ক্ষুধা নিয়ে নতুন করে ভাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোমো কোয়ামে সুন্দরম
জোমো কোয়ামে সুন্দরম

দুনিয়ায় এখনো পুষ্টির সমস্যা রয়ে গেছে। যদিও মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের পানে আমরা অনেক দূর এগিয়েছি, এ সমস্যা এখনো আছে, তার পরিসরও নেহাত কম নয়, আবার এটা বেশ জটিল আকারও ধারণ করছে। এই লক্ষ্য হচ্ছে, উন্নয়নশীল দেশগুলোয় অর্ধভুক্ত মানুষের সংখ্যা অর্ধেকে নামিয়ে ফেলা। তবে এটা শুধু খাবার দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, নিশ্চিত করতে হবে, মানুষ যেন সঠিক খাবার যথেষ্ট পরিমাণে পায়। যাতে মানুষ স্বাস্থ্যকর ও উৎপাদনশীল জীবন যাপন করতে পারে।
১৯৪৫ সালের পর দুনিয়ার খাদ্য উৎপাদন তিন গুণ বেড়েছে। খাদ্যপ্রাপ্তিও বেড়েছে প্রায় ৪০ শতাংশ। শুধু গত এক দশকেই এশিয়া প্যাসিফিক অঞ্চলে সবজি উৎপাদন এক-চতুর্থাংশ পরিমাণ বেড়েছে, দুনিয়ার তিন-চতুর্থাংশ সবজিই এ অঞ্চলে উৎপাদিত হয়।
খাদ্য উৎপাদন এ হারে বাড়ার পরও দুনিয়ার অন্তত ৮০৫ মিলিয়ন মানুষ দৈনিক না খেয়ে ঘুমাতে যায়, এর মধ্যে ৭৯১ মিলিয়ন মানুষের বাস উন্নয়নশীল দেশগুলোয়। আবার মৌসুমি ক্ষুধার প্রকোপ থেকেও দুনিয়া মুক্ত হয়নি, যেমন বাংলাদেশের মঙ্গা। আর দুই বিলিয়নের অধিক মানুষ গোপন ক্ষুধায় ভোগে, এক বা একাধিক উপাদানের অভাবে অপুষ্টিতে ভোগে।
ক্ষুধা ও অপুষ্টির কারণে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা স্বাস্থ্যহীনতা ও অনুৎপাদনশীলতায় ভুগছে, তাঁদের কার্যক্ষমতা হ্রাস পাচ্ছে। তদুপরি, এর ফলে শিশুদের শারীরিক ও বুদ্ধিবৃত্তির বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে, তাদের রোগভোগ ও অপ্রাপ্ত বয়সে মৃত্যুর হার বাড়ছে। পাঁচ বছরের নিচে প্রতি চারজন শিশুর একজনের অপুষ্টির কারণে শারীরিক বৃদ্ধি বাধাপ্রাপ্ত হচ্ছে।
জন্মের প্রথম এক হাজার দিন পর্যাপ্ত পুষ্টির কোনো বিকল্প নেই (গর্ভধারণ থেকে শিশুর দ্বিতীয় জন্মদিন পর্যন্ত)। কিন্তু তার পরও ক্ষুধা ও অপুষ্টির কারণে শিশুমৃত্যুর ঝুঁকি বেড়েই চলেছে, বা বেঁচে থাকলেও তাদের পূর্ণ কর্মক্ষম মানুষ হওয়ার সম্ভাবনা কম থাকে।
উল্টোভাবে, ক্ষুধার সঙ্গে সঙ্গে মুটিয়ে যাওয়ার হারও বেড়ে যাচ্ছে। দুনিয়ার ১ দশমিক ৫ বিলিয়ন মানুষের ওজন বেশি, এর মধ্যে এক-তৃতীয়াংশ মানুষ মোটা হিসেবে বিবেচিত। এসব মানুষ আবার হার্ট অ্যাটাক, স্ট্রোক ও ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে।
ওজন বেড়ে যাওয়া আসলে শুধু বেশি খাওয়ার জন্য হয় তা নয়, সাধারণভাবে যা ধারণা করা হয়। আসলে এর কারণ হচ্ছে, বৈচিত্র্য ও ভারসাম্যপূর্ণ খাবারের ঘাটতি। ফলে, দুনিয়ার সামনে এখন চ্যালেঞ্জ হচ্ছে, সঠিক খাবার যথাযথ পরিমাণে প্রাপ্তি নিশ্চিত করা।
অর্থাৎ এমন একটি খাদ্য ব্যবস্থাপনা গড়ে তোলা দরকার, যেটা জনগণের প্রকৃত চাহিদা মেটাতে পারে। বিশেষ করে যারা সামাজিকভাবে নিগৃহীত ও অর্থনৈতিকভাবে প্রান্তিক অবস্থায় আছে, তাদের জন্য এ ব্যবস্থাপনা গড়ে তোলা দরকার। সাধারণত মা, শিশু, প্রাপ্তবয়স্ক ও অক্ষম ব্যক্তিরা অপুষ্টির শিকার হন। ফলে তাদের জীবনের খাদ্য অনিরাপত্তা ও অপুষ্টি রোধে বিশেষ নজর দিতে হবে।
