
সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তুলকালাম হয়েছে। আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে মারামারিতে কয়েকজন আহত হয়েছেন। এঁদের একজন সোহেল মিয়া আহত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। তিনি ২৬ ফেব্রুয়ারি রাতে মারা যান। তাঁর বয়স ৩৩। ওই দিন সকালেই সংঘর্ষ হয়েছিল, হয়েছিল গোলাগুলি। ঘটনাস্থলেই সাইফুল ইসলাম নামের এক তরুণ মারা যান। তাঁর বয়স মাত্র ১৮। ঘটনার চিত্রনাট্য আমাদের মোটামুটি জানা। নির্বাচনের ময়দানে বিরোধী দল নেই। সুতরাং ক্ষমতাসীনদের মধ্যেই পক্ষ-বিপক্ষ। একজন দলের ‘সরকারি প্রার্থী’ অন্যজন ‘বিদ্রোহী প্রার্থী’। তাঁদের সমর্থকেরা বিবাদে জড়িয়েছেন। দুটি তরুণ প্রাণ অকালে ঝরে গেল। যেহেতু এখানে আওয়ামীবিরোধী অন্য কোনো রাজনৈতিক দল সরাসরি জড়িত নেই, এ দুজন ‘শহীদের’ মর্যাদা পাবে না। নিজ নিজ পরিবারের স্বজনদের চোখের জল ঝরবে, কয়েক দিন আহাজারি হবে। তাতে অন্য কারও কিছু যাবে-আসবে না।
একদা এই সমাজে চর দখলের জন্য জমিদার-জোতদারেরা লাঠিয়াল বাহিনী পুষতেন। লাঠিয়ালরা নিজ নিজ মালিকের পক্ষ নিয়ে মারতেন এবং মরতেন। লাঠিয়ালদের নিয়ে কেউ মাথা ঘামান না। তাঁদের অনেক মালিক পুকুর-দিঘি কেটে কিংবা মক্তব-এতিমখানা বানিয়ে দানবীর হিসেবে পরিচিতি পেয়েছেন। নিহত লাঠিয়ালরা কারও স্মৃতিতে নেই। তেমনি রাজনীতিবিদদের পোষ্য বা চেলা-চামুণ্ডারা মারপিট করে মরে গেলেও ইতিহাসে তাদের জন্য এক ইঞ্চি জায়গাও থাকে না। রাজনীতিবিদদের নামে অনেক রাস্তাঘাট, সেতু, দালান-কোঠা, অনেক কিছু হয়।
কিছুদিন আগে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ এলাকার সাংসদ মনজুরুল ইসলাম লিটন নিজ বাড়িতে আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন। একটি নিরপরাধ শিশুকে গুলি করে লিটন সাহেব আগেই সংবাদ শিরোনাম হয়েছিলেন। গণমাধ্যমে এই সংবাদ ফলাও করে ছাপা হয়েছিল। লিটন সাহেব সমালোচিত হয়েছিলেন। পরে পুলিশের হাতে তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। এবার তিনি নিজেই হলেন টার্গেট। গুলিতে তাঁর শরীর ঝাঁঝরা হলো। প্রচলিত মনস্তত্ত্ব অনুযায়ী সন্দেহের তির গেল রাজনৈতিক শত্রু বিএনপি-জামায়াতের দিকে। আওয়ামী লীগের অন্তঃকলহও সন্দেহের বাইরে থাকল না। এই তিন দলের ১৫৫ জন নেতা-কর্মী গ্রেপ্তার হলেন। শেষমেশ আমরা একটা রোমাঞ্চকর গোয়েন্দা গল্পের টান টান উত্তেজনার অভিজ্ঞতা পেলাম। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে সাবেক সাংসদ আবদুল কাদের খান গ্রেপ্তার হলেন। তিনি জাতীয় পার্টির টিকিটে এর আগে নির্বাচিত হয়েছিলেন।
কাদের খান ধরা পড়ার পরপরই জাতীয় পার্টির ‘মালিক’ এবং বর্তমানে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ সাফ জানিয়ে দিলেন, কাদের তাঁর দলের কেউ নন। অকাজ-কুকাজ করে ধরা পড়লে কেউ দায় নিতে চায় না। কয়েক মাস আগে এমন একটা ঘটনা ঘটেছিল সিলেটে। কলেজছাত্রী খাদিজা বেগমকে নির্মমভাবে চাপাতি দিয়ে কুপিয়েছিলেন স্থানীয় ছাত্রলীগ নেতা বদরুল। আমরা এই ঘটনার ভিডিও চিত্র দেখেছি। সুতরাং এটা ধামাচাপা দেওয়ার কোনো উপায় ছিল না। ছাত্রলীগ নেতারা তখন বলেছিলেন, বদরুল তাঁদের দলের কেউ নন, এমনকি তিনি ছাত্রও নন। অবশ্য এটা ঠিক যে এই ঘটনার পেছনে কোনো রাজনৈতিক মতলব ছিল না। খাদিজা ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছিলেন।
রাজনৈতিক মতভেদ বা দলাদলির কারণে খুনোখুনি এ দেশে নতুন নয়। একসময় দলের লোককে খুন করাকে রাজনৈতিকভাবে জায়েজ করার চল ছিল। বিশেষ করে বামপন্থী দাবিদার দলগুলোর মধ্যে। আমাদের স্মরণ আছে, ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তরুণ শিক্ষক কবি হুমায়ুন কবির তাঁর ইন্দিরা রোডের বাসায় আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন। পরে জানা গিয়েছিল, পূর্ববাংলার সর্বহারা পার্টির মধ্যকার অন্তঃকলহের শিকার ছিলেন তিনি। দলের একজন সাবেক কেন্দ্রীয় নেতার কাছে শুনেছি, হুমায়ুন নাকি সর্বহারা পার্টির নেতা সিরাজ শিকদারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। নিতান্তই আষাঢ়ে গল্প। আমি জানতে চেয়েছিলাম, এই অভিযোগের কোনো তদন্ত হয়েছিল কি না। তিনি জবাবে বলেছিলেন, দলের একটি অংশ ভুল করে এই কাজটি করেছিল। আমি তারপরও জানতে চেয়েছি, এ জন্য তাদের বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নিয়েছিল কি না। না, ব্যবস্থা নেয়নি। সিরাজ শিকদার পরে নিজেই নিহত হয়েছিলেন পুলিশের জিম্মায় থাকা অবস্থায়। নিয়তির কী নির্মম পরিহাস! এ দেশে অনেকেই সিরাজ শিকদার ‘হত্যাকাণ্ডের’ বিচার দাবি করেন। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকও। কিন্তু তাঁদের সহকর্মী হুমায়ুন কবির হত্যার বিচার চেয়ে তাঁরা কখনো ধর্মঘট বা মানববন্ধন করেছেন বলে শুনিনি।
দলের লোককে মেরে ফেলার অন্য নাম হলো আন্তপার্টি সংগ্রাম। এ দেশের অতি-বাম দলগুলোর মধ্যে একসময় এই প্রবণতা জেঁকে বসেছিল। পূর্ববাংলার সর্বহারা পার্টি, পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি, পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেনিনবাদী)—এরা সবাই দলের ভেতরে এই অকাজটি করেছে। ডান বা মধ্যপন্থী দলগুলোতেও এর প্রভাবপড়েছিল। আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগে শুদ্ধি অভিযানের নামে একধরনের মেরুকরণ হয়েছিল। দলের সিনিয়র নেতারাই ইন্ধন জুগিয়েছিলেন। এর ফলে মুহসীন হলে ১৯৭৪ সালে ‘সাত খুনের’ মর্মান্তিক ঘটনাটি ঘটে। আন্তপার্টি সংগ্রাম জাসদের ঘাড়েও সওয়ার হয়েছিল। এর বাড়াবাড়ি রকম প্রতিফলন দেখা যায় কুষ্টিয়ায়। সেখানে জ্যেষ্ঠ নেতাদের দ্বৈরথের আগুনে জ্বলে-পুড়ে গিয়েছিল অনেক তাজা প্রাণ।
আমি যখন জাসদের উত্থান-পতন অস্থির সময়ের রাজনীতি বইটি লেখার চেষ্টা করছি, তখন অনুসন্ধান করে বেশ কয়েকজন নিহত ব্যক্তির নাম জানতে পারি, যাঁরা নেতাদের দ্বন্দ্বের বলি হয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন মারফত আলী, বাবু, রমজান, লিয়াকত, সাচ্চু চেয়ারম্যান, ইউনুস মেম্বার, আবদুর রউফ, মজিবর, রণজিত, লোবান, শের আলী, বাবলু, লিয়াকত চেয়ারম্যান, ওয়ারেশ আলী প্রমুখ। একই প্রক্রিয়ায় জাসদের কেন্দ্রীয় নেতা কাজী আরেফ আহমেদ বক্তৃতা মঞ্চে নিহত হয়েছিলেন। খুন করে পার পাওয়া কঠিন। একটি হত্যাকাণ্ড পরে অনেক হত্যাকাণ্ডের জন্ম দেয়। কুষ্টিয়ায় এভাবেই লেখা হয়েছিল জাসদের আত্মনিধন নাটকের স্ক্রিপ্ট। এর যে পুরোপুরি মীমাংসা হয়ে গেছে, তা কি বলা যাবে?
জাসদ-সম্পর্কিত বইটির কথা যখন উঠল, তখন একটা ব্যক্তিগত প্রসঙ্গের উল্লেখ না করেই পারছি না। বইটি প্রকাশিত হওয়ার পরপরই আমি যেন তোপের মুখে পড়লাম। জাসদের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের একটা বড় অংশ আমাকে সাধুবাদ দিয়েছিল। কেননা, এই প্রথমবারের মতো আমি তাদের দলের ইতিহাস তুলে ধরেছিলাম, তৃণমূলের রাগী তরুণদের সাহসী ভূমিকা পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছিলাম। কিন্তু হাতে গোনা দু-একজন বড় নেতার এটা সহ্য হয়নি। লুকোনো সত্য বের হয়ে যাওয়ায় অনেকেই আমার ওপর গোসসা হয়েছিলেন। তাঁরা আমাকে দেখে নেবেন বলে হুমকি দিয়েছিলেন। আমি বেশ কিছুদিন আতঙ্কে ছিলাম। পাঠকের আনুকূল্য আমাকে সাহস জুগিয়েছে।
দলের মধ্যে বিরোধ এবং এর ফলে খুনখারাবি এখন যেন ডাল-ভাত। উদাহরণ হিসেবে এখানে আওয়ামী লীগ এবং বিএনপি—দুটো বড় দলের তত্ত্বতালাশ করা যেতে পারে। বিএনপি শেষবার ক্ষমতায় ছিল ২০০১-০৬ সালে। ওই সময় দলের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল ২৮৪টি। এতে মারা গিয়েছিলেন ৫৫ জন এবং আহত হয়েছিলেন ৬ হাজার ৬৮৪ জন। একই সময় আওয়ামী লীগের লোকেরা যে সুবোধ বালকের মতো বসে ছিলেন, তা নয়। তাঁরা নিজেদের মধ্যে কমপক্ষে ২৬৯ বার মারামারি করেছেন। খুন হয়েছেন ৩৭ জন এবং জখম হয়েছেন ৪ হাজার ৫৯৯ জন। এ তো গেল ‘আন্তপার্টি সংগ্রামের’ হিসাব। দুই দলের বিবাদে প্রতিপক্ষের হাতে ওই পাঁচ বছরে খুন হয়েছিলেন ১১৮ জন এবং জখম হয়েছিলেন ১১ হাজার ৪২৭ জন। আইন ও সালিশ কেন্দ্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই হিসাবটি করেছেন অধ্যাপক রওনক জাহান (সূত্র: পলিটিক্যাল পার্টিজ ইন বাংলাদেশ, প্রথমা প্রকাশন, ২০১৫)।
