ক্রিকেট যখন টনিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তা​সকিন আহমেদ ও আরাফাত সানিকে নিষিদ্ধ করার পরও বাংলাদে​িশ দর্শ​েকরা গতকাল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হাজির হন
তা​সকিন আহমেদ ও আরাফাত সানিকে নিষিদ্ধ করার পরও বাংলাদে​িশ দর্শ​েকরা গতকাল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হাজির হন

বাংলাদেশ ও ভারতের মধ্যে যখন অভূতপূর্ব ‘মৈত্রী’, তখন ক্রিকেটকে কেন্দ্র করে উভয় দেশের দর্শকেরা বন্ধুত্বের খ্যাতা পোড়াচ্ছেন। খেলাকে ভাবা হয় বন্ধুত্বের বাহন। বাস্তবতা বলে অন্য কথা। বাস্তবে খেলার মাঠ থেকে উঠে আসতে পারে বৈরী বাতাস। সেই বাতাসে কাণ্ডজ্ঞান পর্যন্ত লোপ পেতে পারে। গত বিশ্বকাপে ভারতীয় একজন ধারাভাষ্যকারের খোঁচা, ভুল আম্পায়ারিংয়ের শিকার হওয়ার কষ্ট এবং বিজ্ঞাপনের উসকানি থেকে বিস্তর মাতামাতি হলো। দুই দেশের ক্রিকেট-ভক্তরা পরস্পরকে তুলাধোনা করতে লাগল। এমনকি ভারতের যেসব কর্মকাণ্ড বাংলাদেশের বিপক্ষে, খেলার মাঠে তার প্রতিশোধ নেওয়ার খায়েশও জাগল অনেকের মধ্যে। সাইবারযুদ্ধ পর্যন্ত চলেছিল দুই পক্ষের মধ্যে। এ অবস্থায় ম্যাচ না জিতলে যেন আমাদের সর্বনাশ হয়ে যাবে, এমন বার্তা তৈরি হলো মাশরাফিদের জন্য। ভক্তদের প্রত্যাশার চাপ, ভারতপক্ষের বিষোদ্‌গার আর আম্পায়ারদের বিতর্কিত রায়ে তাঁরা স্বাভাবিক ছন্দ হারালেন। আমাদের আবেগ আমাদের জয়ী করতে ব্যর্থ হলো। এবারও অবস্থা তথৈবচ। আইসিসি নিষিদ্ধ করল আমাদের দুজন প্রতিভাবান ক্রিকেটারকে। স্পষ্টতই তাসকিনের ব্যাপারে আইসিসির বিচার একচোখা মনে হয়েছে। বাংলাদেশিরা তা মানবে কেন? অসন্তোষ থেকে মনে আগুন জ্বলল অনেক বাংলাদেশির। আইসিসির কুশপুত্তলিকা পোড়ানো হলো। শাহবাগে প্রতিবাদ সভা হলো। ক্রোধ, কান্না আর ঘৃণায় সয়লাব হয়ে গেল বাংলার আকাশ-বাতাস। ফেসবুকের দেয়াল, অনলাইন পোর্টাল থেকে শুরু করে দৈনিক পত্রিকা ও টিভিগুলো মেতে উঠল। অথচ এ রকম সময়ে দরকার ছিল স্থির বুদ্ধির সিদ্ধান্ত। বিসিবির আইনজীবীরা সেই স্থির বুদ্ধির চাল দিলেন; আইসিসির সিদ্ধান্তের ফাঁকি ধরিয়ে দিয়ে তাসকিনকে ফিরিয়ে আনার জন্য আপিল করলেন।

