ক্যামেরনের ফিরে আসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যামেরন
ক্যামেরন

অবশ্য এসব কৌশলই যে মি ক্যামেরনের বিজয় নিশ্চিত করেছে তা বলা যাবে না। এর বাইরে রাজনৈতিক পরিস্থিতিটাও নানা কারণে লেবারের অনুকূলে ছিল না। শুরু থেকেই লেবার পার্টির নেতৃত্বের বিষয়টি প্রশ্নবিদ্ধ হয় দুই ভাইয়ের প্রতিযোগিতায়। বড় ভাই ডেভিড মিলিব্যান্ড আদর্শিক দিক দিয়ে ছিলেন ব্লেয়ারের মানসপুত্র অর্থাৎ মধ্যপন্থী সামাজিক ও অর্থনৈতিক নীতিমালা অনুসরণের পক্ষে। বিপরীতে এড মিলিব্যান্ড হলেন বামপন্থা আদর্শিক ধারার অনুসারী এবং দলের নেতা হিসেবে তাঁর নির্বাচিত হওয়ার পেছনে অন্যতম বড় কারণ ছিল ট্রেড ইউনিয়ন নেতাদের ভূমিকা। ফলে শুরু থেকেই তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ তাঁকে হিসাবে বিতর্কিত করার চেষ্টা করে এসেছে। আর রক্ষণশীল পত্রিকাগুলো বিশেষত, ডেইলি মেইল তাঁর পরাজয়ের পরও উচ্ছ্বাস প্রকাশ করে শিরোনামে বলেছে ‘ব্রিটেন রেড এডকে প্রত্যাখ্যান করেছে’।

এড মিলিব্যান্ড দলের নেতা হিসেবে রাজনীতিতে প্রথম যে লড়াইটা শুরু করেছিলেন, সেটা ছিল গণমাধ্যমের সবচেয়ে প্রভাবশালী একটি পরিবার রুপার্ট মারডকের নিউজ করপোরেশনের দাপটের বিরুদ্ধে। ব্রিটিশ গণমাধ্যমে বিবিসিকে বাদ দিলে মারডক পরিবারের প্রতিপত্তি প্রায় একচেটিয়া। তখন একাধারে দুটো সর্বাধিক প্রচারিতসহ তিনটি দৈনিক—নিউজ অব দ্য ওয়ার্ল্ড সান এবং টাইমস-এর পাশাপাশি স্কাই টেলিভিশনের মালিকানার সুবাদে মারডকের দাপট কিংবদন্তির পর্যায়ে পৌঁছেছিল। প্রতি নির্বাচনের পর মারডকের সান তাই বিজয়ের কৃতিত্ব দাবি করে তার শিরোনামে দাবি করত যে ‘সান উওন ইট’ (সান এটি জিতেছে)। ক্যামেরনের সাবেক প্রচারসচিব অ্যান্ডি কুলসন ছিলেন এই মারডকের পত্রিকার কর্তা। আবার, সান-এর প্রধান রেবেকার সঙ্গেও ছিল ক্যামেরনের বন্ধুত্ব। মারডক পরিবারের প্রভাব তাই পুরো সরকারের ওপরই বিস্তৃত ছিল। মিলিব্যান্ড শুরুতেই সেটি ভেঙে দিতে সক্ষম হন। তবে এ জন্য এই নির্বাচনে তাঁকে অনেক চড়া মূল্য দিতে হলো। গার্ডিয়ান, ইনডিপেনডেন্ট ও মিরর ছাড়া বাকি সব পত্রিকাই তাঁর প্রতি নিষ্ঠুরতা দেখিয়েছে।

লেবার পার্টির জন্য আরও নিষ্ঠুর পরিহাসের বিষয় হলো স্কটল্যান্ড। স্কটল্যান্ডের রাজনীতিতে লেবার দীর্ঘদিন ধরেই প্রধান দল হিসেবে আধিপত্য বজায় রেখেছে, যেখানে কনজারভেটিভরা কখনোই হালে পানি পায়নি। স্বাধীনতার প্রশ্নে স্কটল্যান্ডের যে গণভোট, তাতে লেবারের নেতৃত্ব এবং প্রচারণার সাফল্যেই দেশটির অখণ্ডতা রক্ষা পায়। অথচ, সেই স্কটল্যান্ডের স্বাধীনতাকামীদের হাতে জিম্মি হওয়ার আশঙ্কায় ইংল্যান্ডের ভোটাররা লেবার থেকে মুখ ফিরিয়ে নেয়। রাজনীতির এই নিষ্ঠুর সমীকরণের পাশাপাশি অর্থনীতির হিসাবেও ইতিহাসের এক নির্মম পরিহাসের শিকার হয়েছে লেবার পার্টি। স্কটল্যান্ডের ভোটাররা স্কটিশ জাতীয়তাবাদী দল—এসএনপিকে যে ভোট দিয়েছে তার প্রধান কারণ হলো মি ক্যামেরনের কৃচ্ছ্রের নীতি থেকে মুক্তি পাওয়া। অথচ, ওই কৃচ্ছ্রের অবসান ঘটানোর স্লোগান দিয়েও লেবার স্কটিশ ভোটারদের আস্থা অর্জনে ব্যর্থ হলো। ইংল্যান্ডের যেসব অঞ্চলে নিম্ন আয়ের কর্মজীবীদের প্রাধান্য, সেই উত্তরাঞ্চলে লেবার তার অবস্থান ধরে রাখতে সক্ষম হলেও দক্ষিণের অপেক্ষাকৃত সম্পদশালী কিংবা শ্বেতাঙ্গ-মধ্যবিত্ত প্রধান এলাকায় লেবারের সাফল্য নেই। দক্ষিণে একমাত্র ব্যতিক্রম লন্ডন, যেখানে ভোটারদের একটি বড় অংশ অভিবাসী এবং কর্মজীবী। কোনো কোনো বিশ্লেষকের মতে, লেবার পার্টি নিজেদের স্কটল্যান্ডে যেমন যথেষ্ট বামপন্থী হিসেবে প্রমাণ করতে পারেনি, তেমনই ইংল্যান্ডের প্রাণকেন্দ্রে নিজেদের যথেষ্ট মধ্যপন্থী বা নমনীয় হিসেবে প্রতিষ্ঠা করতে পারেনি।

এই নির্বাচনে নিষ্ঠুর পরিণতির শিকার আরেকটি বড় দল হলো লিবারেল ডেমোক্রেটিক পার্টি। কয়েক দশক ধরে জাতীয় ভিত্তিতে তৃতীয় দল—প্রতিবাদের কণ্ঠ হি​েসবে যার অবস্থান গড়ে উঠছিল সেই দলটির আসনসংখ্যা ৫৭ থেকে নেমে এসেছে ৮–এ। আর ভোটের সংখ্যায় তাদের অবস্থান চতুর্থ। অধিকাংশ বিশ্লেষকের ভাষায়, বিগত জোট সরকারের কৃচ্ছ্রের জন্য ভোটাররা তাদেরই দায়ী করেছেন। অথচ সেই একই ভোটাররা ওই সরকারের যতটুকু ইতিবাচক অর্জন, সেগুলোর জন্য পুরস্কৃত করলেন কনজারভেটিভদের। রাজনীতি আসলে বড়ই নিষ্ঠুর। একইভাবে ভোটের সংখ্যা বিচারে তৃতীয় হওয়ার কথা যে দলটির, সেই ইউনাইটেড কিংডম ইনডিপেনডেন্টস পার্টি (ইউজিপ) তারা আসন পেয়েছে মাত্র একটি। এই দলটির অভিবাসন এবং ইউরোপীয় ইউনিয়নবিরোধী রাজনীতির সম্ভাব্য উত্থানের আশঙ্কায় বছর খানেক ধরে কনজারভেটিভ পার্টিতে চলছিল একধরনের অস্থিরতা। মাত্র কয়েক মাস আগে কনজারভেটিভদের দুজন এমপি দলত্যাগ করে উপনির্বাচনে বিজয়ী হয়ে প্রথমবারের মতো পার্লামেন্টে ইউরোপের জন্য আসন করে দেন। ফলে কনজারভেটিভ দলের ভেতরে ইংলিশ জাতীয়তাবাদী তথা ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক ক্ষমতায়নের বিরোধীরা আরও শক্তিশালী হয়ে ওঠে এবং মি ক্যামেরন ২০১৭ সালের মধ্যে একটি গণভোটের অঙ্গীকার করেন। গণভোটের বিষয় হবে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকা অথবা না থাকা প্রশ্নে।

প্রধানমন্ত্রী ক্যামেরন ইউরোপীয় ইউনিয়নে থাকার জন্য ইইউর কাছে ছেড়ে দেওয়া রাজনৈতিক ক্ষমতাগুলোর অনেকটাই ফিরিয়ে আনতে চান। তিনি ইউরোপীয়দের অবাধে ইংল্যান্ডে অবাধে প্রবেশাধিকারের বিষয়েও কিছুটা নিয়ন্ত্রণ আরোপের পক্ষে। কিন্তু ইউরোপ শুধু ইংলিশদের জন্য আলাদা কোনো সুবিধা দিতে রাজি নয়। ফলে, ইউরোপ থেকে ব্রিটেনের বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা আরও বাড়বে বলেই সবার ধারণা। এমনিতেই আর্থিক সামর্থ্যহীনতার কারণে ব্রিটেনের সামরিক ও রাজনৈতিক প্রভাব দিন দিন কমছে। তারপর, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে এলে বৈশ্বিক পরিসরে তার প্রভাব আরও কমতে বাধ্য। বিশ্বরাজনীতিতে কথিত মুক্ত বিশ্বের নেতা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও এ বিষয়ে ইতিমধ্যে খোলাসা করে বলেছেন যে ব্রিটেন ইউরোপের মধ্যে থাকলে তাঁরা যতটা কার্যকর ভূমিকা রাখতে পারবেন, ইউনিয়নের বাইরে তা ততটা সম্ভব হবে না।

 পাশাপাশি, নির্বাচনী প্রচারণায় স্কটিশ জাতীয়তাবাদীদের সঙ্গে তাঁর যে বৈরী আচরণ প্রকাশ পেয়েছে, তাতে করে উদ্বেগ বাড়ছে যে শেষ পর্যন্ত হয়তো স্কটল্যান্ডকে আর যুক্তরাজ্যে ধরে রাখা সম্ভব হবে না। স্বভাবতই প্রশ্নে উঠেছে, মি ক্যামেরনের ক্ষমতা নবায়নের মূল্যটা হয়তো একটু বেশিই হয়ে যেতে পারে।

লন্ডন থেকে

কামাল আহমেদ: সাংবাদিক।