কেমন আছেন নারী কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনবদলের স্বপ্ন নিয়ে জয়তুন বড় হননি। আর দশটা দুঃখী সংসারের মতো পাঁচ ভাইবোনের সংসারে জয়তুন ছিলেন সবার বড়। পরপর ভাইবোন থাকায় তাঁর লেখাপড়া ক্লাস ফাইভের বেশি যায়নি। ১৪ বছরে বাবা-মায়ের সংসারে অভাবই তাড়া করেছে তাঁকে। ১৪-তে পা রাখতেই অন্য সংসারে বসতি। বিয়ের প্রথম দুই বছর ভালোই কাটে বাড়ি থেকে আনা টাকায়। স্বামী মানিকগঞ্জ শহরে রিকশা চালান। মাঝেমধ্যে বাড়ি আসেন। যখন আসেন, হাতে টাকা নিয়ে আসেন না। বরং জয়তুনকে চাপ দেন সাভারে গিয়ে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতে। একদিন সঙ্গে করে নিয়েও যান। সব ব্যবস্থার পর চাকরি ঠিকঠাক। আর সাতজন মেয়ের সঙ্গে এক মেসে থাকার ব্যবস্থা। প্রথম দিকে জয়তুনের স্বামী আসতেন মাঝেমধ্যে দেখতে। এরপর যোগাযোগ কমতে থাকে। চিরচেনা মোবাইল নম্বরটাও বন্ধ থাকে। বাপের বাড়ি, শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ কমতে থাকে। কে যেন খবর দেয় তাঁর স্বামী আরেকটা বিয়ে করেছেন। ছুটির দিনগুলোতে ওভারটাইমের কাজে হিমশিম খান জয়তুন। বান্ধবী মালা খবর দেন, তিনি দেড় লাখ টাকা দিয়ে জর্ডানে যাচ্ছেন। চাইলে জয়তুনের ভিসাও আনতে পারবেন। কিন্তু অত টাকা? মালা কথা দেন টাকার ব্যবস্থা করবেন। আপাতত ৩০ হাজার দিলে কাগজপত্র বানানো যাবে। কীভাবে বছর ঘুরে যায়। আজ হবে, কাল হবে করে একদিন জয়তুনের পাসপোর্টে ভিসা লাগে। এবার ঢাকায় যাওয়ার পালা। এর মধ্যে তাঁর পরিচিতদের মধ্যে যুক্ত হয়েছেন রহমান দালাল।

দুই.
কেরানীগঞ্জের ছেলে রহমান। লেখাপড়ায় ইতি টেনে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে কাজ করাতেই আনন্দ ছিল বেশি। পরিবারে সচ্ছলতা না থাকায় কম বয়সেই রোজগারে নামতে হয়। ঢাকার আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের সামনে একটা চায়ের দোকানে কাজ নেন। ওখান থেকেই পাসপোর্ট অফিসের বড়, ছোট, মাঝারি কর্মকর্তাদের সঙ্গে চেনাজানা। ভালো চা বানানোতে নাম আছে রহমানের। ঠিক কবে দালালিতে জড়িয়ে পড়েন, মনে নেই। প্রথম দিকে পাসপোর্ট বানানোর জন্য, দ্রুত হাতে পাওয়ার জন্য মানুষ টুকটাক যা পারত হাতে ধরিয়ে দিত। এভাবেই শুরু। এভাবেই একদিন পরিচয় হয় আদম বেপারি মাজেদের সঙ্গে। এখন তিনি বিদেশে লোক পাঠানোর অনেকগুলো চক্রের সঙ্গে জড়িয়ে আছেন। লোক ঠকানো আর লোক পাঠানোতে আয়রোজগার খারাপ না। চা দোকানের চাকরিটা একটা মুখোশ।

তিন.
