
ব্যাপক আন্তর্জাতিক প্রতিবাদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তিশালী কূটনৈতিক প্রচেষ্টার ফলে মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি করানো গেছে। এই মর্মে একটি চুক্তিও হয়েছে। তবে বিশেষজ্ঞরা আশাবাদী নন, কারণ রোহিঙ্গাদের প্রত্যাবাসনের শর্তসমূহ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় চূড়ান্ত করা হবে। জাতিসংঘ এতে যুক্ত নয় এবং চুক্তিটি আন্তর্জাতিক মহলের স্বীকৃতির নিশ্চয়তা পায়নি। এ ছাড়া রাখাইন প্রদেশের নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া যায়নি।
রোহিঙ্গারা যদি নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে ঘরে ফিরতে পারে এবং ঐকমত্যের ভিত্তিতে তাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়, তাহলে পৃথিবী স্বস্তির নিশ্বাস ফেলতে পারে। মানবতার প্রতি বাংলাদেশ তার অঙ্গীকার দেখাবে। তখন সে বহুত্ববাদ, সহিষ্ণুতা ও উন্মুক্ততার মূল্যবোধ প্রদর্শন করে বৈশ্বিক পরিমণ্ডলে নেতৃত্ব দিতে পারবে। তবে সারা পৃথিবীতেই শরণার্থীদের প্রত্যাবাসনের অভিজ্ঞতায় দেখা যায়, এই প্রক্রিয়াটা কখনো কখনো অনিশ্চিত ও ধীরগতির। ১৯৯২ সালে বাংলাদেশে যে রোহিঙ্গারা এসেছিল, তারা এখনো ফেরত যেতে পারেনি। তাদের প্রত্যাবাসনের ব্যাপারটা প্রত্যাশামাফিক দ্রুতগতির না হলে আমাদের ত্রাণ তৎপরতার মেয়াদ আরও বাড়াতে হবে।
এত অল্প সময়ে যত কিছু অর্জিত হয়েছে, তাকে অলৌকিক বললেও বেশি বলা হবে না। সরকারের বেসামরিক প্রশাসন, আন্তর্জাতিক বহুপক্ষীয় সংস্থা, এনজিওসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান একত্র হয়ে নতুন আসা এই ৬ লাখ মানুষের চাহিদা মেটাতে পারে। কিন্তু দারুণ কিছু অর্জন সত্ত্বেও তারা এখনো শরণার্থী শিবিরে থাকছে, যেগুলোর অবস্থা করুণ। আগামী বর্ষা মৌসুম আসতে মাস ছয়েকের মতো সময় আছে। শিবিরে কাদামাটি দিয়ে বা পাহাড়ের পাদদেশে যেসব ঘর বানানো হয়েছে, সেগুলো প্রথম বর্ষায় ধুয়ে যাবে। আর শীত তো আসি আসি করছে, ঠান্ডা থেকে বাঁচতে তাদের অনেক কষ্ট করতে হবে। এদের মধ্যে শিশু ও বৃদ্ধরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। এরপর আসবে ঘূর্ণিঝড়ের মৌসুম, যার সঙ্গে আসবে পানিবাহিত রোগ, আছে মহামারির আশঙ্কা।
শিবিরের প্রশাসক ও ত্রাণ সংস্থাগুলো শরণার্থীদের তাৎক্ষণিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। খুব স্বাভাবিকভাবে খাদ্য, আশ্রয়, পয়োনিষ্কাশন, স্বাস্থ্য ও নিরাপত্তাই প্রথম অগ্রাধিকার। কিন্তু শরণার্থীদের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাবগুলো কমাতে আমাদের কাজ করতে হবে, বিশেষ করে শিশুদের ওপর। শিবিরগুলোতে স্কুলে যাওয়ার বয়সী প্রায় ২ লাখ শিশু আছে। ফলে আগামী দিনের ত্রাণ তৎপরতায় তাদের শিক্ষার ব্যাপারটা যুক্ত করতে হবে। আর সেই শিক্ষা দিতে হবে অবশ্যই মিয়ানমারের ভাষায়, যাতে তারা ফিরে গিয়ে স্থানীয় সমাজ ও স্কুলের সঙ্গে খাপ খাওয়াতে পারে।
