খিস্তিখেউড়ে কে এগিয়ে, কে পিছিয়ে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

প্রধানমন্ত্রী ও দশম জাতীয় সংসদের নেতা শেখ হাসিনা সম্প্রতি হবিগঞ্জে এক সমাবেশে বলেছেন, ‘পরাজয়ের ভয়ে খালেদা জিয়া নির্বাচনে আসেননি। তবে এক দিক দিয়ে ভালোই হয়েছে। এখন আর সংসদে খিস্তিখেউড় হয় না। আজেবাজে বক্তব্য শুনতে হয় না। (প্রথম আলো, ৩০ নভেম্বর, ২০১৪)
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দুটি প্রশ্ন সামনে আসে। প্রথমত, কোনো দলের কোনো সাংসদ বা কতিপয় সাংসদ খিস্তিখেউড় করলেই তাঁদের সংসদ বা নির্বাচনের বাইরে রাখার বিধান গণতন্ত্রে আছে কি না? দ্বিতীয়ত, সংসদে খিস্তিখেউড় কি শুধু বিএনপির সাংসদেরাই করতেন? আওয়ামী লীগের সাংসদেরা কি সবাই সুভাষণ ও সুবচনের জন্য বিখ্যাত ছিলেন বা আছেন?
অন্য কাউকে এ ব্যাপারে সাক্ষী মানলে পক্ষপাতিত্বের অভিযোগ আনা হতে পারে। তাই বর্তমান রাষ্ট্রপতি ও নবম জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদকেই সাক্ষী মানছি। প্রধানমন্ত্রী যে নবম সংসদের ইঙ্গিত দিয়ে কথাগুলো বলেছেন, রাষ্ট্রপতি হওয়ার আগ পর্যন্ত আবদুল হামিদ ছিলেন সেই সংসদের স্পিকার। তাঁর ওপর আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সদস্যদের অবিচল আস্থা ছিল। সংসদের পুরোনো রেকর্ড ঘাঁটলে দেখা যাবে, আওয়ামী লীগ ও বিএনপি—উভয় দলের পেছনের সারির কয়েকজন নারী সাংসদ সংসদে কেবল অসংসদীয় ভাষাই ব্যবহার করেননি, তাঁরা জাতীয় নেতাদের অশালীন ও অশ্রাব্য ভাষায় গালমন্দ করেছেন। এমনকি নেতা–নেত্রীদের জন্ম নিয়েও কটাক্ষ করেছেন। তাঁদের ভাষা ও ভঙ্গি এতটাই অমার্জিত ছিল যে তৎকালীন স্পিকার সংসদকে মাছের বাজার না বানানোর জন্য সতর্ক করে দিয়েছিলেন। জাতীয় সংসদ হবে যুক্তিতর্ক ও বুদ্ধিচর্চার কেন্দ্র। সেখানে পেশিশক্তি বা জিহ্বার ধার দেখানোর সুযোগ নেই।
প্রধানমন্ত্রীর দাবি অনুযায়ী, বিএনপি নির্বাচনে না আসায় সংসদ খিস্তিখেউড় থেকে রক্ষা পেয়েছে। কিন্তু সংসদের বাইরের রাজনীতি ও গণতন্ত্র খিস্তিখেউড় থেকে রক্ষা পায়নি। এখন প্রায় প্রতিদিনই সভা–সমাবেশে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা জিহ্বার ধার পরীক্ষা করছেন। একে অপরকে চোর, ডাকাত ও খুনি ইত্যাদি বলে সম্বোধন করে আনন্দ পাচ্ছেন।
সংসদীয় গণতন্ত্রে যেখানে সংসদই সবকিছুর কেন্দ্রবিন্দু হওয়ার কথা, সেখানে কোনো দলের সাংসদেরাই সংসদে যেতে উৎসাহ বোধ করছেন না। এটি কেমন সংসদ? প্রধানমন্ত্রী সংসদে না গেলে অন্যান্য সাংসদ তো বটেই মন্ত্রীরাও ঠিকমতো সংসদে যান না। এর একটি কারণ সম্ভবত তাঁরা সংসদ নেত্রীকে ভয় পেলেও সংসদকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করেন না।
বিরোধী দলের নেতা রওশন এরশাদ বলেছেন, তাঁদের কোনো কথাই নাকি সরকার শোনে না, যদিও সরকারে তাঁদেরও তিনজন মন্ত্রী-প্রতিমন্ত্রী আছেন। তাঁর ভাষায় তাঁরা বকাউল্লাহ, বকে যান। আর সরকার করাউল্লাহ, তার মতো কাজ করে যায়। এই হলো ৫ জানুয়ারির নির্বাচনোত্তর সংসদীয় গণতন্ত্রের নমুনা।
