কেমন হলো নির্বাচন, এত লাশের দায় কার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশনের সার্বিক দুর্বলতার কারণে বলি হলেন এতগুলো মানুষ
নির্বাচন কমিশনের সার্বিক দুর্বলতার কারণে বলি হলেন এতগুলো মানুষ

ষষ্ঠ ধাপ শেষ হওয়ার মধ্য দিয়ে শেষ হলো ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। এবারই প্রথম দেশের ইতিহাসে এবং ইউপি বা তৃণমূল সংস্থায় দলীয় পরিচয়ে নির্বাচন অনুষ্ঠিত হলো। তবে চেয়ারম্যান ছাড়া পরিষদের বাকি সদস্যরা নির্দলীয়ভাবেই নির্বাচিত হয়েছেন। অনেকের মতে, এটা ছিল জগাখিচুড়ি নির্বাচন। এমনটা এর আগে পৌরসভা নির্বাচনেও দেখা গিয়েছিল। তখনো আইনের এই বৈষম্য নিয়ে কথা উঠেছিল।
এ অঞ্চলে ইউনিয়ন কাউন্সিলের যাত্রা শুরু হয় ১৮৭০ সালে বেঙ্গল চৌকিদার অ্যাক্টের মাধ্যমে, প্রথমে চৌকিদারি পঞ্চায়েত এবং পরে ইউনিয়ন পঞ্চায়েত প্রতিষ্ঠার মধ্য দিয়ে। ওই সময়ে এই পঞ্চায়েতের সামান্য কিছু কাজের মধ্যে সীমিত ট্যাক্স আদায়, বাংলার প্রত্যন্ত অঞ্চলে চৌকিদারি ব্যবস্থার মাধ্যমে চোর-ডাকাতের বিরুদ্ধে গ্রাম রক্ষার নামে ব্রিটিশবিরোধী ব্যক্তিদের খবরাখবর সংগ্রহের মতো কাজের জন্য নিয়োগ করা হয়েছিল। কালের বিবর্তনে ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর প্রথমে ইউনিয়ন কাউন্সিল পঞ্চায়েত এবং পরে ১৯৭৩ সালে ইউনিয়ন পরিষদ নাম ধারণ করে। স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ থেকে সরাসরি নির্বাচনের প্রচলন শুরু হয়। সেই থেকে বাংলাদেশে নির্দলীয় নির্বাচন শুরু হয় যার পরিসমাপ্তি ঘটে ২০১৬ সালের নির্বাচনের মধ্য দিয়ে। এখন এই নির্বাচনও দলীয় নির্বাচন।
সদ্যসমাপ্ত ২০১৬ সালের নির্বাচন কেমন হয়েছিল, এই প্রশ্ন এখন সর্বত্র। তবে এককথায় বলতে হয়, এমন রক্তাক্ত নির্বাচন আমাদের দেশের অতীতের কোনো নির্বাচনী প্রক্রিয়া চলাকালে ঘটেনি। ১০৯ জনের মতো মানুষকে প্রাণ হারাতে হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে। প্রায় হাজার পাঁচেক মানুষ আহত হয়েছে বলে পত্রপত্রিকান্তরে প্রকাশ। নির্বাচন–প্রক্রিয়া চলাকালীন বিভিন্ন ধরনের অস্ত্রের মহড়া, ককটেল ব্যবহার, ব্যালট পেপার ছিনতাই, ব্যালট স্টাফিং, ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়া থেকে বাধা দেওয়া, ভোটকেন্দ্রে প্রকাশ্যে সিল মারার ঘটনা এবং প্রতিপক্ষকে প্রতিহত করা থেকে শুরু করে নির্বাচনকে অসফল করার যত ধরনের উপায় রয়েছে, প্রায় সবই ব্যবহার করা হয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে প্রশাসনের ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেছে। সর্বোপরি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণহীনতা, অসহায়ত্ব ও অব্যবস্থাপনা। নির্বাচন কমিশন ও সরকারি দলসহ রাজনৈতিক দলগুলো, আইনের পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত পরিস্থিতির মূল্যায়ন এবং যথাযথ প্রস্তুতির অভাব—এগুলোরই যোগফলই হচ্ছে এই নির্বাচন। এটা এমন একটি ত্রুটিপূর্ণ নির্বাচন, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বাজে নির্বাচন হিসেবে আখ্যায়িত হয়ে থাকবে।
