খাঁটি প্রেম কখনো মরে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসা মরে না। সত্যিকারের ভালোবাসা কখনোই মরে না। তা বেঁচে থাকে চিরকাল। আপনাদের এ বিষয়ে একটা গল্প শোনাতে পারি। যদিও চিরকালীন ভালোবাসার এই অমর গল্প এরই মধ্যে আপনারা হয়তো শুনে থাকবেন। ইন্টারনেটে পড়ে থাকবেন।
ফুটবল খেলার ক্ল্যাসিক ম্যাচ। রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার মধ্যে খেলা হচ্ছে। এই খেলায় কে জিতবে কে হারবে এর ওপর নির্ভর করছে কে হবে এবারের চ্যাম্পিয়ন। টিকিট পাওয়া যাচ্ছে না। সব বিক্রি হয়ে গেছে।
এক ভদ্রলোক অনেক কষ্টে একটা দামি টিকিট কিনে গেছেন মাঠে, গ্যালারিতে বসে খেলা দেখবেন।
তাঁর সামনেই বসে আছেন একজন বৃদ্ধ। এই গ্যালারিটা খুবই দামি। এর টিকিট পাওয়া মানে সোনার হরিণ পাওয়া। পৃথিবীবিখ্যাত সাবেক ফুটবলাররা এখানে বসে খেলা দেখেন। বৃদ্ধের পাশের আসনটা খালি।
পেছনের ভদ্রলোক বৃদ্ধকে জিজ্ঞেস করলেন, কী আশ্চর্য! আপনার পাশের সিটটা খালি কেন? টিকিট পাওয়াই যায় না, এই অবস্থায় এত সুন্দর একটা সিট খালি থাকছে। অবিশ্বাস্য।
বৃদ্ধ বললেন, কী বলব, পাশের সিটের টিকিটটা আমারই কেনা। আমি এটা খালি রেখেছি।
কেন?
আসলে ওটা আমার বউয়ের জন্য কিনেছিলাম। আমরা ৪০ বছর ধরে এল ক্লাসিকো একসঙ্গে দেখে আসছি। আজই প্রথম আমি আমার বউকে ছাড়া খেলা দেখতে এসেছি।
কেন, আপনার স্ত্রী আসেননি কেন?
তিনি মারা গেছেন।
আহা। পেছনের ভদ্রলোক আফসোস করলেন। তাঁর মনের মধ্যে শ্রদ্ধার ভাব চলে এল। কী প্রেম! বউয়ের জন্য আসন খালি রেখে বৃদ্ধ খেলা দেখছেন।
‘তা আপনি আপনার কোনো ভাই, বন্ধু, আত্মীয়কে সঙ্গে আনতে পারতেন। পাশে একজন থাকলে আপনার মনে দুঃখবোধও কম হতো। আর আপনি একজন সঙ্গীও পেতেন আপনার পাশে।’
‘তা কী করব বলুন। অনেককেই বলেছিলাম। তারা কেউ এল না। সবাই খেলা দেখার চেয়ে আমার বউয়ের শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়াটাকেই বড় বলে ভাবছে। আসলে সবাই তো খেলার মূল্য বোঝে না।’
বছর শেষ হয়ে আসছে। আমাদের এই রকমের কত নেশা আছে, যেগুলো আমরা ছাড়তে চাই, ভালো হয়ে যেতে চাই, কিন্তু পারি না। বছরের শুরুতে আমরা প্রতিজ্ঞা করি, নতুন বছরের রেজুলেশন নিই, কিন্তু বছর শুরু হয়ে গেলেই তা আবার ভুলে গিয়ে আগের বছরের মতোই সবকিছু করতে থাকি। ধূমপায়ীরা ধূমপান ছাড়তে পারেন না, অতিরিক্ত ওজন নিয়েও আমরা আইসক্রিম-চকলেট খাওয়া ছাড়তে পারি না এবং ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুকে সময় কম দিয়ে সত্যিকারের কাগজের বইয়ে সময় দেওয়া শুরু করতে পারেন না।
আচ্ছা। বছর শেষ হয়ে আসছে। একটা ভালো গল্প না বলে লেখা শেষ করা উচিত নয়। ইন্টারনেট থেকে নিয়ে ইংরেজি থেকে বাংলা করছি, অবশ্যই ব্যাপক স্বাধীনতা নিয়ে।
২৭ বছরের একজন যুবক। তাঁর ক্যানসার। তিনি তাঁর মায়ের সঙ্গে একটা বাসায় থাকেন।
মাকে তিনি বললেন, মা, বাসায় শুয়ে-বসে থাকতে থাকতে হাত-পায়ে খিল ধরে আসছে। একটু কি বেরোতে পারি?
মা বললেন, মিনিট বিশেকের মধ্যেই ফিরে এসো।
যুবকটি বাড়ি থেকে বেরিয়ে রাস্তা পেরোলেন। উল্টো দিকেই ছিল একটা সিডির দোকান। কাচের দরজা দিয়ে যুবকটি দেখলেন, একটা ২২-২৩ বছরের তরুণী বিক্রেতা সিডি বিক্রি করছেন। যুবক দরজা ঠেলে ভেতরে গেলেন।
একটা সিডি তুলে নিয়ে তিনি এগিয়ে গেলেন কাউন্টারে। মেয়েটিকে বললেন, এই সিডিটা নিতে চাই।
মেয়েটা বললেন, আমি কি র্যা প করে দেব?
আচ্ছা দিন।
যুবকটি রোজ এভাবে বেলা ১১টার দিকে বের হন। ওই দোকানে যান। একটা সিডি বাছেন। র্যা প করিয়ে নেন মেয়েটিকে দিয়ে। আর দাম দিয়ে নিজের বাসায় ফিরে আসেন।
এভাবে এক দিন দুই দিন, এক মাস দুই মাস।
শুধু মেয়েটিকে একটু দেখবেন বলে, তাঁর সঙ্গে একটুক্ষণ কথা বলবেন বলে যুবকটি সিডির দোকানে যান, আর সিডি কিনে নিয়ে ফিরে আসেন।
ছয় মাস পরে যুবকটি মারা গেলেন।
মা ঢুকলেন তাঁর ছেলের ঘরে। ছেলে নেই। কিন্তু তাঁর স্মৃতি তো রয়ে গেছে ঘরে। মা দেখলেন, ছেলেটির ঘরে কত যে সিডি। সব রঙিন কাগজে মোড়ানো। তিনি মোড়ক খুললেন। দেখতে পেলেন, একটায় লেখা, এইটা আমার মোবাইল ফোন নম্বর। কোনো কিছু দরকার হলে ফোন করবেন।
একটায় লেখা, আমরা কি কাল একসঙ্গে একটা সিনেমা দেখতে যেতে পারি?
আরেকটায় লেখা, আপনি জবাব দিচ্ছেন না কেন? আপনাকে আমার ভালো লাগে।
আরেকটায় লেখা, আপনি জবাব দিন আর না দিন, আমি আপনার প্রেমে পড়ে গেছি, সেটা আমি আপনাকে বলবই।
আরেকটায় লেখা, আমি আপনাকে ভালোবাসি।
আরেকটায় লেখা, একটা কিছু বলো, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি।
মা সেই চিঠিগুলো হাতে নিয়ে অঝোর ধারায় কাঁদতে লাগলেন।
এই গল্পের উপদেশ হলো, সিডি কিনলে খুলে দেখুন। (ছেলেদের জন্য)
আর মেয়েদের জন্য উপদেশ হলো, ছেলেরা ইঙ্গিত বোঝে না, মোড়কের ভেতরে না লিখে বাইরে লিখুন।
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।