কয়েক দিন আগে বোমা মেরে চট্টগ্রাম আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। সরকারের একজন কৌঁসুলিকে ফোন করেছিলেন তিনি। নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য পরিচয় দেওয়া ওই ব্যক্তির হুমকি নেহাত পাগলের প্রলাপ বলে উড়িয়ে দেওয়ার উপায় ছিল না। কারণ, ২০০৫ সালের ১৭ আগস্ট, ৩ অক্টোবর এবং ২৯ নভেম্বর মোট তিন দফায় বোমা হামলা হয়েছিল এই আদালত প্রাঙ্গণে। সর্বশেষ হামলাটির ভয়াবহতার কথা পাঠকের স্মরণে থাকতে পারে। দুজন ঘটনাস্থলে নিহত হয়েছিলেন সেদিন, আহত হয়েছিলেন অন্তত অর্ধশতাধিক ব্যক্তি। এতই শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল যে, এর আঘাতে মৃত ব্যক্তির শরীরের ছিন্নভিন্ন অংশ উড়ে গিয়ে ঝুলতে দেখা গেছে গাছের ডালে। সংবাদপত্রের পাতায় এ রকম নৃশংস ছবি দেখে শিউরে উঠেছিলেন পাঠক! তো সেই আদালত ভবনে আবার হামলা হতে পারে—এমন হুমকি আমলে না নেওয়ার উপায় কী?
নিরাপত্তা জোরদার করা হয়েছিল। কিন্তু তল্লাশি চালাতে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হলো পুলিশ। অত্যন্ত সাধারণ বেশভূষার এক ব্যক্তির চটের থলের মধ্যে পাওয়া গেল ৫৭ লাখ ৯২ হাজার টাকা!
রহস্যের শুরু এখান থেকেই। কেন আদালত প্রাঙ্গণে এই বিরাট অঙ্কের টাকা নিয়ে ঘোরাঘুরি করছিলেন ইলিয়াছ ভূঁইয়া নামের ব্যক্তিটি, কাকে দেওয়ার কথা ছিল টাকাগুলো—এই রহস্যের সুরাহা হয়নি এখনো। ইলিয়াছ নানা সময়ে নানা কথা বলেছেন। আগ্রাবাদ এলাকার জিয়া নামের জনৈক ব্যবসায়ী এই টাকা দিয়ে পাঠিয়েছেন বলে উল্লেখ করেছেন একবার, কিন্তু জিয়া সম্পর্কে বিস্তারিত বলতে রাজি নন তিনি। এমনকি জিয়া এই টাকা কার কাছে পাঠিয়েছিলেন, এ কথাও বলতে রাজি নন। পরে নিজের এই কথা থেকে সরে এসে ইলিয়াছ দাবি করছেন এটা তাঁর নিজের টাকা, গ্রামে জমি বিক্রি করে এনেছেন। কিন্তু প্রাথমিক তদন্তে পুলিশ জমি বিক্রির কোনো প্রমাণাদি তো পায়ইনি, এমনকি তাঁর কোনো পেশাগত পরিচয় বা ব্যবসাপাতির খোঁজও পায়নি।
টাকা কোথায় যাচ্ছিল—এ প্রশ্ন নিয়ে নানা রকম সংশয়-সম্ভাবনার কথা এসেছে। যেহেতু, ওই একই দিনে আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে, টাকাগুলো কোনো জঙ্গি সংগঠনকে সরবরাহ করা হচ্ছিল কি না, এই সন্দেহ জাগতেই পারে। আবার টাকাসমেত ওই ব্যক্তিকে আদালত প্রাঙ্গণেই যখন পাওয়া গেল, ওই টাকা কোনো ধরনের বিচার–প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য ব্যবহৃত হতো কি না, এ নিয়েও গুঞ্জন শোনা গেছে। কিন্তু শেষ পর্যন্ত অঙ্গুলি নির্দেশ হলো জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার দিকে, আর সেখানেই কেঁচো খুঁড়তে গিয়ে সাপ নয়, সন্ধান মিলল বস্তা বস্তা টাকার।
ভূমি অধিগ্রহণ শাখাটির কর্মকর্তা-কর্মচারীরা দেশের আর দশটি কার্যালয়ের কর্মীদের চেয়ে যে অনেক বেশি উদ্যোগী ও তৎপর, সেটা বোঝা যায় তাঁদের কাজের বহর দেখলে। রাত ১০টায়ও সেখানে হিসাব-নিকাশ চলে বা ক্ষতিগ্রস্ত জমির মালিকদের প্রাপ্য টাকার চেক তৈরি করা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এই শাখার কর্মীরা কেন এত তৎপর, সেদিকে নতুন করে সবার নজর পড়ল ৫৮ লাখ টাকাসহ এক ব্যক্তি আটক হওয়ার পর। কারণ, এই টাকার গন্তব্য যে ওই অফিস, এ বিষয়ে আজ অনেকেই প্রায় নিঃসন্দেহ, ইলিয়াছ ভূঁইয়ার অলিখিত পেশা জমির দালালি বলেই ধারণা করা হচ্ছে। ভূমি অফিস সম্পর্কে ভুক্তভোগী ব্যক্তিরা আগে থেকেই অনেক কিছু জানেন। কিন্তু ৫৮ লাখ টাকার সূত্রে পত্রপত্রিকায় যা ছাপা হয়েছে, তা দেখে অনেকের চোখ যে কপালে উঠেছে সন্দেহ নেই। প্রতিদিনই কোটি কোটি টাকার লেনদেন হয় এখানে, যার একটি বড় অংশ ঘুষের টাকা। টাকা আটকের পর ১০ জন সার্ভেয়ারসহ ১২ জনকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। মাসে ১২ হাজার টাকা বেতন পাওয়া এই ১০ সার্ভেয়ারের প্রত্যেকেই এখন কোটিপতি।
সড়ক নির্মাণ, আবাসন প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পে জমি অধিগ্রহণ করে সরকার। সরকারি যে সংস্থাই জমি অধিগ্রহণ করুক না কেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের টাকা দেওয়া হয় ভূমি অধিগ্রহণ শাখা থেকে। প্রথমে সার্ভেয়ার দিয়ে অধিগ্রহণ করা জমি সার্ভে করা হয়। দুর্নীতির প্রথম ধাপ শুরু হয় এখান থেকে। জমির পরিমাণ বেশি দেখানো হয়, বিরোধপূর্ণ জমিকে নিষ্কণ্টক দেখানো হয়, কৃষিজমিকে আবাসভূমি দেখানো হয় ইত্যাদি। এসব করা হয় জমির মালিকের সঙ্গে যোগসাজশে। অর্থাৎ, দুর্নীতিতে জড়িয়ে পড়লেন জমির মালিকও। এভাবেই বছরের পর বছর চলছে সরকারি টাকার লুটতরাজ। সার্ভেয়াররা একাই শুধু বিত্তবান হচ্ছেন, তা তো নয়, এই টাকার ভাগ ‘নিয়মমাফিক’ পৌঁছে যাচ্ছে ঊর্ধ্বতনদের কাছেও। তাই বছরের পর বছর এই বৃত্তটা ভাঙতে পারছে না কেউই।
আগেই বলেছি, ১০ জন সার্ভেয়ারকে বদলি করা হয়েছে। কিন্তু তাতে খুব একটা কিছু পরিবর্তন হবে কি? আমরা তো অন্তত একজন সার্ভেয়ার নূর চৌধুরীর কথা জানি, ৮৭ লাখ টাকার টাকা ঘুষ গ্রহণের কারণে যাঁর সাড়ে চার বছরের কারাদণ্ড হয়েছিল। সাজা পেয়ে এক দিনের জন্যও কারাগারে যেতে হয়নি তাঁকে। পরে অবশ্য নিম্ন আদালতের রায় স্থগিত করেছিলেন উচ্চ আদালতের একটি বেঞ্চ। নিজ পদে পুনরায় বহালও হয়েছিলেন তিনি। কিন্তু এর আগে দুর্নীতির মামলা হওয়ার পর আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও রহস্যজনক কারণে তাঁকে গ্রেপ্তার করেনি পুলিশ।
এবারও টাকাসহ ইলিয়াছকে আটক করার পর পুলিশের কর্মকাণ্ডও কেমন যেন ধোঁয়াশা। পুলিশ ইলিয়াছকে আটক করে ৫৪ ধারায় চালান দিয়ে রিমান্ডের আবেদন জানিয়েছিল। আদালত রিমান্ড নামঞ্জুর করে উল্টো আটক ব্যক্তির মুঠোফোনটি কেন জব্দ করা হয়নি, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের। আজকাল অপরাধীকে শনাক্ত করার জন্য খুবই কার্যকর অনুষঙ্গ হিসেবে আমলে নেওয়া হয় সংশ্লিষ্ট ব্যক্তির মুঠোফোন। এ ক্ষেত্রে পুলিশ কেন তা করেনি, তা বোধগম্য নয়।
ভূমি অধিগ্রহণ কার্যালয়ের কার্যালয় পরিদর্শন করতে গিয়ে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীও বলেছেন একই কথা, রিমান্ড চাওয়ার ক্ষেত্রে নিশ্চয় কোনো দুর্বলতা ছিল। নইলে রিমান্ড মঞ্জুর হবে না কেন? অথচ ওই লোককে রিমান্ডে এনে জিজ্ঞাসা করা হলে টাকার উৎস ও গন্তব্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানা সম্ভব হতো। প্রতিমন্ত্রী বেশ দৃঢ়তার সঙ্গেই বললেন, ‘ভূমি কার্যালয়ে দালালদের উৎপাত বন্ধ করতে হবে। সাধারণ মানুষের ভোগান্তি ও দুর্নীতি আমরা সহ্য করব না।’
বিনয়ের সঙ্গে বলি, প্রতিমন্ত্রী মহোদয়, কথাগুলো বলা যত সহজ, বাস্তবে রূপ দেওয়া তত সহজ নয়। হঠাৎ কখনো কেঁচো খুঁড়তে গিয়ে দু-একটা সাপ হয়তো বেরিয়ে পড়বে, কিন্তু আসল গুপ্তধনের সন্ধান পেতে হলে হাত দিতে হবে অনেক গভীরে। বছরের পর বছর চলতে থাকা এই সিস্টেম, দুর্নীতির এই দুষ্টচক্র ভাঙা খুবই কঠিন একটি কাজ। সে কাজে আপনি সফল হলে মানুষ এই কৃতিত্বের কথা স্মরণে রাখবে দীর্ঘদিন।
বিশ্বজিৎ চৌধুরী: কবি, লেখক ও সাংবাদিক।
[email protected]