সাড়ে তিন লাখ লিটার ফার্নেস অয়েল নিয়ে সুন্দরবনের শ্যালা নদীতে জাহাজ ডুবেছে। ছবিতে দেখতে পেলাম, ছোট ছোট খালেও তেল ছড়িয়ে পড়েছে। কেউ বলছেন, ডলফিনরা ক্ষতিগ্রস্ত হয়েছে। পদস্থ একজন নৌ কর্মকর্তা বলেছেন, তেল ভেসে বঙ্গোপসাগরে চলে যাবে কিছুদিনের মধ্যে।
আমরা যা ভাবি, তেল-বিপর্যয় ম্যানগ্রোভ জঙ্গলে তার চেয়ে অনেক বেশি ক্ষতি করে। এত বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়াকে ছোটখাটো আণবিক বিস্ফোরণের ক্ষতির সঙ্গে তুলনা করা যেতে পারে। চার-পাঁচটা সিডর বা আইলা যে ক্ষতি করে দিতে পারত, তেল-বিপর্যয় ক্ষতি করবে তার চেয়ে বেশি। আর এ ক্ষতি বহাল থাকবে অন্তত আগামী ২০ বছর।
বাংলাদেশ সুন্দরবনের পশুর, ধলেশ্বর ও শিবশা নদীগুলো উভয় থেকে কমবেশি জলপ্রবাহ পেয়ে থাকে। বর্ষাকালে এ প্রবাহ যথেষ্ট বাড়ে। বৃষ্টিপাতের কারণে বর্ষার বাড়তি পানি জোয়ার-ভাটার মাধ্যমে সাগরে চলে আসে। শ্যালা নদী পশুর নদের পূর্ব-দক্ষিণ প্রবাহিণী শাখা। চাঁদপাইয়ের কাছে চচাং গাঙ নাম নিয়ে দক্ষিণমুখী হয়ে শ্যালার চরের কাছে ভাংরা নাম নিয়ে সাগরে পড়েছে।
শুকনো মৌসুমে সাগরজলের ঘনত্ব বাড়ে। ফলে ওপর থেকে চাপ না থাকায় ভাসা তেল জোয়ার-ভাটায় উত্তর-দক্ষিণে যাতায়াত করবে, সাগরে মিলিয়ে যাবে না। ছোট ছোট খাল, ভারানী, শীষে খাল ও ঝোরায় তেল ছড়িয়ে পড়বে। পূর্ণিমা বা অমাবস্যায় জোয়ার বড় হবে। বনের প্রায় ৯৫ শতাংশ এলাকায় গাঙের জোয়ারের পানি পৌঁছায়। জোয়ারের সঙ্গে তেলও সর্বত্র পৌঁছে যাবে। জলাবদ্ধ এলাকাগুলোয় তেল আটকে থাকবে।
পূর্ব সুন্দরবনের এমন জায়গায় ট্যাংকারটি ডুবেছে, যেখানে বনের সবচেয়ে সুন্দর ও পরিপুষ্ট সুন্দরীবাগানগুলো রয়েছে। বলতে গেলে এলাকাটা সুন্দরীরই একক ফলন এলাকা। এ এলাকাগুলোর গোলপাতাও উৎকৃষ্ট। সুন্দরবনের অন্য কোনো এলাকায় কুমিরের দেখা পাওয়ার নিশ্চিত সম্ভাবনা না থাকলেও এখানকার কমান্ডারের চর ও আন্ধারমানিক এলাকায় কুমির প্রায়ই দেখা যায়। কুমির ও গাঙ্গেয় ডলফিন, ইরাবতী ডলফিন সারা বছর এখানকার নদীগুলোর স্থায়ী বাসিন্দা। শীত মৌসুমে শ্যালার মোহনায় ইন্দোপ্যাসিফিক বা গোলাপি ডলফিন পরিযায়ী পাখি শিকারে আসে।
আমাদের সুন্দরবনে কোনো ইনডিজিনিয়াস প্রাণী নেই। কিন্তু সুন্দরবনে বসবাসকারী বেঙ্গল টাইগার, খাঁড়ির কুমির, শঙ্খচূড়, বার্মিজ পাইথন, নখহীন ভোঁদড়, চিতাবিড়াল, বাটপুর কাছিম, মাস্ক ফিনফুট, ম্যানগ্রোভ হুইসলার, ম্যানগ্রোভ পিটা, মদনটাক ইত্যাদি পশুপাখি বিশ্বব্যাপী বিপন্ন হিসেবে গণ্য। এরা সবাই এ এলাকার জঙ্গলগুলোয় বসবাস করে।
এ এলাকার উত্তরাংশ চচাং গাঙ থেকে পূর্বে ভোলা নদী পর্যন্ত, অর্থাৎ জয়মণি থেকে ধানসাগর এলাকার লোকালয়সংলগ্ন জঙ্গলের মাটি বেশ উঁচু—অমাবস্যা বা পূর্ণিমার জোয়ার ছাড়া পানি ওখানে পৌঁছায় না। এই এলাকায়ই বৈদ্যমারীর দক্ষিণে সোনামুখী বাঁওড় নামের একটি জলাভূমি আছে। পূর্ব-দক্ষিণে, নাংলী ও পানির হাটে জঙ্গলে জলাভূমি আছে। ভরা কটালের পানির সঙ্গে ভাসা তেল জলাভূমিতে ঢুকে স্থায়ীভাবে আটকে থাকবে।
খবর পেলাম, মৃগামারী শ্যালার মূল নদীর স্রোতোধারায় তেল অনেক কমে গেছে, কিন্তু পার্শ্ববর্তী খালগুলোয় তেল স্থায়ী হয়েছে। ম্যানগ্রোভ জঙ্গল চিরসবুজ, এরা এককালীন পাতা ঝরায় না। প্রতিদিনই কিছু মাত্রায় পাতা প্রতিটি গাছ থেকে জলে-স্থলে খসে পড়ে। ব্যতিক্রম পশুর, গেওয়া—এরা বছরে দুবার সব পাতা ঝরিয়ে দেয়।
ম্যানগ্রোভ যদিও জলাভূমির জঙ্গল, তবু এখানকার গাছপালা প্রচণ্ড জলকষ্টে থাকে। পানিতে এত লবণ থাকে যে গাছ তা শোষণ করলে মারা যাবে। বেঁচে থাকার জন্য গাছকে পাতা ও বায়বীয় শিকড়ের সহায়তায় পানি লবণমুক্ত করে পান করতে হয়। গাছের পাতা যাতে নিঃশ্বাসের সঙ্গে বেশি পানি ছাড়তে না পারে, সে জন্য গাছের পাতায় মোমের আস্তর থাকে। এই আস্তরের জন্য ম্যানগ্রোভের পাতা, ফল, ডালপালা সহজে পচে না, কিন্তু ক্রমেই ছত্রাকে আক্রান্ত হয়। সুন্দরবনের সাত-আট প্রজাতির কাঁকড়া, চিংড়ি, শামুক, ঝিনুক সেই ছত্রাকে আক্রান্ত পাতা কাটাছেঁড়া করে খাবার পায়। কাঁকড়া ও চিংড়ির পোনার প্রধান খাদ্যও এই ছত্রাক। আবার কাঁকড়া ও চিংড়ির পোনা খেয়ে বড় হয় পারশে, দাঁতনে, চিত্রা, নোনা ট্যাংরাসহ ছোট আকারের খাঁড়ির মাছের পোনা। পারশে ও দাঁতনে খেয়ে বড় হয় কাইন, ভেটকি, ভোল, জাভা, পাঙাশ, মেদ প্রভৃতি মাছ। এদের খেয়ে বাঁচে মানুষ, শুশুক ও কুমির। সুন্দরবনের ভোঁদড় পৃথিবীর ভোঁদড়ের জাতির মধ্যে আকারে সবচেয়ে ছোট। এরা মাছ খুব একটা খায় না। এদের পছন্দ বাগদা, গলদা, হরিণা, চাম্মা চিংড়ি ও কাঁকড়া। সুন্দরবনের মাটি প্রায় অক্সিজেনশূন্য। ফলে তেলের অণু ভাঙার ক্ষমতা সুন্দরবনের কাদার নেই।
সুন্দরবনের প্রাণিজ বায়োমাসে সবচেয়ে বড় অংশগ্রহণকারী হচ্ছে খাওয়ার উপযোগী কাঁকড়া। কোটি কোটি কাঁকড়ার গর্ত অক্সিজেনশূন্য বনের মাটিতে ভাটির সময় অক্সিজেনপ্রবাহ নিশ্চিত করে। এখন উপদ্রুত এলাকায় কাঁকড়ার গর্তগুলোয় আঠালো তেল লেপটে থাকবে।
জলের ওপর ভাসা তেলের স্তর মাত্র এক থেকে দেড় মিলিমিটার পুরু। কিন্তু এই আস্তর প্লাস্টিকের মতো নিশ্ছিদ্র, স্থিতিস্থাপক ও আঠালো। ফলে উপদ্রুত এলাকার জলভাগ বাতাসের অক্সিজেন পাবে না। বনের প্রাণিজ প্লাঙ্কটন রাতে এবং উদ্ভিদজাত প্লাঙ্কটন দিনের বেলা জনসমান্তরালে আসে। তেলের জন্য তারা দম আটকে মরবে। গাছের বায়বীয় শিকড় ও জঙ্গলের মাটিতে ইতিমধ্যেই তেল বসে গেছে। আগামী ২০ বছরের আগে তেলের এই কামড় ছাড়ার কারণ দেখি না। তেলের শ্বাসরোধকারী শক্তিতে মাস খানেকের মধ্যে ভোঁদড়, কুমির, ডলফিন, সাপ, মাছ, ব্যাঙ, গুইসাপ, বানর, মাছরাঙা, বক, শূকর ও ইগলের বড় একটা অংশ মারা পড়বে। হরিণ ও বাঘের ওপর প্রতিক্রিয়া হবে কিছুকাল পর, কিন্তু সুদূরপ্রসারী।
গাছপালার মধ্যে গর্জন, গরান, ঝানা, গুড়াল ও গোলপাতা ধুঁকতে ধুঁকতে বাঁচবে। কিন্তু সুন্দরী, বাইন, কেওড়া, পশুর, ওরা, হেতাল, গুদো ও শিংড়াগাছের দীর্ঘস্থায়ী ক্ষতি হবে। এরা অনেকটা এইচআইভিতে আক্রান্ত মানুষের মতো প্রতিরোধশক্তিহীন হয়ে মারাত্মকভাবে পোকারোগে আক্রান্ত হবে। সুন্দরী অত্যন্ত স্পর্শকাতর গাছ। এরাই সবচেয়ে খারাপভাবে আক্রান্ত হবে বলে আশঙ্কা করছি। ম্যানগ্রোভ জঙ্গলের প্রতিবেশ-শৃঙ্খলের তিনটি প্রধান উপাদানের অন্যতম হচ্ছে গ্যাস আদান-প্রদান। তেলের স্তর ঠিক এখানটায় প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। অর্থাৎ, আমরা যা পাচ্ছি তা হলো, আণবিক বোমার প্রাথমিক জ্বলন্ত ধাক্কাটি ছাড়া পরবর্তী সব উপসর্গই উপস্থিত হবে।
আমাদের সুন্দরবনসংলগ্ন জনপদের লোকজন স্বাভাবিক অবস্থাতেই পানীয় জলের অভাবে থাকে। সাধারণের তেমন জলাচার না থাকলেও জেলে, বড়িয়াল ও চিংড়িপোনা সংগ্রহকারীদের পানিতে নামতে হয়। এই তৈলাক্ত পানি ব্যবহারে যেকোনো সময় আন্ত্রিক রোগ মহামারি হিসেবে দেখা দিতে পারে, চর্মরোগ তো অবশ্যই। যেসব মানুষ এখন তেল তোলায় নিয়োজিত, তারাও মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে। ইতিমধ্যে মাছের মড়ক শুরু হয়েছে। আধমরা মাছ অসাধু জেলের হাতে পড়ে বাজারে চলে যাওয়া অবাক হওয়ার মতো কোনো ঘটনা নয়।
প্রশ্ন হচ্ছে, তেল সরানোর উদ্যোগ কি যথাযথ? আরও কিছু কি করা যেত না?
সমুদ্রে তেল পড়লেও তা সহনীয় মাত্রায় নিয়ে আসতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচা করতে হয়। আমাদের সে সাধ্য নেই। যেটা করার, জনে জনে তেল তোলা, সেটাই করা হচ্ছে। তবে এটা যদি ডোবার দিন থেকেই করা যেত, বিশেষ করে ছোট খালের মুখগুলোয় চিংড়ির পোনা ধরা জাল দিয়ে আটকে দেওয়া হতো, তবে এত মারাত্মক পরিণতির সম্মুখীন হতো না সুন্দরবন।
তবে এ পথে জাহাজ চালু থাকলে আবারও দুর্ঘটনার আশঙ্কা প্রবল। রায়মঙ্গল দোবেঁকি দিয়ে আংটিহারা হয়ে আবার বজবজা দিয়ে শিবশায় ঢুকে যে জাহাজগুলো খুলনার মংলা আসে, দুর্ঘটনার আশঙ্কা সেখানেও রয়েছে।
খসরু চৌধুরী: সুন্দরবন বিশেষজ্ঞ।