কেন কোয়েটা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ আগস্ট কোয়েটার হাসপাতালে বোমা হামলায় ৭০ জন নিহত হয়েছেন, যার মধ্যে অনেক আইনজীবী ও সাংবাদিকও আছেন। এই হামলার ঘটনায় বোঝা যায়, সন্ত্রাসীদের এক জায়গা থেকে জোর করে উচ্ছেদ করা হলেও তারা অন্য জায়গায় সংগঠিত হয়ে সরকারের সবচেয়ে দুর্বল জায়গায় হামলা করতে পারে। পাকিস্তানি তালেবানদের গত বছর ফেডারেল শাসনব্যবস্থার অধীন আদিবাসী এলাকা থেকে ১ লাখ ৭০ হাজার সেনার অভিযানে উচ্ছেদ করা হলেও তারা যে ঘুরে দাঁড়াতে পারে, সেটা তারা আবার প্রমাণ করেছে। তখন তালেবানদের কয়েক হাজার যোদ্ধা তাদের নেতাসহ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে আশ্রয় নেয়, যেখানে আফগান তালেবান বা সরকারের শাসন নেই।
এরা তখন সেখানে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে কৌশলগত ঐক্য গড়ে তোলে, যাদের মধ্যে আইএসও আছে। তারা একত্রে আফগানিস্তানের পাকিস্তান সীমান্তের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ঘাঁটি গড়ে তোলে। এ বছর তারা বিভিন্ন স্থানে হামলা চালানো শুরু করে। কোয়েটাসহ বেলুচিস্তানের জনবিরল এলাকায় তারা এ হামলা চালিয়েছে। ফলে তারা সরকারের দিকে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। বেলুচিস্তানে এমনিতেই এক দশকেরও বেশি সময় ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছিল।
ফেডারেল সরকারের ব্যাপারে মানুষের গভীর ক্রোধ থাকলেও অভ্যুত্থানের মাত্রা ধীরে ধীরে কমে আসছিল। সরকার আশা করছে, বেলুচিস্তানে চীনের বিপুল বিনিয়োগ হলে বালুচদের তিক্ততা অনেকটা কমে আসবে। মূলত আরব সাগরের গাদারবন্দরকে কেন্দ্র করে এই বিনিয়োগ দক্ষযজ্ঞ হচ্ছে।
চীন যে আগামী ১০ বছরে পাকিস্তানে ৪৬ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে, তার একটি বড় অংশই বেলুচিস্তানের দীর্ঘ ইরান সীমান্তে বিনিয়োগ হবে। চীন যেখান থেকে পাইপলাইনের মাধ্যমে তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানি করতে চায়। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের মাধ্যমে পাকিস্তান দীর্ঘদিনের বিদ্যুৎ ঘাটতি মোকাবিলা করতে চায়, যার কারণে সে একরকম ধুঁকছিল। এর মাধ্যমে তারা দেশজুড়ে সরঞ্জামের অবকাঠামো গড়ে তুলতে চায়। পরিকল্পনামাফিক বিনিয়োগ হলে এবং প্রতি এক ডলার ব্যয়ের বিপরীতে তিন ডলারের প্রান্তিক কাজের সুযোগ সৃষ্টি হবে—এই মানদণ্ডের ভিত্তিতে পাকিস্তানের বিনিয়োগ বাস্তবিকপক্ষে দ্বিগুণ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু নিরাপত্তাসহ অন্যান্য কারণে এই বিনিয়োগ কার্যক্রম যদি স্থবির হয়ে যায়, তাহলে পাকিস্তানের অর্থনীতি এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বহুদিন পিছিয়ে থাকবে।
