কোন তরুণদের পক্ষ নেবে সরকার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোটা সংস্কারের আন্দোলনটি মনে হচ্ছে রবীন্দ্রনাথের ছোটগল্পের মতো ‘শেষ হয়ে হইল না শেষ’।

আমাদের ধারণা ছিল, জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর মৌখিক ঘোষণার পর সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের যবনিকাপাত ঘটবে। বাস্তবে তা ঘটেনি, বরং পরবর্তী সময়ে বেশ কিছু অঘটন ঘটেছে; যা লাখ লাখ সাধারণ শিক্ষার্থীকে গভীর অনিশ্চয়তায় ফেলেছে। যে দেশের জনগোষ্ঠীর প্রায় অর্ধেকের বয়স ২৪ বছরের নিচে, সেই দেশের শিক্ষিত ও মেধাবী তরুণদের প্রতি সরকারের এই উদাসীনতা ও অবহেলা মানা যায় না। আজ না হয় কাল কোটা সমস্যার সুরাহা হবে। কিন্তু আন্দোলনকারী তরুণদের মনে যে গভীর ক্ষত তৈরি হয়েছে, সেটি সহজে ঘুচবে না।

বাংলাদেশের যে তরুণদের সরকার জনসংখ্যার ডিভিডেন্ড বা লভ্যাংশ ভাবে, সেই তরুণেরা গভীর হতাশায় ভুগছেন। লেখাপড়ার পর্ব চুকে যাওয়ার পর তাঁরা জানেন না, কোথায় যাবেন, কী করবেন। এই যে কোটা সংস্কার আন্দোলনে সারা দেশের লাখ লাখ তরুণ ঝাঁপিয়ে পড়েছিলেন, তার পেছনেও ছিল ভয়াবহ বেকারত্ব। তাঁরা জানেন যে সবাই সরকারি চাকরি পাবেন না। তারপরও তাঁরা আশা করেন, সরকারি চাকরির বাছাইটা ন্যায্যতার ভিত্তিতে হোক, যোগ্যরাই যোগ্য জায়গায় বসুক। যদি আমরা ধরে নিই, প্রতিবছরই একটি বিসিএস পরীক্ষা হবে (স্বাধীনতার ৪৭ বছরে হয়েছে ৩৮টি, সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশন ৩৯তম বিসিএসের বিজ্ঞপ্তি দিয়েছে) এবং তাতে ক্যাডার পদে ২০০০ থেকে ২৫০০ এবং নন-ক্যাডার পদে খুব বেশি হলে হাজার তিনেক তরুণ সরকারি চাকরি পাবেন। বাকিরা কোথায় যাবেন বা কোথায় তাঁদের কর্মসংস্থান করা যাবে, সেই পরিকল্পনা কি সরকারের আছে? যদি না থাকে আমরা তাকে তরুণবান্ধব সরকার বলতে পারি না।

২.

বাংলাদেশে শিক্ষিত তরুণদের হতাশার শেষ নেই। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পরই হতাশার প্রথম পাট শুরু হয়। তাঁরা একটি সিটের জন্য হল প্রশাসনের কাছে ধরনা দিয়েও যখন ব্যর্থ হন, তখন ত্রাতা হয়ে আসেন ক্ষমতাবলয়ের ‘বড় ভাইয়েরা।’ এই বড় ভাইয়েরা বিএনপির আমলে ছাত্রদলের এবং আওয়ামী লীগের আমলে ছাত্রলীগের ঝান্ডা নিয়ে শুধু বিশ্ববিদ্যালয় নয়, সরকারি অফিস ও বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠান দাপিয়ে বেড়ান (বিএনপি ক্ষমতার বাইরে ১২ বছর, আর আওয়ামী লীগ ক্ষমতায় আছে একনাগাড়ে প্রায় ১০ বছর)। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রাবাসে যে হলরুম রয়েছে, সেই হলরুমের পুরো নিয়ন্ত্রণ ক্ষমতাসীন ছাত্রসংগঠনটির হাতে। গ্রামগঞ্জ থেকে আসা নতুন শিক্ষার্থী, যাঁদের ঢাকায় থাকার কোনো জায়গা নেই, তাঁরা বাধ্য হয়ে কথিত ‘বড় ভাইদের’ ( ইদানীং বড় বোনদের দাপটও যে কম নয়, তার প্রমাণ পাওয়া গেল কবি সুফিয়া কামাল হলে) কাছে ধরনা দেন, আর হলে ওঠার পর তাঁরা হয়ে পড়েন ওই সংগঠনের ক্রীড়নক। সব সময় তাঁদের কথিত বড় ভাই বা বড় বোনদের হুকুম তামিল করতে হয়।

এর সঙ্গে গেল শতকের ষাট, সত্তর কিংবা আশির দশকের ছাত্ররাজনীতির পার্থক্যটা স্পষ্ট। সে সময়ে প্রায় সব ছাত্রসংগঠন নবীনবরণ অনুষ্ঠান করে নতুন শিক্ষার্থীদের কাছে নিজেদের নীতি ও আদর্শ ব্যাখ্যা করত। এরপর বিশ্ববিদ্যালয় ও হল সংসদের নির্বাচনে তারা নিজেদের জনপ্রিয়তা যাচাই করত। তখন ছাত্রনেতাদের মধ্যে রাজনৈতিক বিভাজন থাকলেও ব্যক্তিগত বিদ্বেষ ছিল না। আর এখন বিরোধী ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা হলেই থাকতে পারেন না।

আমরা যখন তরুণদের ভবিষ্যৎ নিয়ে লিখছি, তখনই চট্টগ্রামে নূরুল আজিম নামের এক তরুণকে দেখি চাঁদাবাজির জন্য কলেজের অধ্যক্ষ ও কোচিং সেন্টারের মালিককে মারধর করতে। অধ্যক্ষ জাহেদ খানের কাছ থেকে তিনি গত এক বছরে ১০ লাখ টাকা নিয়েছেন, আরও ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। আর ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে কোচিং সেন্টারের মালিক সাদেক খানকে গুনে গুনে ১৩টি থাপ্পড় মেরেছেন। তাঁর পাসপোর্ট হাতিয়ে নিয়েছেন। তাঁকে বাড়িছাড়া করেছেন। এই তরুণ হলেন ছাত্রলীগের চট্টগ্রাম নগর কমিটির সাধারণ সম্পাদক। এরাও আমাদের তরুণ!

যেই ছাত্রলীগের নাম ব্যবহার করে নূরুল আজিমেরা মাস্তানি-চাঁদাবাজি করেছেন, সেই ছাত্রলীগ এদের দায় নেয় না, নিবৃত্তও করে না। যখনই কোনো অঘটনের খবর গণমাধ্যমে আসে, তখনই ছাত্রলীগ তাঁকে ‘বহিষ্কার’ করে। ছাত্রলীগে এই ‘বহিষ্কৃতদের’ সংখ্যা কত? গত ১০ বছরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যতগুলো খুনের ঘটনা ঘটেছে, তার ৯৫ শতাংশেরই ‘শিকার ও শিকারি’ ছাত্রলীগের নেতা-কর্মী।

সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন মডেলে ছাত্রলীগকে তৈরি করার কথা বলেছেন। এর অর্থ হলো, এত দিন সংগঠনটি পুরোনো মডেলে চলে আসছিল। ছাত্রলীগের এই পুরোনো মডেল আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিশ্বজিতের করুণ মৃত্যুর কথা মনে করিয়ে দেয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুবায়ের হত্যার দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, চট্টগ্রামে এক অসহায় মাকে দেখি সন্তান হত্যার বিচারের দাবিতে অনশন করতে।

আমরা কি আশা করতে পারি, সম্মেলনের পর ছাত্রলীগ সত্যি সত্যি নতুন মডেলে গড়ে উঠবে; যেখানে কর্মীরা নেতাদের বিরুদ্ধে বিলাসী জীবনযাপনের অভিযোগ আনবেন না, আর কর্মীদের হাতে কলেজের অধ্যক্ষ কিংবা ব্যবসায়ী নিগৃহীত হবেন না।

৩.

রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেক নাগরিককে শিক্ষিত ও কর্মক্ষম করে তোলা। শিক্ষাকে এমন স্তরে নিয়ে যেতে হবে, যেখানে কেউ বেকার থাকবে না। অনেক উন্নত দেশ শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার কারিকুলাম তৈরিই করে প্রথমত অভ্যন্তরীণ চাহিদার নিরিখে। বিষয়টি আরেকটু খোলাসা করে বলি। ধরা যাক, বাংলাদেশে সরকারি ও বেসরকারি খাতে আগামী ১০ বছরে যেসংখ্যক চিকিৎসক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ ও প্রশাসক প্রয়োজন হবে, সরকার সেই সংখ্যক জনশক্তি তৈরি করার পরিকল্পনা নেবে। প্রয়োজনে বাইরে চাকরি করতে পারে, এমন একটি দক্ষ জনবলও তারা তৈরি করবে।

বর্তমানে বাংলাদেশে বিভিন্ন করপোরেট অফিসে, শিল্পকারখানায় বহু বিদেশি দক্ষ কর্মী কাজ করেন। সরকার কি কখনো জানার চেষ্টা করেছে, কেন এসব প্রতিষ্ঠান বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় করে বিদেশ থেকে দক্ষ কর্মী নিয়ে আসছে? আনছে এ কারণে যে, দেশের ভেতরে এসব দক্ষ ও প্রশিক্ষিত কর্মী তৈরি করা যায়নি। সরকারের নীতিনির্ধারকেরা কি কখনো দেশীয় শিল্পোদ্যোক্তাদের সঙ্গে এ সমস্যাটি নিয়ে বসেছে? একজন শিল্পোদ্যোক্তা দুঃখ করে বলেছিলেন, তাঁদের কোম্পানিতে যে দক্ষ ও প্রশিক্ষিত জনবল দরকার, দেশের কোনো বিশ্ববিদ্যালয়ই তার জোগান দিতে পারে না বলেই বিদেশ থেকে তাঁরা কর্মী আনতে বাধ্য হচ্ছেন।

 সম্প্রতি প্রথম আলোয় পিউ রিসার্চ সেন্টারের গবেষণাভিত্তিক যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাতে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের একটি খণ্ডচিত্র উঠে এসেছে। পিউ রিসার্চের তথ্য অনুযায়ী, বাংলাদেশে কর্মরত বিদেশি কর্মীরা সাড়ে ১৬ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছেন। সরকারি হিসাবে ৮৫ হাজার ৪৮৬ জন বিদেশি নাগরিক বাংলাদেশে কাজ করেন, এর মধ্যে ভারতীয়ের সংখ্যা ৩৫ হাজার ৩৮৬। আর চীনাদের সংখ্যা ১৩ হাজার ২৬৭। সে ক্ষেত্রে বাংলাদেশ থেকে বিদেশি নাগরিকদের পাঠানো টাকার পরিমাণ অনেক গুণ বেশি হবে। সরকারি হিসাবে যে ৮৫ হাজার বিদেশি নাগরিক বাংলাদেশে কাজ করেন, আমরা ধরে নিতে পারি, সেসব কাজের উপযুক্ত কর্মী বাংলাদেশে নেই। এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ফজলুল হক বলেছেন, ‘আমাদের দেশে বহুমুখী শিক্ষা ও দক্ষতার ঘাটতি রয়েছে। শিল্পের যে চাহিদা, সেই অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানো হয় না।’

২০১৪ সালে ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের খবর ছিল, বাংলাদেশেই সবচেয়ে বেশি উচ্চশিক্ষিত বেকার রয়েছে। গত চার বছরে পরিস্থিতির উন্নতি হয়নি; বরং বেকারের সংখ্যা আরও বেড়েছে।

বঙ্গবন্ধু বলেছিলেন, ‘বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত। শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে।’ বাংলাদেশের তরুণেরাও দুই ভাগে িবভক্ত। এখন সরকারের সামনেও প্রশ্ন এসেছে, তারা কোন তরুণদের পক্ষ নেবে, যারা ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলন করছে, না যারা চট্টগ্রামের নূরুল আজিমের মতো মাস্তানি-চাঁদাবাজি করে বেড়াচ্ছে? যদি ন্যায্যতার পক্ষে থাকে, তাহলে নূরুল আজিমদের পাকড়াও করতেই হবে।

সোহরাব হাসান প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি