খালেদা জিয়ার যুক্তিসংগত হয়ে ওঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্প্রতি ভারত সফর করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি সর্বশেষ ভারতে গিয়েছিলেন ২০০৬ সালে। ১৯৯০ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর বিরোধীদলীয় নেতা হিসেবে এটাই ভারতে তাঁর প্রথম সফর। খালেদা জিয়ার এ সফর নিয়ে ভারত ও বাংলাদেশে অনেক কথাবার্তা উঠেছে। বাংলাদেশে এটা এখনো অনেক আলোচনার সূত্রপাত ঘটাচ্ছে।এ ধরনের ঘটনায় সাধারণত যতটা হয়, খালেদা জিয়া তার চেয়েও অনেক বেশি সৌজন্য ও আন্তরিকতা পেয়েছেন ভারতে। তিনি ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন। ভারতের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী তাঁকে আতিথেয়তা দেন। খালেদা জিয়া ভারতীয় জনতা পার্টির নেতার সঙ্গেও দেখা করেন। এসবের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে দেওয়া প্রতিশ্রুতিটিই সবচেয়ে বেশি আলোচনা ও মন্তব্য সৃষ্টি করেছে। তিনি বলেছিলেন, বাংলাদেশের মাটি থেকে আর কোনো ভারতবিরোধী তৎপরতা চালাতে দেওয়া হবে না। ট্রানজিট প্রসঙ্গে তিনি পূর্ব এশিয়ার সঙ্গে বাংলাদেশের মধ্য দিয়ে সার্বিক সংযোগ বাড়ানোকে স্বাগত জানান। দৃশ্যত, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সোনাদিয়া দ্বীপে চীন ও ভারতকে অন্তর্ভুক্ত করে আরও কয়েকটি দেশ মিলে কনসোর্টিয়াম গঠন করে গভীর সমুদ্রবন্দর নির্মাণকে তিনি সমর্থন করবেন। সম্প্রতি চীন সফরের সময় এ রকম একটি প্রস্তাব দিলে চীন তা আনন্দের সঙ্গে গ্রহণ করে। একই সঙ্গে ভারতের কাছে ঝুলে থাকা সমস্যা তিস্তা নদীর পানি বণ্টন এবং ভূ-সীমান্তবিষয়ক চুক্তি চূড়ান্তকরণের জন্য আহ্বান জানান। ভারতীয় নিরাপত্তা বাহিনীর সীমান্ত হত্যারও তিনি কড়া সমালোচনা করেন। এ সফরের সময় বিএনপির নেতাদের ভারতের প্রতি দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন দেখা গেছে, যা আগে থেকে ইতিবাচকভাবেই আলাদা। এ পরিবর্তন নিয়ে অনেকে এখনো সন্ধিহান। সত্যি সত্যিই উভয় দেশের মধ্যেকার সম্পর্ক বদলাচ্ছে কি না, সে ব্যাপারে অনেকেই অনিশ্চিত। খালেদা জিয়ার প্রতিনিধিদলও বোঝাচ্ছে যে অতীত যেন উভয় দেশের সম্পর্কের মধ্যে ছায়া না ফেলে। পাশাপাশি ভারতীয় মুখপাত্রও বলেছেন, ‘গাড়ির পাশের আয়না দিয়ে’ দেখে ভালোভাবে গাড়ি চালানো যায় না। খালেদা জিয়ার ভারত সফর এবং ঘোষণাগুলোর সঙ্গে মিলিয়ে দেখা দরকার সফরের কয়েক সপ্তাহ আগে নিরাপত্তা বিষয়াদি নিয়ে প্রকাশিত একটি নামকরা ভারতীয় জার্নালে প্রকাশিত তাঁর স্বাক্ষরিত লেখাটি। সেখানে তিনি বলেছেন, ‘নীতিনির্ধারকেরা যেমন তেমনি সাধারণ জনগণের সামনেও এমন কিছু চ্যালেঞ্জ আছে, যার শিকড় হয়তো আমাদের ঔপনিবেশিক অতীতের মধ্যে প্রোথিত, যেখানে উভয় রাষ্ট্রের জনগণই উপনিবেশবাদীদের “ভাগ কর শাসন কর” নীতির শিকার হয়েছিল। এখান থেকেই ভয় ও অবিশ্বাসের বোধ জন্ম নিয়েছে। পরস্পরের মধ্যে সন্দেহ ও অবিশ্বাস সৃষ্টির মাধ্যমে এ ভয়ের বিকারকে চিরস্থায়ী করার মতো শক্তি উভয় দেশের সমাজেই ক্রিয়াশীল ছিল এবং এখনো আছে। তারা এখনো আমাদের আলাদা করে রেখেছে।’ তাঁর আরও কিছু আলোচনার সঙ্গে এ বক্তব্য সামঞ্জস্যপূর্ণ এবং এর বিষয়বস্তু নিশ্চিতভাবেই ইতিবাচক। অর্থনৈতিক অভিবাসন বিষয়ে তাঁর চিন্তা হচ্ছে, ‘আমাদের উভয়কেই অর্থনৈতিক প্রয়োজনে সীমান্ত পেরিয়ে মানুষের চলাচল সহজ করার প্রচেষ্টা নিতে হবে।’ এ চিন্তাকেও এগিয়ে নিতে হবে আমাদের। বাংলাদেশের পক্ষ থেকে এ ধরনের অভিবাসনের স্বীকৃতি থেকে উভয় দেশের জন্যই লাভজনক ওয়ার্ক পারমিট-ব্যবস্থা চালু করা পর্যন্ত গড়াতে পারে। তা হলেও তাঁর সেই রচনায় বারবারই পারস্পরিক শ্রদ্ধা এবং পরস্পরের সার্বভৌমত্বের মর্যাদার বিষয়টির উল্লেখ বুঝিয়ে দেয় যে তিনি বরং সতর্ক। অন্যদিকে সাম্প্রতিক মনমোহন সিং-শেখ হাসিনার যৌথ ঘোষণায় আন্তরিকতার সঙ্গে অংশীদারির দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। খালেদা জিয়ার এ সফরের বিষয়ে বাংলাদেশে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। বিএনপি যে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয় নতুন করে দেখছে, তাকে সবাই স্বাগত জানিয়েছে। বিবিসিতে এ বিষয়ে আমি বলেছি, মনমোহন সিংকে দেওয়া খালেদা জিয়ার আশ্বাসগুলো বিরাট বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করবে, যদি তাঁর সমর্থকদেরও বোঝানো হয় যে ভারতের সঙ্গে সুসম্পর্ক বাংলাদেশের জন্যই মঙ্গলজনক। বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্কে কোনো পরিবর্তন হয়নি এবং খালেদা জিয়া সেখানে বাংলাদেশের স্বার্থই জোরের সঙ্গে তুলে ধরেছেন। তিনি খোলাসা করে বলেছেন যে খালেদা জিয়া ট্রানজিট নয় বরং বাদবাকি এশিয়ার সঙ্গে সংযুক্ত হওয়ার বিষয়েই একমত হয়েছেন। ওদিকে দলের আদর্শ থেকে ভারতবিরোধিতার গভীর সংস্কৃতি সরিয়ে ফেললে দলটির রাজনৈতিক ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে বলে বিএনপির নিম্নপর্যায়ের কর্মীরা চিন্তিত।আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়ার এ সফরকে অগুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করলেও দলের কনিষ্ঠ নেতারা অভিযোগ তুলেছেন, খালেদা জিয়া তাঁর প্রভুদের কাছ থেকে হুকুম নিয়ে এসেছেন এবং দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন। এগুলো সবই হয়তো বাগবিস্তার, দলীয় নীতি নয়। তা হলেও দলের নীতি ও কর্মসূচিতে ভারতীয় জুজুদের ছায়া ফেলার ঘটনায় তারা জোর দিচ্ছে। বাংলাদেশি একজন বিশ্লেষক খালেদা জিয়ার সফর ও মন্তব্যকে স্বাগত জানিয়ে যথার্থভাবেই বলেছেন, এসবের মাধ্যমে আসলে স্বীকার করে নেওয়া হলো, বর্তমান সরকারের ভারতের প্রতি অনুকূল নীতি বাংলাদেশের জন্য লাভজনক।