প্রধানমন্ত্রী বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা পেয়েছে। অন্যথায় থাইল্যান্ডের মতো পরিস্থিতি তৈরি হতো। কিন্তু সংবিধানের ধারাবাহিকতা যে গণতন্ত্র নয়, এত দিন আওয়ামী লীগের নেতারা সে কথাটি দেশবাসীকে বোঝাতেন। জেনারেল জিয়াউর রহমান সাংবিধানিক ধারাবাহিকতার নামেই পঞ্চম সংশোধনী এবং জেনারেল এরশাদ সপ্তম সংশোধনী পাস করিয়েছিলেন। খালেদা জিয়াও সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দিয়ে ১৫ ফেব্রুয়ারির নির্বাচন করেছিলেন এবং সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে তৎকালীন সম্মিলিত বিরোধী দলের দাবি মেনে নিয়ে সংবিধানে ত্রয়োদশ সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু করে রাজনৈতিক বিপর্যয় রোধের চেষ্টা করেছিলেন।
কিন্তু সেই সংসদ বা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কোনোটাই শেষ পর্যন্ত টেকেনি। ভবিষ্যতে অন্য কোনো সরকার এলে অন্য কোনো রিটের পরিপ্রেক্ষিতে ৫ জানুয়ারির নির্বাচন সম্পর্কে কী রায় হবে, আমরা জানি না। তবে দেশবাসী গভীর উৎকণ্ঠার সঙ্গে অবলোকন করেছে যে আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা এবং দেশের স্বাধীনতাযুদ্ধে নেতৃত্বদানকারী দলটি স্বৈরাচারের গর্ভজাত বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে একই পঙ্ক্তিভুক্ত হয়েছে। ৫ জানুয়ারির আগের বাংলাদেশ ও পরের বাংলাদেশের মধ্যকার ফারাকটি স্পষ্ট না হলেও ৫ জানুয়ারির আগের আওয়ামী লীগ ও পরের আওয়ামী লীগের মধ্যে বিরাট ফারাক ঘটে গেছে। ৫ জানুয়ারির আগে আওয়ামী লীগের বিরুদ্ধে একতরফা ও ভোটারবিহীন নির্বাচন করার বদনাম কেউ করতে পারত না। আওয়ামী লীগই তার প্রতিপক্ষের বিরুদ্ধে বরাবর এই তিরটি ছুড়েছে। ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ নতুন সরকার ও সংসদ গঠন করেছে, শেখ হাসিনা ফের ক্ষমতায় এসেছেন বলে যুদ্ধাপরাধীদের বিচার–প্রক্রিয়াও ত্বরান্বিত হয়েছে, গত বছরের মহাদুর্যোগ থেকে জাতি আপাতত মুক্তি পেয়েছে। এসবই সত্য। কিন্তু সেই সঙ্গে এটিও নির্মম সত্য যে আওয়ামী লীগ একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বার নিজেকে ক্ষমতায় আনতে ব্যর্থ হয়েছে।
আজ যে আওয়ামী লীগের নেতারা, মন্ত্রীরা সভা-সমাবেশে উল্টাপাল্টা কথা বলছেন, নাগরিক সমাজ ও গণমাধ্যমকে শায়েস্তা করার নিত্যনতুন কৌশল নিচ্ছেন, তার মূলে রয়েছে ওই ৫ জানুয়ারির প্রশ্নবিদ্ধ নির্বাচনের সহজাত প্রতিক্রিয়া। আওয়ামী লীগ ৫ জানুয়ারি একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলে নেতা-মন্ত্রীদের ভাষা ও ভঙ্গিতে কিছুটা হলেও দায়বদ্ধতা থাকত। তাঁদের আচরণে সংযম ও সহিষ্ণুতার আভাস পাওয়া যেত। আওয়ামী লীগের জন্য আরও বেশি বেদনা বোধ করি এ কারণে যে আজীবন সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করা দলটিকে শেষ পর্যন্ত হুসেইন মুহম্মদ এরশাদের মতো এক পরিত্যক্ত স্বৈরাচারের করুণার ওপর ভর করে ক্ষমতায় আসতে হলো।
