
একদল তরুণের সঙ্গে দৌড়ে দৌড়ে স্লোগান দিচ্ছে একটি তরুণী: ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন! লালবাগে মাইকে বাজছে শহীদ জিয়ার ‘দেশপ্রেমী’ বন্দনা ও জিহাদের গান! রাস্তায় ‘বিএনপি-জামায়াত-সুশীলদের’ বিরুদ্ধে ‘আইনের বাংলা’ প্রতিষ্ঠার ডাক দিচ্ছেন এক বৃদ্ধ রিকশাচালক! মোড়ে মোড়ে ক্ষমতার ওম পোহাতে পোহাতে সেলফি তুলছেন সরকার সমর্থকরা! দ্বিতীয় ৫ জানুয়ারির ঘোলাজলে ভাসা দৃশ্যগুলোয় কোন অকালের ইশারা!
‘আর ফিরতে নাও পারি’
তরুণেরা সবাই সুঠাম, সুবেশী। পায়ে কেডস। বাদামি রঙের জ্যাকেট আর নীল জিনস পরা এক তরুণীও সমানতালে দৌড়াচ্ছে। তালে তালে স্লোগান উঠছে। শান্ত শাহবাগ পার হতে থাকা অল্প কিছু গাড়ি থেমে গেল, পথচারীরা হকচকিত। সারা ঢাকা ঘুরে যাদের খুঁজছিলাম, পেয়ে গেলাম। জনা পঞ্চাশেক তরুণের ধাবমান মিছিল। বঙ্গবন্ধু হাসপাতালের সামনে থেকে ততক্ষণে তারা পৌঁছে গেছে রূপসী বাংলা হোটেলের সামনে।
|তাদের ঠিক পেছনে লাল পাজেরো গাড়ি থেকে কেউ একজন নামলেন। হাতে ওয়াকিটকি। ঢুকে গেলেন সাকুরার গলিতে। মিছিলটিও স্লোগান থামিয়ে দৌড় শুরু করল দিগ্বিদিক! চোখমুখ কঠিন, মুখ খুলল না কেউ। একজনকে পেলাম পরীবাগের রাস্তায়। সাধারণ পথচারী হয়ে গা–ঢাকা দিচ্ছে এক যুবক।
২২-২৩ বছর বয়স। গ্যাবার্ডিনের প্যান্ট, গায়ে লম্বা হাতা গেঞ্জি, পায়ে কাপড়ের জুতা। চোখে চোখ পড়তেই বুঝে ফেললাম, ছেলেটি ওই ‘বেআইনি’ ঝটিকা মিছিলের লোক। নাম বলেনি। পড়ছে ঢাকা কলেজে, থাকে কলাবাগানের দিকে কোথাও। বাড়িতে মা আর পাঁচ বোন। বড় ভাইয়ের চাকরিই ভরসা। সকালে মায়ের নিষেধ ডিঙিয়ে ‘আর ফিরতে নাও পারি’ বলে বেরিয়েছে। এখন অবশ্য বাড়িতেই ফিরছে; আবার সন্ধ্যায় বেরোবে।
বললাম, কীভাবে খবর পান কোথায় জমায়েত হতে হবে? বলল, মোবাইলে খবর আসে, অন্য ব্যবস্থাও আছে। শাহবাগের মিছিলে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকরামুল হাসানও ছিলেন। ছেলেটিই জানাল, তিনিও গা-ঢাকা দিচ্ছেন এখন। আর তরুণীটি? সে পড়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, দলের প্রতি নাকি ‘খুবই ডেডিকেটেড’।
এ রকম ঝটিকা মিছিল থেকেই নয়াপল্টনে পুলিশের মোটরসাইকেল পোড়ানো হয় দুপুর ১২টার দিকে। সেখানে এই ছেলেটির মতোই একজন গুলিবিদ্ধও হয় পুলিশের হাতে। মিছিলের তরুণটির দাবি, তারা লড়ছে গণতন্ত্রের জন্য; শহীদ জিয়ার সৈনিক তারা। ছেলেটির চোখমুখ উত্তেজনা-আবেগে লাল। কণ্ঠে জোশ। বিরোধী দলে থাকার সময়ে ছাত্রলীগের কোনো কোনো কর্মীকেও দেখেছি এ রকম সংগ্রামের জোশে ভাসতে। শাহবাগেও দেখেছি হাজারো জনকে। হায়! এই তরুণেরা যদি এক হতো সঠিক পথে?
আইনের বাংলা কবে অইব?
