যবস্থায় যারা আক্রমণ চালাচ্ছে, সেই অগণতান্ত্রিক বাহিনীকে চ্যালেঞ্জ করার জন্য সংসদকে ব্যবহার করতে পারছেন না।
২০১৪ সালে যখন পাকিস্তানের সব রাজনৈতিক দল, এমনকি বিরোধী রাজনৈতিক দলগুলো সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হয়েছিল, তখন নিরাপত্তা কর্তৃপক্ষ তার কৌশল পরিবর্তন করে। মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) থেকে শুরু করে সব বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে খোলাখুলি কথা বলে তাদের ম্যানেজ করে এবং নিশ্চিত হয়, লড়াই করার মতো মাঠে আর কেউ নেই। এখন পানামা পেপারস ‘দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ’-এর নাটকে অভিনয় করার জন্য তাদের এক সুবর্ণ সুযোগ এনে দিয়েছে।
এই রাজনৈতিক নাটকের সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে রাজনৈতিক বক্তব্যের অপহরণ। আমরা সবাই জানি, পাকিস্তানকে এখন গুরুতর রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। প্রত্যেক রাজনৈতিক নেতা ও মিডিয়া নেটওয়ার্ক একমত যে সন্ত্রাসবাদ পাকিস্তানের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। জাতীয় কর্মপরিকল্পনা (এনএপি) বাস্তবায়নে পাকিস্তানের ব্যর্থতা এখন ইতিহাস। বিশ্বের অনেক দেশই এখন পাকিস্তানকে সন্ত্রাস বিস্তারের উৎস হিসেবে বিবেচনা করে এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেস পাকিস্তানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। চার প্রতিবেশী দেশের মধ্যে তিনটি দেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অত্যন্ত খারাপ আকার ধারণ করেছে।
চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরে (সিপিইসি) দেশের পশ্চাৎপদ এলাকাগুলোকে অন্তর্ভুক্ত না করায় সেখানে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বেলুচিস্তানে অব্যাহত রক্তপাত এবং ফেডারেল অ্যাডমিনিস্টারড এরিয়া (ফাটা) সংস্কার বাস্তবায়ন থেকে সরকারের সরে আসা ইত্যাদি বিষয় জাতিগত পশতুনদের মনে পাকিস্তানে তাদের অবস্থান সম্পর্কে সন্দেহের জন্ম দিয়েছে। কিন্তু এসব গুরুত্বপূর্ণ বিষয় এখন সম্পূর্ণভাবে বাদ পড়ছে এবং রাজনৈতিক বক্তব্য কেবল একটি বিষয়ে সীমাবদ্ধ, আর তা হচ্ছে পানামা পেপারস। এর মধ্য দিয়ে রাজনৈতিক কারসাজির সবচেয়ে কুৎসিত রূপ এবং স্বঘোষিত দেশপ্রেমিকদের প্রকৃত চেহারা বেরিয়ে আসছে।
বর্তমান সংকটময় পরিস্থিতিতে মূল প্রশ্ন হচ্ছে, কে পাকিস্তান শাসন করবে? নির্বাচিত সংসদ, নাকি কোনো নিরাপত্তা কর্তৃপক্ষ? পাকিস্তানকে এই প্রশ্নের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যেতে হবে এবং প্রকৃত পাঞ্জাবি বুর্জোয়া নেতার চেয়ে এই প্রশ্ন উত্থাপন করার উপযুক্ত ব্যক্তি আর কে আছেন!
অনুবাদ: রোকেয়া রহমান। পাকিস্তানের দৈনিক দ্য নেশন থেকে নেওয়া।
আফ্রাসিয়াব খট্টক: আঞ্চলিক রাজনীতি বিশ্লেষক।