গণতন্ত্র এক বিস্ময়কর জিনিস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

সদ্য হয়ে যাওয়া ব্রিটিশ পার্লামেন্টারি নির্বাচন, ক্ষমতাসীন দলের বিজয় হাতছাড়া হওয়া এবং পেছনের সারি থেকে উঠে আসা একজন বামপন্থী রাজনীতিকের বিস্ময়কর উত্থান বাংলাদেশেও অনেকের মধ্যে যে কৌতূহলের জন্ম দিয়েছে সন্দেহ নেই। বাংলাদেশে যাঁরা ওয়েস্টমিনস্টার ধাঁচের গণতন্ত্রের স্বপ্ন এখনো লালন করেন, তাঁরা ওই নির্বাচন থেকে কী কী শিক্ষা নেওয়া যায়, তা নিয়েও মতামত দিয়েছেন। সে দেশের প্রধানমন্ত্রী মেয়াদের তিন বছর বাকি থাকতেও আগাম নির্বাচন দেওয়ায় তঁার মধ্যে মাহাত্ম্য ও সাহসিকতার চাপ দেখেছেন। এমনকি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা কীভাবে সম্ভব হয়েছে, তা থেকে বাংলাদেশের শিক্ষা নেওয়ার সম্ভাবনার কথাও বলেছেন।
বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের ভাবনার কথা শুনতে ভালোই লাগে। তবে আমাদের বাস্তবতা যে একেবারেই আলাদা, সে কথাটি বোধ হয় আমাদের ভুলে যাওয়া উচিত নয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের স্তর পেরিয়ে আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি বিনা প্রতিদ্বন্দ্বিতার যুগে। এখন রাজনীতিতে তো বটেই, শিক্ষক সমিতি, বণিক সভা, পেশাজীবী সংগঠনগুলোতেও বিনা প্রতিদ্বন্দ্বিতার সংস্কৃতি স্থায়ী হতে চলেছে। যে স্তরে আর যে পদই হোক না কেন, সেগুলো আমৃত্যু দখলে রাখার রীতিই নতুন ধারা। আমাদের জাতীয় সংসদেও একই ধরনের কথা উঠেছে, তাও আবার সরকারের শরিক বিরোধীদলীয় এক সাংসদের কণ্ঠে। ৮ জুন জাতীয় পার্টির খোরশেদ আরা হক বাজেট আলোচনায় বলেছেন, ‘আমরা আর নির্বাচন (ইলেকশন) চাই না, প্রধানমন্ত্রী আছেন, থাকবেন, আরও ৫-১০ বছর দেশ চালাবেন।’

২.
ব্রিটিশ হাউস অব কমনসের মঙ্গলবারের দৃশ্যগুলো ভোলার নয়। পার্লামেন্টে নিজেদের অবস্থান আরও জোরদার করার আশায় টোরি নেত্রী থেরেসা মে আগাম নির্বাচন দিয়ে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর প্রথম অধিবেশন। তিনি এসেছেন সংখ্যালঘু সরকারের নেতৃত্ব দিতে। বিপরীতে তঁার প্রতিদ্বন্দ্বী বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন, আগের পার্লামেন্টে যঁার পেছনে দলীয় এমপিরাও গলা মেলাতে চাইতেন না তঁার অধিবেশনকক্ষে প্রবেশের দৃশ্য রীতিমতো উৎসবমুখর। করতালি যেন থামতেই চায় না। অধিবেশনের শুরুতে স্পিকার নির্বাচন, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার প্রথাগত স্বাগতিক ভাষণের পালা ছিল নাটকীয়তায় ভরা, যার কিছুটা প্রথাগত। কিন্তু কিছুটা নতুন। এগুলোর মধ্যে যে কথাগুলো এখনো কানে বাজে তা হলো প্রধানমন্ত্রী থেরেসা মেকে অভিনন্দন জানিয়ে বিরোধী নেতা জেরেমি করবিনের দেওয়া বক্তব্য। করবিন বলেন যে গণতন্ত্র একটি বিস্ময়কর জিনিস (ডেমোক্রেসি ইজ আ ওয়ান্ডারাস থিং)।
নবগঠিত পার্লামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম আগামী সপ্তাহে শুরু হওয়ার কথা। তবে মঙ্গলবার সংক্ষিপ্ত অধিবেশনে স্পিকার নির্বাচনের কাজটি সম্পন্ন হয় এবং প্রধানমন্ত্রী ও বিরোধী নেতা নতুন ও পুনর্নির্বাচিত এমপিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর বক্তব্যে তঁার দলের নির্বাচনী বিপর্যয়ের পরোক্ষ স্বীকৃতির সুর শোনা যায়, যখন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত স্পিকার জন বারকোকে অভিনন্দন জানিয়ে বলেন যে অন্তত একজনের ভূমিধস বিজয় হয়েছে। এরপর জেরেমি করবিনও স্পিকারকে অভিনন্দন জানাতে গিয়ে রাজনৈতিক কৌতুক করতে ভোলেননি। করবিন বলেন, গণতন্ত্র একটি বিস্ময়কর জিনিস এবং এতে কখনো কখনো অপ্রত্যাশিত ফলও পাওয়া যায়। নির্বাচনী প্রচারে মের অন্যতম প্রধান যুক্তি ছিল তঁার দল বিজয়ী না হলে ব্রিটেনের কপালে জুটবে করবিনের নেতৃত্বে বিশৃঙ্খলার জোট (কোয়ালিশন অব কেওস)। করবিন তঁার বক্তব্যে প্রধানমন্ত্রী মেকে সে কথাটিই স্মরণ করিয়ে দিতে খোঁচা মেরে বলেন যে তিনি রানির আনুষ্ঠানিক ভাষণের অপেক্ষায় আছেন যা নির্ভর করছে কত তাড়াতাড়ি বিশৃঙ্খলার জোট চূড়ান্ত হয় তার ওপর। প্রধানমন্ত্রীসহ পুরো অধিবেশন হাস্যরোলে ফেটে পড়লে করবিন বলেন যে তিনি পার্লামেন্ট এবং জাতিকে জানাতে চান যে যদি সেটি সম্ভব না হয় তাহলে লেবার পার্টি জাতীয় স্বার্থে ‘দৃঢ় এবং স্থিতিশীল নেতৃত্ব’ নিয়ে প্রস্তুত আছে। করবিন বলেন, ‘সমাজ পরিবর্তনের কণ্ঠ হিসেবে আমরা এই পার্লামেন্টের দিকে মনোযোগী হব তা সে এর মেয়াদ যত সংক্ষিপ্তই হোক না কেন।’
গণতন্ত্র যে বিস্ময়কর এবং অপ্রত্যাশিত ফল দিতে পারে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু অসম প্রতিযোগিতায় তেমনটি আশা করা যায় না। ব্রিটেনে করবিনকে খলনায়ক বা ভিলেন বানিয়ে রেখেছিল বৃহৎ পুঁজির সুবিধাভোগী গণমাধ্যম ও অভিজাত শ্রেণি। কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণার পর যখন গণমাধ্যমের ওপরও ন্যায্যতার আচরণবিধি কার্যকর হলো, তখনই মানুষ নতুন করবিনকে আবিষ্কার করল। টেলিভিশনে উভয় দলকে সমান সুযোগ দেওয়ার নীতির সুফল পেলেন তিনি।
