কোমির বরখাস্তে পুতিন হাসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের পাশে দাঁড়িয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভি লাভরভ বেশ উল্লসিতভাবে স্বাগতিকদের পরিহাস করেছেন। একজন প্রতিবেদক কেবলই প্রশ্নটি করেছিলেন: ‘কোমিকে বরখাস্ত করার কারণে আপনাদের আলোচনায় ব্যাঘাত ঘটবে কি?’ তখন লাভরভ ভান করলেন, যেন তিনি কত আঘাত পেয়েছেন। তিনি উত্তর দিলেন, ‘তাঁকে কি বরখাস্ত করা হয়েছে?’ এরপর আবার বললেন, ‘আপনি মজা করছেন! আপনি মজা করছেন!’ জমকালো ওই অভ্যর্থনাকক্ষ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় লাভরভের মুখে ক্রূর হাসির রেখা দেখা যায়। অনেক চেষ্টা করেও তিনি সেটা আটকাতে পারলেন না।

ওদিকে পাঁচ হাজার মাইল দূরে রাশিয়ার সোচিতে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুরোদমে আইস হকি খেলার প্রস্তুতি নিচ্ছিলেন। এক মার্কিন প্রতিবেদক তাঁকেও একই রকম প্রশ্ন করলে তিনি জবাব দেন, ‘আপনার প্রশ্নটা খুব মজার। আমার ওপর রাগ করবেন না, এ ব্যাপারে আমাদের করণীয় কিছু নেই।’

এই আনন্দ রুশ নেতারা অর্জন করেছেন বলতে হয়। পশ্চিমের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নেতাদের খাটো করার যে লক্ষ্যে তাঁরা মাঠে নেমেছিলেন, সেটা কল্পনাতীতভাবে সফল হয়েছে, তা-ও আবার খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে। মস্কো যে ভাইরাস ছড়িয়ে দিয়েছিল, তা নয় মাসে মার্কিন নির্বাচনব্যবস্থার ব্যাপারে সন্দেহের বীজ বপন করেছে। এর মাধ্যমে হিলারি ক্লিনটনকে পরাজিত করা সম্ভব হয়েছে—পুতিন যাঁকে ঘৃণা করেন। এখানেই শেষ নয়, ট্রাম্পের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত এবং একাধিক কাউন্টার ইন্টেলিজেন্স তদন্ত হয়েছে। আর এখন যে ব্যক্তিটি ট্রাম্পের বিরুদ্ধে তদন্তের দায়িত্বে ছিলেন, ট্রাম্প তাঁকেও বরখাস্ত করলেন। ট্রাম্পের ভাবমূর্তি এমনিতেই দুর্বল হয়ে পড়েছিল, এখন তা আরও দুর্বল হবে।

রাশিয়ার জন্য এই সফলতা খুবই মধুর। কারণ, ট্রাম্প ইচ্ছায় হোক আর অনিচ্ছায়, প্রতিটি পদক্ষেপে তিনি রাশিয়ার প্রচেষ্টায় সহযোগিতা করে গেছেন। তিনি বারবার দাবি করেছেন, নির্বাচনে জালিয়াতি হয়েছে। এর মধ্য দিয়ে তিনি রুশ নেটওয়ার্ক আরটি ও স্পুটনিকের প্রচারণায় গলা মেলালেন। নির্বাচনের পর তিনি যে ব্যাপক হারে ভুয়া ভোটারের কথা বললেন, তাতেও রাশিয়ার লাভ হয়েছে।

ট্রাম্পের কর্মকাণ্ডের কারণে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপবিষয়ক যে তিনটি তদন্ত হচ্ছিল, এর মধ্যে দুটি তদন্তের বস্তুনিষ্ঠতা খাটো
হয়েছে। আর তৃতীয় তদন্তে তিনি ব্যাঘাত ঘটিয়েছেন।

প্রথমত, ওবামা প্রশাসন তাঁর ফোনে আড়ি পেতেছে বলে ট্রাম্প যে মিথ্যা দাবি করেন, হোয়াইট হাউস সেটার সত্যতা প্রমাণের জন্য হাউস ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান ডেভিন নুনসের সঙ্গে এক ভুয়া শো-অ্যান্ড-টেলের (বস্তু দেখিয়ে তাঁর সম্পর্কে কথা বলা) আয়োজন করে। নুনস উয়েস্ট উইংয়ে (প্রেসিডেন্টের কার্যালয়) হাজির হয়ে আগের দিন হোয়াইট হাউসের কর্মীরা তাঁকে গোপনে কী তথ্য দিয়েছিলেন, সেটার বিষয়ে প্রেসিডেন্টকে জানান। এতে তাঁর গায়ে কলঙ্ক লাগল। হোয়াইট হাউসের তদন্ত থেকে তিনি নিজেকে সরিয়ে নিতে বাধ্য হন। আর এতে তাঁর বিশ্বাসযোগ্যতার বারোটা বেজে যায়।