প্রধানমন্ত্রী বলেছেন, খালেদা জিয়ার ভুলের খেসারত বিএনপিকে দিতে হয়েছে। এর মাধ্যমে তিনি বিএনপির নির্বাচনে না আসাকেই ইঙ্গিত করেছেন। একটি দলের প্রধান হিসেবে খালেদা জিয়া ভুল করলে তার খেসারত দলের মধ্যেই সীমিত থাকে। কেবল নেতা–কর্মীদের দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু দেশের প্রধান নির্বাহী, যাঁর হাতে সংবিধান সর্বময় ক্ষমতা তুলে দিয়েছে, তিনি ভুল করলে গোটা দেশকেই কাফফারা দিতে হয়। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষ সেই কাফফারা দিয়ে আসছে। সরকারের মন্ত্রীরা, দলের নেতারা কেবল নাগরিক সমাজ কিংবা গণমাধ্যমকে পদে পদে অপদস্ত করেই ক্ষান্ত হচ্ছেন না; তাঁরা বিদেশি কূটনীতিক ও মেহমানকেও অপমান করছেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে যাঁর সাক্ষাৎ হয়েছে এবং পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক হয়েছে, দলের দ্বিতীয় প্রধান ব্যক্তি ও সরকারের আরেকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী যুক্তরাষ্ট্রের সেই সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দিশাইকে ‘দুই আনার মন্ত্রী’ বলে উপহাস করেছেন। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হবে কি না, সেই প্রশ্নের চেয়েও জরুরি হলো আমাদের ভদ্রতাবোধ। বিদেশি মেহমানদের সম্মান করার ও আতিথেয়তা দেওয়ার যে সুনাম বাংলাদেশের আছে, ক্ষমতার অহমিকায় আওয়ামী লীগ কি তাও বিসর্জন দিল? একাত্তরে যুক্তরাষ্ট্র আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে, সে কথা আমরা জোর দিয়েই বলব। এমনকি জিএসপি নিয়ে তারা যে টালবাহানা করছে, তারও কঠোর সমালোচনা করব। কিন্তু তাই বলে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা মোটেই রাষ্ট্রীয় শিষ্টাচারের মধ্যে পড়ে না।
আওয়ামী লীগ ও বিএনপির সভা-সমাবেশ থেকে নিয়ত যেসব অশালীন বক্তব্য দেওয়া হয়, তাতে কেবল রাজনীতিই দূষিত হচ্ছে তাই নয়, নতুন প্রজন্মের কাছেও তাঁরা খারাপ দৃষ্টান্ত রেখে যাচ্ছে। দুই দলের নেতারাই স্বীয় নেত্রীকে খুশি করতে প্রতিপক্ষ দলের শীর্ষ নেতা সম্পর্কে অনেক আজেবাজে কথা বলেন। একে অপরকে চোর, খুনি, ডাকাত, বেহায়া, বেশরম ইত্যাদি সম্বোধন করতেও দ্বিধা করেন না।
যাঁরা ক্ষমতায় থাকেন, যঁারা দেশ পরিচালনা করেন, তাঁদের ধৈর্যশীল ও সহিষ্ণু হতে হয়। কিন্তু বর্তমান ক্ষমতাসীন দলটির নেতারা এর বিপরীতে হঁাটতেই পছন্দ করেন। কেউ তাঁদের কাজের বা কোনো পদক্ষেপের মৃদু সমালোচনা করলেই তাঁকে স্বাধীনতার চেতনাবিরোধী কিংবা দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করার প্রবণতা লক্ষ করা যায়। ৫ জানুয়ারির নির্বাচন গণতন্ত্রের সংজ্ঞায় পড়ুক বা না পড়ুক, জনগণের প্রতি ন্যূনতম দায়বদ্ধ থাকলে সরকারের মন্ত্রী–নেতারা সারাক্ষণ গলা বাড়িয়ে ঝগড়া করতেন না। কাজ দিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিতেন।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]