
জিম্বাবুয়ের নগর ও শহরে লাখ লাখ উৎফুল্ল জনতা সেনাবাহিনীর অভ্যুত্থানের সমর্থনে রাস্তায় বেরিয়ে এসেছে। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাসীন দলের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্ব ও রবার্ট মুগাবের অসাধারণ রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটতে যাচ্ছে।
আফ্রিকার দক্ষিণাঞ্চলের এই নেতা ১৯৮০ সালে দেশটির স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন। এখন তাঁর জায়গায় হয়তো আফ্রিকান ন্যাশনাল ইউনিয়নের (জানু–পিএফ) নেতা এমারসন নানগাগওয়া ক্ষমতায় আসছেন। এই প্রস্থান সহজতর করতে মুগাবেকে হয়তো দক্ষিণ আফ্রিকায় নির্বাসনে পাঠানো হবে, যেখানে তাঁর পরিবার ও সহযোগীদের ব্যাপক জাঁকজমকপূর্ণ রিয়েল এস্টেট ব্যবসা আছে। কিন্তু গুকুরাহুনদি গণহত্যায় নানগাগওয়ার দায় আছে বলে লোকে তাঁকে বিশ্বাস করে না, যে সময় প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারায়। মূলত সংখ্যালঘু এনদেবেলে জাতিগোষ্ঠীর মানুষ এতে প্রাণ হারায়। এ ছাড়া ২০০৮ সালের নির্বাচনে তিনি অন্তর্ঘাত করেছিলেন এবং ২০০৮-১৬ কালপর্বে যে ব্যাপক হারে হীরা লুটপাট হয়েছে, তাতেও তাঁর দায় আছে। এমনকি মুগাবে নিজেও গত বছর অভিযোগ করেছিলেন যে হীরার খনি থেকে পর্যাপ্ত রাজস্ব আসছে না।
দেশটির দুর্নীতি দমন কর্মকর্তা ফারাই মাগুয়ু এই বিপুল চুরির সত্যতা নিশ্চিত করেছেন। আর নানগাগওয়া কুখ্যাত স্যাম পার সঙ্গে সিনো জিম্বাবুয়ে নামে যে যৌথ কোম্পানি গঠন করেছিলেন, তার জন্য সেনাবাহিনী জোরপূর্বক মারাঞ্জ খনি দখল করেছে। ২০০৮ সালের নভেম্বর মাসে সেনারা সেখানকার কয়েক হাজার খনিশ্রমিককে হত্যা করেছিল। সে কারণে মানুষের মধ্যে এমন উদ্বেগও সৃষ্টি হয়েছে যে অভ্যুত্থানের প্রতি মানুষের সমর্থন বা তার প্রতি সাময়িক প্রেমের মধ্য দিয়ে নৃশংস জানু-পিএফ দল বৈধতা পেয়ে যেতে পারে। এতে গণতান্ত্রিক রূপান্তর ও অর্থনৈতিক ন্যায্যতা নিশ্চিত করার গতি আরও কম হয়ে যাবে। জনপ্রিয় বিপ্লবের বাইরে যেটা প্রয়োজনীয়, তা হলো জাতীয় সরকার গঠন করা। এর জন্য চীন, ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা দাতাদের কাছ থেকে নগদ সহায়তার ব্যাপক প্রয়োজনীয়তা আছে।
জিম্বাবুয়ে ভেঙে পড়েছে। গত বছরের শেষ দিকে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ২০ কোটি ডলার মূল্যের নতুন মুদ্রা বাজারে ছেড়েছে। এর কারণ হচ্ছে মার্কিন ডলার ও দক্ষিণ আফ্রিকার রান্ড আনুষ্ঠানিকভাবে সেখানে গৃহীত হলেও বাজারে এই নোটের আকাল পড়েছে, এতে অর্থ পরিশোধব্যবস্থা ভেঙে পড়েছে। একই সঙ্গে নতুন করে অতি উচ্চমাত্রার মূল্যস্ফীতি হওয়ার সুযোগ আছে।
বেইজিংয়ের গ্লোবাল টাইমস সরকারি বাণী আওড়ালেও তারা ক্রমবর্ধমান হারে মুগাবের ব্যাপারে সতর্ক হয়ে উঠছে। চায়নিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্সের প্রদায়ক ওয়াং হংউই বলেছেন, ‘নানগাগওয়া একজন সংস্কারক, তিনি মুগাবের ত্রুটিপূর্ণ বিনিয়োগনীতি বাতিল করে দেবেন। এ রকম গরিব দেশে যিনিই ক্ষমতায় আসুন না কেন, তাঁকে অর্থনৈতিক সংস্কার করে বিদেশি বিনিয়োগের জন্য দরজা খুলে দিতে হবে...মুগাবের নীতির কারণে জিম্বাবুয়েতে চীনের বিনিয়োগ বাধাগ্রস্ত হয়েছে। সম্প্রতি কিছু প্রকল্প চাপের মুখে বন্ধ হয়ে গেছে এবং অন্যত্র চলে গেছে। ফলে ব্যাপক ক্ষতি হয়েছে।’ তবে হংউই এ কথা বলেননি যে স্যাম পা চীনা বিনিয়োগকারীদের মতোই ভাবছেন কি না।
শুধু বেইজিং নানগাগওয়ার শুভকামনায় প্রার্থনা করছে না, লন্ডনের টোরি ঘরানার ভূরাজনৈতিক সুবিধাবাদীরাও তা করছে। অনেক ব্রিটিশ অভিযোগ করলেও জিম্বাবুয়েতে তাদের রাষ্ট্রদূত ক্যাট্রিয়োনা লাইং তিন বছর ধরে ‘সম্পর্ক পুনঃস্থাপন এবং এটা নিশ্চিত করার চেষ্টা করছেন যে এর মাধ্যমে নানগাগওয়ার ক্ষমতায় আসা সহজ হবে।’ শোনা যাচ্ছে এর জন্য তারা ২০০ কোটি ডলারের আর্থিক সহায়তা দিয়ে তাদের উদ্ধার করবে।
ব্যবসার সক্ষমতা বাড়ানোর জন্য ‘অর্থনৈতিক সংস্কারের’ প্রয়োজনীয়তা থাকলেও এই ভয় পাওয়ার সব কারণই আছে যে মুগাবে পরবর্তী জানু-পিএফ শাসকেরা পুরোনো অভ্যাস ঝালিয়ে নেবে। অর্থাৎ, একদিকে নিপীড়ন, অন্যদিকে মুনাফা করা। আর্থিক সংকট যদি বড়দিনের মৌসুমেও থাকে এবং দাতাদের সাহায্য না আসে, তাহলে সেটা হতে পারে। জিম্বাবুয়েতে প্রায়ই আমলাতান্ত্রিক লুটপাটের সামনে অর্থনীতি বাধা হয়ে দাঁড়িয়েছে। মনে করা যেতে পারে, ২০০৮ সালে সেখানে বিশ্বের যে সবচেয়ে বাজে মুদ্রাস্ফীতি হয়েছিল, তার কারণে দেশটির আগের মুদ্রা বাতিল করতে হয়েছিল। এ জন্য নতুন বন্দোবস্ত দরকার।
তিন দশক ধরে জিম্বাবুয়ের সরকার ৯০০ কোটি ডলারের আন্তর্জাতিক ঋণ মাথায় নিয়ে চলছে। এখন তারা বিদেশি কোম্পানিগুলোকে মুনাফা বাবদ রেমিট্যান্সও পরিশোধ করতে পারছে না, যেটা তাদের পাওনা। এমনকি যেসব মৌলিক পণ্য দেশে উৎপাদন করা যায়, সেগুলো আমদানির ওপর রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা থাকলেও তাতে মুদ্রার স্বল্পতা কাটছে না। দেশটির পরবর্তী সরকারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। এ মাসে দেশটির ব্যাংক-ব্যবস্থায় ৩০ কোটি ডলারের ফাস্ট ডিভ্যালুয়িং রিজার্ভ ব্যাংক কারেন্সি ঢোকানো হবে কি না এবং মার্কিন রাজস্ব বিভাগকে তার যে বিপুল জরিমানা দেওয়ার কথা ছিল, সেটা দেওয়া হবে কি না। ডোনাল্ড ট্রাম্পের রাজস্বমন্ত্রী স্টিভেন মুচিন এখনই ৩৮ দশমিক ৫ কোটি ডলার জরিমানা পরিশোধের দাবি করছেন, যেটা আগে ছিল ৩৮০ কোটি ডলার। মানবাধিকার লঙ্ঘনের দায়ে বুশ ও ওবামা প্রশাসন দেশটির ওপর ১৫ হাজার পৃথক নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
এরপর দেখা গেল, অভ্যুত্থানের সপ্তাহে হারারের স্টক মার্কেটের মূল্য ১৮ শতাংশ কমে গেল। সব শেয়ারের মূল্য ১ হাজার ৫০০ কোটি ১০ লাখ ডলার থেকে কমে ১ হাজার ২০০ কোটি ৪০ লাখে নেমে এল। আন্তর্জাতিক বিনিয়োগকারীরা ভয়ে শেয়ার বিক্রি শুরু করে দিলে এই পরিস্থিতি সৃষ্টি হয়।
ইউনিভার্সিটি অব জিম্বাবুয়ের এক আইনবিশারদ মুনিয়ারাদজি গোয়াইসি বলেছেন, ‘সম্ভাবনা আছে যে নানগাগওয়া, বিরোধী দল এমডিসি অভিজাত শ্রেণি ও সামরিক বাহিনী মিলে এক নতুন জাতীয় সরকার গঠন করতে পারে। শেষমেশ তারা শ্রমিকশ্রেণির ব্যাপারে ভীত, কারণ কঠোরতার কারণে বিদ্রোহ শুরু হয়ে যেতে পারে।’
মেইল অ্যান্ড গার্ডিয়ান থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন।
প্যাট্রিক বন্ড: উইটস স্কুল অব গভর্ন্যান্সের রাজনৈতিক-অর্থনীতির শিক্ষক।