কোনো খেদ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি কিন্তু বিশ্বাস করি ভাগ্যে, নিয়তিতে, অদৃষ্টে। আমরা যে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলাম, এটা ছিল নিয়তি-নির্ধারিত। অন্তত দুটো জিনিস আমাদের হাতে ছিল না, এক টস, আরেকটা তামিম ইকবালের অসুস্থতা। কাল যদি তামিম থাকতেন! তাহলে আশা করা যায়, তামিম আর মিথুন ওপেন করতেন, সৌম্যকে কিছুটা বিশ্রাম দেওয়া যেত। আর কাল যদি টসে জিতে আমরা বল নিতাম, তাহলে অস্ট্রেলিয়ার রান আমরা তাড়া করতে পারতাম। অস্ট্রেলিয়াও বেশি রান করতে পারত না।
এই রকম অনেকগুলো ‘ইস, যদি’ আমাদের মনে খেলা করেছে গতকাল ২১ মার্চ ২০১৬ বেঙ্গালুরুতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া খেলার আগে-পরে। আমাদের মাশরাফির মনটা আগে থেকেই নরম হয়ে ছিল, তাসকিন-সানিকে হারিয়ে, বিশেষ করে যে বল তাসকিন করেননি, সেই বলের কারণে রিপোর্টেড হয়ে পরীক্ষার মুখোমুখি হওয়াটা ঘোরতর অন্যায়—এটা যখন স্পষ্ট বোঝা যাচ্ছে। তারও পর খেলতে নামার আগে যদি আপনি হঠাৎ শোনেন আপনাদের সবচেয়ে ভালো ব্যাটসম্যান যিনি এই টুর্নামেন্টেই সেঞ্চুরি করেছেন, প্রতিটা ম্যাচে বেধড়ক পেটাচ্ছেন, সেই তামিম ইকবালই খেলতে পারবেন না। শুভাগত হোম, আর সাকলাইন সজীব ছিলেন তাঁদের গ্রামের বাড়িতে। ‘উঠ ছেড়ি তোর বিয়া লেগেছে’ ডাক পেয়ে তাঁরা প্রথমে এলেন ঢাকার বিমানবন্দরে, ঘণ্টার পর ঘণ্টা ভ্রমণ করে, তারপর সারারাত বিমানে। সকালে সোজা মাঠে, অনুশীলনে। পরের দিন খেলা। তাসকিন-সানি নেই, তামিম নেই। টসে জয় নেই। মাশরাফির মধ্যে মারকুটে ভাবটাই ছিল না। সৌম্য নিজের ফরম পাওয়ার উদ্বেগে কাহিল। ৬ বলে ১ রান। ইস, যদি তামিম খেলতেন!
ইস, যদি মুস্তাফিজের প্রথম ক্যাচটা ধরা যেত। ইস, সাকিবের ক্যাচটা। যদি ১৬তম ওভারে সাকলাইন সজীবকে না ডেকে মুস্তাফিজকে বল করতে ডাকতেন মাশরাফি, তাহলেও খেলার ধরন পাল্টে যেতে পারত! এই রকম ‘ইস, যদি’ দিয়ে ভরা ২১ মার্চের বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটা। তবে যারা হারে, তারাই ‘যদি, তবে’ নিয়ে আফসোস করে। বিজয়ীরা উদযাপন করে, বলে ‘ভাগ্যিস!’
এখন আমরা তামিম ইকবালের সুস্থতা কামনা করি। আগামীকালই ভারতের বিরুদ্ধে খেলা। এর মধ্যে তামিমকে সেরে উঠতে হবে, এর মধ্যে পানিশূন্যতা দূর করে পুরোপুরি ফিট হয়ে উঠতে হবে তাঁকে। মুস্তাফিজ আছেন। গাজী আশরাফ হোসেন লিপু ভাই খুব চাইছেন নাসিরকে খেলানো হোক, সৌম্যকেও বিশ্রাম দেওয়া হোক। কে জানে তা হবে কি না।
কিন্তু সবকিছু ঠিক থাকলে ভারতের বিরুদ্ধের ম্যাচটা খুবই জমজমাট হবে আশা করা যাচ্ছে। তাসকিন থাকলে ভারতের বিরুদ্ধে পেসারদের আক্রমণটা আরও জমজমাট হতো, কিন্তু মুস্তাফিজ, আল-আমিন, মাশরাফি দিয়ে সাজানো আমাদের পেসারবাহিনী কিন্তু মোটেও খারাপ কিছু নয়। সাকিব আছেন, আরেকজন স্পিনার হলেই তো হয়ে যায়। আগামীকাল আমরা বুক বেঁধেই খেলা দেখতে বসব।
উৎপল শুভ্র দেখি তাঁর লেখায় রফিক আজাদের কবিতা থেকে চয়ন করেছেন—‘বিশ বছর আগে ও পরে’! আমিও রফিক আজাদের স্মৃতিকথার বইটার নাম নিই— ‘কোনো খেদ নেই!’ অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ হেরেছে, তা নিয়ে আমাদের কোনো খেদ নেই।
শুধু চাই, বাংলাদেশ যেন ভারতের বিরুদ্ধে মাথা উঁচু করে নামে, মাথা উঁচু করে ব্যাট করে। খেলায় জয়-পরাজয় আছে, এটা কোনো ব্যাপারই না। ভয়হীন ক্রিকেটের যে প্রতিশ্রুতি মাশরাফি আমাদের দিয়েছেন, সেটা করলেই চলবে। চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির... বেঙ্গালুরুতে বাংলাদেশের ছেলেদের কাছে আমরা তা দেখতে চাই।