ইউপি (২০১৬ সালের) নির্বাচনে বহু বিষয়ে সর্বকালের রেকর্ড তৈরি হয়েছে। তবে নিরঙ্কুশ বিজয় হয়েছে সরকারি দলের। এই নির্বাচনে, সংখ্যাতত্ত্বের দিক থেকে বৃহত্তর দল বিএনপির তৃণমূলের অস্তিত্বের সংকট এবং অন্য দলের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার চিত্রই ফুটে ওঠে। তবে আসলেই কি এই চিত্রটি বাস্তব? যাঁরা নির্বাচনী ব্যবস্থাপনা এবং তৃণমূলে গণতন্ত্রের বিষয় নিয়ে এমনকি অবাধ, নিরপেক্ষ ও সবার জন্য গ্রহণযোগ্য নির্বাচন এবং ব্যবস্থাপনা নিয়ে গবেষণা করছেন বা করবেন, তাঁদের জন্য এটি কেস স্টাডি হতে পারে। এই নির্বাচন দলীয় ভিত্তিতে করতে গিয়ে আইনের পরিবর্তনের যুক্তিতে বলা হয়েছিল যে তৃণমূলে দলের শৃঙ্খলা আরও প্রতিষ্ঠিত হবে। তেমনটা হতে দেখা যায়নি। বরং বিপরীত চিত্রই এখন সরকারি দল এমনকি বিএনপিকেও ভাববার খোরাক জুগিয়েছে। এর মধ্যে সরকারি দল আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে যে বিভাজনের সৃষ্টি হয়েছে তা অস্বীকার করার উপায় নেই। তথাকথিত বিদ্রোহী প্রার্থীদের সামলাতে পারেনি দলটি। কারণ, সরকারি দলের প্রস্তুতির অভাব এবং মনোনয়ন নিয়ে তুলকালাম।
কথা উঠেছে ব্যাপক মনোনয়ন-বাণিজ্যের। যার খেসারতে সম্পূর্ণ নির্বাচনী ব্যবস্থাপনা ভঙ্গুর হয়ে পড়েছে। অনেক প্রার্থীর বক্তব্যে ধারণা করা স্বাভাবিক যে যাঁরাই সরকারি দলের নমিনেশন পেয়েছেন তাঁরা নিজেদের নির্বাচিত ভেবেছেন। এবং এর পেছনে যে মনমানসিকতা কাজ করেছে তা হচ্ছে বিপুল পরিমাণ অর্থ ব্যয়। যেসব জায়গায় মনোনয়ন পেতে বিপুল পরিমাণের অর্থ খরচ হয়েছে ওই সব প্রার্থী যেকোনোভাবে জয়ী হতে সব ধরনের নির্বাচনী দুর্নীতির পথ বেছে নিয়েছেন। এ অবস্থা হতে বাদ যায়নি বিএনপিও। মনোনয়ন–বাণিজ্যে অনেক জায়গায় কয়েক কোটি টাকার লেনদেনের অভিযোগও রয়েছে।
গণতান্ত্রিক নির্বাচন সুস্থ হওয়ার একটি প্রধান পূর্বশর্ত হলো রাজনৈতিক দলের সদিচ্ছা এবং নির্বাচন ঘিরে তাদের আইনানুগ প্রস্তুতি। সে ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর প্রার্থী বাছাই এবং মনোনয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বখ্যাত রাষ্ট্রবিজ্ঞানের গবেষক আর এস কাৎজ (R S Katz) তার ‘দ্য প্রবলেম অব ক্যান্ডিডেট সিলেকশন অ্যান্ড মডেলস অব পার্টি ডেমোক্রেসি’ নামক গবেষণাপত্রে বলেছেন যে রাজনৈতিক দলের প্রার্থী বাছাই শুধু গ্রহণযোগ্য নির্বাচনের জন্যই নয়, রাজনৈতিক দলের সংগঠিত ও একত্র থাকা এবং শক্তি ও শৃঙ্খলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গণতন্ত্রের জন্য অপরিহার্য। প্রার্থী বাছাই যদি সঠিকভাবে না হয়, তবে গণতন্ত্র এবং পার্টি উভয়ই ক্ষতিগ্রস্ত হয়।
কাৎজ আরও বলেন যে প্রার্থী বাছাই বিষয়টি একটি দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এমনকি দলের ইশতেহার দেখা হতেও গুরুত্বপূর্ণ। যদিও প্রার্থী বাছাই করা রাজনৈতিক দলের একান্ত অভ্যন্তরীণ বিষয়। তবে প্রার্থী বাছাইয়ের ত্রুটির কারণে একটি দল যেমন ক্ষতিগ্রস্ত হতে পারে, তেমনি সার্বিকভাবে গণতান্ত্রিক ও নির্বাচনী প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়।
বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের আইন ও রাষ্ট্রবিজ্ঞানী মিগেল পেরেস-মোনিওর (Miguel Perez-Moneo) মতে, প্রার্থী বাছাই দ্বারা রাজনৈতিক দল তিনটি লক্ষ্য অর্জন করতে পারে। ১. নিরঙ্কুশ বিজয় ২. একজন দক্ষ রাজনীতিবিদকে তুলে আনা এবং ৩. অভ্যন্তরীণ কোন্দল ও এর নেতিবাচক জেরের প্রভাব থেকে দলকে রক্ষা করা। একজন যোগ্য প্রার্থীকে সন্দেহাতীত পরিচ্ছন্ন উপায়ে বাছাই করলে দলের অভ্যন্তরে অন্তঃকলহ হয় না। তবে আমাদের দেশের দলগুলো প্রার্থী বাছাইয়ে বেশির ভাগ ক্ষেত্রে এসব বিষয়ে মনোযোগী নয়, অন্তত এবারে দলীয়ভাবে অনুষ্ঠিত ইউপি নির্বাচন দেখে সেটা মনে হওয়া খুবই স্বাভাবিক।
এই নির্বাচনে যেভাবে প্রার্থী বাছাই হয়েছে, তা নিয়ে শুধু বাগ্বিতণ্ডাই নয়, ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নে দল কর্তৃক মনোনীত ও তথাকথিত বিদ্রোহী প্রার্থীর হত্যার পটভূমিই ওপরের তত্ত্বের যথার্থতা প্রমাণ করে। এবারের তৃণমূল পর্যায়ের এই নির্বাচনে দলের মনোনয়ন–প্রক্রিয়া যে স্বচ্ছ ছিল না, তা সরকারি দলই এখন স্বীকার করছে। এই হানাহানি, মারামারি এবং ব্যাপক হারের মৃত্যুর জন্য অনেকাংশে দায়ী রাজনৈতিক দল, বিশেষ করে ক্ষমতাসীন দল; যাদের দলের মধ্যেই সবচেয়ে বেশি তথাকথিত বিদ্রোহী ছিল। নির্বাচনে প্রতিযোগিতাও যেমন দুভাগে বিভক্ত হয়ে পড়েছিল, তেমনি নির্বাচনকে অকার্যকর করার দায়িত্ব সিংহভাগ ক্ষেত্রে প্রার্থী এবং স্বীয় দলের দায়ই বেশি।
অপরদিকে ২০১৬ সালের ইউপি নির্বাচনের এই বারোয়ারি ও ত্রিশঙ্কু অবস্থার জন্য প্রধানত দায়ী নির্বাচন কমিশন। মোটাদাগে বলতে গেলে প্রথমেই বলতে হয় নির্বাচন কমিশন নতুন আইনে পরিবর্তিত পরিস্থিতিতে এই জটিল নির্বাচন ব্যবস্থাপনার দিক থেকে আরও কত জটিল হয়ে উঠতে পারে, তার ধারণাই করতে পারেনি। প্রস্তুতি ছিল না। নতুন আঙ্গিকের চ্যালেঞ্জ মোকাবিলার সময়মতো ও ত্বরিত সিদ্ধান্ত নিতে পারেনি অনেক ক্ষেত্রে। পরিকল্পনাতে বাস্তবতা ছিল না। থাকলে একটি জেলায় কয়েক ধাপে এই পরিবর্তিত পরিস্থিতির নির্বাচনের পরিকল্পনা করা হতো না। চিন্তা করা উচিত ছিল ফলাফল ঘোষণার কৌশলের পরিবর্তনের প্রয়োজনীয়তা। কারণ, বিশ্বের কোথাও দলীয় নির্বাচন ধাপে ধাপে হলে ফলাফল ধাপওয়ারি ঘোষণা করা হয় না। ফলাফল ঘোষণা করতে হয় একটি নির্দিষ্ট দিনে। প্রতিবেশী দেশ ভারতের নির্বাচনী ফলাফল ঘোষণার প্রক্রিয়া দ্রষ্টব্য। কমিশন সংবিধানে ও আইন দ্বারা প্রদত্ত ক্ষমতাও