ক্ষুদ্র দৃষ্টিকোণ থেকে কর আরোপ করা উচিত নয়

ডিম পাড়া মুরগি জবাই করে খেয়ে ফেলবেন, নাকি সেই মুরগিকে বাঁচিয়ে রেখে দীর্ঘদিন ধরে ডিম খাবেন—দেশের স্বার্থে সরকারের উচিত এ বিষয়ে বাস্তবমুখী সিদ্ধান্ত নেওয়া। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট দেখে মনে হচ্ছে, সরকার ডিম পাড়া মুরগিকেই খেয়ে ফেলবে। না হলে তো অর্থমন্ত্রী রপ্তানিমুখী শিল্পের ওপর এভাবে হুট করে দেড় শতাংশ উৎসে করের বোঝা চাপিয়ে দিতেন না। শেষ পর্যন্ত এটি বহাল থাকলে অনেক শিল্পকারখানা তো টিকেই থাকতে পারবে না।
রপ্তানি বিশ্বে বাংলাদেশ একেবারেই শিশু। তাকে বড় হওয়ার জন্য সুযোগ-সুবিধা দেওয়া প্রয়োজন। তা ছাড়া, মনে রাখতে হবে, রপ্তানিমুখী খাত কিন্তু দেশের বাইরে থেকে ব্যবসা নিয়ে আসছে। তার ওপর ভর করে দেশে অনেক ধরনের ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসা হচ্ছে। বহু মানুষের কর্মসংস্থান হচ্ছে। ফলে কর আরোপের ক্ষেত্রে ক্ষুদ্র দৃষ্টিকোণ থেকে নয়, বরং বৃহৎ পরিসরে চিন্তাভাবনা করে করা উচিত।
বাংলাদেশে একটি দক্ষ উদ্যোক্তা শ্রেণি তৈরি হয়েছে। তারা জানে কীভাবে বিনিয়োগ করতে হবে। এ ছাড়া তাদের বড় ক্রেতাগোষ্ঠীও আছে। আরেকটি বিষয় হচ্ছে, বাংলাদেশে ৯০ শতাংশ উদ্যোক্তাই দেশি। বড় কোনো ঝামেলা হলেও তাঁরা কিন্তু দেশ ছেড়ে পালাবেন না। তাই দেশের উদ্যোক্তাদের সুযোগ-সুবিধা কিংবা নীতিসহায়তা দিতে তো সমস্যা থাকার কথা নয়। যেমন, পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের জন্য আমরা ১০ শতাংশ করপোরেট কর প্রস্তাব করেছিলাম। এটি দেওয়া হলে এই খাতের উদ্যোক্তারা নতুন করে বিনিয়োগ করতে পারতেন।
গত দুই বছরে বেসরকারি খাতে নতুন বিনিয়োগ হয়নি। এবার অর্থমন্ত্রী যে বাজেট ঘোষণা করেছেন, তাতেও বিনিয়োগ আসার সম্ভাবনা দেখি না। বিনিয়োগ বাড়াতে হলে করপোরেট বা প্রাতিষ্ঠানিক কর কমাতে হবে। ব্যক্তি ও সম্পদ কর হারও কমানো প্রয়োজন। তবে আমরা এও বুঝি, উন্নয়নকাজের জন্য সরকারের প্রচুর রাজস্ব দরকার। সে জন্য বড়দের ঘাড়ে করের বোঝা না চাপিয়ে করের আওতা (ট্যাক্স নেট) বাড়াতে হবে।
আমরা বিনিয়োগের জন্য বহু দিন ধরেই গ্যাস-সংকটের কথা বলছি। প্রস্তাবিত বাজেটে এ সংকট নিরসনে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) টার্মিনাল ২০১৮ সালে করার কথা বলেছেন অর্থমন্ত্রী। কিন্তু এখনো কাজই শুরু হয়নি। ফলে বিষয়টি নিয়ে আমরা আশ্বস্ত হতে পারছি না। এ ছাড়া বর্তমানে কোনো শিল্প স্থাপন করতে গেলে উচ্চমূল্যের কারণে জমির পেছনেই সিংহভাগ অর্থ ব্যয় হয়। অনেক সময় টাকা থাকলেও জমি মেলে না। এ সংকট দূর করতে সরকার বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) করার কথা বলছে। এখনো একটিও এসইজেড হয়নি। তাহলে কীভাবে উদ্যোক্তারা বিনিয়োগ পরিকল্পনা করবেন?
