খামখেয়ালের দাম ১০ লাখ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সীমানাপ্রাচীর ভাঙার কাজ চলছে
গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সীমানাপ্রাচীর ভাঙার কাজ চলছে

প্রথম আলোর ছাপা পত্রিকার কয়েকটি আঞ্চলিক সংস্করণ বের হয়। দক্ষিণাঞ্চলের সংস্করণে ৫ অক্টোবর একটি খবর বের হয়েছে। শিরোনাম: ‘বিদ্যালয় মাঠের সমাবেশ দেখতে প্রাচীর অপসারণ’। রোহিঙ্গা শরণার্থী বা প্রধান বিচারপতির ‘ছুটি’ অথবা এমন আরও গুরুত্বপূর্ণ খবরের ভিড়ে বরিশালের গৌরনদীতে কী ঘটল, তা নিয়ে আমাদের মাথা ঘামানোর সময় কই!

দক্ষিণাঞ্চলের সংস্করণে ছাপা হওয়া এই খবর প্রথম আলোর সব পাঠকের কাছে যায়নি। খবরটি সংক্ষেপে এ রকম: গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে একটি সীমানাপ্রাচীর তৈরি হয়েছিল গত বছর। এর আগে মহাসড়কের পাশের এই স্কুলটি অরক্ষিত ছিল। পাশের বিপণিকেন্দ্রের কোলাহল ও যানবাহনের শব্দে শিক্ষার্থীদের নিরাপত্তা ও পড়াশোনার ক্ষতি হচ্ছিল। বিদ্যালয়টির তরফে স্থানীয় সাংসদের কাছে বিষয়টি তুলে ধরা হয়। তিনি বরিশাল জেলা পরিষদকে চিঠি লিখে ব্যবস্থা নিতে অনুরোধ করেছিলেন। পরে জেলা পরিষদ স্কুলটির সীমানাদেয়াল নির্মাণের একটি প্রকল্প নেয় এবং এ জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেয়। গত ডিসেম্বরে সেই দেয়াল তৈরি কাজ শেষ হয়। এক বছর না যেতেই এখন সেই দেয়াল ভাঙা হচ্ছে। বিদ্যালয়টির পরিচালনা কমিটি দেয়াল ভাঙার পক্ষে যে কারণ ও যুক্তি দেখাচ্ছে, তা হচ্ছে, স্কুলের মাঠে কোনো রাজনৈতিক সভা-সমাবেশ হলে তা মহাসড়ক থেকে দেখা যায় না। সুতরাং, ১০ লাখ টাকা খরচ করে বানানো এই দেয়াল ভেঙে ফেলতে হবে এবং ভাঙার কাজও শুরু হয়ে গেছে। বলা বাহুল্য, ভাঙার কাজেও যাবে বড় অঙ্কের টাকা।
এ খবর ছাপা হওয়ার পর প্রায় চার দিন চলে গেছে। খোঁজ নিয়ে জানলাম, সেই দেয়াল ভাঙার কাজ প্রায় শেষ। বুঝলাম, পত্রিকায় খবর ছাপা হওয়ার পরও কারও টনক নড়েনি। সরকারি পয়সার এমন অপচয় ও বিদ্যালয় পরিচালনা কমিটির খামখেয়ালি ঠেকানোর কেউ নেই! যাঁর নেতৃত্বে এ কাজ হচ্ছে, তাঁর পরিচয়টি জানা জরুরি। তিনি বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সভাপতি মো. আতিকুর রহমান। তাঁর আরও গুরুত্বপূর্ণ পরিচয় আছে এবং সম্ভবত সে কারণেই তিনি যা খুশি তা–ই করতে পারছেন; তিনি গৌরনদী পৌরসভার কাউন্সিলর ও পৌর যুবলীগের সভাপতিও।
স্কুলের মাঠের সভা-সমাবেশ রাস্তা থেকে দেখা যায় না—এটা কি স্কুলটি দেয়াল ভেঙে ফেলার যুক্তি হতে পারে! স্কুলের মাঠের সমাবেশ রাস্তা থেকে দেখতেই–বা হবে কেন? সবচেয়ে বড় কথা, মাঠটি স্কুলের, শিক্ষার্থীদের স্বার্থের চেয়ে কালেভদ্রে হওয়া সভা-সমাবেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কীভাবে? আমরা জানি, যুক্তি এখানে গুরুত্বপূর্ণ নয়। আর এসব প্রশ্নের জবাব দেওয়ার কেউ নেই।
সীমানাদেয়ালটি বানাতে জেলা পরিষদ ১০ লাখ টাকা দিয়েছিল। এই দেয়াল ভেঙে ফেলা মানে পুরো টাকাটাই জলে যাওয়া। কিন্তু তা ঠেকাতে জেলা পরিষদের যেন কোনো দায় নেই। দায় যদি থেকেও থাকে, তারপরও তারা কেন কিছু করতে পারে না, তা আমরা অনুমান করতে পারি। পৌর যুবলীগের সভাপতির বিরুদ্ধে দাঁড়িয়ে কে ঝামেলায় পড়তে চায়! তাই প্রশাসন নিশ্চুপ। দেয়াল ভাঙার কাজে আর কেউই বাধা হয়ে দাঁড়ানোর সাহস দেখায়নি। স্কুলটি এখন আবার অরক্ষিত হওয়ার পথে। মহাসড়কের যানবাহনের শব্দ আর পাশের বিপণিবিতানের কোলাহল—এসব মেনেই শিক্ষার্থীদের ক্লাস করতে হবে।
মনে প্রশ্ন জাগে, শুধু রাস্তা থেকে সভা-সমাবেশ দেখার জন্যই দেয়ালটি ভেঙে ফেলা হলো? এটা কি শুধুই পৌর কাউন্সিলর বা পৌর যুবলীগ সভাপতির খামখেয়ালি? নাকি অন্য কিছু আছে? যুবলীগ নেতা আতিকুর বলেছেন, দেয়াল ভেঙে সেখানে গ্রিল দেওয়া হবে। প্রশ্ন হচ্ছে, এর খরচ জোগাবে কে? বরাদ্দ আসবে কোথা থেকে? দেয়াল ভাঙতেও তো পয়সা লাগে, এত উৎসাহী হয়ে এই দেয়াল ভাঙার কাজের অর্থের জোগান আসছে কোথা থেকে? খোঁজখবর নিয়ে জানলাম, স্কুলের দেয়াল ভাঙার আসল উদ্দেশ্যটি নাকি ভিন্ন। সেখানে দোকানপাট ও মার্কেট বানানোর পথ পরিষ্কার করতেই নাকি দেয়ালটি ভাঙা হয়েছে। এটা যুবলীগ নেতার নিছক খামখেয়ালি নয়।
১০ লাখ টাকা খরচ করে বানানো দেয়ালটি এক বছর না হতেই ভেঙে ফেলা হলো। এটা যখন ঠেকানো যায়নি, তখন স্কুল ঘিরে মার্কেট বানানোর ফন্দি কারও থেকে থাকলে সেটাও হয়তো ঠেকানো যাবে না। যুবলীগ নেতারা কিছু করতে চাইলে তা ঠেকানোর মতো পরিস্থিতি কি দেশে আছে? বরিশাল জেলা পরিষদের সামনে পরীক্ষাটি সত্যিই কঠিন।

এ কে এম জাকারিয়া: সাংবাদিক।
[email protected]