ছয় মাসেরও অধিক সময় ধরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের যে মারামারি-কাটাকাটি হলো, একজন সাংবাদিকসহ দুটি প্রাণ ঝরে গেল, স্থানীয় দুজন আওয়ামী লীগ নেতা চিরতরে পঙ্গু হয়ে গেলেন, তার বিচার কী হলো? বিচার হলো গোলশূন্য ড্র।
আওয়ামী লীগ বরাবরই নিজ দলের নেতা-কর্মীদের ব্যাপারে অতি উদার; কেউ খুন করে এলেও অনায়াসে মাফ পেয়ে যায়।
প্রথম আলোর নোয়াখালী প্রতিনিধি মাহবুবুর রহমান পরিবেশিত খবরে জানা যায়, আওয়ামী লীগের নোয়াখালী জেলা কমিটির সভাপতি খায়রুল আনম চৌধুরী সম্প্রতি দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে নোয়াখালী জেলার রাজনীতি, বিশেষ করে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সদর আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর বিরোধ নিয়ে কথা বলেন। দলের হাইকমান্ড থেকে জানিয়ে দেওয়া হয়, ৭৫ সদস্যের প্রস্তাবিত জেলা কমিটি কাটছাঁট করে নতুন করে গঠন করতে হবে, বিতর্কিত লোকদের বাদ দিতে হবে। একই সঙ্গে আবদুল কাদের মির্জা ও তাঁর প্রতিপক্ষ মাহবুবুর রশীদকে এ বার্তা দেওয়া হয় যেন তাঁরা বাড়াবাড়ি না করেন।
নোয়াখালী আওয়ামী লীগের প্রবীণ নেতা খায়রুল আনম চৌধুরী এর আগে নিজে থেকে দুই পক্ষের বিবাদ মেটানোর চেষ্টা করেও সফল হননি। সফল হননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আবদুল কাদের মির্জার বড় ভাই ওবায়দুল কাদেরও। তবে তিনি প্রকাশ্যে এ বিরোধ সম্পর্কে কিছু বলেননি।
স্থানীয় নেতা-কর্মীরা মনে করেন, নোয়াখালীর আওয়ামী লীগের বিবাদ আর নোয়াখালীর মধ্যে সীমিত নেই; এর সঙ্গে যুক্ত হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগও। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর সম্পর্ক ভালোই ছিল। কিন্তু জেলার প্রস্তাবিত নতুন কমিটিতে মির্জার প্রতিপক্ষের লোক বেশি হওয়ায় তিনি বিগড়ে যান। ঘটনার সূত্রপাত ২০২০ সালের ৩১ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে ইশতেহার ঘোষণাকালে তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাদলসহ অনেকের বিরুদ্ধে বিষোদ্গার করেন। একপর্যায়ে তিনি জেলা কমিটি বাতিল করার দাবি জানান। কমিটিতে এক-এগারোর সুবিধাবাদী, বিতর্কিত ও চাঁদাবাজেরা আছে বলে দাবি করেন।
বলা হয়, আওয়ামী লীগে নাকি চমৎকার চেইন অব কমান্ড বা সাংগঠনিক শৃঙ্খলা আছে। চেইন অব কমান্ড হলো নিচের নেতৃত্ব ওপরের নির্দেশ মেনে চলবে। উপজেলা কমিটিগুলো কীভাবে চলবে, সে বিসয়ে জেলা কমিটি নির্দেশনা দেবে। এখানে হয়েছে উল্টো। উপজেলার নেতা আবদুল কাদের মির্জাই নির্দেশ দিচ্ছেন কীভাবে জেলা কমিটি চলবে। কারা কমিটিতে থাকবে না থাকবে, তাও ঠিক করে দেবেন তিনি। একে চেইন অব কমান্ড না মেনে চেইন অব ডিমান্ড মানা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলেন, নোয়াখালীর আওয়ামী লীগে ছয় মাসেরও বেশি সময় ধরে যে ঝগড়া-বিবাদ চলছিল, তার চূড়ান্ত ফল হলো গোলশূন্য ড্র। অর্থাৎ দুই পক্ষই নিজেকে বিজয়ী বলে ভাবতে পারবে। আবদুল কাদের মির্জা খুশি যে তাঁর দাবি মেনে দলীয় সভানেত্রী জেলা কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছেন। আর সেই কমিটিতে যে জেলা কমিটির বর্তমান সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী থাকছেন না, তা অনেকটা নিশ্চিত।
জেলা কমিটির সভাপতি দলীয় সভানেত্রীর সঙ্গে দেখা করার পর ৩ জুলাই একরামুল করিম চৌধুরী ফেসবুক লাইভে এসে বলেছেন, ‘ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আমি তো ২৫ বছর চালিয়েছি। তিনবার এমপিগির করেছি। নির্বাচনী এলাকার মানুষের সেবা করার জন্য আমার কোনো পোস্ট (পদ) লাগে না। আমি আপনাদের সঙ্গে ছিলাম। ভবিষ্যতেও থাকব।’
একই সঙ্গে দলীয় সভানেত্রীর নির্দেশে আবদুল কাদের মির্জাকে কড়া বার্তা দিয়েছেন, তিনি যেন আর বাড়াবাড়ি না করেন। তিনিও বাড়াবাড়ি করবেন না এবং শান্ত থাকবেন বলে ওয়াদা করেছেন। তবে নোয়াখালী আওয়ামী লীগের নেতা-কর্মীদের একাংশ মির্জার শান্ত থাকার ঘোষণাকে সন্দেহের চোখে দেখেন। অতীতে তিনি যখনই শান্ত থাকার কথা বলেছেন, তখনই প্রতিপক্ষের ওপর হামলা হয়েছে।
নোয়াখালী আওয়ামী লীগের এই যুদ্ধবিরতি কত দিন থাকবে, এ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপ করলে তাঁরা জানান, আবদুল কাদের মির্জার দুটি দাবি ছিল—জেলা কমিটি পুনর্গঠন ও বড় ভাই ওবায়দুল কাদেরের পর সংসদ নির্বাচনে তাঁর মনোনয়ন নিশ্চিত করা। দলের হাইকমান্ড একটি মেনে নিয়েছে। এর আগে গুঞ্জন ছড়িয়ে দেওয়া হয়েছিল বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হলে ওবায়দুল কাদের পরবর্তী রাষ্ট্রপতি হবেন। সে ক্ষেত্রে এ আসনের দুই প্রধান দাবিদার হলেন ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেছা ও ছোট ভাই আবদুল কাদের মির্জা। সম্প্রতি আবদুল কাদের মির্জা ঢাকায় গিয়ে বড় ভাইয়ের সঙ্গে দেখা করে ফুলেল শুভেচ্ছাও জানিয়েছিলেন। কিন্তু সেই ফুলেল শুভেচ্ছার কয়েক দিন পরই বড় ভাইকে এই বলে তিনি হুমকি দেন, ঢাকায় সংবাদ সম্মেলন করে সবকিছু ফাঁস করে দেবেন।
প্রশ্ন আসে, আবদুল কাদের মির্জার কাছে কী ভয়ংকর তথ্য আছে, যা তিনি ফাঁস করে দেবেন? এর আগে অবশ্য তিনি একটি সত্য ফাঁস করে দিয়েছিলেন—২০১৮ সালের নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করার কথা বলেছিলেন। ভাতের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়নি। তিনি আরও বলেছিলেন, সুষ্ঠু ভোট হলে নোয়াখালী অঞ্চলের সাংসদেরা দরজা দিয়ে পালিয়ে যাওয়ারও পথ পেতেন না। এমনকি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের পর বর্তমান মেয়র সম্পর্কেও আবদুল কাদের মির্জা অনুরূপ মন্তব্য করেছেন।
ছোট মির্জার দাবি, আমেরিকা থেকে চিকিৎসার পর দেশে ফেরার সময়ই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, সত্য বলবেন। মিথ্যাকে প্রশ্রয় দেবেন না। প্রয়োজন দল ত্যাগ করবেন। কিন্তু সমস্যা হলো আবদুল কাদের মির্জা কেবল সত্যবচন ও শান্তির ললিত বাণী শুনিয়ে ক্ষান্ত হননি, শান্তি প্রতিষ্ঠার জন্য অনুসারীরা তাঁর নির্দেশে প্রতিপক্ষের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়েও পড়েছে। আবার তাঁর রাজনৈতিক প্রতিপক্ষও চুপচাপ বসে ছিল না। তারাও সুযোগমতো মির্জার অনুসারীদের ওপর হামলা চালিয়েছে। আর পরস্পরের বিরুদ্ধে তারা এমন বাক্যবাণ নিক্ষেপ করেছে, তা কোনো ভদ্রলোকের মুখে উচ্চারণ করাও শোভা পায় না। যেহেতু বিরোধী দল মাঠে নেই, কিংবা তাদের মাঠে নামতে দেওয়া হয় না, সেহেতু আওয়ামী লীগই এপক্ষ-ওপক্ষ হয়ে বিভিন্ন স্থানে প্রাণঘাতী প্রীতি ম্যাচের আসর বসিয়েছে।
দলের হাইকমান্ড নোয়াখালী আওয়ামী লীগের এই খেলাকে গোলশূন্য ড্র ঘোষণা করে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিলেও শান্তি সুদূর পরাহত বলেই স্থানীয় নেতা-কর্মীরা মনে করেন। শান্তি প্রতিষ্ঠা করতে হলে প্রতিটি হামলা ও খুনের বিচার হওয়া প্রয়োজন। কিন্তু সে বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ কিছুই বলেনি। এমনকি তারা একটি সাংগঠনিক তদন্ত কমিটি গঠন করে সেখানকার দলীয় অবস্থা জানারও চেষ্টা করেনি।
সোহরাব হাসান প্রথম আলোর যুগ্ম সম্পাদক, কবি
[email protected]