বর্তমানে অনেক পোশাক কারখানার মালিক পুরোনো বয়লার পাল্টিয়ে নতুন বয়লার বসাচ্ছেন। এগুলো চালাতে আগের চাহিদার চার ভাগের এক ভাগ গ্যাস লাগবে। এ ছাড়া বিদ্যুতের ওপর চাপ কমাতে বিদ্যুৎসাশ্রয়ী এলইডি বাতি ও মোটর লাগানো হচ্ছে। আবার কারখানার কর্মপরিবেশ উন্নয়ন করার চাপে আছেন মালিকেরা। তাই উদ্যোক্তাদের প্রচুর অর্থ বিনিয়োগ করতে হচ্ছে। ফলে তাঁদের একটু সময় দেওয়া দরকার।
অন্যদিকে পোশাক কারখানার সংস্কারকাজের জন্য জাইকা ১ শতাংশেরও কম সুদ হারে ঋণ দিচ্ছে। তবে বাণিজ্যিক ব্যাংক ঘুরে সেই অর্থ যখন মালিকদের হাতে পৌঁছায়, তখন সুদের হার দাঁড়ায় ৯ শতাংশ। আমি মনে করি, করের বোঝা চাপিয়ে দেওয়ার আগে এই ধরনের সমস্যাগুলোর সমাধান করা উচিত ছিল।
প্রত্যেক উদ্যোক্তাই একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বাজার যাচাই-বাছাই করে শিল্পে বিনিয়োগ করেন। সেখানে সরকারের বিদ্যমান নীতিসহায়তা ও কর কাঠামোও তাঁদের মাথায় থাকে। বছর বছর কর হার পরিবর্তন হলে উদ্যোক্তাদের পরিকল্পনা ভেস্তে যায়। অনেকে লোকসানের মুখে পড়েন। সে জন্য সরকারের উচিত প্রতি বাজেটে কর কাঠামোতে পরিবর্তন না এনে কমপক্ষে পাঁচ বছরের জন্য একটি ব্যবস্থা তৈরি করা। একটি উদাহরণ দিই, ভিয়েতনামে বর্তমানে প্রচুর বিদেশি বিনিয়োগ যাচ্ছে। কারণ, সেখানে শিল্প স্থাপনে সরকার গ্যাস-বিদ্যুতের সুবিধাসহ জমি দিচ্ছে। এ ছাড়া প্রথম চার বছর কর অবকাশের সুবিধা দেওয়া হয়। পরের নয় বছর ১০ শতাংশ হারে প্রাতিষ্ঠানিক কর নেয় ভিয়েতনাম। বাংলাদেশে এ ধরনের ব্যবস্থা করা না গেলে বিনিয়োগে গতি আসবে না।
আমাদের শিল্পকারখানায় প্রচুর বিদেশি শ্রমিক কাজ করেন। ফলে অনেক অর্থ দেশ থেকে চলে যায়। বাজেটের সবচেয়ে ভালো দিক হচ্ছে সরকার শিক্ষায় বরাদ্দ বাড়িয়েছে। একই সঙ্গে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায়ও গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে আমি মনে করি, ভবিষ্যতে বিদেশি লোক আর নিতে হবে না। দেশেই দক্ষ জনশক্তি তৈরি হবে।
ফারুক হাসান: জ্যেষ্ঠ সহসভাপতি, বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।