সবকিছু যখন এত ঝুঁকির মধ্যে রয়েছে, তখন পাকিস্তান তালেবান ও আইএসের বেলুচিস্তানে হামলা চালানোর সব কারণই আছে। তারা এই অঞ্চলে যত হামলা চালাবে, ততই পাকিস্তানের উন্নয়ন মুখ থুবড়ে পড়বে, চীন নিরুৎসাহিত হবে, যদিও তারা ভারত মহাসাগর পর্যন্ত নিজেদের অবকাঠামো নিয়ে যেতে চায়। এদিকে চীনও আইএসের উত্থানের ব্যাপারে উদ্বিগ্ন। কারণ, চীনের মুসলমান উইঘুর সম্প্রদায়ের বাস হচ্ছে জিনজিয়াংয়ে, যেটি পাকিস্তানের উত্তরের পার্বত্য এলাকার সীমান্তবর্তী। এ প্রদেশটি এমনিতে নিরুত্তাপ হলেও সম্প্রতি আইএস সেখানকার মুসলমান তরুণদের আকৃষ্ট করতে পেরেছে। ফলে গত সপ্তাহে চীন আফগানিস্তান, পাকিস্তান ও তাজিকিস্তানের সঙ্গে আঞ্চলিক সন্ত্রাসবিরোধী ঐক্য গড়ে তুলেছে। ওদিকে সন্ত্রাসীদের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে ইরান। বহু বছর ধরে বেলুচিস্তানভিত্তিক ও আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত সন্ত্রাসী সংগঠনগুলো শিয়া মুসলমানদের ওপর হামলা চালাচ্ছে। একইভাবে তারা ইরানের সীমান্তরক্ষীদের ওপর হামলা চালিয়েছে। এর জবাবে তারাও গুলি চালিয়েছে।
সাম্প্রতিক সময়ে ওই গোষ্ঠীগুলো আইএসের আনুগত্য স্বীকার করেছে, যারা আবার বেলুচিস্তানে ছোট ছোট সেল তৈরিতে সহায়তা করছে, যেখানে তারা আঞ্চলিক সদর দপ্তর বানাতে চায়। এটা পরিষ্কার যে, আইএস এই সংগঠনগুলোকে ব্যবহার করে ইরানের ওপর মারাত্মক হামলা চালাতে চায়। সে কারণেই ইরান নিজ সীমান্তে আইএসের তৎপরতা ঠেকাতে পাকিস্তানের সহায়তা চায়।
কিন্তু পাকিস্তান সরকার স্বীকার করছে না যে, আইএস তাদের দেশে ঘাঁটি গেড়েছে। যদিও যথেষ্ট প্রমাণ আছে যে, আইএসের সহযোগী জঙ্গি সংগঠন ও অনলাইনে দলভুক্ত হওয়া মানুষেরা বড় বড় কয়েকটি হামলা চালিয়েছে। এমনকি তারা ২০১৪ সালে পাকিস্তান নৌবাহিনীর একটি ফ্রিগেটও ছিনতাই করার চেষ্টা করেছিল, যেটা দিয়ে তারা মার্কিন জাহাজে হামলা চালাতে চেয়েছিল। পাকিস্তান যা করে এবারও যথারীতি তা-ই করছে। তারা ভারতের ঘাড়ে দোষ চাপাচ্ছে। ভারত নাকি আফগান গোয়েন্দা সংস্থা ও পাকিস্তানি সন্ত্রাসীদের সঙ্গে ষড়যন্ত্র করে পাকিস্তানকে পাকে ফেলার চেষ্টা করছে। এই গল্প যেমন সন্দেহজনক, তেমনি তার উল্টো ফলও হতে পারে। পাকিস্তানের গোপন যোদ্ধারা ভারতীয় গোপন যোদ্ধাদের সঙ্গে ইতিহাসের দীর্ঘতম সময় ধরে যুদ্ধে লিপ্ত রয়েছে, আর যেখানে দুই দেশেরই প্রক্সি যুদ্ধ চালানোর ইতিহাস আছে, সেখানে পাকিস্তানি সন্ত্রাসীরা ভারতের স্বার্থ রক্ষা করছে, এমন কথা সত্যিই হাস্যকর।
পাকিস্তান সরকারকে তারা কতটা ঘৃণা করে সেটা ব্যাপার নয়, সব সন্ত্রাসী কমান্ডারই কাশ্মীরে ভারতের সঙ্গে যুদ্ধ করে ক্যারিয়ার শুরু করেছে, যারা এখনো ভারতকেই প্রধান শত্রু মনে করে। এসব দাবি শুনলে মনে হয়, একের দোষ অন্যের ঘাড়ে চাপানো হচ্ছে। এতে বিভ্রান্তি সৃষ্টি হয়। সন্ত্রাসীরা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করে। কথা হচ্ছে, কোয়েটার মতো বড় হামলায় যখন এসব কথা মিথ্যা প্রমাণ হয়, তখন মানুষ অত্যন্ত ভীত ও ক্রুদ্ধ প্রতিক্রিয়া দেখায়। রাষ্ট্রের ওপর তাদের বিশ্বাস বিনষ্ট হয়, নৈতিকতা হ্রাস পায়। তার সঙ্গে অর্থনীতিও পাকে পড়ে। এসব না করে যদি পরিস্থিতি সম্পর্কে সতর্কতার সঙ্গে বিবৃতি দেওয়া যায়, তাহলে পাকিস্তান সরকারের সন্ত্রাসবিরোধী কার্যক্রম মানুষের সমর্থন পাবে। সময় এসেছে, পাকিস্তান সরকার, বিশেষ করে তার মহাপ্রতাপশালী সামরিক বাহিনীকে, সত্যটা বলতে হবে: সন্ত্রাসী হামলার হুমকি অনেকটাই দূর হয়েছে, কিন্তু শিগগিরই তার অবসান হবে না।
অনুবাদ: প্রতীক বর্ধন, আল-জাজিরা থেকে নেওয়া।
টম হুসেন: পাকিস্তান বিশ্লেষক ও সাংবাদিক।