জয়তুন ওমানে গেছেন। শেষ পর্যন্ত মালার সঙ্গে জর্ডানে যাওয়া হয়নি। ভিসার নাকি কী সমস্যা ছিল। রহমান সব ব্যবস্থা করে দিয়েছেন। কী কাজে যাচ্ছেন, জয়তুন জানেন না। হাতে ভিসা পাওয়ার পর থেকে দিনগুলো কীভাবে কেটে গেল, জানেন না তিনি। দেশে গিয়েছিলেন মা-বাবার সঙ্গে দেখা করতে। কেউ তাঁর বিদেশ যাওয়া নিয়ে খুশি নয়। মন খারাপ করে ফিরে এসেছেন। মাথার ওপরে অনেক দেনা। সঙ্গে আরও কিছু মেয়ে যাচ্ছেন। তাঁদের মধ্যে কেউ কেউ আগেও বিদেশে থেকেছেন। তাঁদের চালচলন আলাদা।

চার.
যা সহজভাবে একজন অভিবাসীর কাছে ‘বিদেশ করা’, সেটাই পরিমার্জিত ভাষায় অভিবাসন। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই মানুষ বিদেশে কাজ করতে যাচ্ছেন। নারী-পুরুষ সবাই যাচ্ছেন। মোট অভিবাসীর প্রায় ১০ শতাংশ নারী, যাঁরা মূলত স্বল্প দক্ষ অভিবাসী শ্রমিক হিসেবে বিদেশে কাজ নিয়ে যান। অধিকাংশই গৃহস্থালি কাজ নিয়ে যান। অনেকেই বিরূপ অভিজ্ঞতা নিয়ে ফিরে আসেন। গৃহস্থালি কাজের বাইরে তাঁদের অনেককেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়।
পত্রিকা আর রেডিও-টেলিভিশনের খবরে প্রতিদিন প্রতিফলিত হচ্ছে ক্রমবর্ধমান রেমিট্যান্সের মন ভালো করা গল্প। প্রবাসী কর্মীর ঘাম ঝরানো আয় আমাদের জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি। পাশাপাশি প্রায় প্রতিনিয়ত খবর হচ্ছেন আমাদের অভিবাসীরা। ছাপা হচ্ছে তাঁদের কষ্ট আর দুর্দশার কাহিনি। ব্যক্তি আয়ের রেমিট্যান্সে জাতি ভাগ বসালেও, বিদেশ-ফেরত কর্মীদের জন্য দেশ কিছু করে না। অথচ আমাদের হাতে আজ রয়েছে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন, ২০১৩। আমাদের গর্ব করার মতো মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ আছে। কিন্তু আইনের প্রয়োগে অশুভ শক্তির কাছে আমাদের হাত-পা বাঁধা।

>মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশে যেখানে বাংলাদেশি নারী শ্রমিক বেশি, সেখানে সামাজিক রীতিনীতির কারণে তাঁদের নিয়মিত খোঁজখবর রাখাতে বাধাগ্রস্ত হয়। গন্তব্যদেশের আইনকানুন যেহেতু গৃহকাজকে প্রচলিত আইনের আওতায় গণ্য করে না, সুতরাং নারী অভিবাসীরা দেশে যেমন ঝুঁকিগ্রস্ত, তেমনি গন্তব্যদেশেও ঝুঁকির মধ্যে থেকে যান

