ক্রসরোডে জেব্রা ও সাফারি পার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসুস্থ জেব্রাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সম্প্রতি গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে
ছবি: সংগৃহীত

জেব্রা খুবই নিরীহ প্রাণী। সাদা-কালো বর্ণের কারণে বহু দূর থেকে এদের চোখে পড়ে। সম্ভবত এ কারণেই রাস্তা পারাপারের জায়গা চিহ্নিত করতে জেব্রার গায়ের মতো ডোরাকাটা সাদা-কালো রং ব্যবহৃত হয় এবং এ জায়গাকে জেব্রাক্রসিং বলে। প্রাত্যহিক জীবনে প্রায়ই আমাদের জেব্রার নাম উচ্চারণ করতে হয়। আর কখনো জেব্রাক্রসিংয়ে এলে থামতে হয়। দেখেশুনে তবেই রাস্তা পার হতে হয়।

সম্প্রতি আরও এক কারণে জেব্রার নাম উচ্চারিত হচ্ছে খুব। দেশের অন্যতম প্রধান সাফারি পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুরে প্রায় এক মাসের ব্যবধানে বেশ কয়েকটি জেব্রা রহস্যজনক কারণে মারা পড়েছে। সর্বশেষ ঘটনায় সেখানে একটি সিংহী মারা গেছে। তারপর যা হয় আরকি—হইচই, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিদর্শন, মিডিয়া ট্রায়াল, তদন্ত, আবার তদন্ত শেষ হওয়ার আগেই উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো—এসব প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

ইতিমধ্যে সাফারি পার্কের দায়িত্বে নিয়োজিত কয়েকজন কর্মকর্তা ও একজন প্রকল্প পরিচালককে পরিবর্তন করা হয়েছে, যার খবর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ফলাও করে প্রকাশ করা হচ্ছে। বুঝতে পারা যায় সাফারি পার্কবিষয়ক সংবাদের বেশ গুরুত্ব আছে। আর থাকবেই না কেন, এটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ স্থাপনা। অভ্যন্তরীণ পর্যটন অর্থনীতিতে এর ব্যাপক অবদান রয়েছে। বন অধিদপ্তরের এটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। জাতির জনকের নামে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠান এখনো নড়বড়ে, শুরু থেকে আজ অবধি প্রকল্পনির্ভর।

আরও পড়ুন

বন অধিদপ্তর এটিকে অধিদপ্তরের জনবলকাঠামোয় আনার প্রস্তাব করলেও তা এখনো আলোর মুখ দেখেনি। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় বন অধিদপ্তরের জনবলকাঠামো পর্যালোচনা করে সম্মতি দিয়েছে, যাতে সাফারি পার্কগুলোর জনবল অন্তর্ভুক্ত রয়েছে। দ্রুত এটির বাস্তবায়ন দরকার। অ্যাডহক জনবলকাঠামো দিয়ে এ রকম গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা পরিচালনা করলে মানসম্মত ব্যবস্থাপনা আশা করার সুযোগ থাকে না।

জেব্রাক্রসিং এলে যেমন চারদিক দেখেশুনে পরিস্থিতি পর্যালোচনা করে এগোতে হয়, তেমনি জেব্রার উপর্যুপরি রহস্যময় মৃত্যুর ঘটনায় পরিস্থিতির সামগ্রিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আউটসোর্স ও রাজস্ব খাতের জনবলের মিশ্রণে চললেও সাফারি পার্কগুলো ব্যাপক পর্যটকের সেবা দিয়ে আসছে। যাঁরা বাংলাদেশের সাফারি পার্কগুলোর ব্যবস্থাপনার সঙ্গে জড়িত, তাঁরা অত্যন্ত স্বাস্থ্যঝুঁকি ও শারীরিক বিপদের মধ্যে থেকেই দেশের মানুষের বিনোদনের ব্যবস্থা করে থাকেন।

কিন্তু কোনো ঝুঁকিভাতা পান না। ইতিমধ্যে বেশ কয়েকজন কর্মী বন্য প্রাণীর আক্রমণে গুরুতর আহত হয়েছেন। এ বিষয়গুলো প্রায়ই আলোচনায় উপেক্ষিত থাকে। সম্প্রতি করোনো মহামারির কারণে বন্য প্রাণী থেকে মানুষে রোগ সংক্রমণের বিষয়ে কিছু কথা সাধারণ লোকে জানলেও সাধারণ লোকের কাছে এসব জুনোটিক রোগের ঝুঁকি সম্পর্কে ধারণা নেই। সাফারি পার্কের ব্যবস্থাপক ও অন্যান্য অ্যানিমেল কিপার সরাসরি এসব রোগের ঝুঁকিতে থেকে পার্ক ব্যবস্থাপনায় নিয়োজিত থাকেন।

