ক্যামেরনের 'কবিতা' থেকে কী পাঠ নেব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড ক্যামেরন।
ডেভিড ক্যামেরন।

ব্রিটেনের ইতিহাসে মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগ সব সময় গুরুত্বপূর্ণ বা নতুন কিছু মনে হয় না। কারও কারও ঠোঁটের আগায় লেপ্টে থাকে, আবার প্রেসের বহু নিন্দামন্দ সত্ত্বেও স্বপদে লেপ্টে থাকার নজিরও দেশটিতে খুব বিরল নয়। কিন্তু রক্ষণশীল প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন প্রমাণ দিলেন, ক্ষমতার রাজনীতি থেকে বিচ্ছিন্ন থাকা এক নৈতিক কারণেও দ্রুত পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া যায়।
এবারের উপলক্ষকে অতীতের সঙ্গে তুলনা করা যাবে না। পদত্যাগ নিয়ে ব্রিটেনে এতকাল যা ঘটেছে, তা ক্যামেরন ম্লান করে দিয়েছেন, সেটা শুধু পদত্যাগ করেই নয়; বিশ্বের গণতন্ত্রকামী জনগণকে অসাধারণ একটি রাজনৈতিক কবিতা উপহার দিয়েও।
পদত্যাগ হয় সাধারণত আসন্ন কোনো বিপর্যয়, কেলেঙ্কারি কিংবা আসন্ন কোনো রাজনৈতিক ঝুঁকি থেকে উতরানোর জন্য। কিন্তু কেউ তাঁর পদত্যাগের দাবিতে উচ্চকিত হয়নি কিংবা সে ধরনের কোনো প্রশ্ন আদৌ উঠবে কি না, সে জন্য তিনি সময় অপচয় করতে রাজি ছিলেন না। তিনি আসলে কাউকে কোনো সুযোগই দেননি। পদত্যাগের ঘোষণা দিয়ে বসে আছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ঘোষণার সময়টা তিনি কীভাবে ও কত দ্রুততার সঙ্গে বেছে নিলেন। ব্রিটিশ প্রেসে এমন জল্পনা ছিল না যে ব্রেক্সিট জিতে গেলে তাঁকে বিদায় নিতেই হবে।

কিন্তু একই ঘোষণা যদি তিনি হাতে আরও সময় নিয়ে এবং চিন্তাভাবনা করে পিছিয়ে দিতেন, তাহলে এই সৌন্দর্য থাকত না। এভাবে পদত্যাগ করে উইলিয়াম শেক্‌সপিয়ারের দেশের যোগ্য মানুষ হিসেবে ক্যামেরন একটি নতুন রাজনৈতিক কবিতা লিখলেন। সেই গণতান্ত্রিক সিম্ফনি হলো: ‘আমি মনে করি না যে প্রিয় স্বদেশকে পরবর্তী গন্তব্যে নিয়ে যেতে আমাকে আর চালকের আসনে থাকতে হবে।’

এই ‘বৃহত্তম গণতান্ত্রিক অনুশীলন’ থেকে সমগ্র মানবজাতি, যারা দেশে দেশে গণতন্ত্র ও বাক্‌স্বাধীনতার জন্য লড়াই করছে, নিহত হচ্ছে, প্রাণনাশের হুমকি পাচ্ছে, তাদের সবার জন্য বড় শিক্ষা নেওয়ার আছে। গণভোটের যা তাৎপর্য, তা থেকে একে আরও ছাপিয়ে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

তাঁর নিজের সিদ্ধান্তের বিপ‌ক্ষে থাকা টোরি দলের ৯ মন্ত্রী ও ১৩৭ সাংসদের ‘ফ্লোর ক্রসিং’ বিষয়ে প্রধানমন্ত্রী গণভোটের আগেই পরিষ্কার করেন। ক্যামেরন বলেছিলেন, ভিন্নমতের কারণে কেউ শাস্তি পাবেন না। তাদের কোনো অসুবিধা হবে না।