স্পষ্টতই করবিনের আশা গত নির্বাচনে তঁার দলের পক্ষে যে হাওয়াবদল শুরু হয়েছে তার দাপটে আরেকটি নির্বাচনের বৈতরণি পার হওয়া এখন তঁার জন্য শুধু সময়ের ব্যাপার। তিনি জানেন যে থেরেসা মের সংখ্যালঘু সরকারের পক্ষে বেশি দিন টিকে থাকা সম্ভব হবে না। তারপর তিনি সুযোগ পেলে তাঁকেও সংখ্যালঘু সরকারই গঠন করতে হবে। সে ক্ষেত্রে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা আবারও আরেকটি নির্বাচনের পথই বেছে নিতে বাধ্য হবেন। থেরেসা মের সরকারের স্থায়িত্ব নিয়ে এই সংশয় শুধু বিরোধী নেতার একার নয়। মের সাবেক সহকর্মী, ক্যামেরন মন্ত্রিসভার অর্থমন্ত্রী, বর্তমানে ইভিনিং স্ট্যান্ডার্ড সংবাদপত্রের সম্পাদক জর্জ অসবর্ন থেরেসা মেকে ইতিমধ্যে ‘ডেড উওম্যান ওয়াকিং’ বলে মন্তব্য করেছেন।
উত্তর আয়ারল্যান্ডের যে আঞ্চলিক দল ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি, ডিইউপির সমর্থনে তিনি সরকার গঠন করেছেন সেই সমঝোতা টেকসই হওয়ার সম্ভাবনা খুবই কম। তাঁর দলের ভেতরেও এ নিয়ে রয়েছে অস্বস্তি। তাঁর পূর্বসূরি সাবেক প্রধানমন্ত্রীদের মধ্যে সবার আগে এই সমঝোতার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন তাঁর দলেরই জন মেজর। উত্তর আয়ারল্যান্ডে সশস্ত্র সংঘাত অবসানে রিপাবলিকান গোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনার যোগসূত্র স্থাপনের কৃতিত্ব অনেকটাই জন মেজরের। তিনি স্পষ্ট করেই বলেছেন যে সাম্প্রদায়িক ও রাজনৈতিকভাবে বিভক্ত উত্তর আয়ারল্যান্ডের বিশেষ একটি গোষ্ঠীর সঙ্গে সমঝোতা করা হলে বিভিন্ন গোষ্ঠীর বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সৎ মধ্যস্থতাকারী হিসেবে ব্রিটিশ সরকার তার আস্থা হারাতে পারে। ডিইউপির রাজনীতি এমনিতেই যথেষ্ট বিতর্কিত। সম-অধিকার ও গর্ভপাতের বিষয়ে তাদের অবস্থান নারীদের বিরুদ্ধে। গুড ফ্রাইডে অ্যাকর্ড নামে পরিচিত শান্তিচুক্তির আওতায় শিন ফেইন রিপাবলিকান আর্মি ভেঙে দিলেও আলস্টার মিলিশিয়া গোষ্ঠীগুলোর সঙ্গে ডিইউপির যোগসূত্র এখনো রয়ে গেছে। উত্তর আয়ারল্যান্ডের রাজ্য সরকার পরিচালনায় শিন ফেইনের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রশ্নে অচলাবস্থার কারণে এখন ব্রিটিশ সরকারের নিরপেক্ষ মধ্যস্থতা অতীতের তুলনায় অনেক বেশি জরুরি। বৃহস্পতিবার শিন ফেইন নেতা জেরি অ্যাডামস স্পষ্ট করেই বলেছেন যে ডিইউপির সঙ্গে সমঝোতা হবে গুড ফ্রাইডে চুক্তির লঙ্ঘন। ফলে ডিইউপির সঙ্গে পদে পদে দর-কষাকষি রাষ্ট্র পরিচালনাকে বাধাগ্রস্ত বা শ্লথ করে দেবে সন্দেহ নেই।
