খুব বেশি আশা করা সমীচীন হবে না
পেশোয়ার হত্যাকাণ্ড: পাকিস্তানের পেশোয়ারের সেনা পরিচালিত স্কুলে সম্প্রতি এক নারকীয় হামলায় ১৩২ শিশুসহ ১৪১ জন নিহত হয়। পৃথিবীর সব প্রান্তের মানুষই এ ঘটনার নিন্দা জানিয়েছেন। এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ দৈনিক নিউইয়র্ক টাইমস-এর অনলাইনে দ্য অপিনিয়ন পেজের রুম ফর ডিবেটে সমাজের বিভিন্ন ব্যক্তির মতামত প্রকাশিত হয়েছে। সেখান থেকে দুজন বিশিষ্ট পাকিস্তানির মতামত তুলে ধরা হলো।
পেশোয়ারের সেনা পরিচালিত স্কুলে হামলার ঘটনা কীভাবে তালেবানবিরোধী যুদ্ধে প্রভাব ফেলবে, তা বুঝতে প্রথমে কিছু কাঠামোগত শর্ত সম্পর্কে জানতে হবে, যেগুলোর কোনো পরিবর্তন হবে না। এর মধ্যে রয়েছে: পাকিস্তানের আইনি-রাজনৈতিক কাঠামোতে উত্তর ওয়াজিরিস্তানের কেন্দ্রশাসিত আদিবাসী অঞ্চলগুলোর প্রান্তিকীকরণ, টিটিপি নামে পরিচিত পাকিস্তানি তালেবানদের দক্ষতা ও অভিজ্ঞতা, সামরিক বাহিনীর ভূমি ও আকাশ সক্ষমতা, সন্ত্রাসীদের বিচারকল্পে বিশ্বাসযোগ্য ও নিয়মিত আইনি প্রক্রিয়া প্রভৃতি। তবে পরিবর্তন একটা ক্ষেত্রে ঘটেছে। তালেবানবিষয়ক জনমতে তা ঘটেছে। কিন্তু এর মাজেজা কী, তা এখনো পরিষ্কার নয়।
জনমত তালেবানদের বিরুদ্ধে এর আগেও ঘুরে গিয়েছিল। তবে তার মাত্রা হয়তো আজকের মতো এতটা ছিল না বা তার মধ্যে এতটা সমরূপতাও ছিল না। আর সারা দেশের মানুষই সতর্ক হয়ে উঠেছে। আরও সাধারণভাবে বললে, যুদ্ধ শুরু করার আগে জনমত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অথবা যুদ্ধক্ষেত্রে যখন সেনারা নিস্তেজ হয়ে পড়ে। এ দুটো শর্তের একটিও এখন প্রযোজ্য নয়।
সামগ্রিকভাবে, জনরোষ কার্যকরভাবে পরিচালিত হবে এমন সম্ভাবনা কম। বিপরীতে, এ হামলার পর রাষ্ট্রের নড়াচড়া দেখে মনে হচ্ছে আমরা মদ খেয়ে টলায়মান অবস্থায় খাইবারে অনির্দিষ্ট লক্ষ্যে তীব্র আঘাত হানছি। মনে হচ্ছে, রাষ্ট্র তার দেনা শোধাতে মৃত্যু পরোয়ানা জারি করেছে। ব্যাপারটা অনেকটা এ রকম যে একটি রচনার উপসংহার যদি এর মূল বক্তব্যের সঙ্গে সংগতিপূর্ণ না হয়, তাহলে যে অবস্থার সৃষ্টি হয়, পাকিস্তানি সরকারের কর্মকাণ্ডের গতি-প্রকৃতিও সে রকম।
সংক্ষেপে বললে, রাষ্ট্র তার চলমান কৌশল বজায় রাখবে। অর্থাৎ উত্তর ওয়াজিরিস্তানে বলপ্রয়োগ আবার টিটিপির সঙ্গে আলোচনা—শেষোক্তটিই কোনো সমাধানে পৌঁছার ক্ষেত্রে সহায়ক বলে মনে হয়। এই কৌশলে কিছু সফলতাও এসেছে। কারণ, বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা কমে গেছে। বোধগম্যভাবে, রাষ্ট্র জিহাদিদের মধ্যকার তীব্র প্রতিক্রিয়া সুচতুরভাবে কাজে লাগিয়ে তাদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে। তাদের সঙ্গে লড়ালড়ির পর কোনো আলোচনার সূত্রপাত হলে পাকিস্তান দীর্ঘমেয়াদি লাভবান হতে পারে। সে আলোচনার বিষয়বস্তু যদি এ রকম হয়: সমাজে ইসলাম, ইসলামবাদ ও ইসলামপন্থীদের অবস্থান। যে সমাজের ভিত্তি হচ্ছে ধর্মীয় জাতীয়তাবাদ, যেখানে এ রকম বিতর্কের কোনো স্থান নেই। এ–জাতীয় আলেচানার সম্ভাবনা নেই বললেই চলে। যদিও ধর্মীয় চরমপন্থী ও তাদের সমমনারা সমাজের মূলধারার রাজনৈতিক দল ও সংবাদমাধ্যমের মধ্যে ভীতির বীজ বপন করেছে।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন
আহসান আই ভাট: যুক্তরাষ্ট্রের জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পলিসি, গভর্নমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহকারী অধ্যাপক।