বিএনপির অবস্থান কেন বদলাল, সে ব্যাপারে যে কেউ কেবল অনুমানই করতে পারেন। বিএনপি সব সময় জাতীয় সার্বভৌমত্ব ও অখণ্ডতার রক্ষক হিসেবে নিজেদের দাবি করে আসছে। ২০০১ ও ২০০৬ সালের নির্বাচনী প্রচারণাতেও ভারতের ভাবমূর্তি নেতিবাচকভাবেই তারা উপস্থাপন করেছিল। বাংলাদেশি হিন্দুদের ভারতীয় এজেন্ট ও সমর্থক বলে অভিহিত করে ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি ও জামায়াত যে নির্যাতনযজ্ঞ চালিয়েছিল, সেটাও ভালোভাবেই নথিবদ্ধ করা আছে। এটা ছিল ১৯৯৬ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পরের প্রতিহিংসার মতোই ঘটনা। খুবই সম্ভব যে উভয় দেশের জনগণের মধ্যে ব্যাপক যোগাযোগ এবং লাভজনক বাণিজ্যিক সম্পর্কের সুবাদে হয়তো বিএনপির নেতৃত্ব হিসাব করে দেখেছে, প্রবল ভারতবিরোধী ভাবমূর্তি পুষে রেখে বিশেষ কোনো লাভ হবে না। বৈশ্বিক বাস্তবতা এবং প্রভাবশালী হিসেবে ভারতের উত্থানও হয়তো তাদের নতুন করে ভাবিয়েছে। কোনো সাক্ষ্য-প্রমাণ না থাকলেও এটাও বলা যেতে পারে যে ভারত সফরের আগ মুহূর্তে চীনে গিয়ে খালেদা জিয়া হয়তো পথ সংশোধনের পরামর্শ নিয়ে এসেছেন। আরও লক্ষণীয় হলো, বিএনপির মতাদর্শিক পৃষ্ঠপোষক এবং কঠিন সমর্থক পাকিস্তান নিজেও আত্মধ্বংসী হয়ে ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। ভারত খালেদা জিয়াকে অসাধারণ যে সৌজন্য দেখিয়েছে, সেটাও খুব ভালো হয়েছে। যদিও এ মুহূর্তে তাঁর দলের বড় বড় নেতাদের বিরুদ্ধে চরমপন্থী সংগঠনকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অস্ত্রের চালান দেওয়ার অপরাধে মামলা চলছে, মামলা চলছে আওয়ামী লীগ নেতৃত্বকে বিনাশ করার চেষ্টার বিরুদ্ধেও। অবশ্য এর আগে ২০০০ সালেও খালেদা জিয়ার তরফে ভারতের সুপ্রতিবেশী হওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে তা এতটা প্রকাশ্য ছিল না। কিন্তু রাজনীতির জন্য এক দশক লম্বা একটি সময়। খালেদা জিয়া এবার আশ্বাসগুলো দিয়েছেন হবু প্রধানমন্ত্রী হিসেবে। এখন তিনি পাশ্চাত্যের কাছেও যুক্তিসংগত হয়ে ওঠার মতো বার্তা নিয়ে অগ্রসর হচ্ছেন। ভবিষ্যতের তারিখে দেওয়া চেক পেয়ে যারা পটে যায় না, তাদের ব্যাপারে তাঁকে আরও অধ্যবসায়ী হতে হবে। বিএনপির গত আমলটার স্মৃতি তেমন উজ্জ্বল নয়। সে সময় মৌলবাদের পৃষ্ঠপোষকতা থেকে শুরু করে বিতর্কিত উপায়ে নির্বাচনে জয় পাওয়ার চেষ্টা মন্দ নজির হয়ে আছে। বিএনপিতে প্রগতিশীলমনস্ক অজস্র নারী-পুরুষ আছেন। কিন্তু জামায়াত এবং সমমনা লোকদের প্রভাবে তাঁরা দলের মধ্যে কোণঠাসা হয়েই ছিলেন।বিশ্বাসযোগ্যতার স্বার্থে হয়তো খালেদা জিয়াকে যুদ্ধাপরাধের বিচারের ইস্যুতে জামায়াতের থেকে আলাদা হতে হবে। এ ব্যাপারে শক্তিশালী জনমত থাকলেও বিএনপি সরাসরি বিচারের বিরোধিতা না করলেও এখনো স্পষ্ট অবস্থান নেয়নি। বাইরের সঙ্গে সম্পর্ক যার মধ্যে ভারত-বাংলাদেশ সম্পর্কও পড়ে, তা আসলে শেষ পর্যন্ত অভ্যন্তরীণ রাজনৈতিক গতিধারার পাদটীকা। দেশের রাজনীতিতে জনগণই মুখ্য, তাঁরাই ঠিক করবেন তাঁরা কেমন ভবিষ্যৎ চান। ভারতের দিক থেকে সম্ভবত, স্বল্পস্থায়ী দ্বিরাষ্ট্রিক দেওয়া-নেওয়ার সম্পর্কের চেয়ে বাংলাদেশে প্রগতিশীল রাজনৈতিক সমাজের বিকাশই অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভারতের দ্য টেলিগ্রাফ থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিতদেব মুখার্জি: বাংলাদেশ ও নেপালে ভারতের সাবেক রাষ্ট্রদূত।