খালেদা জিয়ার রূপরেখার পক্ষে-বিপক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ওয়েস্টিনের সঙ্গে ওয়েস্টার্নের একটা ভাব আছে। তো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৯ নভেম্বর ওয়েস্টার্ন স্টাইলে এখনো অপুষ্টিতে থাকা তিন কোটি মানুষের দেশের অন্যতম গণতান্ত্রিক বাহন সম্পর্কে রূপরেখা দিয়েছেন। এই রূপরেখার জন্য আমি তাঁকে ধন্যবাদ দিতে গিয়েও থমকে যাই। ভাবি, তিনি এমন কী বলেছেন, যা এতকাল আমাদের ধারণার বাইরে ছিল। তিনি নিজেকে এবং দলের রাজনীতিকে বদলেছেন বলে তো মনে হলো না। অতীতে যে ধরনের প্রেক্ষাপটে এ ধরনের রূপরেখা দেওয়া হতো, সেই রাজনীতি আর নেই। কিন্তু বিএনপির চলনবলনে তার ছাপ নেই বললেই চলে। কিন্তু তা সত্ত্বেও আমরা একটি সুচিন্তিত রাজনৈতিক মতামত হিসেবে খালেদা জিয়ার রূপরেখাকে স্বাগত জানাই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘অন্তঃসারশূন্য’ বলার এক দিন পরে চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব যে স্মরণ করিয়ে দিলেন, সেটাও ইতিবাচক বলে মনে করি।
রাজনৈতিক অগ্রগতিগুলো হলো: ১. শেখ হাসিনার সর্বদলীয় সরকারের ধারণা বিমূর্ত ছিল। খালেদা জিয়া তাকে মূর্ত করেছেন; ২. রাষ্ট্রপতিকে মধ্যস্থতাকারী হিসেবে মেনে নেওয়া, ৩. দুই প্রধান দল অভ্যাসগতভাবে নাগরিকের চেয়ে আমলাতন্ত্রে অগাধ আস্থা। যেকোনো পেশাজীবীর চেয়ে তারা সরকারি আমলাকে (সিভিল সার্ভেন্ট) শ্রেষ্ঠতম মনে করে। এবারই প্রথম দেখলাম, প্রধান নির্বাচন কমিশনার পদে বিশিষ্ট নাগরিককে রাখার প্রস্তাব করা হয়েছে। এ পর্যন্ত হওয়া ১১ জন সিইসির ৭ জন বিচারপতি ও ৪ জন সচিব। ৪. রূপরেখায় সতর্কতার সঙ্গে সাতবার একটি বাক্য ব্যবহার করা হয়েছে। নিবন্ধনকৃত সব রাজনৈতিক দল অথবা সংসদে প্রতিনিধিত্বকারী দল। আমার কাছে এর অর্থ হলো, বিএনপি রাষ্ট্রপতিকে বলেছে, তিনি যেন জামায়াতকে না ডাকেন। কারণ, জামায়াত নিবন্ধিত দল নয়। ৫. প্রস্তাবে অফিস অব প্রফিট বা লাভজনক পদে না থাকাটাকে বিরাট গুরুত্ব দেওয়া হয়েছে। ষষ্ঠ সংশোধনীতে এই বিধান শুধরে বিএনপিই একদিন বিচারপতি আবদুস সাত্তারকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করেছিল। বিচারপতি এ বি এম খায়রুল হক তাঁর এক রায়ে প্রশংসনীয়ভাবে বাহাত্তরের মূল সংবিধানের বিধান প্রবর্তনের মত দেন। অথচ আওয়ামী লীগ তা অনুসরণ করেনি। মূল সংবিধানের বিধানটি ফিরিয়ে আনা প্রশ্নে আমার বিবেচনায় এখন তাই জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হলো। ৬. বাছাই কমিটি ২০০৪ সালের দুদক আইনে আমরা প্রথম পাই। সেখানে কর্মরত সুপ্রিম কোর্ট বিচারপতি, সিঅ্যান্ডএজি, পিএসসি চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত কেবিনেট সচিব আছেন। এই ধারায় আওয়ামী লীগ ২০০৯ সালে আরও তিনটি বাছাই কমিটি করেছে। তথ্য কমিশনে সুপ্রিম কোর্ট বিচারপতি, কর্মরত কেবিনেট সচিব, সাংসদ, এক নাগরিক আছেন। মানবাধিকার কমিশনে আছেন স্পিকার, আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী, কেবিনেট সচিব প্রমুখ। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের করা বাছাই কমিটিতে কর্মরত হাইকোর্ট বিচারপতি, সিঅ্যান্ডএজি ও পিএসসি চেয়ারম্যান ছিলেন। বিএনপির প্রস্তাবিত বাছাই কমিটিতে কর্মরত ব্যক্তিদের একদম বাদ দেওয়া হয়েছে। সাবেক প্রধান বিচারপতি, আপিল বিভাগের সাবেক বিচারপতি, অবিতর্কিত অবসরপ্রাপ্ত সচিবদের রাখার সুপারিশ করা হয়েছে। তার মানে দাঁড়ায়, কর্মরত ব্যক্তিরা নন, অবসরপ্রাপ্ত ব্যক্তিরা বেশি স্বাধীন ও বিবেচক হবেন। ক্ষমতাসীনদের প্রভাবমুক্ত থাকবেন। ৭. নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কোনো উল্লেখ না থাকা তাৎপর্যপূর্ণ। তারা বলেছে, নির্বাচনকালীন সহায়ক সরকার। এই সহায়ক সরকার আর শেখ হাসিনার সর্বদলীয় সরকারের মধ্যে আমি কোনো তফাত খুঁজে পাই না। তবে আমার যেখানে প্রবল আপত্তি, সেটাই এখন বিস্তারিত বলতে চাইব।
খালেদা জিয়া স্বীকার করেছেন যে, ‘নির্বাচনকে বলা হয় গণতন্ত্রের অন্যতম প্রধান বাহন।’ তিনি বলেননি, নির্বাচনই গণতন্ত্রের একমাত্র প্রধান বাহন। সুতরাং, যতখানি গুরুত্ব ও যত্ন-আত্তি, সাবধানতা ও মমতার সঙ্গে একটি প্রধান বাহনের বিষয়ে তিনি রূপরেখা দিলেন, গণতন্ত্রের অন্য বাহনগুলোর বিষয়ে একই ধরনের রূপরেখা তিনি দেবেন কি না। নির্বাচন নামের বাহনটির জন্য তিনি তিন হাজারের বেশি শব্দ খরচ করেছেন। অন্য বাহনগুলোর জন্য কত শব্দ খরচ করবেন, সেটা জানাটাই এই মুহূর্তে অন্তত আমার প্রধান শিরঃপীড়া।
কারণ, এই ভাষ্যটিতে রাষ্ট্রপরিচালনার মূলনীতিগুলো (সুশাসন, বিচার বিভাগের স্বাধীনতা, সু-আইনের শাসন) কী প্রক্রিয়ায় নির্বাচিত প্রতিনিধিরা সম্পন্ন করবেন, সেই রূপরেখা নেই। বিএনপি বলে থাকে, বিচার বিভাগের স্বাধীনতা নেই। তারা বলছে, সরকার পুলিশ, বিশ্ববিদ্যালয়, জনপ্রশাসনসহ সর্বস্তরে দলীয়করণ করা হয়েছে। বিএনপি এসব করবে না, তার বিশ্বাস কী? বিরোধী দল এতকাল এটাই বলেছে যে ভালো নির্বাচন হলেই আমরা জিতব। আর ক্ষমতায় যাওয়ামাত্রই সব ঠিক করে ফেলব। কিন্তু আমরা অভিজ্ঞতা থেকে শিখেছি যে শুধু দলের বদলে শাসনে তেমন কোনো তফাত আসে না। কারণ, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে যেভাবে একটি কাঠামো দরকার, সেভাবে অবাধ ও সুষ্ঠু বিচার বিভাগ, পুলিশ, বিশ্ববিদ্যালয় ও জনপ্রশাসন গড়তেও উপযুক্ত আইনি রক্ষাকবচ থাকা চাই, যা আমাদের নেই।