মন্ত্রণালয়ের সংযুক্ত দপ্তর হিসেবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) জেলা পর্যায়ে অফিসের মাধ্যমে কাজ করে যাচ্ছে, যা সাধারণ মানুষের কাছে ম্যানপাওয়ার অফিস বলেই বেশ জনপ্রিয়। পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়নে বিএমইটি অভিবাসন প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করছে। জেলা ও বিভাগীয় অফিস ছাড়াও দেশজুড়ে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং মেরিন টেকনোলজি ইনস্টিটিউটগুলো পরিচালনার দায়িত্ব এই ব্যুরোর। বাস্তবে ঢাকা অফিসই সর্বময় ক্ষমতা নিয়ন্ত্রণ করছে। জেলা জনশক্তি অফিসগুলো কাজের অভাবে সারা দিন অলস সময় কাটায়। ব্যাপক প্রচারণার অভাবে গ্রাম, ইউনিয়ন ও উপজেলার অনেকেই অবহিত নন। বিদেশ গমনেচ্ছু নারীরা তো কিছুই জানেন না। জেলা পর্যায়ের এই অফিসগুলো ওয়ান স্টপ হেল্প সেন্টারের মতো কাজ করার কথা থাকলেও বাস্তবে এর কিছুই হচ্ছে না।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন রিক্রুটমেন্ট এজেন্সি। না লাভ না ক্ষতির ভিত্তিতে প্রতিষ্ঠানটি বিদেশে চাকরি পেতে অভিবাসীদের সহায়তা করে থাকে, যদিও বিদেশে গমনেচ্ছু অভিবাসীর সংখ্যা তুলনায় অপর্যাপ্ত।
সরকারের আরেকটি প্রয়াস প্রবাসী কল্যাণ ব্যাংক, যা ১০০ কোটি টাকার তহবিল নিয়ে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় এবং ব্যাংকটি বসে আছে প্রবাসীর সেবায়, যার মধ্যে বিদেশ গমনেচ্ছুদের সহজ শর্তে কম মুনাফায় ও কম সময়ের মধ্যে ঋণ প্রদান, বিদেশ-ফেরত অভিবাসীদের জন্য পুনর্বাসন ঋণ এবং ব্যয়-সাশ্রয়ী উপায়ে রেমিট্যান্স দেশে আনা ও বিতরণ করা মুখ্য উদ্দেশ্য। ব্যাংকটির প্রচার ও প্রসারকৌশল এতই দুর্বল যে ব্যাংকের ‘অগ্রগতির তিন বছর’ রিপোর্ট অনুযায়ী প্রতিষ্ঠালগ্ন থেকে ২০১৪ সালে মাত্র ৬ হাজার ৫০০ জনকে অভিবাসন ঋণ দিয়েছে। অথচ প্রতিদিন হাজার হাজার মানুষ বিদেশে যাচ্ছেন। প্রবাসী কল্যাণ ব্যাংকের ওয়েবসাইট বা অগ্রগতির রিপোর্টের কোথাও নারী অভিবাসীদের নিয়ে চিন্তাভাবনার কোনো কৌশলপত্র খুঁজে পাওয়া যায়নি।
অভিবাসন প্রক্রিয়ায় জড়িয়ে আছে আরও কিছু সরকারি দপ্তর। পাসপোর্ট অফিস তার মধ্যে একটি। বছর খানেক আগে ঢাকার একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ঘুরে দেখার কথা মনে পড়ে যাচ্ছে। শ খানেক নারীকে একটি অস্বাস্থ্যকর আলো-বাতাসহীন কক্ষে কার্পেটের ওপর বসিয়ে হাউসকিপিং ট্রেডের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। আমার পাশে সদ্য কৈশোর পার করা তিনটি মেয়ে বসে নিজেদের মধ্যে হাসাহাসি করছিল। ট্রেনিংয়ে তাদের কোনো মন ছিল না। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছ আর কী কাজে যাচ্ছ? উত্তরে জানাল, জানে না। জর্ডানে থাকা এক খালা সব ব্যবস্থা করছেন। তাদের কাজ শুধু সার্টিফিকেট হাতে পাওয়া।