আর এখন এফবিআইয়ের পরিচালক কোমির বরখাস্তের মধ্য দিয়ে সংস্থাটির তদন্ত-প্রক্রিয়ার ওপর ছায়াপাত ঘটল। ট্রাম্প প্রাথমিকভাবে যুক্তি দিয়েছিলেন, কোমি ভুলভাবে হিলারি ক্লিনটনের ই-মেইলের তদন্ত করেছেন। কিন্তু তাঁর এই দাবি কুম্ভীরাশ্রুতে ডুবে যেতে সময় লাগেনি। অথচ নির্বাচনের আগে কোমি যে লা মিজারেবল-এর চরিত্র ইন্সপেক্টর জ্যাভার্টের মতো বাড়াবাড়ি করেছেন, তাতে ট্রাম্প বেশ উৎফুল্ল হয়েছিলেন। এরপর দ্রুতই খবর পাওয়া গেল, জানুয়ারিতে কোমি ট্রাম্পের প্রতি আনুগত্য দেখাতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি তখন রাশিয়াবিষয়ক তদন্তের জন্য অধিকতর সময়, লোকবল ও অর্থ চান। এতে ইঙ্গিত পাওয়া যায়, তাঁকে সরানোর মূল কারণ হচ্ছে, এই তদন্ত-প্রক্রিয়ার রাশ টেনে ধরা বা তাকে ভিন্ন খাতে প্রবাহিত করা।

ট্রাম্প নিজেই এই ব্যাখ্যার বিশ্বাসযোগ্যতা দিয়েছেন। কোমিকে বরখাস্ত করার আগের এক টুইটে তিনি রাশিয়া-ট্রাম্প গোপন চুক্তির সংবাদকে ‘একদম মিথ্যাচার’ বলে আখ্যা দেন। তিনি জানতে চান, ‘করদাতাদের টাকায় পরিচালিত এই খেলা কবে বন্ধ হবে?’ এর দিন দুয়েক পর কোমিকে বরখাস্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এনবিসি নিউজকে তিনি বলেন, ‘বস্তুত, আমি যখন এটা করার সিদ্ধান্ত নিলাম, তখন নিজেকে বললাম, “আপনারা ট্রাম্প-রাশিয়া সম্পর্কে যা শোনেন, তা বানানো গল্প। যে নির্বাচনটি ডেমোক্র্যাটদের জেতার কথা ছিল, সে নির্বাচনে হেরে তারা এই অজুহাত দিচ্ছে।”’

এখন কোমির উত্তরসূরি যে-ই হোন না কেন, তাঁকে ট্রাম্প ও তাঁর সেঙাতদের বিরুদ্ধে প্রচারণাপর্বের অভিযোগের তদন্ত করতে হবে। ফলে নতুন পরিচালককে বিশ্বাসযোগ্যতার বড় পরীক্ষা দিতে হবে। এই মধ্যবর্তী সময়ে এফবিআইকে নেতা ছাড়াই চলতে হবে, যার কারণে তৃতীয় তদন্ত ব্যাহত হবে, যেটা করার কথা সিনেট ইনটেলিজেন্স কমিটির। এরা আবার এফবিআইয়ের সহযোগিতার ওপর নির্ভর করে।

এর মাধ্যমে রাশিয়া কী চায়, আমরা তাতে ফেরত আসি। এটা থামাতে কী করতে হবে, সেই প্রসঙ্গও চলে আসে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার পরিচালক এই জানুয়ারিতে বলেছেন, মস্কো ‘মার্কিন গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের আস্থা বিনষ্ট করার জন্য’ তাদের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে। অর্থাৎ মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপজনিত যেকোনো তদন্তের ওপর মানুষের আস্থা ও আত্মবিশ্বাস অর্জনে তাকে সমালোচনার ঊর্ধ্বে রাখতে হবে। এই অবস্থায় স্বাধীন পরিষদ কর্তৃক তদন্ত হলে মানদণ্ড পূরণ করা যাবে।

তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তাতে রাশিয়ারই লাভ হবে; তা সে ইচ্ছায় হোক বা অনিচ্ছায়। সেটা যতক্ষণ বন্ধ না হচ্ছে, পুতিন যুক্তরাষ্ট্রের চারদিকে ঘুরপাক খেয়েই যাবেন।

অনুবাদ: প্রতীক বর্ধন, মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস থেকে নেওয়া।

অ্যান্টনি জে ব্লিনকেন: মার্কিন সাংবাদিক।