প্রয়োজন সাফারি পার্ক ব্যবস্থাপনার আমূল পরিবর্তন। বন্য প্রাণী ও ব্যাপক দর্শনার্থীর উপযোগী অবকাঠামো নির্মাণ; বন্য প্রাণী ব্যবস্থাপনা, রোগ নিয়ন্ত্রণ, পশু চিকিৎসালয়, কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার প্রটোকল তৈরি—এসব নিশ্চিত না করে দোষ আরোপের সংস্কৃতির চর্চা করলে নিবেদিত কর্মীদের মনোবল ভাঙবে, সাফারি পার্ক ব্যবস্থাপনার মান বাড়বে না।

সাফারি পার্ক ও চিড়িয়াখানায় বন্য প্রাণীদের ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তিদের জন্য নানা রকম স্বাস্থ্য সুরক্ষা প্রটোকল থাকলেও আমাদের এখানে এগুলোর বালাই নেই।পৃথিবীর অন্যান্য দেশে অ্যানিমেল কিপারদের বেতনকাঠামো অত্যন্ত উঁচু, বছরে অন্তত ৫০ হাজার ডলার। আমাদের দেশের সাফারি পার্কে অ্যানিমেল কিপারদের আমরা নামমাত্র বেতনে নিয়োগ করে প্রায় বিনা প্রশিক্ষণেই বাঘের মুখে কিংবা অদৃশ্য জুনোটিক রোগের মুখে ঠেলে দিই। বেঘোরে মারা গেলে, অঙ্গহানি ঘটলে কিংবা রোগাক্রান্ত হলে চিকিৎসার সুযোগ নেই।

তাঁরা আবার প্রায়ই বাংলাদেশের ভিআইপি পর্যটকদের অসহিষ্ণুতার শিকার হন। তাই সাফারি পার্ক ব্যবস্থাপনার এসব সমস্যা, বিদেশি প্রাণীদের রোগ নির্ণয়, খাবার ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ের বিজ্ঞানসম্মত, নৈর্ব্যক্তিক পর্যালোচনা দরকার। এসব না করে শুধু ব্যক্তির ওপর দোষারোপ করা সাফারি পার্ক ব্যবস্থাপনায় কোনো নতুন মাত্রা যোগ করবে না।

প্রয়োজন সাফারি পার্ক ব্যবস্থাপনার আমূল পরিবর্তন। বন্য প্রাণী ও ব্যাপক দর্শনার্থীর উপযোগী অবকাঠামো নির্মাণ; বন্য প্রাণী ব্যবস্থাপনা, রোগ নিয়ন্ত্রণ, পশু চিকিৎসালয়, কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার প্রটোকল তৈরি—এসব নিশ্চিত না করে দোষ আরোপের সংস্কৃতির চর্চা করলে নিবেদিত কর্মীদের মনোবল ভাঙবে, সাফারি পার্ক ব্যবস্থাপনার মান বাড়বে না।

বাংলাদেশে দু–দুটো সাফারি পার্ক তৈরি হয়েছে উপরিউক্ত বিষয়গুলোকে কোনো রকম বিবেচনায় না এনেই। এসব পরিকল্পনা গ্রহণের আগে কিংবা আরও নতুন সাফারি পার্ক স্থাপনের আগে সংশ্লিষ্ট বন্য প্রাণী গবেষকদের সঙ্গে পরামর্শ নেওয়া অত্যাবশ্যকীয়, যা অনেক সময়েই উপেক্ষিত হয়। বিপদে পড়ার আগেই পরামর্শ নেওয়া ভালো। বাংলাদেশের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী ওয়াইল্ড লাইফ অ্যাডভাইজরি কমিটি যথাযথভাবে গঠন করে নিয়মিত পরামর্শ নেওয়ার সুযোগ রয়েছে।

বিগত বছরগুলোয় সাফারি পার্ক দুটির মান উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হয়েছে, যার আশু বাস্তবায়ন প্রয়োজন। তবে বন্য প্রাণী সংরক্ষণে বাংলাদেশের মূল মনোযোগের কেন্দ্রবিন্দু সাফারি পার্ক না হয়ে মুক্ত দেশীয় বিপন্ন বন্য প্রাণী ও তার আবাসস্থল সংরক্ষণে অধিকতর বিনিয়োগ জরুরি, যা ২০৩০ টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনেও সহায়ক হবে।

রকিবুল হাসান, নির্বাহী পরিচালক, আরণ্যক ফাউন্ডেশন