ক্ষমতাবিন্যাসের গিরিখাতে কাতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি

আরবের অস্বচ্ছ কূটনীতিতে ঘটনাপ্রবাহ বাইরে থেকে দেখতে যেমনটা লাগে, সেটা বাস্তবে ও রকম নয়। সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর যে কাতারের সঙ্গে স্থল, বায়ু ও সমুদ্র যোগাযোগ বন্ধ করে দিয়েছে তার কারণটা কিন্তু ওপরে ওপরে সোজাসাপ্টাই মনে হয়। অর্থাৎ উপসাগরীয় দেশগুলো তাদের এই আমিরি প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে, এরা ইসলামিক স্টেটসহ ইসলামি চরমপন্থীদের সহায়তা দিচ্ছে।

ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটার বার্তায় এই দৃষ্টিভঙ্গি সমর্থন করে বলেছেন, সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরের সময় তিনি ‘চরমপন্থী আদর্শে অর্থায়নের’ বিষয়টি আলোচনা করেছেন। উপসাগরীয় অঞ্চলের যে নেতাদের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে তাঁরা সবাই ‘কাতারের দিকে ইঙ্গিত’ করেছেন। দোষারোপ করতে গিয়ে ট্রাম্প এ কথা বলেছেন।

এই গল্পের সুবিধা আছে, কিন্তু এখানে আরও কিছু শক্তি ক্রিয়াশীল। বাস্তবতা হলো, আঞ্চলিক কূটনীতির ভাষায় ‘ভ্রাতৃসুলভ’ প্রতিবেশীরা কাতারকে একঘরে করেছে। কারণ, তারা মধ্যপ্রাচ্যবিষয়ক যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও ইসরায়েলের সম্মিলিত দৃষ্টিভঙ্গি মেনে নেয়নি।

সন্দেহ নেই, কাতারের আল-থানি শাসকগোষ্ঠী সিরিয়ার বাশার আল-আসাদের বিরুদ্ধে যুদ্ধরত গোষ্ঠীকে অর্থায়ন করেছে। এ ছাড়া তারা মুসলিম ব্রাদারহুডকে সমর্থন দিয়ে মিসরসহ বিভিন্ন আরব দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে। কিন্তু এসব মূলত বৃহত্তর আঞ্চলিক খেলায় স্রেফ আনুষঙ্গিক খেলা ছাড়া কিছু নয়। এমনকি সৌদি আরবের এই ধরনের দৃশ্যমান ভণ্ডামি গায়ে না মাখলেও তারা যেভাবে সিরিয়ার সুন্নি গোষ্ঠীকে সমর্থন দিয়েছে এবং ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করেছে, তাতে তার এই অভিযোগ শুনে ক্লান্ত হতে হয়, কারণ মানুষ এগুলো ভালোভাবে জানে।

আরও গুরুতর যে পাপের কারণে কাতার শাস্তি পেল তা হলো, দেশটি ইরানকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি হিসেবে মেনে নিতে ইচ্ছুক। শুধু তা-ই নয়, কাতার মনে করে, হামাস ও হিজবুল্লাহর মতো রাজনৈতিক-ইসলামিক শক্তিগুলো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা পালন করতে পারে। খোলাখুলি বললে, কাতার ৪০ বছর ধরে চলে আসা ব্যবস্থা মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে। একই সঙ্গে তেহরানকে আক্রমণ করা, সামরিক শক্তিকে আরও বলবান করা এবং রাজনৈতিক ইসলামকে দমন করা এই অঞ্চলের জন্য সঠিক পথ, এই দৃষ্টিভঙ্গিও তারা গ্রহণ করেনি।

কিন্তু ব্যাপারটা হয়েছে কী, সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরকারের কাছে এ ধরনের ভিন্ন চিন্তা শুধু অগ্রহণযোগ্যই নয়,
তা রীতিমতো ধর্মবিরুদ্ধ। এই শক্তিগুলো মুখে মধ্যপ্রাচ্যের শান্তির কথা বলে। কিন্তু ক্রমেই সংকীর্ণ স্বার্থে তাদের চিন্তা পরিচালিত করতে শুরু করেছে। এই ক্ষুদ্র দৃষ্টির কারণে তাদের মধ্যে জোট গঠনের সম্ভাবনা সুদূরপরাহত।

