কয়লা আছে, ‘নীতি’ বাদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের কয়লা লইয়া আমরা কী করিব?’ এমন একটি প্রশ্নের জবাব খুঁজতে ২০০৫ সাল থেকে এ পর্যন্ত কয়লানীতির ১০টি সংস্করণ হয়েছে। তবে কোনোটিকেই এখনো আমরা চূড়ান্ত হিসেবে গ্রহণ করতে পারিনি। শেষ পর্যন্ত দেশের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে কয়লার ব্যাপারে একটি সিদ্ধান্ত পাওয়া গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কয়লা মজুদ রাখার ঘোষণা দিয়েছেন। কয়লানীতি চূড়ান্ত করার বিষয়টি আপাতত তবে শিকেয় উঠল বলেই মনে হচ্ছে। তবে ‘নীতি’ বাদ গেলেও ‘কয়লা’ বিষয়টি ঠিকই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, দেশে কয়লার ব্যবহার বাড়বে বিদ্যুৎ উৎপাদনে। কয়লা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে এখন আমদানি করে এ চাহিদা পূরণ করা হবে। প্রধানমন্ত্রী বলেছেন, ‘বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়লা আমদানি করা যায়। বিদেশ থেকে কয়লা আমদানি করে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র গড়ে তুলতে হবে’ (প্রথম আলো, ১৫ জানুয়ারি)। এমন সিদ্ধান্তের পেছনে প্রধানমন্ত্রীর যুক্তি হচ্ছে, ‘আমাদের দেশের ঘনবসতিপূর্ণ এলাকায় কয়লা মজুদ আছে। কিন্তু এসব কয়লা উত্তোলন করতে গিয়ে অনেক লোকের প্রাণহানি হয়েছে।’ তবে তিনি আশাবাদী, ভবিষ্যতে হয়তো এমন প্রযুক্তি আসবে, যখন কয়লা উত্তোলন না করেই সেখান থেকে শক্তি ব্যবহার করা যাবে।দেশের কয়লা না তোলার ব্যাপারে প্রধানমন্ত্রীর এ ধরনের একটি সিদ্ধান্তের পেছনে যে বিবেচনাটি কাজ করেছে তা যে রাজনৈতিক, তাতে কোনো সন্দেহ নেই। তেল-গ্যাস ও জাতীয় সম্পদ রক্ষা কমিটি প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সরকার সম্ভবত বিরোধী পক্ষগুলোর সংখ্যা কমাতে চাইছে। নানা দিকে বিরোধিতা মোকাবিলার চেয়ে আপাতত নির্দিষ্ট কিছু দিকের বিরোধিতা মোকাবিলাকেই কৌশল হিসেবে বেছে নিয়েছে। নির্বাচন সামনে রেখে এ ধরনের কৌশলে গুরুত্ব থাকতে পারে, কিন্তু সরকার জ্বালানি খাতে যে পরিকল্পনা নিয়েছে, তাতে এ ধরনের সিদ্ধান্ত আর যা-ই হোক বাস্তবসম্মত হিসেবে বিবেচিত হতে পারে না। জ্বালানি ও কয়লা খাতের বিশেষজ্ঞদের অনেকেই এ সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। বিদ্যুৎ উৎপাদনে সরকার যে পরিকল্পনা নিয়েছে তাতে কয়লা কতটুকু গুরুত্ব পেয়েছে, সেটা বুঝতে দু-একটি তথ্য-উপাত্তই যথেষ্ট। ২০১৬ সাল পর্যন্ত সরকারের বিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা, সেখানে সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা কয়লা দিয়ে। আর ২০৩০ সালের মধ্যে কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের কথা ১৯ হাজার ৬৫০ মেগাওয়াট। আমাদের কয়লা যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে দেওয়া হয় এবং এই ‘ভবিষ্যৎ প্রজন্ম’ যদি ২০৩০ সালের পরের প্রজন্ম হয়ে থাকে, তবে এ পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে আমদানি করা কয়লা নিশ্চয়ই একমাত্র ভরসা। আমদানি করা কয়লা দিয়ে ১৯ হাজার ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ! বর্তমানে বড়পুকুরিয়া থেকে কয়লা তুলে বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানো হচ্ছে। খনির পাশে ২৫০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রটির জন্য প্রতিদিন কয়লা লাগছে তিন হাজার মেট্রিক টন। এখন যদি কয়লা দিয়ে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হয়, তবে প্রতিদিন প্রয়োজন পড়বে ১২ হাজার মেট্রিক টন কয়লার। কয়লা আমদানি করা যায় যেসব জাহাজ দিয়ে, সেগুলোর সর্বনিম্ন ধারণক্ষমতা ৩০ হাজার মেট্রিক টন। এই ছোট (!) জাহাজগুলো আসার জন্য পানির যে গভীরতা দরকার, তা আমাদের দুটি বন্দরের একটিতেও নেই। আমদানি করা কয়লা দিয়ে মাত্র এক হাজার মেট্রিক টন বিদ্যুৎ উৎপাদন করতে হলে এ ধরনের একটি জাহাজ আড়াই দিনের চাহিদা মেটাবে। অর্থাৎ প্রতি আড়াই দিনে একটি জাহাজ কয়লা নিয়ে আমাদের বন্দরগুলোর বহির্নোঙরে ভিড়বে আর ছোট ছোট জাহাজে করে সেগুলো খালাস করতে হবে। এটি এক হাজার মেগাওয়াটের হিসাব। আর ২০১৬ সালের মধ্যে সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা কয়লা দিয়ে করতে হলে বন্দর দুটিকে সম্ভবত শুধু কয়লা আমদানির কাজেই লাগাতে হবে।দেশের কয়লা না ওঠানোর সিদ্ধান্ত আর কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা—এ দুটি কোনোভাবেই একসঙ্গে যেতে পারে না। কিন্তু সরকার সে পথেই এগোচ্ছে। ২২ জানুয়ারি কয়লাভিত্তিক পাঁচটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করছে পিডিবি। বাংলাদেশের তিনটি অঞ্চলে এ বিদ্যুৎকেন্দ্রগুলো নির্মিত হবে। ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল। নদী ও সমুদ্র তীরবর্তী এলাকায় এ কেন্দ্রগুলো নির্মিত হবে। পিডিবির ওয়েবসাইট অনুযায়ী, ঢাকা অঞ্চলে ৬০০ থেকে ৮০০ মেগাওয়াট ও ১০০ থেকে ৩০০ মেগাওয়াটের দুটি, চট্টগ্রাম অঞ্চলেও এ ধরনের দুটি ও বরিশাল অঞ্চলে ১০০ থেকে ৩০০ মেগাওয়াটের একটি। এ পাঁচটি বিদ্যুৎকেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদনক্ষমতা হবে আড়াই হাজার মেগাওয়াট। দরপত্র জমা দেওয়ার সময়সীমা হচ্ছে ২২ মার্চ আর এ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা ২০১৫ সালে। হাতে সময় মাত্র চার বছর। এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিনের কয়লার চাহিদা, সেই কয়লা বাংলাদেশে আমদানি করার সমস্যা আগেই উল্লেখ করেছি। এখন যে কেউ এর সঙ্গে আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি বিবেচনায় নিয়ে দেখতে পারেন। বাস্তবতার সঙ্গে মিল রেখে সরকার এগোচ্ছে কি? এ প্রশ্নের উত্তর পাওয়ার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই।বিদ্যুৎ উৎপাদনে যত ধরনের জ্বালানি ব্যবহার করা হয়, সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিবেশ দূষণকারী হচ্ছে কয়লা। সাধারণভাবে বলা হয় যে ১০ গুণ বেশি পরিবেশের দূষণ করে থাকে কয়লা। প্রতিটি ক্ষেত্রেই কয়লা পরিবেশ দূষণ করে। অন্য জ্বালানি যা করে না। কয়লা উত্তোলন পর্যায়ে, সরবরাহ পর্যায়ে, মজুদ পর্যায়ে ও বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে পোড়ানোর সময়— সব ক্ষেত্রেই দূষণের ঘটনা ঘটে। এ কারণে কয়লানির্ভর বিদ্যুৎকেন্দ্রগুলো সাধারণত খনির কাছাকাছি হয়ে থাকে। আর আমদানি করা কয়লার ক্ষেত্রে বন্দর বা যেখানে জাহাজ থেকে কয়লা সরাসরি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছানো যায় এমন স্থানে করা হয়, যাতে দূষণের মাত্রা সহনীয় করা যায়। এখন সরকার যদি কয়লা আমদানি করেই বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়ে থাকে, তবে শুরুতেই বিবেচনায় নিতে হবে যে কোথা থেকে ও কোন পথে কয়লা আমদানি হবে। ফলে এমন যায়গায় বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে হবে যাতে সহজে ও কম মাত্রার দূষণ করে কয়লা বিদ্যুৎকেন্দ্রে পৌঁছানো যায়। ২০১৬ সাল, মানে আগামী পাঁচ বছরে সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হলে প্রতিদিন দরকার ৭০ হাজার মেট্রিক টন কয়লা। বন্দর বা স্থলপথে যেভাবেই হোক এ সময়ে কয়লা আমদানি করে বিদ্যুৎকেন্দ্রে পৌঁছানোর সক্ষমতা যে অর্জন করা যাবে না, তা নিশ্চিত করেই বলা যাচ্ছে।