সৈয়দ শামসুল হককে প্রথম দেখি রংপুর সার্কিট হাউসে। ১৯৮৪ কি ’৮৫ সালে। রংপুরের অভিযাত্রিক সাহিত্য সংগঠন তাঁকে নিয়ে এসেছে তাদের অনুষ্ঠানে, প্রধান অতিথি করে। আমি তাঁর সাক্ষাৎকার নিতে গেছি বিশাল এক টেপরেকর্ডার হাতে নিয়ে। তাঁকে জিজ্ঞেস করেছিলাম, ‘আপনি প্রথম রংপুর এলেন কবে, কীভাবে?’ তিনি বলেছিলেন, ‘প্রথম রংপুর আসি বাবার সঙ্গে। বই কিনব বলে। তখন অল্প বয়স। কুড়িগ্রাম থেকে ট্রেনে বাবার সঙ্গে রংপুর আসি।’
সাক্ষাৎকারটি নিয়েছিলাম বেলা ১১টা-১২টার দিকে। সেদিন সন্ধ্যায় টাউন হলে অনুষ্ঠান। বক্তৃতা দিচ্ছেন সৈয়দ শামসুল হক। আমি তন্ময় হয়ে শুনছি।
তিনি বললেন, ‘আমি প্রথম রংপুর আসি একা। বই কিনব বলে। বাবা বললেন, “যাও, একা একা যাও, একা একা চলতে শেখো।” কটা টাকা তিনি আমার পকেটে পুরে দিলেন। আমি ট্রেনে উঠেছি। রংপুরে এসে ট্রেন থামল। আমি নামলাম। তখন সবে সন্ধ্যা নেমেছে। নির্জন প্ল্যাটফর্ম ধরে এখন আমি কোথায় যাব। ভয়ে সমস্ত শরীর কেঁপে কেঁপে উঠছে। হঠাৎ কে যেন পেছন থেকে আমাকে
জড়িয়ে ধরল। আমি চিৎকার করে উঠলাম। তাকিয়ে দেখি, বাবা। আমাকে ট্রেনে তুলে দিয়ে তিনি আড়াল থেকে আমাকে অনুসরণ করে করে চলে এসেছেন রংপুর পর্যন্ত।’
আমি হাঁ হয়ে গেলাম। সকালের বিবরণ সন্ধ্যায় গল্প হয়ে গেল। এ থেকে আমি শিখেছি, ‘কেমন করে গল্প হয়।’ এই নামে গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের একটা বই আছে। লেখক একটা চিত্রনাট্য লেখার কর্মশালা পরিচালনা করেছিলেন। পরে সেই কর্মশালার বক্তৃতাগুলো একসঙ্গে করে কেমন করে গল্প হয় বইটা গ্রথিত হয়।
ওই বইয়ে এক জায়গায় মার্কেস বলছেন, ধরা যাক, একটা ভোজসভার জন্য একটা গরু নিয়ে আসতে হবে। গরুটাকে কীভাবে নিয়ে যাওয়া হবে। মার্কেস বলেছেন, সবচেয়ে ভালো হবে, যদি গরুটাকে একটা হেলিকপ্টারের সঙ্গে ঝুলিয়ে আনা হয়। তিনি অবশ্য এটা সিনেমার গল্পের কথা বলছেন। গরুকে হাঁটিয়ে আনলে গল্প হয় না। গরুকে হেলিকপ্টারে ঝুলিয়ে আনলে গল্প হয়। বাবার সঙ্গে কুড়িগ্রাম থেকে রংপুর এলে সেটা গল্প হয় না। আসতে হয় একা। বাবা আসবেন গোপনে, ছেলেকে অনুসরণ করতে করতে।
সৈয়দ শামসুল হককে আমি আমার শিক্ষক বলে মান্য করি। ১৮-১৯ বছর বয়সে আমি তাঁর যে সাক্ষাৎকার রংপুরে বসে নিয়েছিলাম, শুধু সেই সময়ে পাওয়া উপদেশের জন্য নয়, তার আগে ও পরে বিচিত্রায় প্রকাশিত ‘মার্জিনে মন্তব্য’ আর সংবাদ সাময়িকীতে প্রকাশিত ‘হৃৎকলমের টানে’তে তিনি লেখালেখির করণকৌশল নিয়ে অনেক আলোচনা করেছেন। সেসব থেকে সব সময় পথনির্দেশ পেয়েছি। আমি তাঁকে বলেছিলাম, ‘আপনি আপনার কলাম মার্জিনে মন্তব্যে লিখেছেন, তরুণ লেখকদের কর্তব্য হলো বই পড়া। পড়ার বাইরে আপনি তরুণ লেখকদের উপদেশ দিন।’
তিনি হাতের আঙুল গুনে গুনে বলেছিলেন, ‘পড়ার বাইরে তরুণ লেখকদের উদ্দেশে আমার তিনটে উপদেশ আছে। পড়ো, পড়ো এবং পড়ো।’ তিনি বলেছিলেন, ‘অনেকেই বলে, দেশে বই পাওয়া যায় না। আমি সবিনয়ে জিজ্ঞেস করি, আমাদের মধ্যে কজন বঙ্কিমচন্দ্র পুরোটা পড়েছি, আমাদের মধ্যে কজন মাইকেল মধুসূদন দত্ত পুরোটা পড়েছি।’
হুমায়ূন আহমেদের একবার অসুখ হলো। সৈয়দ শামসুল হক হাসপাতালে তাঁকে দেখতে গেলেন। তিনি বললেন, ‘হুমায়ূন, তোমাকে সেরে উঠতে হবে। কারণ, তুমি সাধারণ মানুষ নও। সাধারণ মানুষের থাকে পাঁচটা আঙুল। কিন্তু তোমার ডান হাতে আছে ছটা আঙুল। ৬ নম্বর আঙুলটা হলো তোমার কলম। যে এই ৬ নম্বর আঙুল নিয়ে জন্মেছে, তাকে দীর্ঘজীবী হতে হবে আর লিখে যেতে হবে স্বপ্নের কথা।’
কবি শামসুর রাহমানের ৫০তম জন্মবার্ষিকীতে সৈয়দ শামসুল হক লিখেছিলেন, ‘শামসুর রাহমান, আপনি দীর্ঘজীবী হোন, ত্বরান্বিত হোক মানুষের স্বপ্নসমূহের অনুবাদ।’ সৈয়দ শামসুল হকও স্বপ্ন রচনা করে গেছেন। সম্মিলিত মানুষের জন্য এগিয়ে যাওয়ার স্বপ্ন। একটা ট্রেন যে চলে, কারণ তার সামনে থাকে ইঞ্জিন। একটা জাতি যে চলে, কারণ তার সামনে থাকে স্বপ্ন। স্বপ্নই একটা জাতিকে এগিয়ে নেয়। সৈয়দ শামসুল হক কী স্বপ্ন দেখেছিলেন? রচনা করেছিলেন?
দেখিবার অপেক্ষায় আছোঁ,
নবান্নের পিঠার সুঘ্রাণে দ্যাশ ভরি উঠিতেছে।
দেখিবার অপেক্ষায় আছোঁ,
হামার গাভীন গাই অবিরাম দুধ ঢালিতেছে।
দেখিবার অপেক্ষায় আছোঁ,
মানুষ নির্ভয় হাতে আঙিনায় ঘর তুলিতেছে।
দেখিবার অপেক্ষায় আছোঁ,
নিশীথে কোমল স্বপ্ন মানুষের চোখে নামিতেছে।...
সুখে দুঃখে অন্নপানে সকলেই একসাথে আছে
সোনার বাংলার সোনা বাংলাদেশে আছে।
শুধু কি তিনি আমাদের সুস্বপ্নই দেখিয়েছেন? নিদাঘ বাস্তবতা থেকে দুঃস্বপ্ন কি তাঁকে তাড়িয়ে ফেরেনি? তিনি লিখেছেন: ‘একদা একটি দেশ ছিল বাংলাদেশ নামে, সেই দেশে মালা রূপান্তরিত হয় শেকলে এবং পিতা পরিণত হয় ক্রীতদাসে—ইতিহাসের প্রতিটি পাতায় রাজাকার তার নাম লেখে এবং সেলাই করে দেওয়া হয় দেশপ্রেমিকের চোখের পল্লব।’
হুঁশিয়ার করে দিয়ে তিনি ডাক দেন, ‘জাগো বাহে কোনঠে সবাই।’
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।