২০০৯ সালে আওয়ামী লীগ দেশের হাল ধরল। খুনোখুনির সংখ্যা বেড়ে গেল। আওয়ামী লীগাররা নিজেরা নিজেদের ১২২ জনকে খুন করল ২০১৩ সাল অবধি। ওই পাঁচ বছরে বিএনপির নিজেরা খুনোখুনি করে মারল দলের ২৯ জনকে। এই দুই দলের লোকেরা একে অন্যের প্রাণ নিল ১৩১টি (সূত্র: ওই)।
এই সংখ্যাগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, আওয়ামী লীগ বা বিএনপি, যে–ই সরকারে থাকুক, তাদের লোক নিজেদের দলাদলিতে মরে বেশি, বিরোধী দলে থাকলে খুন হয় কম। বলা চলে, ক্ষমতা থাকলে ‘আন্তপার্টি সংগ্রাম’ বেশি চাঙা হয়। এর কারণ কী? সম্ভাব্য কারণ হতে পারে, ক্ষমতার যে মধু, তার স্বাদ পেতে অনেকেই মরিয়া হয়ে ওঠেন। ক্ষমতার এমনই মোহ, তা মানুষকে অমানুষ বানায়। এ অবস্থায় দলের লোকও হয়ে যায় প্রতিপক্ষ, পরম শত্রু।
মানিক মিয়া অ্যাভিনিউয়ের দালানে ঢুকতেপারলেই ক্ষমতার চাবিটা হাতের মুঠোয় চলে আসে। তাই ওখানে ঢোকার জন্য তুমুল প্রতিযোগিতা, দ্বন্দ্ব ও হানাহানি। একজন সাংসদ যে পরিমাণ অর্থ, বিত্ত ও ক্ষমতার নিয়ন্ত্রক হন, তা সাধারণের নাগালের বাইরে। এ জন্য কোটি কোটি টাকা লগ্নি হয়, হয় লগ্নি-বাণিজ্য। সাংসদ হওয়ার জন্য প্রয়োজনে নির্বাচনকেই হাস্যকরভাবে বিসর্জন দেওয়া হয়। লিটনের খুন হওয়া এবং কাদের খানের পরিকল্পনা থেকে এটা আবারও প্রমাণিত হলো।
লেখাটি শেষ করব একটি বিয়োগান্ত খুনের বিবরণ দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আফতাব আহমাদ বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় নিজের বাসায় আততায়ীর গুলিতে আহত হয়ে দুই দিন পর ২৮ সেপ্টেম্বর ২০০৬ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। তাঁর মৃত্যুতে দেশে কোনো হইচই হয়নি। তিনি একাদিক্রমে আওয়ামী লীগ, জাসদ ও বিএনপি করেছেন, কোথাও থিতু হননি। কোনো দলই তাঁকে নিজের মনে করে না। তাই তাঁর মৃত্যুতে তেমন প্রতিবাদ উচ্চারিত হয়নি, কোনো দল বা গোষ্ঠী বিচার চেয়ে মানববন্ধন করেনি। তাঁর একটি পালিত কন্যা ছিল। শিশুকালেই সে মারা যায়। বছরখানেক আগে তাঁর স্ত্রীও গত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকর্মীরা কোনো অজ্ঞাত কারণে তাঁর প্রতি সহমর্মী নন। তাঁর কোনো বন্ধুও নেই। সুতরাং ধরে নেওয়া যায়, তাঁর মৃত্যুরহস্য অনুদ্ঘাটিতই থেকে যাবে।
মহিউদ্দিন আহমদ: লেখক ও গবেষক।