বিদ্যুৎ উৎপাদন একটি নিরবচ্ছিন্ন ব্যাপার, এটি নিশ্চিত করতে হলে একটি নির্দিষ্ট পরিমাণ কয়লার মজুদ থাকা প্রয়োজন। পিডিবি কয়লা দিয়ে আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য যে দরপত্র আহ্বান করেছে, সেখানে বেসরকারি বিনিয়োগকারীকেই কয়লা আমদানি করতে হবে এবং কমপক্ষে দুই মাসের প্রয়োজনীয় কয়লা মজুদ রাখতে হবে। এ কয়লা মজুদ রাখার জন্য বিস্তর জায়গার দরকার। আর কয়লার মজুদ মানেই সেখানে আগুন লাগবে, এ স্তূপে পানি ছিটাতে হবে নিয়মিত। কয়লা যেখানে মজুদ রাখা হবে, তার আশপাশে যথেষ্ট পানি থাকবে, সেটা বিবেচনায় নিতে হবে। বন্দর বা সমুদ্রের কাছাকাছি প্রচুর মিঠা পানি মিলবে—এমন জায়গা খুঁজে পাওয়া কঠিন।কয়লা দিয়ে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে একটি বিদ্যুৎ কেন্দ্র তৈরির চুক্তি হলো গত রোববার। এক হাজার ৩২০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র হবে বাগেরহাটের রামপালে। সুন্দরবন থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে এ বিদ্যুৎকেন্দ্র পরিবেশের বিপর্যয় ঘটাবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের অনেকের। এ বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে দূষণ কম হবে বলে সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে ঠিকই। কিন্তু আমাদের এ সত্য মানতে হবে যে কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন সবচেয়ে বেশি পরিবেশ দূষণ ঘটায়। সুন্দরবনের এত কাছে এ ধরনের একটি বিদ্যুৎকেন্দ্র যে এ ম্যানগ্রোভ বনটির পরিবেশ ও জীববৈচিত্র্যে ক্ষতি করবে, তা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। এ কেন্দ্রটির জন্য প্রতিদিন কয়লা লাগবে অন্তত ১৬ হাজার টন। বিদ্যুৎকেন্দ্রটির জন্য বাগেরহাট বেছে নেওয়ার কারণ মংলা বন্দর। এ বন্দরের বর্তমান যে ক্ষমতা, তা দিয়ে এ পরিমাণ কয়লা আমদানি করা যাবে না। মংলা বন্দরে সক্ষমতা বাড়িয়ে কোনো না কোনোভাবে যদি এ কয়লা আমদানি করা সম্ভবও হয়, তারপর আসবে বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত এ কয়লা পরিবহনের বিষয়টি। প্রতিদিন যে বিদ্যুৎকেন্দ্রটির চাহিদা ১৬ হাজার টন কয়লা, ধারণা করে দেখুন তো কত ট্রাক লাগবে তা পরিহন করতে! কয়লা এমন এক জ্বালানি, যা পরিবহনের সময়ও পরিবেশ দূষণ করে ভয়াবহভাবে। বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার কি এ দূষণ ঠেকাতে পারবে?প্রধানমন্ত্রীর একদিকে দেশের কয়লা না ওঠানোর ঘোষণা, অন্যদিকে কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের তোড়জোড়—এ দুটির হিসাব মেলানো যাচ্ছে না। বিশেষ করে, বিশেষজ্ঞরা যখন বলছেন আমদানি করা কয়লা দিয়ে এ পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা অবাস্তব ও অসম্ভব। হিসাবটি তাহলে কী? সাধারণ যে ধারণাটি আমরা করতে পারি তা হলো, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু হয়ে যাবে, দু-একটি চালু করতে কয়লা আমদানি শুরু হবে, যখন কয়লা আমদানির বাস্তব সমস্যাটি দেখা দেবে তখন শুরু হবে দেশের কয়লা ওঠানোর কাজ। বেশ কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি বিষয়টি নিয়ে। একজন রহস্য করে, তবে বেশ জোর দিয়েই বললেন, ‘আগামী নির্বাচনে যাঁরাই ক্ষমতায় আসবেন, তাঁদের প্রথম কাজ হবে কয়লা তোলা।’ প্রধানমন্ত্রীর কয়লা না তোলার ঘোষণাকে তো তবে ‘রাজনৈতিক’ কৌশল হিসেবেই বিবেচনা করতে হচ্ছে। বোঝা যাচ্ছে, সাত বছর ধরে ঝুলে থাকা ‘কয়লানীতি’ অন্তত আগামী বছর দুয়েকের জন্য হিমাগারে যাচ্ছে। ‘নীতি’ বাদ দিয়ে কয়লা নিয়ে এগিয়ে যাওয়া ঠিক হচ্ছে কী?এ কে এম জাকারিয়া: সাংবাদিক।[email protected]