খাদিজা, আমরা আপনার উঠে দাঁড়ানোর অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদিজাকে নিয়ে আশার কথা শোনা গেছে। খাদিজা চোখ মেলেছেন, তাঁর হাত-পাও সাড়া দিচ্ছে। খাদিজার ওপর হামলার ভিডিওটি যাঁরা দেখেছেন, যেভাবে তাঁকে ক্রমাগত চাপাতি দিয়ে কুপিয়ে নিস্তেজ করে ফেলা হয়েছে, তাতে অনেকেই আশা ছেড়ে দিয়েছিলেন। আর ফেসবুকে স্ক্রল করতে গিয়ে যাঁরা তাঁর ক্ষতবিক্ষত মাথার ছবিটি দেখে ফেলেছেন, তাঁদের তো নিজেদেরই দম বন্ধ হওয়ার কথা। শুরুতে আশা রাখতে পারেননি চিকিৎসকেরাও। অবস্থা এতটাই খারাপ ছিল যে এ অবস্থা থেকে বেঁচে থাকার সম্ভাবনা ছিল মাত্র ৫ ভাগ। সেই খাদিজা এখন আমাদের আশা জাগাচ্ছেন। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ ও স্কয়ার হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ, যাঁদের জন্য আজ আমরা খাদিজাকে নিয়ে আশার কথা শুনতে পারছি।

চিকিৎসকেরা সফল হোক, খাদিজা আপনি বেঁচে উঠুন! ফিরে আসুন একদম আগের মতো স্বাভাবিক জীবনে। চিকিৎসকদের চেষ্টা আর দেশবাসীর দোয়া ও শুভকামনায় আপনি আবার ফিরে আসুন। আপনাকে শুধু আপনার মা-বাবা, পরিবারে লোকজন বা বন্ধুবান্ধব নন, আপনাকে আমরা পুরো দেশের মানুষ কেউই হারাতে চাই না। আপনি চোখ মেলেছেন, আমরা আপনার উঠে দাঁড়ানোর অপেক্ষায়! পরীক্ষা দিয়ে বের হওয়ার পর আপনার ওপর হামলা হয়েছে। আপনাকে বাকি পরীক্ষাগুলো দিতে হবে, দ্বিতীয় বর্ষ শেষ করে বিএ ফাইনাল পরীক্ষা দিতে হবে। আপনি এগোবেন, আমরাও সামনে এগোব!

যিনি আপনাকে কুপিয়ে মেরে ফেলতে চেয়েছিলেন, সেই ছাত্রলীগ নেতা বদরুল বা এমন যাঁরা আমাদের সমাজে রয়েছেন, তাঁদের জবাব দেওয়ার জন্য আপনার বেঁচে থাকা জরুরি। যে ক্ষমতা ও যে পৌরুষ বদরুলকে এতটা বর্বর বানিয়েছে, তাঁর মুখে চুনকালি দেওয়ার জন্যও আমরা আপনাকে আমাদের পাশে চাই। তনু, রিসা বা নিতু মণ্ডলকে আমরা বাঁচাতে পারিনি।
খুনি বা খুনিদের পেছনের যখন ক্ষমতার ছোঁয়া বা গন্ধ থাকে, তখন বিচার কোথায় গিয়ে যেন পালায়! তনু খুন হয়েছেন কুমিল্লা সেনানিবাসের ভেতরে, কিন্তু তাঁর কোনো খুনিকে আমরা পাই না। মিতুর খুনের কোনো কূলকিনারা হয় না। বিচার-ন্যায়বিচার—এসবের ওপর আমাদের ভরসাই যে উঠতে বসেছে! বদরুল ধরা পড়েছেন, আশা ও ধারণা করি, ছাত্রলীগের এই নেতাকে ছাড় দেওয়ার কাজটি অন্তত সহজ হবে না। আপনার ওপর বর্বরতার বিচারের দাবিতে দেশবাসী সরব রয়েছে। আপনি বেঁচে থাকলে তা তনু বা মিতুসহ সব খুনের বিচারের দাবিতে সোচ্চার সেই জনগণকে আরও সাহস জোগাবে।
এ কে এম জাকারিয়া: সাংবাদিক।
[email protected]