তবে এসব কথা বলে কিন্তু কাতারকে নিরপরাধ বানানোর চেষ্টা করছি না। তারা সমালোচনার ঊর্ধ্বে নয়। আরব বসন্তের পর সে যেভাবে রাজনৈতিক সংস্কারের কুলগুরু হওয়ার ভাব নিল, তার সঙ্গে দেশটির প্রায় সামন্ত্রতান্ত্রিক শাসনব্যবস্থার অমিল অত্যন্ত প্রকট; যার মাধ্যমে শাসক আল-থানি পরিবার ও প্রায় ২ লাখ কাতারি নাগরিক ২০ লাখ অভিবাসীর ওপর ছড়ি ঘোরান।

২০২২ সালের ফুটবল বিশ্বকাপ উপলক্ষে দেশটিতে নির্মাণযজ্ঞ চলছে। এতে কর্মরত প্রবাসী শ্রমিকদের দুর্দশার ব্যাপারটি ব
্যাপক প্রচারণা পেয়েছে। কিন্তু দেশটিতে এমন আরও অনেক অপপ্রথা চলছে, যার সম্পর্কে মানুষ তেমন একটা জানে না। বর্তমান আমিরের পিতাকে উৎখাতের সৌদি ষড়যন্ত্রের অভিযোগে ২০০৪ সাল একটি গোষ্ঠীর ৫ হাজার সদস্যের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল।

দোহার সঙ্গে এই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তের সাফাই গাইতে সৌদি আরব বলেছে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি সম্প্রতি ইরানের প্রশংসা করেছেন। কাতার এটা ‘ভুয়া খবর’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। তারা আরও বলেছে, তাদের জাতীয় সংবাদসেবা হ্যাক করা হয়েছে, এই ভুয়া খবরটি যার একটি অংশমাত্র।

এই উত্তেজনা নতুন কিছু নয়। ইরান বা হামাস ও হিজবুল্লাহ সম্পর্কে কাতারের এই দৃষ্টিভঙ্গি কিন্তু নব্য ধর্মান্তরকরণের ফল
নয়। এক অর্থে কাতার বারাক ওবামার ইরানের সঙ্গে সম্পর্কিত হওয়ার নীতি গ্রহণ করেছে, যার পরিণতিতে ২০১৫ সালে ওই পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই কূটনৈতিক সমীকরণ ও দেশটিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি থাকার কারণে দোহা কিছুটা মার্কিন সুরক্ষা পায়, যেখানে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্বার্থ রয়েছে।

কিন্তু যুক্তরাষ্ট্রে নতুন ও ভিন্ন সরকারের আগমনে সব পাল্টে গেছে। ট্রাম্পের চারপাশের মানুষেরা ইরানি প্রভাব ও ‘চরমপন্থী ইসলামি সন্ত্রাসবাদ’ দ্বারা আচ্ছন্ন। সৌদি আরব যৌক্তিকভাবেই সিদ্ধান্ত নিয়েছে, এখন কাজে নামার সময়। আবার কাতারকে শাস্তি ও ইরানকে বিচ্ছিন্ন করে দেওয়ার সঙ্গে ইসরায়েলের কৌশলগত স্বার্থ মিলে যায়, কারণ সে উত্তরে হিজবুল্লাহ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে গাজায় হামাসকে মোকাবিলা করছে।

যুক্তরাষ্ট্রের নতুন বিন্যাসের মাঝে আটকা পড়ে কাতার বুঝতে পারছে, প্রতিষ্ঠিত গোঁড়ামির বিরুদ্ধে গেলে মূল্য দিতে হয়।

অনুবাদ: প্রতীক বর্ধন, দ্য নিউইয়র্ক টাইমস থেকে নেওয়া।

রেমন্ড ব্যারেট: দুবাই ড্রিমস: ইনসাইড দ্য কিংডম অব ব্লিং গ্রন্থের লেখক।