তবে আমাদের সরকার বোধগম্যভাবেই তাৎক্ষণিক মানবিক সহায়তার বেশি কিছু করতে চাইছে না। কারণ, এতে মিয়ানমার মনে করতে পারে, আমরা এদের দীর্ঘদিন রাখতে চাই। সে কারণে আনুষ্ঠানিক শিক্ষার ব্যাপারটা আলোচনার মধ্যে নেই। এ ছাড়া এই কূটনৈতিক চুক্তির পরিপ্রেক্ষিতে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে বিনিয়োগ করাটা আপাতত অপচয় মনে হতে পারে। আর ব্যাপারটা যদি তা–ই হয়, তাহলে আমাদের কিছু সময় ও টাকা নষ্ট হবে বা পণ্ডশ্রম হবে। তবে প্রত্যাবাসন প্রক্রিয়ায় প্রত্যাশিত সময়ের চেয়ে বেশি সময় লাগলে টেকসই উন্নয়নে কী বিনিয়োগ করা যেত বা না যেত, তার জন্য আক্ষেপ করার চেয়ে এই কাজটা করা ভালো।
তবে এই মানবিক বিপর্যয়কে উন্নয়নের সুযোগ হিসেবে দেখাটা আরও সুবিবেচকের মতো কাজ হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সুযোগ এসেছে যে জনগোষ্ঠী ঐতিহাসিকভাবে বঞ্চিত ও বর্জননীতির শিকার হয়েছে, তাদের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করার। শিশুদের পাশাপাশি তাদের উচিত হবে বিধবা নারীদের পরিস্থিতি বিবেচনায় নেওয়া, যার কারণে এরাই এখন পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ। মিয়ানমারে ফিরে গেলে এরাই হবে পরিবারের প্রধান, কিন্তু এর জন্য তারা মোটেও প্রস্তুত নয়। তাদের এমন কিছু দক্ষতা শেখাতে হবে, যেটা তারা ওখানে গিয়েও কাজে লাগাতে পারে এবং কারিগরি শিক্ষা দিতে হবে—এসব খাতে বিনিয়োগ করতে হবে। এতে তারা শুধু নিজেদের পরিবারের ভরণপোষণ করতে পারবে। শুধু স্বল্প মেয়াদে তাদের উপকার হবে তা–ই নয়, এটা তাদের সমাজ উন্নয়নের হাতিয়ার হবে। এবং শেষমেশ রাখাইন প্রদেশের উন্নয়নেও তা কাজে আসবে।
তবে উন্নয়ন কর্মকাণ্ডের সীমা শুধু শিবিরে নয়, এর বাইরেও নিয়ে যেতে হবে। কক্সবাজারের স্থানীয় মানুষ লক্ষণীয়ভাবে অতিথিপরায়ণ। তারা অসাধারণ বদান্যতা যেমন দেখিয়েছে, তেমনি বিপুল মানুষের স্রোতের সঙ্গে খাপ খাওয়ানোর দারুণ দক্ষতা দেখিয়েছে। কিন্তু এটার চ্যালেঞ্জ এখনো আসেনি। জনসংখ্যাগত পরিবর্তন আসার কারণ হিসেবে জানা যায়, কক্সবাজারে এখন প্রতি ১০ জনের মধ্যে সাতজনই রোহিঙ্গা আর তিনজন বাংলাদেশি। জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বেড়েছে। আর বাজারে প্রায়ই ভোগ্যপণ্যের ঘাটতি দেখা যায়। তবে স্থানীয় প্রশাসন ও দাতা সংস্থাগুলো এটা নিশ্চিত করার গুরুত্ব বুঝতে পেরেছে যে স্থানীয় মানুষের চাহিদা যেন অবহেলিত না থাকে। কৃষিজমি ধ্বংসের জন্য সরকার ইতিমধ্যে স্থানীয় মানুষকে ক্ষতিপূরণ দিতে শুরু করেছে, যার অনেকাংশই শিবির নির্মাণে ব্যবহৃত হয়েছে। স্থানীয় মানুষের আতিথেয়তা ও ঘুরে দাঁড়ানোর ক্ষমতা লক্ষণীয়, কিন্তু তাদের সহ্যের শেষ সীমায় ঠেলে দেওয়াটা যেমন সমীচীন হবে না, তেমনি তা ন্যায্যও নয়।
হ্যাঁ, সেই ভয় আছে যে শরণার্থীরা মিয়ানমারে ফেরার কথা না-ও ভাবতে পারে। যত দিন তাদের নিরাপত্তা নিশ্চিত না হচ্ছে, তত দিন তারা যেমন যেতে চাইবে না, তেমনি তাদের যেতে বাধ্য করাও ঠিক হবে না। কিন্তু অভিজ্ঞতা থেকে দেখা যায়, পরিস্থিতির উন্নতি হলে এবং নিরাপত্তা ফেরত এলে কেউই বিদেশে থাকে না, বিশেষত এমন ভয়াবহ পরিস্থিতিতে। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের অবসানের পর ১ কোটি মানুষ কিন্তু কয়েক দিনেই দেশে ফিরে আসে, কয়েক সপ্তাহ লাগেনি। কারও সহায়তা ছাড়াই তারা নিজেদের ঘরবাড়ি ফিরে পায়। আমরা এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারি যে মিয়ানমারের সরকার রাখাইন রাজ্যে প্রয়োজনীয় পরিস্থিতি সৃষ্টি করতে পারলে রোহিঙ্গারা ঘরে ফিরে যাবে।
