খুনিদের মতোই 'উদ্বিগ্ন' কিসিঞ্জার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>এমন কিছু মার্কিন নথি মিলেছে, যার কিছু অসম্পূর্ণ, কিছু অপ্রকাশিত, যাতে স্পষ্ট বঙ্গবন্ধু সরকার উৎখাতে একটি সম্ভাব্য অভ্যুত্থানের বিষয়ে ঢাকা ও দিল্লির মার্কিন দূতাবাস নিবিড়ভাবে নজর রাখছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ৪০তম বার্ষিকীতে এই ধারাবাহিক অনুসন্ধান।

১৯৭৪ সালের ১৮ মে ভারতের রাজস্থানে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটানোর মাত্র ৫ দিন আগেই ফারুক রহমান ঢাকায় প্রথমবারের মতো মুজিব সরকার উৎখাতে মার্কিন মনোভাব জানতে চান। ভারত এমন একটি সময়ে পারমাণবিক বিস্ফোরণ ঘটায় যখন পাকিস্তান মরিয়া হয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সৌদি অর্থে পারমাণবিক অস্ত্র সংগ্রহে সর্বাত্মক কূটনৈতিক তৎপরতায় লিপ্ত ছিল। কিন্তু বাধা ছিল নিষেধাজ্ঞা। ঢাকার প্রতিক্রিয়ার দিকেও নজর রাখছিলেন কিসিঞ্জার। তাই তিনি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে মুজিবের কাছে বোস্টারকে এই বার্তা পৌঁছাতে বলেন যে, পাকিস্তানে নৌ বা বিমান ঘাঁটি স্থাপনে কোনো মার্কিন পরিকল্পনা নেই।
শেখ মুজিবকে না জানিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য মার্কিন অস্ত্র গ্রহণ করা নিয়ে ঢাকার মার্কিন দূতাবাসে গিয়ে দরদাম করা কতটা হাস্যকর সেটা নিশ্চয় খুনি ফারুকের অজানা ছিল না। সুতরাং তাঁর ওই মিশন হয় অর্বাচীন, না হয় সুপরিকল্পিত। বোস্টার লিখেছিলেন, এটা লক্ষণীয় যে বাংলাদেশে একটি আধা ‘সমাজতন্ত্রী’ (আধা ধনতন্ত্রীও নয়) দেশ এবং ‘ভগ্নস্বাস্থ্যের অধিকারী’ শেখ মুজিবের সম্ভাব্য উত্তরসূরি (যিিন তাঁরই ভাগনে) শেখ ফজলুল হক মনি একজন কট্টর আমেরিকা–বিরোধী। এমনকি রাষ্ট্রদূত বোস্টারের বিবরণে মনি ছিলেন ‘মার্ক্সবাদী’।
১৯৭৫ সালের মার্চে মার্কিন দূতাবাসের বেশ কিছু তারবার্তা অনুযায়ী বাংলাদেশে অভ্যুত্থানের গুজবের মধ্যে আমরা দিল্লির রুজভেল্ট হাউসে ভারতে আমেরিকার নতুন রাষ্ট্রদূত হিসেবে উইলিয়াম স্যাক্সবিকে প্রবেশ করতে দেখি। সিনেটর ও অ্যাটর্নি জেনারেল হিসেবে স্যাক্সবি তত দিনে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব মিডিয়ায় বেশ পরিচিত ব্যক্তিত্ব। স্যাক্সবি লিখেছেন, ‘আমি অনুভব করেছিলাম যে ভারতে বৃহৎ এজেন্ডা না দিয়ে কিসিঞ্জার আমাকে অনুকূল্য দেখিয়েছিলেন। কিন্তু হায়রে আমার সেখানে কোনো এজেন্ডাই ছিল না!’
কিন্তু কিসিঞ্জার স্যাক্সবিকে নিয়োগের অন্তত দুটো সুবিধা পেয়েছেন। প্রথমত, স্যাক্সবির মনোনয়ন ঘোষণার পর তাঁকে সম্ভাব্য রাষ্ট্রদূত হিসেবে ভারতের মিডিয়া তাঁকে ইতিবাচক মনোভাব নিয়ে গ্রহণ করে। স্যাক্সবি লিখেছেন, ‘ভারতের বিষয়ে আমার প্রতিটি অতীত মন্তব্য ভারতীয় সংবাদপত্র প্রকাশ করতে শুরু করে। দুই খবরের কাগজ পাঠক নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস কার্টুন ছাপে: “ভারতের জনগণ কঠোর পরিশ্রমী”, অন্যজন বলছে, “ভদ্রলোক এমনকি দেশের বাইরে না যেতেই মিথ্যা বলা শুরু করেছেন”।’
স্যাক্সবি স্মরণ করেন যে ভারতে যাওয়ার আগে তিনি যখন টোকিওতে তখন সেখানে বার্তা আসে: আপনার দিল্লি গমন কয়েক দিন পিছিয়ে দিন। কারণ প্রশাসন দক্ষিণ এশিয়ায় অস্ত্র বিক্রির ওপর আরোপিত ১০ বছরের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিতে যাচ্ছে। এটা ভারত সুনজরে দেখবে না।
‘ইন্দিরা উসকে দিলেন। সারা দেশজুড়ে মার্কিনবিরোধী প্রচারণা ও প্রতিবাদ হলো। তখন ইস্যু হলো মার্কিন সমরাস্ত্রের জন্য খুচরা যন্ত্রপাতি সরবরাহ। চীনে প্রবেশে সহায়তাদানে কৃতজ্ঞ যুক্তরাষ্ট্র পাকিস্তানে বিনা মূল্যে সমরাস্ত্র দিয়েছিল। এই সিদ্ধান্ত ভারতকে ক্রুব্ধ করে। কারণ তারা ধরে নিয়েছে ভারতের বিরুদ্ধে আরেকটি যুদ্ধে পাকিস্তানকে প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র। ২৪ ফেব্রুয়ারি ভারতের রাষ্ট্রপতির কাছে আমার পরিচয়পত্র পেশ করার কথা। সেই দিনটিতেই অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল প্রশাসন। ক্ষুব্ধ ভারত তার পররাষ্ট্রমন্ত্রী ওয়াই বি চ্যাবনের নির্ধারিত ওয়াশিংটন সফর বাতিল করল। ওয়াশিংটনে ভারতের রাষ্ট্রদূত এল কে ঝা এক সংবাদ সম্মেলনে ফোর্ড, বিশেষ করে কিসিঞ্জারের বিরুদ্ধে অসন্তোষ ব্যক্ত করলেন। মিসেস গান্ধী বললেন এটা “পুনরায় উন্মুক্ত করল পুরোনো ক্ষত।” দশ দিন ব্যাংককে কাটিয়ে ২ মার্চ রাতের অন্ধকারে ভারতের পালাম বিমানবন্দরে পেঁৗছলাম। সম্ভাব্য সহিংসতা এড়াতেই হিসাব করে এই অবতরণ। রাষ্ট্রদূত হিসেবে যোগদান ছিল আমার কম সন্দেহজনক। কারণ এর আগে সিনেটর হিসেবে ভারতে আমি পাঁচবার এসেছি।’