কারওয়ান বাজারের মোড়ে আটকালেন ট্রাফিক পুলিশ। রিকশা চলাচলে নিষেধ রাজপথে! বললেন, ‘একটা পাউরুটি আর এক গ্লাস পানি খেয়ে ডিউটি করতেছি সকাল সাতটা থেকে। এক বছরের যত না কষ্ট; সব আজ পাইছি।’ সেই তুলনায় পুলিশের কাজ কম। তারা মোড়ে মোড়ে শীতের রোদ পোয়াচ্ছে। রাজপথের চাইতে গলির ভেতরই তাদের আনাগোনা বেশি। বিএনপি-জামায়াতের কর্মীদের কৌশলও মনে হলো, গলি থেকে বেরিয়ে মিছিল করে আবার পালানো। তাই গলির মুখে পুলিশি ছিপি সবখানে।
প্রেসক্লাবে তখনো হামলা-ঘাপলা শুরু হয়নি। ভেতরে বিএনপি–সমর্থিত সাংবাদিকদের সভা, রাস্তায় প্রজন্ম লীগের ফেট্টি বাঁধা কর্মীরা সার বেঁধে চেয়ারে বসা। এ দৃশ্য পেেরাতেই হাইকোর্টের মোড়ে এক বয়সী রিকশাচালকের চিৎকার। আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই যেন তাঁর ও দেশের শত্রু:‘স্বাধীন বাংলা হইছে, আইনের বাংলা হয় নাই! আমাগো ওপরে বইয়া আমাগো ঠকায়! সবাই লুটপাট করতাছে, লুটের মালে হাত দিলে সব ঠিক। সবাই এক হইলেই এক বচ্ছরেই দেশ টাইট!’ গজরাতে গজরাতে বৃদ্ধ মানুষটি রিকশা নিয়ে চলে গেলেন।
সবই এখন কৌতুক
নিস্তরঙ্গ পলাশীর মোড়ে চা খাচ্ছিল চারটি তরুণ। বুয়েটের ছাত্র। কোন ছেলের হাত থেকে বাঁচাতে কোন মাকে নাকি আটকে রাখা হয়েছে; সেই রটনা নিয়ে হাসাহাসি করছিল। চা নিয়ে তাদের পাশে বসলাম। ‘কেমন দেখছেন অবস্থা?’ বলতেই হেসে ফেলল সাদা চাদর পরা ছেলেটি। নাম কামরান। বলল, ‘ভাই, কিছু জিজ্ঞাসা কইরেন না, সবকিছুই এখন জোকস হয়ে গেছে। রাজনীতি নিয়ে আমরা কৌতুক করতে পারি, কিন্তু বেশি কথা জানতে চাইলেই “নো কমেন্ট”। আগে হলে আর কিছু না করি, চায়ের কাপে ঝড় তুলতাম। এখন সবই বুঝি, কিছু বলি না।’
এদিকে দোকানে বসলে কান্না আসে মোটর পার্টস ব্যবসায়ী তরুণ আরাফাতের। আজিমপুর চৌরাস্তায় আওয়ামী লীগের প্রায় দুই শ লোকের জমায়েতে ‘বড় ভাইয়ের’ ডাকে এসেছে বন্ধু কাম ভাগনে ফাহিমকে নিয়ে। ‘বুঝতাছি না কী হইতাছে’, বলল সে। ‘শুধু বুঝি দোকানে বইলে কান্না আসে, কাস্টমার নাই।’
কিন্তু তার নেতারা শোনালেন অর্থনৈতিক সমৃদ্ধির গল্প। লালবাগ থানার ৬২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গণি ও সাধারণ সম্পাদক মতিউর রহমান জামাল ২০১৯ সাল পর্যন্ত কী ঘটবে সব জানেন। জামাল বললেন, ‘জননেত্রীর শাসনে দেশ উন্নত হবে, মধ্যম আয়ের দেশ হবে। গণতন্ত্রে সবারই অধিকার, কিন্তু সন্ত্রাস করতে আসলে আমরা ঠেকাব। জননেত্রী শেখ হাসিনার প্রতি আমাদের ভরসা আছে।’ জিজ্ঞাসা করলাম, ঢাকার পুলিশ কমিশনার চারজনের বেশি রাজনৈতিক জমায়েত বা মানববন্ধন নিষিদ্ধ করেছেন। তাহলে আপনারা জমায়েত করছেন কীভাবে? তাঁর চৌকস উত্তর, ‘জমায়েত কই? এইখানে আমরা রোদ পোহাইতেছি’। সানগ্লাসে লুকানো তাঁর চোখ দেখতে পেলাম না। কিন্তু তিনি আত্মবিশ্বাসী। বললাম, ‘বিরোধী দল না থাকলে তো ২০১৯ সালেও আপনাদের একা একাই নির্বাচন করতে হবে।’ উত্তরে হেসে বললেন, ‘কেন এরশাদ আছে না?’ পাশের কর্মীরা মোবাইল ফোনে সেলফি তুলছেন। এমন আত্মপ্রেমের সেলফি তুলতে ব্যস্ত যারা, তারা অন্যদের দেখবে কীভাবে?
লালবাগে জিহাদি গান
লালবাগের আতশখানা মোড়ের চায়ের দোকানি আবুল কাশেম খুশি, আজ ঢাকায় বড় মারামারি হয়নি। ‘আমি চাই শান্তি, অঘটন চাই না। অশান্তির মইধ্যে পেট চলবো? দ্যাশে কোনো ভাল দল নাই, হেরা যত দিন আছে তত দিন শান্তি আইব না। ভাল আমরাই, যারা দোহানে বইসা চা-বিস্কুট খাই।’ সেখানে বসা ভাঙ্গারি ব্যবসায়ী রহমান বলেন, ‘প্রতিবাদ করলে ফুটুশ কইরা দ্যাবেনে। বাইরাইব কারা? যারা বাইরাইবো হেগো তো আগের রাইতেই ধইরা রাখছে বাড়ি বাড়ি গিয়া।’ তিনি আগের রাতে এলাকার বিএনপি নেতাকে গ্রেফতারের কথাই বলছিলেন। বললাম, তাঁর বাসায় তো ককটেল পাওয়া গেছে। চায়ের দোকানির জবাব, ‘আমি তো চউক্ষে দেখি নাই, আমি কেমনে কমু’? বুয়েটের ছাত্রদের কথাটাই সত্য, মানুষ কথা বলছে না মন খুলে, অচেনা কাউকে বিশ্বাসও করছে না।
আতশখানা মোড়ে মদিনা মিষ্টান্ন ভান্ডারের সামনে বিরাট বিরাট দুটি সাউন্ডবক্সে গান বাজছে। সারা ঢাকায়ই আওয়ামী লীগের উদ্যোগে বাজছে দেশাত্মবোধক গান ও ৭ মার্চের ভাষণ। কিন্তু লালবাগে এ কী? আওয়ামী লীগের গণতন্ত্র বিজয় দিবসে শহীদ জিয়ার গান? জিহাদের ডাক, ঐক্যের ডাক? গানের এই আয়োজন করেছেন মো. শফিক। বললেন তাঁর সঙ্গে আছেন, মো. সেলিম রেজা ও মো. হারুনর রশীদ। এ রকম তিনটি পয়েন্টে গান বাজছে সাবেক আওয়ামী লীগার বর্তমানে স্বতন্ত্র সংসদ সদস্য হাজি সেলিমের উদ্যোগে, দাবি করলেন শফিক। বিনা বাদ্যযন্ত্রে শিশু ও তরুণের কণ্ঠের ইসলামি গানগুলোর একটির কথা এমন: শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে ৩৬০ আউলিয়া/ সোহরাওয়ার্দী, শেরেবাংলা, ভাসানী, শেখ মুজিব, শহীদ জিয়া/ বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার, তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবানি।’ গানের কথায় ভিনদেশি রাজাকার ঠেকানোর জিহাদেরও ডাক!
বঙ্গবন্ধুর প্রতিবাদ
রাস্তায় ছেঁড়াখোঁড়া বিরোধী দলের ছিটেফোঁটা হাজিরানা। কোনো জনসভা হয়নি। কেবল মোড়ে মোড়ে বঙ্গবন্ধুর অবিস্মরণীয় কণ্ঠে ৭ মার্চের বক্তৃতা বেজে গিয়েছে। পিতাসুলভ কণ্ঠে তিনি বলে চলেছেন: আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়।...যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।...আমরা এ দেশের মানুষের অধিকার চাই।...এ দেশকে আমরা গড়ে তুলবো। এ দেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মুক্তি পাবে।
বঙ্গবন্ধু পাকিস্তানের ২৩ বছরের বঞ্চনার ইতিহাসের কথা বলে মানুষকে এক করেছিলেন। আজ ৫ জানুয়ারি, ২০১৪ সালে ঢাকার অনেক মানুষের মুখেই শুনেছি ৪৩ বছরের বঞ্চনার কথা। বঙ্গবন্ধুই যেন আজ বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে দোষারোপ করে বলছেন, ‘কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয় ২৩ (৪৩?) বৎসরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। ২৩ বৎসরের ইতিহাস মুমূর্ষু নর-নারীর আর্তনাদের ইতিহাস। বাংলার ইতিহাস- এ দেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস।’
বঙ্গবন্ধু লড়েছিলেন নির্বাচনী গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য। আজ বাংলাদেশের দুর্দিনে তিনিই যেন সবাইকে শুনিয়ে বলছেন, ‘বাংলার মানুষ মুক্তি চায়’! বঙ্গবন্ধুর এই ডাক কারও মনে যদি যাবতীয় অগণতন্ত্র ও দমন–পীড়নের বিরুদ্ধে প্রেরণা হয়, তাতে দোষ কি?
ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।