বিএমইটির প্রশাসনে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোয় নারীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা আছে। অধিকাংশ প্রশিক্ষণ কোর্সেই যুগোপযোগী কোর্স কারিকুলাম বা প্রশিক্ষণ ইকুইপমেন্ট ব্যবহার করা হচ্ছে না। নারী অভিবাসীদের জনপ্রিয় যে দু-তিনটি কোর্স আছে, তার মধ্যে হাউসকিপিং ট্রেড একটি। তিন সপ্তাহের এই কোর্সে আদর্শগতভাবে ৩০ থেকে ৩৫ জন প্রশিক্ষণার্থী থাকার কথা থাকলেও বাস্তবে একেকটি প্রশিক্ষণকক্ষে ৮০ থেকে ১০০ জন প্রশিক্ষণার্থী থাকেন। সব প্রশিক্ষণ ঢাকাকেন্দ্রিক। ঢাকায় প্রশিক্ষণ করতে এলে একসঙ্গে পাসপোর্ট তৈরি, ভিসা প্রসেসিং, মেডিকেলসহ আরও অন্যান্য কাজ দালালের মাধ্যমে একবারে করে ফেলা যায়। প্রয়োজনে দালাল ঢাকায় থাকার ব্যবস্থা করে দেয়।
সবচেয়ে প্রভাবশালী যে দলটি, তারা হলো রিক্রুটিং এজেন্সি। বলা যায়, অভিবাসন এবং অভিবাসীর চাকরির অজুহাতে ছোট, মাঝারি, বড়—সব রিক্রুটিং এজেন্সি সারা দেশে ছড়িয়ে দিয়েছে বিষাক্ত দালাল শ্রেণি। যাদের কোথাও কোনো জবাবদিহি নেই। সহজ-সরল বিশ্বাসে তাদের হাতেই সরকার নির্ধারিত ফির বহুগুণ অর্থ তুলে দেওয়া হচ্ছে। এই টাকাই ভাগাভাগি হয়ে যাচ্ছে রিক্রুটিং ব্যবসায়। রিক্রুটিং ব্যবসার পাশাপাশি অনেকেই জড়িত আছে মানব পাচারে।
অভিবাসনকালে বিদেশে যে ব্যক্তিটির সবচেয়ে বড় দায়িত্ব, তিনি হলেন প্রবাসী মন্ত্রণালয় কর্তৃক নিয়োগপ্রাপ্ত লেবার এটাশে। সীমিত রিসোর্স নিয়ে যাঁর প্রতিদিনের ঘাত-প্রতিঘাত। একজন কর্মকর্তার পক্ষে কোনো অবস্থাতেই অভিবাসীদের খোঁজখবর রাখা সম্ভব নয়। আর মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশে যেখানে বাংলাদেশি নারী শ্রমিক বেশি, সেখানে সামাজিক রীতিনীতির কারণে তাঁদের নিয়মিত খোঁজখবর রাখাতে বাধাগ্রস্ত হয়। গন্তব্যদেশের আইনকানুন যেহেতু গৃহকাজকে প্রচলিত আইনের আওতায় গণ্য করে না, সুতরাং নারী অভিবাসীরা দেশে যেমন ঝুঁকিগ্রস্ত, তেমনি গন্তব্যদেশেও ঝুঁকির মধ্যে থেকে যান। লেবার তর্মকর্তাদের সংখ্যা সাম্প্রতিক কালে বাড়ানো হলেও সীমিত ক্ষমতা ও সম্পদ নিয়ে তাঁরা খুব বেশি কিছু করতে পারেন না।

পাঁচ.
আবার জয়তুনের গল্পে ফিরে আসি। বিদেশে যাওয়ার কিছুদিনের মধ্যেই জয়তুন বুঝতে পারেন কোন ফাঁদে পা দিয়েছেন। সাহায্যের জন্য কেউ এগিয়ে আসার মতো ছিল না। ওমান থেকে জীবনের ঝুঁকি নিয়ে পালাতে গিয়ে রাস্তায় জয়তুনকে পুলিশে ধরে। পরে বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় দুই বছর পর তাঁকে দেশে ফেরত আনা হয়। তাঁর পরিবারের কেউ তাঁকে দেখতে আসেনি। মানসিক ভারসাম্যহীন জয়তুন এখন ঢাকায় এক বেসরকারি সংস্থার শেল্টারহোমে।
সামিহা হুদা: আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা।