খেলাপি ঋণ আদায়ে চাই দ্রুত বিচার ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন: তুলি
কার্টুন: তুলি

‘রাজনৈতিক কারণেই খেলাপি ঋণ সংস্কৃতি উৎসাহিত হয়েছে’—প্রথম আলোর ২৭ নভেম্বর প্রকাশিত বিলম্বিত স্বীকারোক্তির জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সাধুবাদ। ওই সংবাদে বাংলাদেশ ব্যাংকের তথ্য উদ্ধৃত করা হয়েছে যে ২০১৪ সালের সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ আগের প্রান্তিকের ৫১ হাজার কোটি টাকা থেকে বেড়ে ৫৭ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। ওই সংবাদে আমার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘খেলাপি ঋণের যে হিসাব দেওয়া হয়, তা আসলে একধরনের প্রতারণা। কেননা, এর মধ্যে অবলোপন (রাইট অফ) করা ঋণের হিসাব থাকে না।’
একই দিনে আরেকটি পত্রিকায় বাংলাদেশ ব্যাংকের সরবরাহকৃত তথ্য প্রকাশিত হয়েছে যে ২০০২ সাল থেকে এ পর্যন্ত ৩৭ হাজার কোটি টাকারও বেশি মন্দঋণ অবলোপন করা হয়েছে। ওই পত্রিকায় এই ৩৭ হাজার কোটি টাকা যোগ করে খেলাপি ঋণের প্রকৃত পরিমাণ ৮৫ হাজার কোটি টাকার বেশি হবে বলা হয়েছে। এটা ভুল তথ্য, কারণ অবলোপন করা মন্দঋণের সুদ চক্রবৃদ্ধি হারে বাড়ছে। প্রশ্ন হলো, অবলোপন করা ৩৭ হাজার কোটি টাকার ওপর ক্রমাগতভাবে যে সুদ যোগ হচ্ছে তার হিসাব বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলো জনগণের কাছে লুকোচ্ছে কেন? ওই আসল হিসাবটা জানা গেলে থলের বিড়ালটা বেরিয়ে যেত যে শুধু অবলোপন করা খেলাপি ঋণের সুদাসলে বর্তমান স্থিতি দেড় লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
আমি দায়িত্ব নিয়েই চ্যালেঞ্জ জানাচ্ছি: অবলোপন করা ঋণের প্রকৃত হিসাব প্রতারণামূলকভাবে প্রকাশিত খেলাপি ঋণের সঙ্গে যোগ করলে দেশের ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দুই লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মানে হলো, খেলাপি ঋণ সমস্যাটা অনেক বেশি ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে অনেক দিন আগেই। সরকার, বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন ব্যাংকের কর্তৃপক্ষ চেষ্টা করছে অবলোপন করা মন্দঋণ যে মোটেও আদায় করা যাচ্ছে না সে দুঃসংবাদটা জনগণের কাছ থেকে আড়াল করতে। বেশির ভাগ ব্যাংক তাদের অবলোপনকৃত মন্দঋণের ১ শতাংশও আদায় করতে পারেনি বলে খবর রয়েছে। বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে কার্যকর কোনো পদ্ধতিই অবলম্বন করেনি গত ১২ বছরে! কিন্তু অবলোপনকৃত মন্দঋণ নিয়ে কেন এই লুকোচুরি? এ পর্যন্ত কত শতাংশ মন্দঋণ আদায় হয়েছে, সে তথ্য জানার অধিকার রয়েছে প্রত্যেক নাগরিকের, কারণ এগুলো তাঁদের আমানতের টাকা।
এই দেড় লাখ কোটি টাকা সরকারের, বাংলাদেশ ব্যাংকের ও বিভিন্ন ব্যাংকের কর্তাব্যক্তিদের নীরবতা, জ্ঞানপাপীসুলভ সজ্ঞান নিষ্ক্রিয়তা কিংবা সুপরিকল্পিত যোগসাজশে দেশের কয়েক হাজার রাঘববোয়াল ঋণখেলাপি কর্তৃক হজম করে ফেলার ব্যাপারটি কোনো যুক্তিতে মেনে নেওয়া যায় না। ঋণ রাইট অফ করা মানে তো ঋণ মাফ করে দেওয়া নয়, শুধু ব্যাংকের মূল ব্যালেন্স শিট থেকে সরিয়ে আলাদা আরেকটি লেজারে রাইট অফ করা মন্দঋণের হিসাব সংরক্ষণ করা। তাই, এখানে একটা বড় ধরনের অপরাধ ও দুর্নীতির আভাস মিলছে!
অবলোপনকৃত ঋণের পরিমাণ ২০০২ সালে ‘রাইট অফ’ প্রক্রিয়া শুরুর পর প্রথম প্রথম নিয়মিতভাবে প্রকাশ করত বাংলাদেশ ব্যাংক। কিন্তু যখন পত্রপত্রিকায় খবর বেরোল যে ১ শতাংশ মন্দঋণও আদায় হচ্ছে না, তখন ২০০৪ সাল থেকে হঠাৎ প্র্যাকটিসটা বন্ধ করে দেওয়া হয়েছিল। এভাবে সমস্যাটাকে কার্পেটের তলায় লুকিয়ে ফেলা কি জনগণের সঙ্গে প্রতারণা নয়? বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমি একাধিকবার অবলোপনকৃত ঋণের হিসাব প্রকাশ আবার শুরুর অনুরোধ জানিয়েছি, কিন্তু ওই লুকোচুরি থামাতে পারিনি। অথচ ভারত, মালয়েশিয়া এমনকি পাকিস্তানে অত্যন্ত সফলভাবে অবলোপনকৃত মন্দঋণ আদায়ের পদ্ধতি প্রয়োগ করার নজির আছে।
মাহাথির মোহাম্মদের শাসনামলে মালয়েশিয়ায় ঋণের সহজামানত হিসাবে ব্যাংকের কাছে বন্ধকি দেওয়া এক গাড়ির মালিককে খেলাপি ঋণ আদায়ের জন্য রাস্তায় চলন্ত গাড়ি থামিয়ে তা জব্দ করার একটি ঘটনা সারা বিশ্বের মিডিয়ায় ২০০০ সালে তোলপাড় তুলেছিল। পাকিস্তানে পারভেজ মোশাররফ ক্ষমতায় এসে ঋণখেলাপিদের এমন গণহারে গ্রেপ্তার করতে শুরু করেছিলেন যে ওই এক ধাওয়াতেই পাকিস্তানের খেলাপি ঋণ সমস্যা নাটকীয়ভাবে কমে গিয়েছিল। আইন কঠোরভাবে প্রয়োগ করলে ঋণখেলাপি সমস্যার নিরসন সম্ভব।
এ পর্যায়ে স্মরণ করা যেতে পারে যে, প্রয়াত অর্থনীতিবিদ মোজাফ্ফর আহমদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর লুৎফর রহমান সরকারের অনুরোধ ও পীড়াপীড়ি উপেক্ষা করতে অপারগ হয়ে আমি ১৯৯৮ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক হিসেবে তিন বছরের ডেপুটেশনে দায়িত্ব পালন করেছিলাম। তাঁদের একটি শর্ত দিয়েছিলাম যে খেলাপি ঋণের ওপর আমাকে একটি গবেষণা করার সুযোগ দিতে হবে। তাঁরা দুজনেই সানন্দে শর্ত মেনে নেন। ১৯৯৭ সালে তদানীন্তন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া সংসদে ২১১৭ জন কোটিপতি ঋণখেলাপির যে তালিকা প্রকাশ করেছিলেন, তার মধ্য থেকে ১২৫টি দৈব নমুনাচয়নের মাধ্যমে আমরা ওই গবেষণাটি পরিচালনা করি। ১৯৯৯ সালে যখন এর প্রাথমিক ফলাফল একটি জাতীয় সেমিনারে উপস্থাপন করি, তখন গবেষণায় উদ্ঘাটিত চাঞ্চল্যকর ফলাফল প্রচণ্ড আলোড়ন সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সংসদে আমাদের রিপোর্টের উদ্ধৃতি দিয়ে ঋণখেলাপি সমস্যাকে মারাত্মক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তাঁর রাজনৈতিক প্রতিপক্ষকে তুলাধোনা করেছিলেন। কিন্তু এরপর ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাঁর পূর্বসূরির অঙ্গীকার পূরণে অপারগতা জানানোতে আমাদের গবেষণা প্রকল্পটি ভন্ডুল হতে বসেছিল। বাধ্য হয়ে তখন আমাকে গবেষণাপদ্ধতি পরিবর্তন করে কেস স্টাডির সংখ্যা অনেক বাড়িয়ে দিতে হয়েছিল। ফলে ওই গবেষণায় দেশের ৩১ জন শীর্ষ ঋণখেলাপির কাহিনি লিপিবদ্ধ হয়েছে। ওই রিপোর্টটির প্রকাশনাকেও নানাভাবে বাধাগ্রস্ত করার প্রয়াস নেওয়া হয়েছিল, যেগুলো শেষ পর্যন্ত সফলভাবে মোকাবিলা করে গবেষণা রিপোর্টটি ২০১০ সালে এ প্রোফাইল অব ব্যাংক লোন ডিফল্ট ইন দ্য প্রাইভেট সেক্টর ইন বাংলাদেশ নামের বই হিসেবে প্রকাশ করেছি। বইয়ের সপ্তম অধ্যায়ে ওই ৩১ জন রাঘববোয়াল ঋণখেলাপির হাজার হাজার কোটি টাকা লুণ্ঠনের কাহিনি বর্ণিত হয়েছে, যেগুলোকে অর্থনীতিবিদ আনিসুর রহমান ‘হেয়ার রেইজিং স্টোরিজ’ বলে আখ্যা দিয়েছেন।
এই ব্যক্তিগত ব্যাপারটা বর্ণনা করলাম খেলাপি ঋণ সমস্যাটিকে লুকিয়ে ফেলার বদখাসলতটি এ দেশের ব্যাংকিং খাতের উচ্চতম পর্যায়ে গেঁড়ে বসে থাকার কাহিনিটা উদ্ঘাটনের উদ্দেশ্যে। ওই বইতে প্রত্যেক ব্যাংকের শীর্ষ ১০ জন ঋণখেলাপিকে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের আওতায় নিয়ে আসার জন্য রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের একটি সুপারিশ বাস্তবায়নের জন্য আমরা অগ্রাধিকার ভিত্তিতে আইন প্রণয়নের আহ্বান জানিয়েছিলাম। কারণ, রাঘববোয়াল ঋণখেলাপিদের বিত্তের ও ÿক্ষমতার মোকাবিলায় অর্থঋণ আদালতগুলো সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ার বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছিলাম।
এক সেমিনারে অর্থমন্ত্রী কিবরিয়া আমাকে আশ্বস্ত করেছিলেন, দেউলিয়া আইন পাস হলে ঋণখেলাপিদের শায়েস্তা করা যাবে। তারপর, দেউলিয়া আইন পাস হওয়ার পর প্রথম দেউলিয়া ঘোষিত হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী। তিনি তড়িঘড়ি করে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আবার আওয়ামী লীগে ফিরে আসার ঘোষণা দেওয়ার পর ২০০২ সালে তাঁর মৃত্যু পর্যন্ত ওই ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায়নি। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর আর একটি মামলারও রায় হয়নি দেউলিয়া আদালতে, এমনকি গত ১৩ বছরেও আর কাউকে দেউলিয়া ঘোষণার খবর মেলেনি। অর্থঋণ আদালতে দোষী সাব্যস্ত হয়ে কেউ জেল-জরিমানা দিয়েছেন, এ রকম নজিরও নেই। তার মানে, দেশের বিচারব্যবস্থার মাধ্যমে ঋণখেলাপিদের শাস্তি প্রদান অসম্ভব প্রমাণিত হচ্ছে।
যে ৩১ জন রাঘববোয়াল ঋণখেলাপির কাহিনি আমরা ফাঁস করে দিয়েছিলাম, তাঁদের মধ্যে ২৭ জনই আমার জানামতে এখনো ঋণখেলাপি রয়ে গেছেন। কিন্তু আইনের ফাঁক গলে তাঁদের বেশ কয়েকজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, বিভিন্ন ব্যাংকের মালিক/পরিচালক হয়েছেন। এমনকি কয়েকজন ব্যাংকের চেয়ারম্যানও হয়েছেন। ছেলেমেয়ে, স্ত্রী, ভাইবোনদের নামে ঋণের দায় হস্তান্তর করেছেন বেশ কয়েকজন। শত শত কোটি টাকা রাইট অফ করা ঋণ তাদের অ্যাকাউন্টে বা ওভাবে অন্যদের নামে ট্রান্সফার করা অ্যাকাউন্টে খেলাপি হয়ে পড়ে আছে, অথচ তারা দিব্যি বিভিন্ন ব্যাংক থেকে নতুন নতুন ঋণ বাগিয়ে ব্যাংকিং সেক্টরে দাবড়ে বেড়াচ্ছেন।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ‘গরিবের অর্থনীতিবিদ’ আখ্যা পেয়েছেন, ‘অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং’ চালু করার জন্য গুচি পুরস্কারেও ভূষিত হয়েছেন। ব্যাংকিংকে সাধারণ জনগণের আওতার মধ্যে পৌঁছানোর প্রয়াস জোরদার করার জন্য তাঁকে অভিনন্দন। কিন্তু খেলাপি ঋণ সমস্যা নিরসনে তাঁর নেতৃত্বের প্রশংসা করতে পারছি না বলে দুঃখিত। এই কঠিন কাজটি সঠিক ও কার্যকরভাবে করতে না পারলে অদূর ভবিষ্যতে দেশের ব্যাংকিং সেক্টর বিপদে পড়বে। এক কোটি প্রবাসী বাংলাদেশির বৈধ বা অবৈধপথে আসা রেমিট্যান্স-প্রবাহের কারণে ব্যাংকগুলোতে আমানতের ঢল অব্যাহত রয়েছে। এক লাখ কোটি টাকারও বেশি উদ্বৃত্ত তারল্য নিয়ে ব্যাংকগুলো সমস্যায় আছে। কিন্তু ব্যাংকের ঋণ ক্রমাগতভাবে দেশের শখানেক ব্যক্তির কাছে কুক্ষিগত হয়ে যাওয়ার ধারাটি জোরদার হওয়া কোনো যুক্তিতেই গ্রহণযোগ্য হতে পারে না। একই সঙ্গে দেশের মোট ঋণপ্রবাহের ৪০ শতাংশেরও বেশি (রাইট অফ করা ঋণ সুদাসলে যোগ করে) খেলাপি হওয়ার পরও এহেন দেশদ্রোহিমূলক অপরাধকে কঠোর হস্তে দমন করার ব্যবস্থা গড়ে না তোলাও গ্রহণযোগ্য নয়।
রাজনৈতিক সদিচ্ছার অভাব এ ক্ষেত্রেও প্রধান প্রতিবন্ধক। সে জন্য আমার আহ্বান, আর সময়ক্ষেপণ না করে প্রতিটি ব্যাংকের শীর্ষ ১০ ঋণখেলাপিকে দ্রুত বিচারের আওতায় আনার জন্য ‘খেলাপি ব্যাংক ঋণ ট্রাইব্যুনাল’ গঠন করা হোক।
মইনুল ইসলাম: অধ্যাপক, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।