কেমন হবে বন্যার্ত মানুষের ঈদ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খাবার নাই, ঘরবাড়ি নাই, ঈদ করমো কেমন করি?’ বৃদ্ধ মহিরন্নেসা যখন এ কথাগুলো বলছিলেন, তখন তাঁর পাশে আরও অনেক মানুষ। ঈদ প্রসঙ্গে কথা তুলতেই চারদিক থেকে তাঁরা সীমাহীন কষ্টের কথা বলতে থাকেন। হাসেম আলী নামের এক বৃদ্ধ বলছিলেন, ‘গেল বছর আমার বড় ছেলে কোরবানি দিছল। এবার পাইরবার নয়। হামার ছয়টা ঘর এলাও মাটিত পড়ি আছে। সেইল্যা ঠিক করবে না কোরবানি দেবে?’ গত বুধবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কিসামত ছিনাই এলাকার ধরলার পাড়ে এ রকম অসংখ্য সমস্যার কথা তুলে ধরেন বানভাসি মানুষ।

কিসমত ছিনাইয়ে বানভাসি মানুষের মধ্যে ঢাকার লেখক-শিল্পীদের পক্ষে গণকমিটির সদ্যস্যরা ত্রাণ বিতরণ করছিলেন। যে সংখ্যক বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হলো, সেখানে এসেছিলেন তার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ। একযোগে তাঁদের অভিযোগ, তাঁদের ওখানে চেয়ারম্যান এবং নির্বাচিত সদস্য কেউ খবর নেননি। এ অভিযোগ শুনে মুঠোফোনে যোগাযোগ করলাম চেয়ারম্যান নুরুজ্জামান হকের সঙ্গে। পরে তাঁর সঙ্গে দেখাও হয়। তিনি অভিযোগের সত্যতা স্বীকার করেন। তবে তিনি আশ্বস্ত করেন, বৃহস্পতিবারই ওই এলাকায় ত্রাণ নিয়ে যাবেন। কিসমত ছিনাইয়ের পাশে মোগলটারি গ্রাম। সেখানে আবদুর রহিম জানালেন, ওই গ্রামে মাত্র দুই ঘরে কোরবানি হবে। গত বছর সেখানে কয়েক ঘর কোরবানি করেছিল। তিনি বলছিলেন, ‘কোরবানি বেশি মানুষ করলে অনেক গরিব মানুষ মাংস পায়, তাদের ঈদ হয়।’

গত মঙ্গলবার গিয়েছিলাম রংপুরের গঙ্গাচড়ার মহিপুর এলাকায়। সেখানে বানভাসি মানুষের ঈদ প্রসঙ্গে কথা বললেন স্থানীয় আফজাল হোসেন। তিনি বলছিলেন, ‘তিনবেলা ভাত খাইতে পারলেই ঈদ হইবে। এলা যে অবস্থা তাতে ভাত তিন বেলা পাওয়াডাই বড় কথা।’

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দক্ষিণে তিস্তাপারের ইউনিয়ন বিদ্যানন্দ। এই ইউনিয়নের একটি মৌজা তৈয়ব খাঁ। কয়েক দিন আগে সেখানে একবার গিয়েছিলাম। তখন প্রায় ১০০ বাড়িঘর তিস্তা নদীর গর্ভে বিলীন হয়েছিল। গত বৃহস্পতিবার সকালে গিয়ে দেখলাম আর মাত্র কয়েকটি বাড়ি অবশিষ্ট আছে। ৩০০ বাড়ির প্রায় সব কটিই নদীগর্ভে বিলীন। দৌলত হোসেন নামের একজন বললেন, ‘এখানে ৬০০-৭০০ ভোটার ছিল। এখন তারা আর এখানে নাই। এইবারের বন্যায় সব বাড়ি শেষ।’

ছিনাই ইউনিয়নের গাবুর হেলান গ্রামে তিস্তার ভাঙনের শিকার দোলেনা বেগমের বাড়ির সামনে দাঁড়াতেই অনেক নারী আসতে থাকেন। একে একে আসতে থাকেন আলেমা, রহিমা, শাহের বানু, আরজিনা, জুলেখা, বিউটি। ঈদে তাঁরা কোনো সাহায্য পেয়েছেন কি না—জানতে চাইলে রহিমা বললেন, ‘গত ঈদে সরকার চাউল দেছে। এবার দেবে কি না, জানি না।’ রহিমা আরও বললেন, ‘এই নদী যে কত কিছু খাইচে। বাড়ি খাইচে তিনবার। মোর নাতনি মোর অসুখের সময় দেইকপার আচ্ছিল। তাইয়ো নদীত মরি গেইচে। চাইর দিন পর লাশ পাইচি।’ উপস্থিত নারীদের অনেকেই গত ঈদে ১০ কেজি করে চাল পেয়েছেন। এবারের অবস্থা যেহেতু আরও ভয়াবহ, তাই নারীরা আশা করছেন, সরকার চাল দেবে। কিন্তু বিদ্যানন্দ ইউনিয়নের চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে জানলাম, এ বছর কোনো বরাদ্দ নেই। এখন ১০ টাকা কেজিরও চাল নেই। বিদ্যানন্দ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি পল্লি চিকিৎসক আবদুল হাকিম বললেন, ‘ঈদে বানভাসি এবং নদীভাঙা মানুষের জন্য আমাদের কিছু করার নাই। সরকারি যা আসে তা-ও চেয়ারম্যান-মেম্বার দলীয় পরিচয়ে বরাদ্দ করে।’

মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মানদীর মাঝি উপন্যাসে লিখেছেন, ‘ঈশ্বর থাকেন ভদ্র পল্লীতে।’ নদীভাঙা এলাকায় গেলে মানুষের হাহাকার দেখলে মনে হবে, মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা এ এলাকার জন্যও প্রাসঙ্গিক। নদীপাড়ের মানুষজন তাঁদের ঘর সরাচ্ছেন, গাছ কাটছেন। প্রিয় ভূমি চোখের সামনে নদী হচ্ছে। রাত জেগে পাহারা দেন, কখন তাঁদের বাড়ি নদীতে বিলীন হয়। বিত্তবান লোকজন মুহূর্তে পথে নামছেন। এসব লোকের কাছে ঈদ নিয়ে কথা বলতে বিবেকে বাঁধছিল বলে এ আলাপে যাইনি। তাঁদের সঙ্গে আনন্দবিষয়ক কোনো আলাপ করা চলে না। নদীর পাড় ভেঙে যাওয়ার আগে ফাটল ধরে। এ রকম ফাটল ধরা একটি মাটির খণ্ডের ওপর এক নারী দাঁড়িয়ে আছেন। বললাম ওখান থেকে সরে আসেন। ওই নারী বলছেন, ‘একেবারে পড়ি মরি গেইলে ভালো হয়। এত কষ্ট থাকে না।’ অসহায় মানুষ যখন মৃত্যুকে বরণ করতে চায়, তখন তাদের সঙ্গে ঈদের আলাপ পারি কী করে!

গত ২৫ আগস্ট কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদের ভাঙনের শিকার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করতে গিয়েছিলাম। সেখানে ত্রাণ পাওয়া কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম, ঈদে তাঁদের বাচ্চাদের জন্য কিছু করবেন কি না? একজন বলছিলেন, ‘খাবার পাইনোং এইটাই হামার ঈদ। খাবার থাকলে ঈদ থাকে, খাবার না থাকলে ঈদ থাকে না।’

গত ঈদে সরকার সারা দেশে গরিবদের জন্য চাল বিতরণ করেছে। অথচ গত ঈদের সময়ের চেয়ে বানভাসি-নদীভাঙা মানুষের হাহাকার এবার অনেক বেশি। তারপরও তাদের জন্য কোনো ব্যবস্থা থাকল না। এই সব বানভাসি-নদীভাঙা মানুষই আমাদের বিত্ত গড়ার কারিগর। তাদের গড়া বিত্তে উদ্‌যাপিত হবে বিত্তবানদের ঈদ। বিত্তহীন, নিম্ন আয়ের মানুষগুলো কোরবানি দিয়ে ঈদ উদ্‌যাপন করেন না। যাঁরা কোরবানি করেন, তাঁদের দেওয়া মাংসে তাঁরা ঈদের দিন হয়তো তৃপ্তিসহ খান। এ বছর সেই সম্ভাবনাও কমে গেছে। অনেকেই হাঁস-মুরগি চাষ করেন। ঈদে সেই হাঁস-মুরগি জবাই করে স্বজনদের খাওয়ান, নিজেও খান। এ বছর অকস্মাৎ বন্যায় তাঁরা হাঁস-মুরগি-কাপড়-খাদ্য কিছুই রক্ষা করতে পারেননি। শুধু জীবনটা নিয়ে চলে এসেছেন। তাই এ বছর যেন তাঁদের কোনো ঈদ নেই।

সরকার বানভাসি-নদীভাঙা মানুষের জন্য ঈদে বিশেষ বরাদ্দ রাখলে হয়তো এই অঞ্চলের ঈদকে কিছুটা হলেও সবার করা যেত। স্থানীয় বিত্তবান ব্যক্তিরাও একক কিংবা যৌথ চেষ্টায় দুর্গত মানুষের জন্য ঈদকে কতটা আনন্দময় করে তুলতে পারবেন কে জানে!

তুহিন ওয়াদুদ: শিক্ষক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।