তিনি কেন পদত্যাগ করেছেন? কারণ, তিনি দেশকে ভালোবাসেন। তিনি তাঁর স্ত্রী সামান্থাকে সঙ্গে নিয়ে জনতার উদ্দেশে আবেগমথিত কণ্ঠে বলেছেন, ‘আমরা গর্বিত হতে পারি যে আমাদের জনগণ এত বড় সিদ্ধান্ত নিয়েছে।’
আমি তাঁকে প্রাণঢালা অভিনন্দন জানাই। কারণ তিনি তাঁর ভাষণে উল্লেখ করেছেন, ব্রিটেন শুধু ‘সংসদীয় গণতন্ত্র’ই অনুসরণ করে না, জনতার মত নিয়ে কীভাবে দেশ শাসন করতে হয়, সেটাও ব্রিটেন দেখিয়ে দিয়েছে। এসব কথা উল্লেখ করেই তিনি গণভোটের ফলাফল ঘোষণার বরাতে ইইউর সঙ্গে দীর্ঘ ৪৩ বছরের পলায়নপর ও টানাপোড়েনযুক্ত সম্পর্কের যবনিকা টানেন। ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে তিনি যে ভাষণ দেন এবং আমি যাকে রাজনৈতিক কবিতা বলছি, তা থেকে আরও কয়েকটি উদ্ধৃতি দিয়ে শেষ করি:
‘জনগণের ইচ্ছার প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল থাকতে হবে’/ যারা আমার প‌ক্ষে ছিলেন তাঁদের ধন্যবাদ দিই/ আর ধন্যবাদ আমার দলের তাঁদেরও/ যারা আমার সঙ্গে একমত হতে পারেননি/ শুধু সে কারণেই তাঁদের ধন্যবাদ তা নয়/ কারণ তাঁরা ভোটাধিকার প্রয়োগ করেছেন তার সপক্ষে, তাঁরা যাকে দেশের জাতীয় স্বার্থের জন্য অনুকূল মনে করেছেন/আর অভিনন্দন প্রাপ্য তাঁদের, যাঁরা চেতনা ও অনুরাগের সঙ্গে ইইউ ত্যাগের প‌ক্ষে যুক্তি উপস্থাপন করতে পেরেছেন/ব্রিটিশ জনগণের যা অভিপ্রায়, তার প্রত্যর্পণ অবশ্যই হতে হবে/ আমি ছয়টি বছর এ দেশের প্রধানমন্ত্রী ছিলাম, আর এতেই আমি অত্যন্ত গর্বিত এবং অতীব সম্মানিত/ আমি আর ব্রিটেনের প্রধানমন্ত্রী হব না/ আমার স্বদেশ একটি বিশেষ দেশ/ বিশ্ব শ্রদ্ধাশীল আমাদের সংসদীয় গণতন্ত্রের কার্যকরতায়, বিজ্ঞান, শিল্পকলা ও সৃজনশীলতায়/ যদিও আমি মনে করি না যে আমরা নিখুঁত/ তদুপরি আমি বিশ্বাস করি, আমরাই বহু বর্ণগত, বহু ধর্মবিশ্বাসের এক গণতন্ত্র, যেখানে আমরা শান্তিপূর্ণ বিতর্ক করে বড় বিষয় সুরাহা করতে পারি/ মানুষ এখানে তার মেধার বিকাশ ঘটিয়ে উচ্চতম আসনে আরোহণ করতে পারে/ আমিই বলেছিলাম, ইইউ থেকে বেরোনো আমাদের পথ নয়/ কিন্তু সর্বাগ্রে এখন আমিই প্রথম আমাদের অবিশ্বাস্য শক্তির প্রশংসা করি/ নতুন নির্দেশনায় দেশকে এগিয়ে নিতে আমি আমার সর্বশক্তি নিয়োগ করব/ দেশের এখন নতুন নেতৃত্ব দরকার/ আমিসহ এই গণভোটে যাঁরাই হেরে গেছেন, এখন তাঁদের দায়িত্ব নতুন পথচলাকে এগিয়ে নেওয়ার।

বিশ্বের অনেক নামীদামি নেতার ইচ্ছে মতো ক্যামেরন জিতলে আমরা খুশি হতাম। প্রশ্ন হলো ক্যামেরনের এই ‘রাজনৈতিক পঙ্‌ক্তিমালা’ থেকে আমরা কী শিক্ষা নেব?