
কোরীয় উপদ্বীপে যে উত্তেজনা বিরাজ করছে, তা চলতি মাসজুড়েই ক্রমাগত বাড়ছে। এই মাসেই দক্ষিণ কোরিয়ার দুটি সীমান্তরক্ষী দল উত্তর কোরিয়ার পুঁতে রাখা স্থলমাইনের আঘাতে মারাত্মকভাবে আহত হয়েছে। এর প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রচারণা শুরু করে, আর কেসং ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে যাতায়াতের ওপর সীমাবদ্ধতা আরোপ করে।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু হওয়ার পরই আসলে দুই কোরিয়ার মধ্যকার উত্তেজনা অন্য মাত্রায় পৌঁছেছে। ২০ আগস্ট দেশ দুটি একে অপরের দিকে বড় কামানের গোলা বর্ষণ করেছে। আর ২১ আগস্ট উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন তাঁর সীমান্ত এলাকায় অবস্থানরত সেনাদের যুদ্ধকালীন প্রস্তুতি নিতে বলেছেন। সর্বশেষ তিনি এ রকম উসকানিমূলক অবস্থান নিয়েছিলেন ২০১৩ সালে, সেবার তিনি দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেছিলেন।
যদিও কিমের এই উসকানির কারণ বোধগম্য—দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় তিনি এ অবস্থান নিয়েছেন—তা সত্ত্বেও কোরীয় উপদ্বীপের স্থিতিশীলতায় যাদের স্বার্থ রয়েছে, তারা পুরো ব্যাপারটি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জাপানও এ ক্ষেত্রে ব্যতিক্রম নয়। যেমন, দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে নিজের অবকাশ যাপনের পরিকল্পনা বাতিল করে টোকিওতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সংক্ষেপে বলা যায়, এই পরিস্থিতি মনে করিয়ে দেয় যে, উত্তর কোরিয়া জাপানের নিরাপত্তার ক্ষেত্রে এই মুহূর্তে পরিষ্কার এক মাথাব্যথার কারণ।
ফলে একটি আধুনিক প্রতিরক্ষা বাহিনী থাকা জাপানের জন্য অপরিহার্য। আর সেই বাহিনীর আইনি ক্ষমতা থাকা প্রয়োজন, যাতে সেই বিকাশমান সংকটের পরিপ্রেক্ষিতে সময়মতো কাজ করতে পারে, আর এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার জন্য যুক্তরাষ্ট্রকে কার্যকরভাবে সহযোগিতা করতে পারে।
অবশ্য জাপানের বিরোধী দলগুলো এমন আচরণ করছে যে মনে হয়, তারা এই ক্রমবর্ধমান সংকট সম্পর্কে কিছুই জানে না। বরং তারা অভ্যন্তরীণ বিষয়ে সরকারের প্রস্তাবিত নিরাপত্তা আইনের বিরুদ্ধে কথা বলেই যাচ্ছে। জাপানের সরকার জেএসডিএফকে (জাপান সেল্ফ ডিফেন্স ফোর্স) তাদের পরিচালনাগত মূলনীতিতে যে সম্ভাব্য পরিবর্তন আসছে, সেটা খুঁটিয়ে দেখার সুযোগ দেওয়ায় বিরোধী দলগুলো অতি সম্প্রতি সরকারের সমালোচনা করেছে। প্রস্তাবিত নিরাপত্তা আইন পাস করার বিষয়টি মাথায় রেখেই সরকার এ কাজটি করেছিল। সরকারের এ পদক্ষেপ ‘যথাযথ নয়’ বলে সমালোচনা করেছেন বিরোধীরা, আর সেটা করতে গিয়ে সরকার আইনি প্রক্রিয়ার ব্যত্যয় ঘটিয়েছে বলেও তাঁরা সমালোচনা করেছেন।
জাপানের সংসদে এমন অনেক কিছুই আছে, যা নিয়ে বিরোধীরা সরকারকে জিজ্ঞেস করতে পারেন। তাঁরা সরকারের কাছে জানতে চাইতে পারেন, সরকার কোরীয় উপদ্বীপের পরিস্থিতি সম্পর্কে কতটা জানে। তাঁরা সরকারকে জিজ্ঞাসা করতে পারেন, তারা যুক্তরাষ্ট্র, চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখছে কি না; উত্তর কোরিয়ার উসকানি থামাতে সিউল কোনো প্রচেষ্টা নিলে জাপান তাতে কার্যকরভাবে সহযোগিতা করতে পারবে কি না। বিরোধীরা সরকারের কাছ থেকে আরও জানতে চাইতে পারেন, তারা দক্ষিণ কোরিয়ায় বসবাসরত জাপানি নাগরিকদের সরিয়ে আনার কথা ভাবছে কি না। প্রায় ৩৬ হাজার জাপানি সেখানে থাকেন, সেখানকার পরিস্থিতি আরও খারাপ দিকে যাবে কি না।
কিন্তু জাপানের বিরোধী দলগুলো তা করছে না। বর্তমানে জাপানের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় তথ্যগুলো সরকারের কাছ থেকে জানতে না চেয়ে তারা দেশের অভ্যন্তরীণ ব্যাপারে মনোযোগ দিচ্ছে। তারা আবে প্রশাসনের প্রস্তাবিত নিরাপত্তা আইনের দিকেই শুধু নজর দিচ্ছে। নিরাপত্তা আইন করা নিয়ে সরকারের মনোভঙ্গির ব্যাপারে ক্ষোভ-বিক্ষোভ ও সমালোচনার যৌক্তিকতা থাকতে পারে, কিন্তু কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতির ক্রমাবনতির ব্যাপারে তাদের দৃশ্যমান অনীহা এক প্রশ্নের জন্ম দেয়: তাদের সমালোচনার কোনো বাস্তবতা আছে কী?
ইংরেজি থেকে অনূদিত; দ্য ডিপ্লোম্যাট থেকে নেওয়া
ইউকি তাতসুমি: ওয়াশিংটনের স্টিমসন সেন্টারের ইস্ট এশিয়া প্রোগ্রামের সিনিয়র অ্যাসোসিয়েট।