ব্যাপারটা হলো, মিয়ানমার সরকারের হঠাৎ নীতি পরিবর্তনের কারণে রোহিঙ্গারা আমাদের দেশে আসেনি। আবার দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর আরসার হঠাৎ আক্রমণের কারণেও এটি ঘটেনি। কারণ, রোহিঙ্গারা আসা শুরু করার পরই আরসা হামলা চালায়। এই উচ্ছেদ ছিল উদ্দেশ্যমূলক ও নির্মম, যার মাধ্যমে তারা এক অনাকাঙ্ক্ষিত জাতিগোষ্ঠীকে সরাতে চেয়েছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি স্বীকার করেছে, এটি জাতিগত নিধন, যেটা যুদ্ধাপরাধের কম নয়। বিশ্ব সম্প্রদায় যদি যথাযথভাবে সাড়া দিতে না পারে তাহলে বিশ্বের সব বহুত্ববাদী সমাজে সংখ্যালঘুরা সংখ্যাগুরুদের করুণার পাত্রে পরিণত হবে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের উচিত এই অন্তর্বর্তীকালে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহ নথিভুক্ত করে প্রতিটি ঘটনার পৃথক ইতিহাস রচনা করা। ভবিষ্যতে আন্তর্জাতিক সম্প্রদায় যদি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করতে চায় এবং জাতিগত নিধনকারীদের বিচারের আওতায় আনতে চায়, তার জন্য এই নথিভুক্তকরণ জরুরি।
১৯৭১ সালে আমরাও শরণার্থী হয়েছিলাম, তাই হয়তো রোহিঙ্গাদের ব্যাপারে আমরা স্পর্শকাতর। এই সংকটে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে সাড়া দিলেন, তাতে আমরা দেখলাম যে তাঁর যেমন সহানুভূতিশীল মন আছে, তেমনি রাজনৈতিক সাহসও আছে। বেসামরিক প্রশাসন যে নিরন্তর কাজ করে গেছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলো যেভাবে নিজেদের ত্রাণকাজে উৎসর্গ করেছিল, তাতে তাদেরও ধন্যবাদ দেওয়া দরকার। সঙ্গে আছে এনজিওগুলো। এরা সবাই একত্রে কাজ করে একুশ শতকের সম্ভাব্য সবচেয়ে বড় মানবিক বিপর্যয় এড়াতে পেরেছে। আর কক্সবাজারের স্থানীয় মানুষ যে ব্যতিক্রমধর্মী আতিথেয়তা দেখিয়েছে, তা পৃথিবীর জন্য বড় অনুপ্রেরণামূলক ঘটনাই বটে। বাংলাদেশ পৃথিবীকে আবারও দেখাল, তার যেমন ঘুরে দাঁড়ানোর সক্ষমতা আছে, তেমনি উদাহরণ সৃষ্টিকারী নেতৃত্ব ও সহানুভূতিও আছে।
ঢাকা ও নেপিডোর মধ্যে সম্প্রতি যে চুক্তি হলো, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক ও আন্তর্জাতিক চাপের সফলতা। দ্বিপক্ষীয় চুক্তির ব্যাপারে আমাদের সবার আশাবাদী হওয়া উচিত, কিন্তু মাঠের বাস্তবতা ভোলা ঠিক হবে না। শরণার্থীদের প্রত্যাবাসন এক দীর্ঘ ও ক্লান্তিকর প্রক্রিয়া। আর রোহিঙ্গাদের ফেরত যাওয়ার মতো নিরাপদ পরিবেশ তৈরির জন্য অনেক কিছু করতে হবে। এখনো সুযোগ আছে, তীব্র আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং অং সান সু চির নক্ষত্রের মতো পতন মিয়ানমারের সরকারকে কর্মে প্রবৃত্ত করবে। কিন্তু আমরা এই মুহূর্তের প্রচেষ্টা ত্যাগ করতে পারি না, আর বস্তুত, দীর্ঘ না হলেও মধ্যমেয়াদি পরিকল্পনা করা উচিত। এই মুহূর্তে আমাদের অবশ্যই এই কূটনৈতিক সফলতা উদ্যাপন করতে হবে। যদিও আমরা সবচেয়ে ভালো ব্যাপারটার জন্য আশা করতে পারি, তবু আমাদের সেই নীতিবাক্যের কথা মনে রাখা দরকার—সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।
ইংরেজি থেকে অনূদিত। অনুবাদ: প্রতীক বর্ধন।
মায়া বারোলো-রিজভি: হিউম্যান সোসাইটি ফর ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর।