ক্ষমতা জবরদখল উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দুকের নলে জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের ক্ষমতা জবরদখলের ৩৬ বছর পূর্তি ‘উদ্‌যাপন’-এর প্রস্তুতি চলছে। ২৪ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টি সমাবেশ করার অনুমতি পেয়েছে এমন একটি প্রেক্ষাপটে, যখন দেশের প্রধান বিরোধী দল বিএনপি অভিযোগ করে চলেছে যে তারা তাদের সভা-সমাবেশ করার অধিকার অনুশীলনে বাধার সম্মুখীন।

এটা জাতির জন্য নির্মম পরিহাসের যে জেনারেল এরশাদের জাতীয় পার্টির শীর্ষস্থানীয় নেতারা গুলশানের একটি কনভেনশন সেন্টারে ‘দুই দলের দুঃশাসন’ থেকে মুক্তির লক্ষ্যে ২৪ মার্চ ঢাকায় ‘লাখো জনতার ঢল’ নামাতে সাংগঠনিক প্রস্তুতি সভা করেছেন। সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দলকে ক্ষমতায় নেওয়ার লক্ষ্যে মনোনিবেশ করতে কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন ১৫ ও ৭-দলীয় জোট এবং বামঘেঁষা ৫-দলীয় জোটের সম্মিলিত আন্দোলনের মূলমন্ত্র ছিল, এরশাদ একজন অবৈধ ক্ষমতা দখলকারী। সাংবিধানিক শাসন নস্যাৎ করে, তিনি সামরিক আইন জারি করে রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের নির্বাচিত সরকারকে কূটকৌশলে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেছিলেন।

আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী বিএনপি ক্ষমতাচ্যুত হওয়ার কারণে আওয়ামী লীগ সেদিন তার সন্তোষ প্রকাশকে গোপন করেনি। কিন্তু রাজনৈতিক নৈতিকতা হিসেবে এরশাদের সামরিক শাসনকে কখনো গ্রহণও করেনি; বরং তারা কৌশলগতভাবে হলেও একজন সরকারি কর্মকর্তা হয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখলকে অসাংবিধানিক ও অবৈধ হিসেবে উল্লেখ করতেও মুক্তকণ্ঠ থেকেছে। তবে এরপরও আমরা দেখেছি যে ক্ষমতায় যাওয়া ও দলের নানা লাভ-ক্ষতির হিসাব–নিকাশ করতে গিয়ে এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনরত দলগুলো নানা পর্বে পরস্পরবিরোধী ভূমিকা রাখার প্রয়াস পেয়েছে। কিন্তু দেশের গণতন্ত্রকামী ছাত্র-শ্রমিক-জনতা সব ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় সামরিক শাসন এবং পরে প্রহসনের ভোটের মাধ্যমে রূপান্তরিত ছদ্মবেশী স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল।

একাত্তর-পরবর্তী জাতীয় ইতিহাসে বুকে-পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ লিখে শহীদ হওয়া একজন নূর হোসেন তাই আমাদের জাতীয় গণতান্ত্রিক আন্দোলন পর্বের সব থেকে সার্থক প্রতিনিধি। কিন্তু সাড়ে নয় বছরে অগণিত নেতা-কর্মীর অবর্ণনীয় দুঃখ-কষ্ট ও ত্যাগ তিতিক্ষার ফল হিসেবে পরের সাড়ে তিন দশকের বেশি সময়ে আমাদের যা ‘গণতান্ত্রিক অর্জন’ তা প্রত্যাশার তুলনায় অত্যল্প।

স্বৈরাচারবিরোধী আন্দোলনের মূল কুশীলবেরা ইচ্ছায় বা অনিচ্ছায় এমন কোনো ভূমিকা রাখতে পারেনি, যাকে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা কিংবা ঐতিহ্যগত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন বলে মূল্যায়ন করা যায়। বরং আমরা ‘পতিত স্বৈরাচারের’ (নব্বইয়ের দশকে তিন–দলীয় জোটের বহুল ব্যবহৃত শব্দ) সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির প্রতিযোগিতা যেমন দেখেছি, তেমনি বিএনপির আমলে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে বর্বরোচিত গ্রেনেড হামলা হতে দেখেছি।

এরশাদের সামরিক শাসন জারির ৩৬ বছর পূর্তিতে আমরা স্মরণ করব, সুপ্রিম কোর্টের পঞ্চম সংশোধনী, বিশেষ করে সপ্তম সংশোধনীর রায়; যেখানে এরশাদের ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করে রায় দেওয়া হয়েছে। এটা দুর্ভাগ্যজনক যে সপ্তম সংশোধনীর রায়ের আওতায় যেখানে তাঁর বিচার হওয়ার কথা, সেখানে আজ তিনি ও তাঁর দল মন্ত্রীর পদমর্যাদায় রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত। তাঁর দল এখন গণতন্ত্রের সবক দিচ্ছে, এমনকি এখন বিচার দূরে থাকুক, তাঁরা এখন সেই কালো দিবস উদ্‌যাপন করবেন। আমরা জাতীয় পার্টির সমাবেশ করার অধিকার স্বীকার করি। কিন্তু তাই বলে প্রকারান্তরে ‘সামরিক শাসন জারি উদ্‌যাপন’ করার যে ‘বাসনা’, তা অবৈধ এবং সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী।