পাকিস্তানের পেশোয়ারে স্কুলশিশুদের হত্যার ঘটনায় ভারতের জনগণও বেদনাবিধুর হয়ে উঠেছে। এই অনুভূতি প্রকৃত, কোনো ছলচাতুরী এর মধ্যে নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় স্কুলশিশুদেরকে পাকিস্তানে নিহত শিশুদের স্মৃতিতে দুই মিনিট নীরবতা পালনের আহ্বান জানান। তিনি পাকিস্তানকে তৎক্ষণাৎ সহায়তা করারও প্রস্তাব দেন। এরূপ পদক্ষেপ সীমান্ত পেরিয়ে যায়।
দুর্ভাগ্যজনকভাবে ভারত ও পাকিস্তানের তরুণেরা যে নিজেদের মধ্যে শত্রুতা পোষণ করছেন, তা নিয়ে কোনো দেশেরই সুশীল সমাজের নেতারা মোটেও উদ্বিগ্ন নন। আবার এই তরুণেরা উপমহাদেশের বাইরে একে অন্যের সবচেয়ে ভালো বন্ধু, বাংলাদেশের তরুণেরাসহ। কিন্তু নিজের দেশে তাঁদের মনোভাব থাকে কীভাবে, অন্য পক্ষকে সবচেয়ে খতরনাক আঘাত করা যায়। কিন্তু তাঁরা বোঝেন না, এতে বৈরিতা অনিবার্য হয়ে ওঠে।
পাকিস্তানিরা একসময় বলত, কাশ্মীরের সমস্যা একবার মিটে গেলে ভারত-পাকিস্তান সম্পর্ক বন্ধুভাবাপন্ন হয়ে যাবে। কিন্তু আমার মনে সন্দেহ আছে। কাশ্মীর একটা লক্ষণ, এটা রোগ নয়। দেশ দুটি একে অন্যকে বিশ্বাস করে না, এটাই আসল রোগ। এমনকি কোনো অলৌকিক ঘটনায় যদি কাশ্মীর সমস্যার সমাধান হয়েও যায়, তাহলেও সব মিটে যাবে না। তখন এই সন্দেহের কারণেই অন্য কোনো সমস্যা মাথাচাড়া দিয়ে উঠবে।
ভারত ও পাকিস্তান যেখানেই যাক না কেন, সেখানেই তাদের মধ্যকার এই শত্রুতা মাথাচাড়া দিয়ে ওঠে। সাংস্কৃতিক অনুষ্ঠানেও এর প্রতিফলন দেখা যায়, এটা দুঃখজনক। পাকিস্তানের কাওয়ালরা দিল্লি প্রেসক্লাবে গাইতে পারেন না, যদিও সেটা অনেক উদার ব্যাপার হতো। অন্যদিকে পাকিস্তানের হকি দল ভারতকে হারানোয় ভারতীয় দলের প্রতি অশ্লীল অঙ্গভঙ্গি করেছে।
ভারত সফররত পাকিস্তানি সাংসদেরা লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করতে পারেননি। যে ভারতীয় সাংসদ এই বৈঠকের ব্যবস্থা করেছিলেন, তিনি মিলিয়ে দেখেননি সে সময় স্পিকারের অন্য কোনো ব্যস্ততা থাকবে কি না। এরপর ভারতীয় সাংসদদের উচিত ছিল, অন্য কোনোভাবে ব্যাপারটা সামাল দেওয়া। কিন্তু সৌজন্যের খাতিরেও তাঁরা তেমন কিছু করেননি। এসব ঘটনায় বোঝা যায়, দেশভাগের ৭০ বছর পরও দুই দেশের মধ্যে স্বাভাবিক সৌজন্যের সম্পর্কও গড়ে ওঠেনি, বন্ধুত্ব তো দূরের কথা। ভবিষ্যতেও তেমন একটা ভালো মনে হচ্ছে না, কারণ এরূপ শত্রুতার ঘটনায় ভারতের হিন্দু পরিচয়ই উন্মোচিত হচ্ছে।
গতকাল এটা ছিল সংস্কৃত ভাষা, যেটা আসলে হিন্দুদের ধর্মগ্রন্থের ভাষা; আজ সেটা পরিণত হয়েছে ধর্মান্তরকরণে। ভারতের বেশ কিছু মুসলমানের হিন্দু ধর্মে ধর্মান্তরকরণের ঘটনা দেশটির মাথা দুনিয়ার সামনে হেঁট করে দিয়েছে; বিশেষত পাকিস্তানের কাছে। যখন ‘ধর্মান্তরিত’ ব্যক্তিরা বলেন, তাঁদের জোর করা হয়েছে। তাঁদের রেশন ও বিপিএল কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ কার্ড গরিবদের ভর্তুকি মূল্যে প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ দেয়। কিন্তু ব্যাপারটা মোটেও সহজ-সরল নয়।
পাকিস্তানে যে মৌলবাদ ছড়িয়ে পড়ছে, তাতে আমি মোটেও বিস্মিত নই। পরিণতির কথা ভেবে উদার কণ্ঠগুলো যখন রুদ্ধ হয়ে যায়, তখন গোঁড়াদের বাড়বাড়ন্ত হয়। তাদের ধৃষ্টতাও বাড়ে। ভারতে কী ঘটছে, সেটাই আসলে উদ্বেগের মূল কারণ। সেখানে একটি গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা আছে, সে কারণেই দেশটি সারা দুনিয়ায় শ্রদ্ধার পাত্র। দুর্ভাগ্যজনকভাবে নয়াদিল্লি ক্রমেই হিন্দুত্ববাদের গোলপোস্টে পরিণত হচ্ছে। এতে পৃথিবী হতাশ হচ্ছে, আর সংখ্যালঘুরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছে।