আজকের প্রচেষ্টায় ভবিষ্যৎ প্রজন্ম যাতে উপকৃত হয়, সেটা নিশ্চিত করতে হবে। আবার বৈশ্বিক খাদ্যব্যবস্থা উন্নততর করতে হলে আমাদের অবশ্যই পরিবেশগতভাবে টেকসই ব্যবস্থা প্রণয়ন করতে হবে। বিশ্বনেতাদের চলমান খাদ্য উৎপাদন-প্রক্রিয়া খতিয়ে দেখতে হবে। এ ব্যবস্থায় প্রাকৃতিক জলাধার, মাছ, বন, মাটি ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। আরও খারাপ ব্যাপার হচ্ছে, খাদ্য মজুত ও পরিবহনের অপর্যাপ্ত আয়োজনের কারণেও বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে।
যথেষ্ট পরিমাণ পুষ্টিঘন খাদ্য উৎপাদন ও পরিবেশ রক্ষা—এ দুয়ের মধ্যে অবশ্যই ভারসাম্য বজায় রাখতে হবে। যেমন পশুপালনের কথাই ভাবুন: দুধ, ডিম, মাংস প্রভৃতি উচ্চ খাদ্যমানসমৃদ্ধ খাবারের উৎস হচ্ছে পশু। এর মাধ্যমে বহু মানুষ জীবিকাও নির্বাহ করছে। উৎপাদনব্যবস্থা টেকসই না হওয়া, এর সঙ্গে দুনিয়ার বিভিন্ন স্থানের অপচয়ী ও অতিরিক্ত ভোগের কারণে জলবায়ু পরিবর্তন, রোগবিস্তার ও পুষ্টিগত ভারসাম্য বিনষ্ট হচ্ছে।
কিন্তু রাজনৈতিক প্রতিশ্রুতির বদৌলতে বৈশ্বিক খাদ্য-উৎপাদনব্যবস্থা আমরা বদলে ফেলতে পারি। এ লক্ষ্যে একটি পদক্ষেপ হতে পারে এ রকম: দুনিয়ার সব খাদ্য কর্মসূচি ও নীতি যেন মানুষের পুষ্টি নিশ্চিত করে, আর তা যেন পরিবেশের জন্য টেকসই হয়। একই সঙ্গে খাদ্যসম্পর্কিত গবেষণা ও উন্নয়ন কর্মসূচি যেন পুষ্টিঘন খাদ্য উৎপাদনে ও খামারব্যবস্থার বহুমুখীকরণে জোর দেয়, তা নিশ্চিত করতে হবে। পানি, ভূমি, সার ও শ্রমশক্তি যেন আরও কার্যকরভাবে ব্যবহার করা যায়, সেটাও নিশ্চিত করতে হবে। আর এর ক্ষতিকর প্রভাব ন্যূনতম মাত্রায় নামিয়ে আনতে হবে। বাস্তুতন্ত্র টেকসই করার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ।
একইভাবে, স্থানীয় মানুষের উন্নত খাবার নিশ্চিত করতে হবে। এর জন্য সমন্বিত জনস্বাস্থ্য ও শিক্ষা প্রচারাভিযান প্রয়োজন। দরকার সামাজিক সুরক্ষার, যাতে মানুষের প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে ওঠার সক্ষমতা সৃষ্টি হয়—কর্মসংস্থান সৃষ্টি এবং আয় বৃদ্ধির কাজও করতে হবে।
শেষ বিচারে, বিদ্যমান ব্যবস্থা রূপান্তর করতে পারেন উৎপাদক ও বিতরণকারীরাই, কিন্তু তাঁদের সহায়তা ও উৎসাহ দরকার। সর্বোপরি, খামারিদের জীবিকার বিনিময়ে তো আর টেকসই পরিবেশ নিশ্চিত করা যাবে না।
উন্নত পুষ্টিমানের একটি অর্থনৈতিক তাৎপর্য আছে। এই অপুষ্টির কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতির সম্ভাব্য কল্যাণকর ফলাফল অন্তত ৫ শতাংশ হ্রাস পায়। অপুষ্টি হ্রাসে যে বিনিয়োগ হয় ও তার যে অর্থনৈতিক প্রাপ্তি—এ দুয়ের খরচ (কস্ট)/প্রাপ্তি(বেনিফিট) অনুপাত প্রায় ১:১৩।
রোমে যে দ্বিতীয় আন্তর্জাতিক পুষ্টি সম্মেলন হতে যাচ্ছে, সেটা আমাদের জন্য এক ঐতিহাসিক সুযোগই বটে। এতে আমরা সবার জন্য পুষ্টি নিশ্চিত করতে বিশ্বনেতাদের কাছ থেকে রাজনৈতিক প্রতিশ্রুতি আদায় করতে পারি। খাদ্যনিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতকরণে প্রয়োজনীয় বিনিয়োগ করতে না পারাটা নৈতিক ও অর্থনৈতিকভাবে অযৌক্তিক।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন; স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
জোমো কোয়ামে সুন্দরম: ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সহকারী মহাপরিচালক।