কেন এই আত্মঘাতী প্রবণতা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জঙ্গি’ নিয়ে আমরা বেশ বিপদে আছি। মাঝেমধ্যে বিরতি দিয়ে ‘জঙ্গি তৎপরতা’ সংবাদ শিরোনাম হয়। তখন কয়েক দিন ধরে এ নিয়ে আমরা ব্যতিব্যস্ত থাকি। চায়ের কাপে ঝড় তুলি, টক শোতে গলা ফাটাই। তারপর অন্য কোনো বিষয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং আমাদের নজর সেদিকে চলে যায়। মার্চ মাসকে আমরা বলি ‘স্বাধীনতার মাস’। এ সময়টায় স্বভাবতই আমরা একটু বেশি আবেগাশ্রয়ী হই। বেশ কিছুদিন ধরেই রামপাল নিয়ে হইচই হচ্ছিল। তারপর শেখ হাসিনার আসন্ন ভারত সফর ও সেই সঙ্গে তিস্তার ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তায় পড়ে গেলাম। এর সঙ্গে যোগ হলো প্রস্তাবিত ভারত-বাংলাদেশ সামরিক চুক্তি, কিংবা সমঝোতার বিষয়টি। তারপর হঠাৎ করেই দৃষ্টি সরে গেল মুফতি হান্নানের ফাঁসির রায়ে, কয়েকটি জায়গায় জঙ্গি হামলা এবং শেষমেশ সিলেটের আতিয়া মহলে সামরিক অভিযান। আমরা মোটেও স্বস্তিতে নেই।
আওয়ামী লীগ ও বিএনপি আমাদের দেশের দুটো বড় রাজনৈতিক দল। সব ব্যাপারেই তাদের মধ্যে ঝগড়া আছে। জঙ্গি নিয়েও তারা একে অন্যের ওপর সওয়ার হচ্ছে। দলের গুরুত্বপূর্ণ নেতারা প্রতিপক্ষকে দায়ী করে কথা বলছেন, বিবৃতি দিচ্ছেন। আওয়ামী লীগের নেতারা বলছেন, জঙ্গিবাদের পেছনে বিএনপির মদদ আছে। বিএনপির নেতারা বলছেন, জঙ্গিবাদ নিয়ে আওয়ামী লীগ ফায়দা লুটছে। এসব কথার সঙ্গে প্রমাণ থাকলে তা হাজির করুন। আর এসব যদি তাঁদের বাগাড়ম্বর হয়ে থাকে, অবিলম্বে তা বন্ধ করা হোক। জঙ্গিবাদ এমন একটা প্রবণতা বা সমস্যা, যা নিয়ে হেলাফেলা করা ঠিক নয়। এটা নিয়ে ভাবা দরকার। বাগাড়ম্বর বা ফাজলামো করার মতো বিষয় এটা নয়।
জঙ্গিবাদের যে নমুনা আমরা এখন দেখছি, তা কিন্তু হঠাৎ করে শুরু হয়নি। উদীচী, সিপিবি, ছায়ানটের সমাবেশে বোমাবাজি, সিনেমা হলে, গির্জায়, জুমার নামাজে, আদালতে হামলা অনেক বছর আগেই হয়েছে। ৬৩ জেলায় যখন একসঙ্গে বোমা ফাটানো হয়, তখন এটা রীতিমতো চাঞ্চল্যকর বিষয় ছিল। একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ও আমরা এ ধরনের সমন্বিত আক্রমণ শত্রুর ওপর করতে পারিনি। এটা কি কেবলই কতিপয় ধর্মীয় উন্মাদনায় আচ্ছন্ন মানুষের কাজ ছিল? পরে আমরা জেনেছি, এর পেছনে রাষ্ট্রের প্রশ্রয় ছিল।
সরকারের ভেতরে সরকার থাকে। এমনটা আমরা নতুন দেখছি না। অনেক বছর আগে একটা বই পড়েছিলাম—ইনভিজিবল গভর্নমেন্ট। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর কাজকারবার নিয়ে লেখা এ বইটা একসময় পাঠকদের মধ্যে সাড়া জাগিয়েছিল। এ ধরনের গোয়েন্দা সংস্থা অনেক দেশেই সমান্তরাল সরকার চালায়। এ এমনই একটা দৈত্য, যাকে একবার ছেড়ে দিলে বোতলের মধ্যে আর ঢোকানো যায় না। আমাদের জন্য বিষয়টা বেশ স্পর্শকাতর।
এ দেশের অসামরিক ও সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর সর্বোচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তা এখন জেলে আটক আছেন। ১০ ট্রাক অস্ত্র, ইত্যাদি নানা মামলায় তাঁরা অভিযুক্ত, এমনকি নিম্ন আদালত তাঁদের শাস্তিও দিয়েছে। বিষয়টি নিয়ে সরকার নিশ্চয়ই ভাবছে।
জঙ্গি ও জঙ্গিবাদ নিয়ে হয়তো একটা মস্ত পুরাণ লিখে ফেলা যায়, আমি যে বিষয়টার দিকে নজর দিতে বলব তা হলো, এর প্রভাবে কারা ‘বিপথে’ যাচ্ছে। এদের বেশির ভাগই অল্প বয়সী তরুণ। শিক্ষা-দীক্ষা, পারিবারিক পরিচয়, কোনো দিক দিয়েই তাঁরা ফেলনা নন। তাঁদের কেউ কেউ মুক্তিযোদ্ধার সন্তান। তাঁরা কেন এ পথে যান? অনেকে হয়তো বলবেন, এটা স্রেফ ব্রেনওয়াশ। সবার তো ব্রেনওয়াশ হচ্ছে না। কারও কারও হচ্ছে। এর কি কোনো সরল ব্যাখ্যা আছে? একজন তরুণ যখন পেটে বোমা বেঁধে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেন, তখন বুঝতে হবে তাঁর মনোজগতে কী ঘটে গেছে। এ কোন আদর্শ বা প্রণোদনা, যা তাঁকে আত্মঘাতী হতে উদ্বুদ্ধ করছে?