বেগম জিয়া বলেছেন, নির্বাচন নামের ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পাদনের জন্য যাঁরা দায়িত্বপ্রাপ্ত হবেন, নিঃসন্দেহে তাঁদের নিরপেক্ষতা, যোগ্যতা ও দায়িত্ব পালনের দৃঢ়তা প্রশ্নাতীত হতে হবে।’ খালেদা জিয়া ও তাঁর আশপাশে যাঁরা আছেন, তাঁরা ভাবুন তো, আপনারা কেন জনবিচ্ছিন্ন? আমার বিবেচনায় এর উত্তর হলো, আপনারা মানুষকে বোকা ভাবেন। আপনারা সত্যি ভাবেন, যাঁরা ভোট গণনার দায়িত্বে থাকবেন, তাঁদেরটা প্রশ্নাতীত থাকলেই হলো। যাঁরা আদালতে রায় লিখবেন, বিশ্ববিদ্যালয়ে পড়াবেন, পুলিশকে ব্যবহার করবেন, রাজনৈতিক দলের নেতৃত্ব দেবেন, তাঁদের নিরপেক্ষতার দরকার নেই। তাঁদের দায়িত্ব পালনের দৃঢ়তা সর্বদা প্রশ্নবিদ্ধ থাকবে। এখন আওয়ামী লীগ যা যা করছে, তা আপনাদের হাত দিয়ে করতে পারছেন না বলেই আপনাদের হাত-পা নিশপিশ করছে, গা গুলিয়ে যাচ্ছে। কখনো হাত ঠান্ডা মেরে যাচ্ছে। এই একটা দৃশ্যমান সংকটকেই আপনারা সংকটজ্ঞান করেন বলে মনে হয়। তাই আপনারা জনবিচ্ছিন্ন। আপনাদের প্রতিপক্ষ জনবিচ্ছিন্ন কি না, তার উত্তরের মধ্যে আপনাদের জন্য গর্ব নেই।
বাংলাদেশি রাজনীতিবিদ হিসেবে বেগম খালেদা জিয়া তৃতীয়বারের মতো জাতীয় ঐকমত্যের ফর্মুলা দিলেন। অর্থাৎ জাতীয় রাজনীতিটা সেই নব্বই দশকেই তাঁরা আটকে রাখতে চাইছেন। খালেদা জিয়া ও তাঁর টিম অনেক পরিশ্রম করেছে মানি, এসব সুপারিশের প্রতিফলন তিন জোটের রূপরেখাতেও জনগণ প্রত্যাশা করেছিল। দ্বাদশ সংশোধনী পাসের ঐকমত্যের সন্ধিক্ষণেও এটা করা সম্ভব ছিল। ১৯৯৬ সালে ভোটারবিহীন নির্বাচনের পর একটা লেজেগোবরে অবস্থায় ত্রয়োদশ সংশোধনী পাস করানোর মুহূর্তেও এই রূপরেখার বেশির ভাগ বাস্তবায়ন দরকার ছিল। সেদিন ক্ষমতাসীন দল যে কারণে কর্ণপাত করেনি, এবারের ক্ষমতাসীনেরাও কর্ণপাত না করলে অবাক হব না।
বিএনপি অবশ্য আজও এটা করতে গিয়ে তৃপ্ত হতে পারছে, তার অন্যতম কারণ হয়তো এই যে গণমাধ্যম ও নাগরিক সমাজ রাজনীতিবিদদের সঙ্গে সেই চেনা মেজাজেই লেপ্টে আছে। তারা কেউ সেভাবে সুশাসন থেকে নির্বাচনকে আলাদা করার ফাঁকিটা ধরিয়ে দিচ্ছে না।
প্রধান বিরোধী দল ও সরকারি দলের কাছেই সংস্কারমূলক চিন্তা-চেতনার বিকাশ আশা করেই যাব। ক্ষমতায় যাওয়ার স্বর্ণদ্বারের রক্ষীদের হতে হবে ‘সর্বজন শ্রদ্ধেয়, সৎ, নিরপেক্ষ, অভিজ্ঞ, প্রাজ্ঞ এবং নৈতিকতা ও ব্যক্তিত্বসম্পন্ন’। আর দলগুলোর নেতৃত্বে থাকবেন আমজনতার স্বপ্নের বিপরীতে অনন্যধরনের যোগ্যতাসম্পন্ন মানুষেরা। সুনির্বাচন দিয়ে কুশাসন ডেকে আনতে জনগণ রাস্তায় নামবে? জনগণ দেখবে শাসনব্যবস্থার সংবেদনশীল জায়গাগুলোতেও উল্লেখিত উচ্চযোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের প্রবেশরোধে সর্বাত্মক কসরত চলবে। বরং তাঁদের অপমানিত, পদে পদে লাঞ্ছিত করা হবে। আর শুধু নির্বাচনের জন্য লোক বাছাইয়ে এমন সব যোগ্যতাসম্পন্ন লোকদের জোগাড় করে দিতে তারা ঝাঁপিয়ে পড়বে, সেটা কি বাস্তব? আমার তো মনে হয়, এটা একটা অবাস্তব চিন্তা।
প্রধান নির্বাচন কমিশনার সংবিধানের মৌলিক অধিকার এবং মৌলিক মানবাধিকারগুলো রক্ষা করেন না। অথচ সেই লোকটিকেই হতে হবে ‘সর্বজন শ্রদ্ধেয়, সৎ, মেধাবী, দক্ষ, প্রাজ্ঞ, সাহসী, নৈতিকতা, ব্যক্তিত্ব ও কর্ম–অভিজ্ঞতাসম্পন্ন ও সব বিচারে দলনিরপেক্ষ এবং বিতর্কিত নন, এমন একজন ব্যক্তি’। খালেদা জিয়ার কেন এটা চাই, সেটা আমজনতা বুঝতে পারবে না? আমার তো মনে হয়, পাগল ও শিশুরাও বুঝবে। আর যে দেশে সুশাসনের খরা চলে, সেই দেশে এমন লোক পাওয়া যাবে কীভাবে, তা আরেক দুশ্চিন্তার বিষয়। যাঁদের এসব যোগ্যতা থাকবে, তাঁরা এ ধরনের তথাকথিত ঐকমত্যের ডাকে সাড়া দেবেন, তেমন ভাবনাও সহজ নয়।
ওয়েস্টিনের শীতাতপনিয়ন্ত্রিত গ্রান্ড বলরুমের ভাড়া সোয়া পাঁচ লাখ টাকা। এই রকম খরচ বহন করে বিএনপি ‘সুনির্বাচনের’ জন্য একটি সংবাদ সম্মেলন করেছে। সুশাসনে বিশ্বাসী না হলে তার জন্য সময় নষ্ট করে কেন তারা ‘সুশাসনের’ রূপরেখা দেবে? কেন তারা আরেকটি সংবাদ সম্মেলন ডেকে এত খরচাপাতি করবে, সেটাও মনে হয় একটা বড় প্রশ্ন। তদুপরি এই রূপরেখা নিয়ে গঠনমূলক আলাপ-আলোচনার বড় একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ক্ষমতাসীনদের উচিত হবে বিএনপির সঙ্গে এই বিষয়ে আলাপ-আলোচনার জন্য একটি দলীয় সাব–কমিটি করে দেওয়া। বিএনপিও একটি সাব–কমিটি করবে। মধ্যম পর্যায়ের নেতারা এই অনুশীলন করতে পারেন। মনে রাখতে হবে, ওই অনুশীলন ব্যর্থ হলেও এটা দীর্ঘ সময় ধরে চালু রাখলে তা জাতীয় ঐক্যের পথ প্রশস্ত করতে সহায়ক হতে পারে।
বিএনপি যেভাবে নির্বাচন কমিশন গঠনে একটি দ্বিদলীয় ব্যবস্থা গড়ে তোলার ওপর আলো ফেলেছে, সেভাবে আমাদের সব কটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সদস্যদের নিয়োগও দরকার হবে। অভিজ্ঞতা বদলে দেয় অনেক কিছুই। বিএনপির ক্ষমতাত্যাগের মুহূর্তের কেবিনেট সচিব ও প্রধানমন্ত্রীর সচিবকে বিএনপি সাংসদ করতে চেয়েছিল। তাঁরা নিন্দা কুড়ানোর ফলে বিএনপি এখন এই দুই পদধারীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কিন্তু তাদের বলতে হবে, দুদকসহ যে তিনটি কমিশনে বাছাই কমিটিতে এখন শুধু কর্মরত ব্যক্তিদেরই জয়জয়কার, সেখানেও কি তারা নির্বাচন কমিশনের মতো অবসরপ্রাপ্ত ব্যক্তিদের দিয়েই বাছাই কমিটি দেখতে আগ্রহী?
মিজানুর রহমান খান: সাংবাদিক৷
[email protected]