আরএসএস প্রধান মোহন ভাগওয়াত বিলাপ করে বলেছেন, ভারতে ৮০০ বছর পর হিন্দুরাজ ফিরে এসেছে। তাঁর প্রতি কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেননি। ফলে তাঁর এই মন্তব্যে আমাদের ধর্মনিরপেক্ষতার বিশ্বাসযোগ্যতাই প্রশ্নের মুখে পড়ে যাবে। বিজেপি দিল্লিতে চার লাখ সদস্য সংগ্রহ করেছে, আমি এতেও তেমন বিস্মিত হইনি। কংগ্রেস এই জোয়ার রোধ করতে পারত, কিন্তু তারা পরিবারতন্ত্রের মধ্যে আটকা পড়ে গেছে। অতীতে দলটির উদার ও বহুত্ববাদী আদর্শ সব সময়ই সামনের কাতারে ছিল। জওহরলাল নেহরু যখন ইন্দিরা গান্ধীকে গড়ে তুলেছেন এবং এরপর ইন্দিরা যখন রাজীবকে গড়ে তোলেন, তখনো। কিন্তু আজ কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর অবস্থান কেন্দ্র থেকে ডান দিকে, এমনকি কেন্দ্রেও নয়।
ভারতের রাজনীতি ব্যক্তিবাদের মধ্যে আটকে গেছে। কেন্দ্রে শাসক পরিবর্তন হলেও রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা এখনো সামন্তীয়। এই বৈশিষ্ট্য আমাদের সব বিবেচনা ছাপিয়ে যায়। এটা আসলে গণতান্ত্রিক মনোভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কিন্তু সেটা এখনো আছে, আর আগেও এর কোনো দৃশ্যমান পরিবর্তন হয়নি। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তাঁরা যখন বলেন সব ক্ষমতা জনগণের, তখন তাঁরা আসলে সেটা আলংকারিক অর্থে ব্যবহার করেন। প্রকৃত অর্থে নয়, কারণ, তাঁরা এই কয়েকজনই দেশের কাজ করেন।
মোদি নেহরুর জোটনিরপেক্ষ ধারণার মৃত্যু ঘটিয়েছেন। এটা সত্য যে সেই কমিউনিস্ট ও গণতান্ত্রিক পক্ষের মধ্যকার লড়াই আর নেই। ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর কমিউনিস্টরা শীতল যুদ্ধে হেরে যায়। তার পরও এই আন্দোলনের কিছু বৈশিষ্ট্যের অস্তিত্ব এখনো আছে, যেমন বড় জাতিগুলোর শক্তি বা আকারের কারণে ছোটদের তাদের ভয় করার কিছু নেই। মোদি পুঁজিবাদী দুনিয়ারই ফসল। তাঁর মধ্যে নেহরুর আমলের বামপনার কিছু নেই, আবার গান্ধীর স্বনির্ভরতারও কিছু নেই। মোদি যেকোনো উপায়েই ভারতের উন্নয়ন চান, তাতে ধনী-গরিবের মধ্যে ভেদ যতই বাড়ুক না কেন।
শেষ করার আগে আমার হতাশার কথা বলতে চাই। আমি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বইয়ের কথাই বলছি। জরুরি অবস্থার ওপর তাঁর এই বই বের করাটা কিছুটা অসতর্ক পদক্ষেপ বলেই আমার মনে হয়। তিনি জানেন, যে দায়িত্বে তিনি আছেন, তা রাজনৈতিক সমালোচনার মুখে ফেলে দেওয়া সমীচীন নয়। জরুরি অবস্থার সময় তিনি যা করেছেন, তার ন্যায্যতা বিধানের জন্য তিনি রাষ্ট্রপতি পদের সুবিধা নিয়েছেন।
রাষ্ট্রপতি মুখার্জি জরুরি অবস্থার সময়ে একনায়কতান্ত্রিক শাসনের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তিনি ছিলেন সঞ্জয় গান্ধীর ডান হাত। যিনি সংবিধান-অতিরিক্ত ক্ষমতা ভোগ করতেন। সঞ্জয় পুরো দেশেই একনায়কতন্ত্র কায়েম করেছিলেন। সে সময় রাষ্ট্রপতি মুখার্জি সঞ্জয় গান্ধীর সঙ্গে তাল মিলিয়ে চলেছেন। সেটা এখন প্রশ্নের মুখে পড়বে, তা তিনি এবার যতই বুক চাপড়ান না কেন।
ইংরেজি থেকে অনূদিত: প্রতীক বর্ধন
কুলদীপ নায়ার: ভারতের সাংবাদিক।