আত্মঘাতী হওয়াকে আমরা অতীতে অনেক সময় গৌরবান্বিত করেছি। অগ্নিযুগের বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার যখন পটাশিয়াম সায়ানাইডের পিল খেয়ে আত্মবিসর্জন দেন, তাঁর লক্ষ্য ছিল যে ধরা পড়ার চেয়ে প্রাণ দেওয়াটাই শ্রেয়। তিনি ভেবেছিলেন বা তাঁকে বোঝানো হয়েছিল যে একজন-দুজন সাদা চামড়ার লোককে খুন করতে পারলে দেশ স্বাধীন হবে। এটাকেই কেউ কেউ সংগ্রামের রণনীতি হিসেবে বেছে নিয়েছিলেন। যদিও গান্ধী বা রবীন্দ্রনাথ কখনোই এ ধরনের আন্দোলনকে সমর্থন করেননি। আমরা কিন্তু প্রীতিলতা বা ক্ষুদিরামকে নিয়ে গর্ব করি। আমরা তাঁদের মোটেও সন্ত্রাসী মনে করি না। আমরা তাঁদের বলি স্বাধীনতাসংগ্রামী। সংগ্রামের এ ঢেউটি এ দেশে বেশি দিন স্থায়ী হয়নি। তবে এই প্রবণতা আমরা ষাট ও সত্তরের দশকে অনেক দেশে দেখেছি, বিশেষ করে ফিলিস্তিনে।

>আদর্শের তাড়না এমন একটা শক্তি, যা একজন তরুণকে চরমপন্থার দিকে নিয়ে যেতে পারে। সে আদর্শ হতে পারে জাতীয়তাবাদ, কমিউনিজম বা ধর্মরাষ্ট্র। চরমপন্থা সব সময়ই পরিত্যাজ্য। তবে সময় থাকতে আমরা অনেকে তা বুঝি না

ষাটের দশকের শেষ দিকে এসে এ দেশে অন্য একধরনের ‘বিপ্লবী তাড়না’ দেখা গিয়েছিল। নকশালবাড়ি আন্দোলনের নেতা চারু মজুমদার তরুণদের একটা প্রজন্মকে প্রবল ঝাঁকুনি দিয়েছিলেন। তখন অনেকেই মনে করতেন, বিপ্লব হলো ‘শ্রেণিশত্রুর’ গলা কাটা। অনেক তরুণই তখন ঘর ছেড়েছিলেন। তাঁদের অনেকেই আর ফিরে আসেননি। তাঁদের রাজনীতির বলি অন্যরাও হয়েছে, তাঁরা নিজেরাও হয়েছেন। কলকাতায় রবীন্দ্রনাথের ভাস্কর্যের মাথা ভেঙে তাঁরা তখন ভেবেছিলেন এটা ‘সামন্তবাদী জমিদার’ রবীন্দ্রনাথের বিরুদ্ধে এক প্রবল বিজয়। ওই ঢেউটাও একসময় থিতিয়ে এসেছে। এখন আর কেউ শ্রেণিসংগ্রামের রাজনীতি নিয়ে গলা ফাটান না। সেমিনারেই কর্তব্য সারেন।
১৯৭০-৭৪ সালে এ দেশে আওয়ামী লীগের চার-পাঁচজন সাংসদ এই ‘বিপ্লবের’ বলি হয়েছিলেন। নকশালপন্থীরা সন্ত্রাসী রাজনীতির যে ধারার সূচনা ঘটিয়েছিল, স্বাধীনতার পর সর্বহারা পার্টি ও জাসদের গণবাহিনী তা অব্যাহত রেখেছিল। এদিকে ১৯৭৯ সালে ‘ইরান বিপ্লবের’ মধ্য দিয়ে বিশ্ববাস্তবতায় একধরনের ইসলামি পুনর্জাগরণ ঘটে। ইরানের শাহের স্বৈরাচার আর সাম্রাজ্যবাদের দালালির বিরুদ্ধে মানুষ ফুঁসে উঠেছিলেন এবং ইমাম খোমেনির আহ্বানে তাঁরা মুক্তির সন্ধান করেছিলেন। খোমেনি কিন্তু ইরানে একটা জনপ্রিয় এবং প্রতিনিধিত্বশীল ইসলামি প্রজাতন্ত্র কায়েম করতে পেরেছিলেন। কিন্তু আফগানিস্তানের তালেবানদের হাতে তা ভিন্ন রূপ পায়। নতুন রূপে সন্ত্রাস ও আত্মঘাতী রাজনীতির তৃতীয় ধারার সূচনা সেখান থেকে। এখন আমরা মোটামুটি সবাই জানি, এটা কারা, কখন, কী জন্য তৈরি করেছিল।
