কোথাও কেউ নেই?
যেকোনো ধরনের অপরাধের জন্য বাংলাদেশের মাঠ এখন অনেকটাই উন্মুক্ত। মাঠে এখন অপরাধের বাঁশি বাজানোর কেউ নেই। পুলিশ নেই, সাংবাদিক নেই, কেউ নেই। এমনকি অপরাধ দমনে সম্মিলিত শক্তির কোনো ধরনের আগ্রহ বা তাড়না নেই। বরং আছে সয়ে যাওয়া বা নিশ্চুপতার সংস্কৃতি। আর আছে দূর বা কাছ থেকে মোবাইল ফোনে দৃশ্য ধারণের সংস্কৃতি। এখানে বিভিন্ন খেলার মতোই প্রতিনিয়তই বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে।
এখন কোথায় কী ঘটনা ঘটছে, সেই বিষয়ে মানুষ এলাকা থেকে জানছে না। সাংবাদিকদের তথ্যের উৎসও এখন অনেকাংশে ফেসবুক। পাশের বাসায় এখন আর যেতে হয় না। প্রতিবেশীর খবরও আমাকে জানতে হচ্ছে ফেসবুক দেখে। বরগুনার এই হত্যাকাণ্ডের ঘটনা প্রথমে কোনো পত্রিকায় প্রকাশিত হয়নি, ফেসবুকে সেই নির্মম কোপের দৃশ্য আপলোড করার পরই সাংবাদিকেরা এ বিষয়ে সংবাদ সংগ্রহ করার চেষ্টা শুরু করেন। অথচ এমন একটা ঘটনা একটি শহরে ঘটার পর অধিকাংশ সাংবাদিকই জানলেন না—এটা খুবই প্রশ্নসাপেক্ষ। এর অর্থ দুই ধরনের। হয় সাংবাদিকেরা ফেসবুক থেকেই সংবাদসূত্র খোঁজার চেষ্টা করেন, কিংবা ভয় দেখিয়ে সাংবাদিকদের চুপ করিয়ে রাখা হয়েছে। ভয় দেখানো হয়তো স্বাভাবিক, তাই বলে কেউই নেই এখন এই ভয় ডিঙানোর?
লক্ষ করুন, অপরাধীরা কত স্বাচ্ছন্দ্যে অপরাধ করে যাচ্ছে। আগে জনসমক্ষে খুব দ্রুত হত্যার উদ্দেশ্যে পিস্তল ব্যবহার করা হতো। হত্যাকারীরা দূর বা কাছ থেকে গুলি ছুড়ে মুহূর্তেই স্থান ত্যাগ করত। এখন অরক্ষিত মাঠ পেয়ে অপরাধীরা তাদের হত্যার অস্ত্র বদলেছে। এখন সময় নিয়ে, রয়েসয়ে, নান্দনিকভাবে জায়গামতো রামদা দিয়ে কুপিয়ে হত্যা করছে। এভাবে হত্যা করার জন্য সময় লাগে বেশি। তাদের পরিচয় জেনে যাওয়া, গণধোলাই কিংবা পুলিশ বা আইনের ভয়—সবই তাদের জানা। জানা সত্ত্বেও কতটা আয়েশে, কতটা নিরাপদে, কতটা স্বস্তি নিয়ে ঘাতকেরা রামদা দিয়ে কুপিয়ে একজনকে জনসমক্ষে হত্যা করার মতো সাহস দেখাতে পারে! হত্যাকাণ্ড পরিচালনা করার জন্য একটি কলেজের মুখের রাস্তাকে বেছে নিতে পারে? তারা জানে, এই ধরনের রাস্তা ফাঁকা থাকে না। তবু তারা দিনদুপুরে সবার সামনে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। উন্মুক্ত মাঠে আমরা অনিরাপদ, কিন্তু ঘাতকেরা জানে তারা নিরাপদ। আমাদের অনিরাপত্তার কারণগুলোই তাদের উপহার দেয় নিরাপত্তা নামক অতি কাঙ্ক্ষিত বিষয়টি।
অপরাধীদের জন্য দেশটাকে এই অভয়ারণ্য করে দেওয়ার ক্ষেত্রে আমাদের সম্মিলিত অবদানই বেশি। কেউই আমরা আমাদের দায়িত্ব ও করণীয় ঠিকমতো পালন করছি না। শুধু দায়টুকু স্বীকার করেই ঘটনা থেকে লাফিয়ে বের হওয়ার চেষ্টা করি। এলাকার সংসদ সদস্য, ওয়ার্ড কমিশনার, রাজনৈতিক দলের নেতা, সিভিল সোসাইটির যাঁরা আছেন, তাঁদের অনেকেই নানাভাবে এই অপরাধপ্রবণতাকে উসকে দিচ্ছি, অপরাধে ইন্ধন জোগাচ্ছি। থানা, পুলিশ—সবাই অপরাধীদের সম্পর্কে জানে। তাদের নামে অনেক ধরনের মামলাও রয়েছে। তবে কেন তারা কারাগারের বাইরে? কী ক্ষমতাবলে? এলাকার মন্ত্রী, সাংসদ সবাই তাদের চেনেন। এই চেনাজানার শক্ত যোগসূত্রটি কোথায়? আসলে এই যোগসূত্রই হলো ক্ষমতার বলয়, যেখানে প্রত্যেকেই একে অপরের কর্মকাণ্ডের সাক্ষী, পৃষ্ঠপোষক কিংবা ইনিয়ে-বিনিয়ে সমর্থক। তাদের প্রত্যেকেই প্রত্যেকের কাছে ভীষণভাবে প্রয়োজনীয়। তাই তাদের বেশি দিন হাজতের ভেতরে থাকা হয় না, তারা বেরিয়ে যায়, অপরাধ করার জন্যই তাদের বের করে আনা হয়। হত্যাকাণ্ড ঘটার পর সাংবাদিকেরাও তৎপর হন অতীত ইতিহাস খুঁড়ে দেখতে।
বরগুনা শহরটা খুব বেশি বড় নয়। এক রাস্তার শহর। এক নজরে দেখা যায়। তবে ছোট শহর হলেও অন্যান্য শহরের মতো এখানেও থানা, পুলিশ, আদালত, ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট, সিসিটিভিসহ সবই আছে। হত্যাকাণ্ডটি ঘটতে লেগেছিল প্রায় এক ঘণ্টা। অর্থাৎ ঘাতকদের হাতে চাপাতি ঘুরেছে প্রায় এক ঘণ্টা ধরে। কিন্তু সেই শহরের বিভিন্ন পর্যায়ের প্রশাসকেরা কিছুই জানতে পারেননি! কোথায় ছিলেন তাঁরা? তাঁদের কেউই কিছুই জানায়নি? তাঁদের এই ঘটনা সম্পর্কে জানতে হলো ফেসবুকের মাধ্যমে? এই রকম হয় না, এমন হওয়ার কথাও নয়। কিন্তু কোথায় যেন কী হচ্ছে। এ কথা বলার অপেক্ষা রাখে না যে আমরা অপরাধকে আশকারা দিচ্ছি, চাপাতিসহই খুনিদের কাঁখে রাখছি। মনে হচ্ছে, আমরা সামনে থাকা কোন প্রতিযোগিতার জন্য খুনিদের চাপাতিচর্চার সুযোগ দিচ্ছি।
আমাদের জারি থাকা নিশ্চুপতা, নিষ্ক্রিয় দর্শক হিসেবে আমাদের ভূমিকা এই ধরনের অতি ভয়ংকর অপরাধগুলোর ক্ষেত্রে বাড়তি তুষের কাজ করে। নিজেদের এই সহযোগিতার মনস্কতাকে আমরা নানাভাবে বৈধ করারও চেষ্টা করি। সেই বরগুনার হত্যাকাণ্ড যদি কেউ সাহায্য করত, তাহলে তাদেরও সন্ত্রাসীরা চিনে রাখত এবং পরে তারা হয়তো তাদের বাড়িতে হামলা করত, রাস্তায় তার লাশ পড়ে থাকত কিংবা আরও কোনোভাবে তাদের কিংবা পরিবারের অন্য সদস্যদের বিরক্ত করত, ভয়ের মধ্যে রাখত।
সবকিছু মিলে কেন এই অবস্থা? আর এই অবস্থার মধ্যে আমাদের সবার জীবনই এখন স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে ঘুরতে থাকা চাপাতির মধ্যে। নুসরাত হত্যাকাণ্ডসহ আরও অনেক হত্যাকাণ্ডের মধ্যে আমরা জেনে গেছি, এই অপরাধগুলো ব্যক্তিক নয়, এগুলো একেকটি সামষ্টিক হত্যাকাণ্ড। এগুলোর সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত থাকেন সমাজের প্রভাবশালী মানুষ, থানা, পুলিশ, নির্বাচিত প্রতিনিধিসহ ক্ষমতার বৃত্তের অনেকে। প্রতিবাদহীন সংস্কৃতির চর্চাকারী এ দেশের বেশির ভাগ সহজ, সাদামাটা মানুষও। অথচ সবারই দায়িত্ব পালনের কথা।
অবস্থা আসলে এখন এই রকম যে ‘কোথাও কেউ নেই’। কেউ নেই চিৎকার দেওয়ার, কেউ নেই তাৎক্ষণিক প্রশ্ন তোলার, কেউ নেই আইনিভাবে রোখার, কেউ নেই সামাজিকভাবে পাশে দাঁড়ানোর। আর এই ‘নেই’কে সঙ্গে নিয়েই আমরা হাঁটছি চাপাতি ঘেঁষে, ক্ষমতার উত্তাপে সেদ্ধ হয়ে।
জোবাইদা নাসরীন: শিক্ষক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
[email protected]