গণজাগরণ মঞ্চের রোডমার্চে আমিও আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্চের প্রথম সপ্তাহে যখন কুমিল্লা যাই, তখন শহরটি ছিল শান্ত। সবকিছু স্বাভাবিক নিয়মে চলছিল। এমনকি বিএনপির কাউন্সিল কিংবা ইউপি নির্বাচনের উত্তাপও সেখানে দেখা যায়নি।

প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি গাজীউল হক ও আলোকচিত্রী এম সাদেককে নিয়ে যেদিন আমরা ভিক্টোরিয়া কলেজে পৌঁছাই, দেখি সেখানে নিয়মিত ক্লাস হচ্ছে। ক্লাসের ফাঁকে ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে গল্প-গুজব করছে। কেউ হাসিঠাট্টায় মশগুল। কারও চেহারায় উদ্বেগের ছাপ নেই। কলেজের অধ্যক্ষ আবদুর রশীদ আলোচনা প্রসঙ্গে জানান, তাঁর কলেজের ছাত্রছাত্রীরা নাটক-গান-আবৃত্তি তথা সংস্কৃতিচর্চায় অনেক এগিয়ে।

তখনো কি কেউ ভাবতে পেরেছিলেন, সেই কলেজেরই একজন ছাত্রী ও নাট্যকর্মী এভাবে হত্যার শিকার হবেন? তিনি সোহাগী জাহান তনু। ইতিহাস দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ভিক্টোরিয়া থিয়েটারের কর্মী। ২০ মার্চ রাত সাড়ে ১০টায় কুমিল্লা সেনানিবাসের পাহাড় হাউস এলাকায় তাঁর লাশ পাওয়া যায়। তাঁর বাবা ইয়ার হোসেন সেনা নিবাস বোর্ডে একটি ছোট্ট চাকরি করতেন। তাই সোহাগী টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালাতেন। সুরক্ষিত সেনা নিবাসের ভেতরেই তাঁদের বাসা। সেদিনও বিকেলে তিনি টিউশনিতে গিয়েছিলেন। কিন্তু অনেক রাতেও ফিরে না আসায় বাবা তাঁর খোঁজে বের হন এবং কিছু দূর যেতেই সন্তানের লাশ দেখতে পান।

এরপর থেকেই সোহাগী হত্যার বিচারের দাবিতে কুমিল্লা উত্তাল। কেবল কুমিল্লা নয়, সারা দেশেই প্রতিবাদ ও বিক্ষোভ হচ্ছে। ঢাকায় সম্মিলিত সাংস্কৃতিক জোট সোহাগী হত্যার বিচারের দাবিতে সমাবেশ করেছে। সমাবেশ করেছে আরও অনেক সংগঠন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে তোলপাড়।

ঘটনার এক সপ্তাহের বেশি পার হলেও মামলার অগ্রগতি নেই। কোনো আসামি ধরা পড়েনি। যদিও কর্তাব্যক্তিরা গৎ বাঁধা বুলি আউড়িয়ে যাচ্ছেন, ‘রহস্য উদঘাটন হবেই।’ আমাদের প্রশ্ন কবে হবে? সাংবাদিক সাগর-রুনি হত্যার পরও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের পাকড়াও করার কথা বলেছিলেন। ৪৮ মাস পার হয়ে গেলেও অপরাধীরা ধরা পড়েনি। সোহাগী হত্যার আসামি ধরা না পড়লেও তদন্তের নামে তাঁর বাবা-মাসহ আত্মীয়স্বজনকে দফায় দফায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শোকাহত স্বজনদের প্রতি এ কেমন নিষ্ঠুর আচরণ। তদন্তের স্বার্থে তাঁদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে সেটি তাঁদের বাড়িতে এসেই করা উচিত ছিল।

সোহাগী হত্যার বিচার চেয়ে প্রতিদিনই শহরের কেন্দ্রস্থল কান্দিরপাড়ে সর্বস্তরের মানুষ বিক্ষোভ করছে। বিক্ষোভ হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। প্রতিবাদ হয়েছে দেশের বাইরে লন্ডনেও। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতিকর্মীরা। ‘আমরা সবাই তনুর ভাই, তনু হত্যার বিচার চাই’ স্লোগান দিয়ে রাস্তায় নেমে এসেছেন শিক্ষার্থীরা।

সোহাগী জাহান হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চ গতকাল সকালে ঢাকা থেকে কুমিল্লার অভিমুখে রোডমার্চ শুরু করেছে। বিকেলে কান্দিরপাড় পূবালী চত্বরে তাদের সমাবেশ হওয়ার কথা। গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের পাশাপাশি এই রোডমার্চে যোগ দিয়েছেন ছাত্র-তরুণ ও সংস্কৃতি কর্মীরাও। এই রোডমার্চ আরও, আরও বড় হোক। রোড মার্চ থেকে তারা জানিয়ে দিক, সোহাগীর হত্যাকারী যে-ই হোক তার ক্ষমা নেই। অবিলম্বে ঘাতককে পাকড়াও করে বিচারে সোপর্দ করতে হবে। কেবল হত্যার বিচারই পারে পরবর্তী হত্যা রোধ করতে। বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশ ও জাতিকে মুক্তি দিতে।
গণজাগরণ মঞ্চের বন্ধুদের বলছি, আমিও এ রোডমার্চে আছি।