প্রথম আলো অফিসে কয়েক দিন আগে আমার এক পরিচিত নারী এসেছিলেন। দীর্ঘদিন সরকারি চাকরি করার পর সম্প্রতি তিনি অবসরে গেছেন। প্রথম আলো অফিসে এসেছেন ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিতে। চিকিৎসক মেয়ের জন্য তিনি পাত্র খুঁজছেন। কিন্তু যে রকমটি চান, সে রকম পাচ্ছেন না। তাই বিজ্ঞাপন দিতে আসা। আলাপে আলাপে জানালেন, এর আগেও বিজ্ঞাপন দিয়েছিলেন। কিন্তু আশানুরূপ সাড়া মেলেনি।
বললেন, সে সময় একটি বিপণিবিতানের একজন বিক্রয়কর্মী তাঁকে ফোন করেছিলেন। জানালেন তিনিই পাত্র। তখন ফোনের এপাশ থেকে বলা হলো, আপনার কী যোগ্যতা আছে চিকিৎসক মেয়েকে বিয়ে করার? বিক্রয়কর্মীর জবাব, কেন, আমি পুরুষ মানুষ না? অর্থাৎ পুরুষ হলেই যাকে খুশি তাকে বিয়ে করা যায়। পুরুষদের শিক্ষাদীক্ষা, চাকরি, সামাজিক মর্যাদা—এগুলো কোনো বিষয় নয়। ওই বিক্রয়কর্মীকে আর দোষারোপ করে লাভ কী? এই মানসিকতা ধারণ করে বেশির ভাগ পুরুষই।
আমাদের দেশে পুরুষকে তুলনা করা হয় স্বর্ণের সঙ্গে। পুরুষের দোষত্রুটি থাকলে বলা হয় সোনার আংটি বাঁকা হলেও তা সোনা। অর্থাৎ, পুরুষের হাজারো দোষত্রুটি থাকলে কোনো অসুবিধা নেই, তারপরও সে সোনার মতোই দামি। সে পুরুষ, এটাই বড় কথা। এটাই তার সবচেয়ে বড় যোগ্যতা।
পাঠক, নিশ্চয় রিসার কথা ভুলে যাননি। উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী গত বছর এক বখাটে যুবকের ছুরিকাঘাতে প্রাণ হারায়। ওই যুবকটি ছিল একটি টেইলার্সের কর্মী। প্রেমের প্রস্তাব দিয়েছিল সে রিসাকে। স্বাভাবিকভাবেই রিসা রাজি হয়নি। আর এর মূল্য দিতে হয়েছে তাকে প্রাণের বিনিময়ে। রিসার ঘাতকের কাছে রিসার সামাজিক মর্যাদা বা তার শিক্ষাদীক্ষা বিবেচ্য ছিল না। রিসা একটি মেয়ে। তাকে সে কামনা করেছে, কাজেই যে করেই হোক তাকে পেতে হবে। তার পারিবারিক অবস্থা বা সামাজিক মর্যাদা রিসার মতো না, তাতে কী? তাই বলে একটি মেয়ে তাকে প্রত্যাখ্যান করবে? এত বড় সাহস?
