কেউই আইএস সম্পর্কে সত্য বলেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা দুজনেই যখন মধ্যপ্রাচ্য নিয়ে বাকোয়াসি করছিলেন, তখন মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের শহর বৈরুতে ভোরের আলো ফুটছিল। কথা হচ্ছে, হিলারি ও ট্রাম্পের এই বিতর্ক অনুষ্ঠান আমার কাছে খুবই গঠনমূলক অভিজ্ঞতা মনে হয়েছে। মধ্যপ্রাচ্যের সিরিয়া, ইয়েমেন ও ইরাকে প্রতি সপ্তাহেই কয়েক শ মানুষ মারা যাচ্ছে, অথচ তাঁরা দুজন চেঁচিয়ে যাচ্ছেন, ‘আমি আপনার চেয়ে ভালোভাবে আইএস দমন করতে পারব।’ হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ের ওই বিতর্ক সভার অংশগ্রহণকারী ব্যক্তিদের কাছে মধ্যপ্রাচ্যের অর্থ কি এ রকমই ছিল?
ট্রাম্প হিলারিকে কী বলেছিলেন? তিনি বলেছিলেন, ‘আপনি তো বড় হওয়ার পর থেকেই আইএসের সঙ্গে যুদ্ধ করছেন!’ আর হিলারি বলেছিলেন, ‘যা হোক, আমার আইএসের সঙ্গে লড়াই করার পরিকল্পনা আছে।’ ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম, ওই ৯০ মিনিট যেন আলেপ্পো, বাগদাদ ও সানায় বিদ্যুৎ না থাকে, যাতে তারা দেখতে না পায়, কীভাবে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীরা তাদের জন্মভূমিকে সিনেমার আউটডোর শুটিং বানিয়ে ফেলেছিলেন।
ম্যাডাম ক্লিনটন বলেন, ‘আইএসকে পরাস্ত করার কোনো পরিকল্পনা ট্রাম্পের নেই।’ তাঁরা মধ্যপ্রাচ্যের জন্য ন্যায়বিচার, স্বাধীনতা ও মর্যাদার পরিকল্পনার রূপরেখা পেশ করেননি, ব্যাপারটা করুণার উদ্রেক করে। তাঁরা মধ্যপ্রাচ্যে বোমাবর্ষণের নীতির অবসান ঘটানোর কথা বলেননি।
ওদিকে ট্রাম্প খুব স্বল্প সময়ের জন্য একবার ‘বিবি নেতানিয়াহু’ শব্দটি উচ্চারণ করেছেন। এতে হয়তো অনেক মার্কিন নাগরিক একদম ধরাশায়ী হয়ে গেছেন। কথাটি তিনি ইসরায়েলের সমর্থকদের উদ্দেশেই বলেছেন, সন্দেহ নেই। কিন্তু কথা হচ্ছে, মধ্যপ্রাচ্যের আরেকটি সংকট সম্পর্কে তাঁর মুখ থেকে স্রেফ এ শব্দটিই শোনা গেছে। হিলারি দাবি করেছেন, ‘ইরানে পারমাণবিক বোমার যেসব সেন্ট্রিফিউজ ঘুরপাক খাচ্ছিল, ওবামা সেসব অকার্যকর করে দিয়েছেন।’ কথা হচ্ছে, সেন্ট্রিফিউজ ঘুরপাক খায় কি না, আমি জানি না। তবে তিনি হয়তো সেই অঞ্চলের ঘুরে বেড়ানো দরবেশদের কথা বলছেন।