প্রয়োগ করতে পারেনি। পারলে ২৫০ জন চেয়ারম্যান, কয়েকটি সম্পূর্ণ ইউপি এবং একটি জেলায় ৩৪টি ইউনিয়নে কেন কোনো প্রতিপক্ষ পাওয়া যায়নি, তা খতিয়ে দেখত। এমন দৃষ্টান্ত অতীতের কোনো নির্বাচনে নেই। অতীতে সবচেয়ে খারাপ নির্বাচনেও ১৯৮৮ সালের নির্বাচন, যার দায় হুসেইন মুহম্মদ এরশাদের ওপর বর্তায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় এত সংখ্যক নির্বাচিত হয়নি। এর কী জবাব দেবে নির্বাচন কমিশন।
নির্বাচন প্রক্রিয়ার আগে ও চলাকালীন অহরহ নির্বাচন কমিশন থেকে অসহায়ত্ব আর দায়দায়িত্ব পাশ কাটানোর বিবৃতি পুরো নির্বাচনী প্রক্রিয়ায় দারুণ নেতিবাচক প্রভাব ফেলেছে, যার জের এই হানাহানি। এবং যে কারণে নির্বাচনী ব্যবস্থার ওপর ভোটার তথা সাধারণ মানুষের আস্থায় ভাটা পড়েছে।
নির্বাচনী ব্যবস্থাপনা ধ্বংসের দায়দায়িত্ব প্রধানত নির্বাচন কমিশনের ওপর বর্তালেও শুধু নির্বাচন কমিশন একা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে পারে না, বিশেষ করে আমাদের মতো দেশে যেখানে সরকারি দলের সাংসদেরা অহরহ নির্বাচনী আইন ও আচরণবিধি লঙ্ঘন করছেন। বিশেষ করে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা অঞ্চলের সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী একজন নির্বাচন কর্মকর্তাকে লাঞ্ছিত করেছেন। কী কারণে করেছেন তা সহজেই অনুমেয়। তিনি অত্যন্ত গর্হিত কাজ করেছেন, সাংসদ হয়ে একটি সাংবিধানিক সংস্থার অবমাননা করেছেন। নির্বাচনী ব্যবস্থাপনা তাঁর এখতিয়ারে নয়। এ কথা হয়তো তিনি ভুলে গিয়েছিলেন। এমন আচরণ গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের আচার-আচরণ এবং ক্ষমতার অপব্যবহার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের অন্তরায়। নির্বাচন কমিশন শুরু থেকেই এ ধরনের পদক্ষেপ নিলে হয়তো যা ঘটেছে, তা এড়ানো সম্ভব হতো।
এ ধরনের পরিস্থিতি থেকে বের হতে হলে রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনকে সর্বত সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে স্বীয় স্বার্থে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করতে হবে। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী ব্যবস্থাপনা ও কমিশনকে আর কার্যকর করার আন্তরিক প্রয়াস নিতে হবে। অন্যথায় যতটুকু গণতন্ত্র অবশিষ্ট রয়েছে, তাতেও গ্রহণ লাগতে পারে।
যাই হোক এত মৃত্যুর দায়দায়িত্ব কে নেবে? সে প্রশ্ন রয়েই গেল। তবে দুঃখজনক হলেও সত্য যে রাজনৈতিক নেতিবাচক সংস্কৃতি এবং নির্বাচন কমিশনের সার্বিক দুর্বলতার কারণে বলি হলেন এতগুলো মানুষ। কেমন হয়েছে ২০১৬ সালের ইউপি নির্বাচন? সহজে এর উত্তর দেওয়া গেল না। ভোটাররাই সঠিকভাবে বলতে পারবেন কেমন হয়েছে এই নির্বাচন।
এম সাখাওয়াত হোসেন: অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, সাবেক নির্বাচন কমিশনার ও কলাম লেখক৷
[email protected]