অনেকেই হয়তো প্রশ্ন তুলবেন, কোনো ছেলের কম পড়াশোনা থাকলে কোনো উচ্চশিক্ষিত মেয়েকে বিয়ে করা যাবে না—এমন কোনো নিয়ম আছে কি? না, নেই। সে রকম অসম বিয়ে যে হয় না, তা নয়। পরস্পরের সম্মতিতে তা হতেই পারে। কিন্তু মূল সমস্যা আমাদের মানসিকতায়। আর সেটা হচ্ছে পুরুষকে বড় করে দেখা এবং নারীকে খাটো করে দেখার প্রবণতা। এই প্রবণতা নারীকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করছে।
এই লেখার শুরুতেই আমি যে নারীর কথা উল্লেখ করেছি, তিনিও স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের কাছে নির্যাতনের শিকার হয়েছেন। তিনি যে একজন উচ্চশিক্ষিত নারী এবং সরকারি চাকরি করছেন—এর কোনো দাম ছিল না তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের কাছে। স্বামীও উচ্চশিক্ষিত এবং একটি ভালো চাকরি করতেন। যেহেতু ওই নারী সরকারি চাকরি করতেন, সেহেতু স্বামী ও শাশুড়ির দাবি ছিল বেতনের পুরো টাকাটাই স্বামীর হাতে তুলে দিতে হবে। আর তাঁর যা প্রয়োজন হবে স্বামীর কাছ থেকে চেয়ে নেবেন। কিন্তু এই প্রস্তাবে রাজি হননি ওই নারী।
আর এ জন্য তাঁকে কম গালাগাল শুনতে হয়নি। প্রথম সন্তান মেয়ে হওয়ার দায়ও চাপে তাঁর ওপর। মেয়ে হওয়ায় কোনো দিন সন্তানকে কিছু কিনে দেননি বাবা। আবার দ্বিতীয় সন্তান ছেলে হলে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা উথলে ওঠে। কিন্তু তার মেয়াদ ছিল অল্প কদিন। কিছুদিন না যেতেই ফের শুরু হয় নির্যাতন। তারপর পরকীয়ায় জড়িয়ে পড়ে স্বামীই তাঁকে ছেড়ে চলে যান। তাই এই নারী মেয়ের বিয়ে নিয়ে খুব ভয় পাচ্ছেন। পাবেন তো মেয়ের জন্য একটি ভালো ছেলে? যে ছেলে স্ত্রীকে নারী নয়, মানুষ হিসেবে দেখবে। স্ত্রীর বাইরের রূপ নয়, ভেতরের রূপকে ভালোবাসবে। স্ত্রীর শিক্ষাকে কদর করবে। তাঁর যথাযথ সম্মান দেবে।
আমাদের দেশে এ রকম পুরুষও নিশ্চয়ই আছে। কিন্তু তাদের সংখ্যা অনেক কম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জরিপের ফলাফলই তার প্রমাণ। বিবিএসের জরিপ বলছে, এ দেশের ৮০ শতাংশ নারী স্বামীর নির্যাতনের শিকার হন। কোনো পুরুষ যদি তাঁর স্ত্রীকে সম্মান করেন, তাঁর পক্ষে তাঁকে নির্যাতন করা সম্ভব নয়। এ থেকেই বোঝা যায়, আমাদের দেশে নারীকে বেশির ভাগ কী চোখে দেখা হয়।
নারীরা উচ্চশিক্ষিত হলেই কী আর স্বল্পশিক্ষিত হলেই কী বা অশিক্ষিত হলেই কী! একশ্রেণির পুরুষের কাছে সব সমান। তাদের কাছে নারী মানে এমন একটি প্রাণী, যারা তাদের অধীন থাকবে। তাদের কথামতো চলবে। এসব পুরুষের কাছে নারী শুধুই কলের পুতুল। তারা চায় নারীরা নিজেদের মানুষ হিসেবে গড়ে তোলার চ্যালেঞ্জ না নিয়ে পুরুষের সঙ্গী হয়ে ওঠাতেই নিজেদের সার্থক বলে মনে করুক।
এ ধরনের পুরুষের কারণেই আজ নারীরা ঘরে-বাইরে নির্যাতনের শিকার হচ্ছেন। রিসা, তনু, রূপারা হচ্ছেন ধর্ষিত। মেয়েদের ছোট নজরে দেখার বা ভোগের বস্তু হিসেবে ভাবার এই মানসিকতা যেমন একদিনে গড়ে ওঠেনি, তেমনি একদিনে তাদের এই মনোভাব দূর হবে না। এটি দীর্ঘ প্রক্রিয়া। এর সঙ্গে জড়িত সমাজের অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন, শিক্ষার প্রসার এবং সামাজিক সংস্কার থেকে উত্তরণের বিষয়টি। এসব পরিবর্তন ও সংস্কার শুরু করতে হবে ঘর থেকেই।
রোকেয়া রহমান: সাংবাদিক।