‘মধ্যপ্রাচ্যে চরম বিশৃঙ্খলা চলছে’, আর ইরান খুব দ্রুত ‘বড় শক্তি’ হতে যাচ্ছে—ভাবখানা এমন, ইরান যেন তিন হাজার বছর ধরে বড় শক্তি নয়। কিন্তু ট্রাম্প কি কোনো সুনির্দিষ্ট বিশৃঙ্খলার কথা বলেছেন? তিনি কি পূর্ব আলেপ্পোর হাসপাতালের ঘটনা উল্লেখ করেছেন? নাকি তিনি মিসরের নাগরিক অধিকার হরণের কথা বলেছেন? যেখানে ব্রিগেডিয়ার-জেনারেল-প্রেসিডেন্ট আল সিসি যা করছেন, সেটা তাঁর দৃষ্টি আকর্ষণ করতে পারে। নাকি তিনি আফগানিস্তানে সীমানাবিহীন চিকিৎসকদের হাসপাতালে বোমাবর্ষণের ফলে সৃষ্ট বিশৃঙ্খলার কথা বলছেন? অথবা তিনি হয়তো ফিলিস্তিনের ‘বিশৃঙ্খলার’ কথা বলছেন? হ্যাঁ, উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, এই ফিলিস্তিন শব্দটা দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর একজনও উচ্চারণ করেননি, অথচ তাঁরা উভয়েই যুক্তরাষ্ট্র শাসন করতে চান। অথবা তিনি কি ন্যাটোর ‘বিশৃঙ্খলার’ কথা বলেছেন, যে বাহিনী ১৯৯৯ সালে সার্বদের হত্যা করেছিল (যাঁদের মধ্যে কসোভোর কিছু মুসলমানও ছিলেন), যারপর মিত্রশক্তি আফগান যুদ্ধে সমর্থন দিয়েছিল। কিন্তু ট্রাম্পের মতে, ‘এর নজর ঠিক সন্ত্রাসের ওপর ছিল না।’
মহান ব্যক্তিটি পৃথিবীর উদ্দেশে বলেন, ‘আমাদের আইএস উৎখাতে বলপ্রয়োগ করতে হবে, আর সেটা খুব দ্রুতই করতে হবে।’ ভালো কথা, কিন্তু বিষয়টি হচ্ছে, আমরা কি আফগানিস্তান, ইরাক, ইয়েমেন ও এমনকি লেবাননে বলপ্রয়োগ করিনি, আর তার ফলে কি অধিকতর হানিকর শক্তির আবির্ভাব হয়নি? এদের মধ্যে আইএস আবার নতুন শক্তির জন্ম দেবে না তো? বংশধর রেখে যাবে না তো? দৃশ্যত ট্রাম্প বিশ্বাস করেন, ওবামা যদি ইরাকে ১০ হাজার মার্কিন সেনা রাখতেন, তাহলে আইএসের জন্ম হতো না। তবে কৌশলটা আইএস খুব ভালোভাবেই নিত। তবে হিলারি সে ক্ষেত্রে একটু আহাজারি করেন, ইরাক সরকার ‘মার্কিন সেনাদের সুরক্ষা দিত না।’
আমি ধারণা করি, সেটাই আসল কথা। মার্কিন সেনাদের বিভিন্ন দখল অভিযানে সুরক্ষা দেওয়া আরব দুনিয়ার কাজ, তাই না? অথবা ‘মধ্যপ্রাচ্যে আমাদের বন্ধু’দের অন্তত এ কাজটি তো করা উচিত। আমার বিস্ময় জাগে, এরা কারা? সেই বিচিত্র সৌদি আরব, ৯/১১-এর ১৫ জন ঘাতক যে দেশ থেকে এসেছিল। তবে দুই প্রার্থী যে অযৌক্তিক কথাটি শেষমেশ বলেননি তা হলো, আইএসের জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে। সে ক্ষেত্রে তাঁরা হয়তো নিরাপদ জায়গায় থাকতেন। তা কি সত্যিই হতো? কারণ, আমার আশঙ্কা, আরবদের মধ্যে বহু মানুষই বিশ্বাস করতে শুরু করেছেন, আইএস মার্কিন যুক্তরাষ্ট্রের গর্ভজাত সন্তান।
অনুবাদ: প্রতীক বর্ধন, দ্য ইনডিপেনডেন্ট থেকে নেওয়া
রবার্ট ফিস্ক: দ্য ইনডিপেনডেন্টের মধ্যপ্রাচ্য প্রতিনিধি।