বাংলাদেশের মতো ক্রিকেটে নবীন দেশের প্রতি আইসিসির এই আপাতদৃশ্যের বৈরিতা নতুন নয়। বাংলাদেশ দলের সমর্থকদের অভিযোগ, গত পূর্ণাঙ্গ বিশ্বকাপের মতো এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের বিজয়ের রাস্তা সুগম করতে আইসিসি পক্ষপাতমূলক আচরণ ও পরিকল্পনা করছে। তা যদি হয়ও, তাহলেও এর দায় সমগ্র ভারতবাসীর নয়। আইসিসির সভাপতি একজন ভারতীয় হওয়ায় তাঁর কৃতকর্মের দায় সমগ্র ভারতবাসীর ওপর চাপানো যায় না। তা ছাড়া রাষ্ট্র আর জনগণ এক নয়। বিষয়টা অন্য জায়গায়। গত বিশ্বকাপের সময় দ্য ইকোনমিস্ট লিখেছিল যে ভারতের পরাজয় মানে ভারতকেন্দ্রিক ক্রিকেট–সাম্রাজ্যের পতন ও ব্যবসার ধস। ভারতের ধর্মীয় জাতীয়তাবাদী সরকার যেনতেন প্রকারে ভারতের অজেয় ছবি দেশে-বিদেশে প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশকে তারা পথের কাঁটা মনে করেছিল। নিউইয়র্ক টাইমসও লিখেছে, আইসিসি ধাক্কা খেয়েছিল ২০০৭-এর বিশ্বকাপে, যখন নবাগত আয়ারল্যান্ড পাকিস্তানকে আর বাংলাদেশ ভারতকে পরাস্ত করেছিল। তারপরই আইসিসি এমনভাবে ক্রিকেটকে সাজাচ্ছে, যাতে ভারত বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলতে পারে এবং দলের সংখ্যা কমিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে এলিট ক্লাবের মধ্যে সীমিত করা যায়। (সূত্র: http://goo.gl/H40cgV)

মহাভারতের যুদ্ধের চূড়ান্ত ক্ষণে কুরুপক্ষের বীর কর্ণের রথের চাকা কাদায় গেঁথে গিয়েছিল। সেই দুর্বল মুহূর্তে অর্জুন তাঁকে হত্যা করেন। কর্ণ তখন বলেছিলেন, জয় নয়, অভীষ্ট চাহিয়াছি। বাংলাদেশের চাওয়া কেবল জয় নয়, আমাদের অভীষ্ট হলো যোগ্যতার প্রাপ্য সম্মান আদায় করা। শত বাধা সত্ত্বেও বাংলাদেশ ক্রিকেট দল ইতিমধ্যে সেই অভীষ্ট অর্জন করে নিয়েছে। ঠেকানো যায়নি। অভীষ্ট পূরণের জন্য আবেগের চাইতে বেশি প্রয়োজন স্থির মাথার সংকল্প, শপথ ও জেদ এবং পরিশ্রম। মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দল সেই অভীষ্ট অর্জনে পিছপা হবে না, সেই ভরসা রাখাই যায়। এবারও যদি সে রকম অশুভ মেঘ খেলার মাঠে ছায়া ফেলে, তারপরও আবেগে ভাসার দরকার নেই। কঠিন সংকল্প নিয়ে খেলে জয় ছিনিয়ে আনাই হতে পারে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে সঠিক প্রতিশোধ।

 জাতীয় পতাকা উড়িয়ে, জাতীয় সংগীত গেয়ে যাঁরা খেলা শুরু করেন, তাঁদের জাতির যোদ্ধা-প্রতিনিধি ভাবার সুযোগ থাকে। কিন্তু খেলার জয়–পরাজয় কি কোনো দেশের জয়-পরাজয় হতে পারে? ক্রিকেটে ভারতকে হারিয়ে দিতে পারলেই আমরা ভারতের সমকক্ষ হয়ে উঠব না। খেলার শিরোপা হাতে নিলেই দুই দেশের মধ্যকার লেনাদেনা সমান হওয়ার আশা নেই। তাহলে কেন এই জাতীয়তাবাদী জিগির, এই আবেগের মেলোড্রামা?

আমরা অতি আবেগপ্রবণ। বাংলা সিনেমার মেলোড্রামা আমাদের স্বভাবে। আমরা কঠিন কষ্ট করি, কিন্তু শেষ মাইল দৌড়ানোর আগেই দম ফুরিয়ে ফেলি। আমরা অল্পে খুশি, অল্পে দুঃখী এবং অল্পে খেপি। আমরা ভালোবাসি অকাতরে। কিন্তু যাকে ঘৃণা করি, তাকে মানুষ ভাবি না। আমরা একা হলে দুর্বল বোধ করি, কিন্তু দলবদ্ধভাবে পালোয়ান হয়ে যাই। আমাদের উচ্ছ্বাস ও আশাবাদ যত, সংকল্প ততই কম। আমরা গণপিটুনি দিই, কিন্তু গণদাবি কমই করি। শিকারির লক্ষ্য নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন আমাদের ধাতে নেই। আমাদের আবেগের পালে হাওয়া যত, যুক্তির হাল তত শক্ত না। আমরা জানালার লোভে বেচে দিতে পারি ঘর-দরজা।

ক্রিকেট বিনোদনের এক জানালা। এ জানালা দিয়ে আনন্দ আসে, বেদনাও আসে। কিন্তু দরজার কী খবর? দরজাটা ঠিকঠাকমতো লাগানো আছে তো? সব ভালোরই মন্দ আছে। ক্রিকেট আমাদের জাগিয়ে রাখছে, আবার ঘুমিয়েও দিচ্ছে। ব্যাংক থেকে টাকা লোপাট হচ্ছে, এটা তেমন কিছু না। বাংলাদেশ থেকে বছরে ৯০০ কোটি ডলার, অর্থাৎ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬ শতাংশ পাচার হয়ে যাচ্ছে {সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ​ও দেশের অন্যতম শীর্ষ অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন), খবরটা কোনো সাড়াই জাগাল না। সুন্দরবনের শ্যালা নদীতে আবারও সাড়ে বারো শ মেট্রিক টন কয়লাবাহী জাহাজ ডুবেছে। ইউনেসকোর প্রতিনিধিদল আসছে সুন্দরবনের ক্ষয়ক্ষতি দেখতে। আগেরবার তেলের জাহাজডুবি হয়ে বিস্তর ক্ষতি হয়েছিল বাংলাদেশের এই সবুজ সুরক্ষা প্রাচীরের। এবারের কয়লাও ক্ষতি করবে অনেক। কিন্তু জাতি নির্বিকার। এ কেমন বিনোদন, যার জন্য বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে থাকতে হবে?

এই প্রেক্ষিত থেকে দেখলে ক্রিকেটকে মনে হবে জনগণকে ঘুম পাড়িয়ে রাখার আফিম। কিন্তু এটা বললে সত্যের অর্ধেকটা বলা হয়। পিছিয়ে থাকা কোনো দেশে, যে দেশ বহুকাল পরাধীন থাকার অভ্যাসে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল, যে দেশে নতুন করে পরাশক্তিগুলোর চাপ বাড়ছে, সেই দেশে ক্রিকেট জাতীয় জাগরণের সহায়কও হতে পারে। একটা উদাহরণ দিলেই বিষয়টা বোঝা যাবে। বাংলাদেশ দলের ক্যাপ্টেন মাশরাফি সম্ভবত জাতীয়ভাবে জনপ্রিয়তম ব্যক্তিদের একজন। কেবল খেলার জন্য নন, নেতৃত্বের গুণাবলির জন্য। দল-মত-সম্প্রদায়ে বিভক্ত দেশে মাশরা​িফ যেন ঐক্যের প্রতীক। যে ত্যাগ ও সাহস নিয়ে তিনি বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন, যেভাবে দলের প্রতিটি সদস্যের দায়িত্ব নেন এবং ভাইয়ের মতো ভালোবাসা দেন, সেটা জনগণের মনে একজন আদর্শ নেতার আভাস জাগিয়ে তোলে। সম্ভবত এ জন্যই মাশরাফি হাসলে মানুষ হাসে, মাশরাফি কাঁদলে মানুষ কাঁদে। মাশরাফির প্রতি আস্থা জাতীয়ভাবে তরুণদের আত্মবিশ্বাসী করে তুলতে পারে। মাশরাফির মতো উদার, সাহসী, ত্যাগী ও বিচক্ষণ হয়ে ওঠার ইচ্ছাও জাগে অনেক কিশোর-তরুণের মনে। ক্রিকেট আফিম, ক্রিকেট ব্যবসা, ক্রিকেট রাজনীতি হওয়া সত্ত্বেও ক্রিকেটের এই উদ্দীপনা-জাগানিয়া ভূমিকার দিকেও চোখ রাখতে হবে।

ইতালীয় দার্শনিক বেনেদিত্তো ক্রোচে মনে করতেন, ইতিহাস আসলে মনের ইতিহাস। বিপরীতভাবে জার্মান দার্শনিক কার্ল মার্ক্সের চিন্তায় ইতিহাস কর্মের ও সংগ্রামের ইতিহাস। এ কথাও বলা যায়, ইতিহাস ব্যক্তি ও যৌথ মানুষের ইচ্ছাশক্তিরও ইতিহাস। ক্রিকেটের মাঠে ছেলেমেয়েদের মধ্যে আমরা আমাদের মনের আদল, কর্মের আস্থা ও ইচ্ছাশক্তির উত্থান–পতন দেখি।

জানালা দিয়ে প্রিয় দৃশ্য দেখতে দেখতে যদি আমরা ভুলে যাই, সদর দরজা দিয়ে অনেক সম্পদই চুরি হয়ে যাচ্ছে,
সেই দোষটা ক্রিকেটের নয়, সেটা আমাদের অতি আবেগী মনের দোষ। 

ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।