কথা হলো, তরুণেরা কেন পতঙ্গের মতো এ ধরনের ঝুঁকির মধ্যে ঝাঁপ দেন? এ কেমনতর আদর্শিক তাড়না? তাঁদের সঙ্গে আমাদের কোনো সামাজিক সংলাপ নেই। আমরা র্যাব-পুলিশ-মিলিটারি দিয়ে সমস্যার সমাধান করতে চাচ্ছি। আবার কেউ কেউ বলছেন, ধর্মাশ্রয়ী রাজনীতি প্রশ্রয় পাওয়ার জন্যই জঙ্গিবাদী প্রবণতা বেড়ে যাচ্ছে।
বিশ শতকের গোড়ার দিকের স্বাধীনতাসংগ্রামীদের সঙ্গে নকশালপন্থীদের তুলনা করা কিংবা তাদের উভয়ের সঙ্গে ধর্মীয় উগ্রবাদীদের মিলিয়ে ফেলার কারণে আমাকে অনেকেই ভুল বুঝতে পারেন। আমি যে কথাটি বলতে চাইছি তা হলো, আদর্শের তাড়না এমন একটা শক্তি, যা একজন তরুণকে চরমপন্থার দিকে নিয়ে যেতে পারে। সে আদর্শ হতে পারে জাতীয়তাবাদ, কমিউনিজম বা ধর্মরাষ্ট্র। চরমপন্থা সব সময়ই পরিত্যাজ্য। তবে সময় থাকতে আমরা অনেকে তা বুঝি না।
আদর্শের জন্য তরুণেরা যুগে যুগে প্রাণ দিয়েছেন। এখন আমরা প্রাণ বিসর্জন দেওয়ার যে ধারাটি দেখছি, তার সঙ্গে আগে আমাদের পরিচয় ছিল না। তবে এ দেশের সাধারণ মানুষের মনোজগতে ধর্মের আবরণে মোক্ষ লাভের আকাঙ্ক্ষা সব সময়ই সুপ্ত ছিল। সংবিধানে আমরা যত আধুনিক শব্দ বা পঙ্ক্তি বসাই না কেন, সাধারণ মানুষ সংবিধান পড়েন না, বোঝেন না। আমাদের ভুলে গেলে চলবে না, তুরস্কে যখন সবচেয়ে ঘৃণিত ব্যক্তি ছিলেন ওই দেশের সুলতান, তখন আমাদের দেশে তাঁর সমর্থনে খিলাফত আন্দোলন হয়েছিল। পৃথিবীর অন্য কোনো দেশের মুসলমানরা এই আন্দোলন করেননি।
আমাদের দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশ বিচ্ছিন্ন দ্বীপের মতো বসবাস করছেন। আমরা তাঁদের সঙ্গে যোগাযোগ করি না, তাঁদের বুঝতে চাই না। তাঁদের স্বপ্ন বা দ্রোহের সন্ধান করি না। ১৮-১৯ বছরের একজন তরুণ কেন এভাবে আগুনে ঝাঁপ দেন, আমরা তা নিয়ে ভাবি না। আইএস কিংবা হোমগ্রোন—এই বিতর্কে না জড়িয়েও বলতে চাই, এটা কোনো আইনশৃঙ্খলার সমস্যা নয়। এই তরুণদের যাঁরা প্রণোদনা দিচ্ছেন, তার চেয়ে ভালো বা কার্যকর বিকল্প প্রণোদনা কি আমরা দিচ্ছি? ষড়যন্ত্র-তত্ত্বের ঘেরাটোপে পড়ে আমরাও কি অন্ধ হয়ে যাচ্ছি?
মহিউদ্দিন আহমদ: লেখক ও গবেষক।
[email protected]