
শেষ পর্যন্ত আর ঠেকানো গেল না। আমাদের সবার চোখের সামনে দিয়ে খাঁচায় ঢুকে গেছে ও যাচ্ছে সংসদ ভবন। এই ভবনটি যে শুধু দেশের গণতন্ত্রের প্রতীকই নয়, বিশ শতকের নির্বাচিত ১০০ স্থাপনার একটি—তার কোনো গুরুত্বই যেন নেই আমাদের কাছে। এই অনন্য স্থাপনার চারপাশ দিয়ে যাঁরা যাতায়াত করেন, তাঁরা দেখবেন চত্বরটি ঘিরে যাচ্ছে আট ফুট উঁচু শিকের আড়ালে। জনগণের প্রতিনিধিরা যে ভবনে বসে দেশ পরিচালনার আইন ও বিধিবিধান ঠিক করেন, সেই ভবন এখন থাকবে শিকের ভেতরে। আর বিশ শতকের দুনিয়াসেরা দশ স্থপতির একজন লুই কানের এই শ্রেষ্ঠতম কীর্তিটি আমাদের দেখতে হবে শিকের ফাঁকফোকর দিয়ে!
সংসদ ভবনকে খাঁচায় ঢোকানোর কাজটি শুরু হয়েছিল ২০১৪ সালে। এ নিয়ে তখন পত্রপত্রিকায় লেখালেখিও হয়েছিল। প্রথম আলোতে আমার একটি লেখার শিরোনাম ছিল, ‘খাঁচায় ঢুকছে সংসদ ভবন’ (২৭ ফেব্রুয়ারি ২০১৪)। এসব লেখালেখির কারণেই কিনা জানি না, এরপর কাজটি বন্ধ হয়ে গিয়েছিল। এর ঠিক দুই বছরের বেশি সময় পর সেদিন দেখলাম মানিক মিয়া অ্যাভিনিউয়ের একটা বড় অংশে বেড়া দেওয়ার কাজটি সারা হয়েছে। মাঝে দেশের স্থপতিরা ও কিছু সচেতন মানুষ এক হয়ে লুই কানের এই স্থাপনাকে খাঁচায় পোরার বিরুদ্ধে আন্দোলনও করেছিলেন। এসব কোনো কিছুই শেষ পর্যন্ত কাজে দিল না। যাদের মাথা থেকে সংসদ ভবন চত্বরকে বেড়া দিয়ে ঘেরার অদ্ভূত ধারণা বের হয়েছে, শেষ পর্যন্ত তাদেরই জয় হলো! জীবনানন্দ দাশের ‘অদ্ভুত আঁধার’ কবিতার সেই লাইনটি বড় প্রসঙ্গিক মনে হয়, ‘পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া’।
আমাদের মনে আছে, এই স্থাপনাটিতে বেড়া দেওয়ার চেষ্টা হয়েছিল স্বৈরশাসক এরশাদের আমলেও। ওআইসি শীর্ষ সম্মেলনের সময় বেড়া দেওয়ার উদ্যোগ নেওয়া হলে স্থপতিদের আপত্তির মুখে তা বাদ দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত ‘গরু-ছাগল’ ঠেকানোর দোহাই দিয়ে হাঁটুর উচ্চতায় একটি গ্রিল দেওয়া হয়েছিল। সেটাই এত দিন টিকে ছিল। তবে তখন সংসদ ভবন চত্বর ছিল জনগণের জন্য খোলা। আশির দশকের শেষে ও নব্বইয়ের শুরুতে সেখানে বেড়ানোর স্মৃতি আমাদের অনেকেরই রয়েছে।
লুই কানের মূল নকশায় সংসদ ভবনের পূর্ব ও পশ্চিম দিকের লন ও দক্ষিণ প্লাজা নাগরিকদের জন্যই রাখা হয়েছে। খোলা জায়গাসহ সংসদ ভবনের যে স্থাপত্য নকশা, সেখানে জনগণের সঙ্গে তাদের নির্বাচিত প্রতিনিধিদের যোগাযোগ ও গণতন্ত্রের মূল চেতনার বিষয়টিই বিবেচিত হয়েছে। তাত্ত্বিক বা বাস্তব কোনোভাবেই মনে হয় আমরা আর সে জায়গায় নেই। ‘গরু-ছাগলের’ পর জনগণ সেখানে প্রবেশাধিকার হারিয়েছে বহু আগেই। আর এখন বেড়া দিয়ে এই ভবনটিকে জনগণ থেকে বিচ্ছিন্নই করে ফেলা হলো।
বিভিন্ন লেখার সূত্রে জেনেছি, এই স্থাপনার নকশা করার আগে দীর্ঘদিন এ দেশের পরিবেশ ও প্রকৃতিকে পর্যবেক্ষণ করেছেন লুই কান। ঘুরেছেন নৌকায় করে। সেই পর্যবেক্ষণ থেকেই এখানকার প্রকৃতি, গাছপালা, আলো-বাতাস ও পানি—এসব বিবেচনায় নিয়ে পুরো নকশাটি করেছিলেন তিনি। এই লোহার খাঁচা যে এই স্থাপনাটিকে মানুষ ও প্রকৃতি থেকে আলাদা করে ফেলছে, তা কে বোঝাবে আমাদের নীতিনির্ধারকদের!
আমাদের সংসদ ভবনের জন্য করা লুই কানের ‘মূল নকশার’ বিষয়টি সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় আসছে। সরকার সেটি আনারও উদ্যোগ নিয়েছে বলে আমরা জেনেছি। আরও জেনেছি, মূল নকশায় নেই এমন অনেক স্থাপনা সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে ফেলার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। নকশায় নেই এমন স্থাপনার মধ্যে জিয়াউর রহমানের কবরটিও রয়েছে। লুই কানের মতো একজন স্থপতির স্থাপনা তাঁর মূল পরিকল্পনা অনুযায়ী অবিকৃত রাখা হোক, সেটাই তো আমাদের চাওয়া। সরকারের চাওয়াও যদি তা-ই হয়, তাহলে তো এই স্থাপনার চারপাশে লোহার বেড়া বসানোর কথা নয়! অনুমান করি এই ‘মূল নকশার’ দোহাই হয়তো কিছু স্থাপনার ক্ষেত্রে কাজে লাগবে, সব ক্ষেত্রে নয়।
স্থপতি সাইফুল হক ও স্থপতি কাজী খালিদ আশরাফের উদ্যোগে ২০০২ সালে ঢাকায় ‘শেরেবাংলা নগর: লুই কান অ্যান্ড দ্য মেকিং অব আ ক্যাপিটাল কমপ্লেক্স’ শিরোনামে একটি প্রদর্শনী হয়েছিল। সে উপলক্ষে তাঁরা নানা কাগজপত্র জোগাড় করেছিলেন। তাঁদের সংগ্রহে থাকা সংসদ ভবনের নকশার বিভিন্ন কপি দেখার সুযোগ হয়েছিল। সেখানে ১৯৭৩ সালের জানুয়ারি মাসে লুই কানের চূড়ান্ত করা একটি নকশায় দেখা যায়, সংসদ ভবনের দক্ষিণ চত্বরটি পার্কসহ জনগণের জন্য খোলা রাখা হয়েছে। চারপাশে কোনো বেড়ার ব্যাপার নেই। মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে সীমানাজুড়ে ফোয়ারা ও ছোট খালের কথা বলা হয়েছে। এই খালটিই আসলে একটি বেষ্টনী হিসেবে কাজ করার কথা, নির্দিষ্ট প্রবেশপথ ছাড়া যা ডিঙিয়ে কেউ চত্বরে প্রবেশ করতে পারবে না। মূল নকশা বিবেচনায় নিয়ে আমরা লোহার বেড়ার বদলে পানির পরিখা তৈরি করছি না কেন? সৌন্দর্য বাড়ানোর জন্য নগরজুড়ে কত কিছু হয়, মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের সামনে নকশা অনুযায়ী ফোয়ারা করতে এত অনীহা কেন?
সংসদ ভবন ঘিরে বেড়া দেওয়া হচ্ছে এমন একটি যুক্তি দেখিয়ে যা খুবই সংবেদনশীল। ‘নিরাপত্তা’। এটা আমাদের দেশের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ বিবেচনা বটে। সংসদ ভবনের চারপাশে বেড়া দেওয়ার এই যে বিরোধিতা, তা কিন্তু এই স্থাপনাটির প্রতি অসম্ভব মমতা ও ভালোবাসা থেকেই। এই স্থাপনার নিরাপত্তা কোনোভাবেই নষ্ট হোক তা এই খাঁচাবিরোধীদের চাওয়াও নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, নিরাপত্তাই যদি এত বড় ইস্যু হয়, তবে এই লোহার বেড়ায় কি তা ঠেকবে?
বিভিন্ন স্থপতির সঙ্গে কথা বলে জেনেছি, এই স্থাপনাটির স্থাপত্য ডিজাইনের মধ্যেই এর নিরাপত্তাব্যবস্থার বিষয়টি নিশ্চিত করা
আছে। নিরাপত্তাবেষ্টনী পার না হয়ে মূল ভবনটিতে প্রবেশের সুযোগ নেই। তবে এটাও ঠিক যে আধুনিক নিরাপত্তার ধারণায় অনেক পরিবর্তন এসেছে, আবার নিরাপত্তা নিশ্চিত করার কৌশলেও এসেছে অনেক আধুনিকতা। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যেমন সংসদ ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তেমনি এর স্থাপত্য গুরুত্বকেও অস্বীকার করার সুযোগ নেই। বেড়া দিয়ে সংসদ ভবনের মতো স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকে আর যা-ই হোক আধুনিক নিরাপত্তা কৌশল হিসেবে বিবেচনা করা যায় না। পুরো স্থাপনাজুড়ে সিসি ক্যামেরা লাগিয়ে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা করে এর নিরাপত্তা নিশ্চিত করতে সমস্যা কোথায়? এমন একটি স্থাপনার জন্য এটুকু উদ্যোগ নেওয়া যায় না!
সমস্যা হচ্ছে, সবকিছুতে সহজ পথ ধরার অর্বাচীনতা আমাদের পেয়ে বসেছে। নিরাপত্তার দরকার, তো বেড়া দিয়ে ঘিরে ফেল সংসদ ভবন! কী সহজ সমাধান। ‘অদ্ভুত আঁধার’ কবিতার লাইনগুলো ঘুরেফিরে আসে, ‘যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা।’ আমরা সত্যিই উপায়হীন। আসলে আমরা সম্ভবত এমন একটি স্থাপনাকে ধারণ করার যোগ্য নই। বড়ই অপাত্রে ঠাঁই হয়েছে লুই কানের!
এ কে এম জাকারিয়া: সাংবাদিক।
[email protected]