সংখ্যালঘু সরকারকে চাহিদামতো আস্থা অর্জনের ভিত্তিতে সরকার পরিচালনা করতে হবে। পুরো মেয়াদে কনফিডেন্স অ্যান্ড সাপ্লাই-নির্ভর সরকার পরিচালনার অভিজ্ঞতা অবশ্য ব্রিটেনে একেবারে অচিন্তনীয় নয়। স্কটল্যান্ডে স্কটিশ জাতীয়তাবাদী এসএনপি এক মেয়াদে সেভাবেই রাজ্য পরিচালনা করে সফল হয়েছে এবং পরেরবার নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার পরিচালনায় টোরি পার্টির বাধা অনেক। দীর্ঘ সাত বছরের কৃচ্ছ্রসাধন নীতি ব্যাপক জনগোষ্ঠীকে অনেকটাই বিক্ষুব্ধ করে তুলেছে। বিশেষ করে সম্পদশালীদের প্রাচুর্য আরও বৃদ্ধি পাওয়ায় এবং বৈষম্য বৃদ্ধিই এর প্রধান কারণ। করবিনের ‘লেবার অনেকের জন্য, কয়েকজনের জন্য নয় (লেবার ফর দ্য মেনি, নট দ্য ফিউ)’ স্লোগান তাই জনপ্রিয় হয়েছে এবং তাঁর ম্যানিফেস্টো বহুল সমাদৃত হয়েছে। লেবার পার্টির সরকার গঠনের প্রস্তুতি তাই মোটেও অবাস্তব কিছু নয়। থেরেসা মে যেকোনো সময়েই আস্থা ভোটের মুখে পড়তে পারেন এবং করবিনের জন্য সুযোগ তৈরি হতে পারে। মে আস্থা ভোটে হারলেই যে নির্বাচন দিতে পারবেন তা নয়। কেননা, তাঁর পূর্বসূরি ডেভিড ক্যামেরন লিবারেল ডেমোক্র্যাটদের সঙ্গে যখন জোট গড়েছিলেন তখন সরকারকে টিকিয়ে রাখতে পার্লামেন্টের মেয়াদ পাঁচ বছরের জন্য নির্ধারণ করে নতুন একটি আইন করেন। ওই আইন অনুযায়ী প্রধানমন্ত্রী আস্থা ভোটে হারলে পরবর্তী ১৪ দিনের মধ্যে তাঁর প্রতিপক্ষ কিংবা তিনি আরও একবার আস্থা অর্জনের চেষ্টা করবেন। কেউই আস্থা অর্জনে সক্ষম না হলে পার্লামেন্ট ভেঙে যাবে এবং নতুন নির্বাচন হবে। কিন্তু প্রধানমন্ত্রী যদি মেয়াদের আগে নির্বাচন করতে চান তাহলে তঁার পক্ষে দুই-তৃতীয়াংশ এমপির সমর্থন প্রয়োজন হবে।

৩.
ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনের ব্রিটিশ দৃষ্টান্তের কথা বাংলাদেশে আমরা অনেক শুনেছি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা শুনি না। নির্বাচন আয়োজন এবং অনুষ্ঠানে প্রশাসনের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি। আর সে কারণেই নির্বাচনের সময়ে বন্ধুস্থানীয়, নিদেনপক্ষে সহানুভূতিশীল সরকারি আমলাদের নিজেদের এলাকায় পাওয়ার জন্য প্রার্থীদের আমরা তদবির ও দৌড়ঝঁাপ করতে দেখি। সাবেক মন্ত্রিপরিষদ সচিব সা’দত হুসাইন গেল সপ্তাহে ডিবিসি টিভিতে রাজকাহন অনুষ্ঠানে অনেক রহস্য করেই বিষয়টি তুলে ধরেছেন। আমার ভুল হয়ে না থাকলে তঁার কথার মানে দঁাড়ায় ভোটের দিনে প্রশাসনের আচরণেই বোঝা যায় ভোটের ফল কী হবে। সঞ্চালকের পীড়াপীড়িতেও তিনি অবশ্য বিষয়টি এর চেয়ে আর বেশি খোলাসা করেননি। প্রশাসনের দলীয়করণ তাই অনেক দিন ধরেই সরকারের অগ্রাধিকারের বিষয় হয়ে রয়েছে।
আসুন, এ ক্ষেত্রে ব্রিটেনের অভিজ্ঞতাটি দেখে নেওয়া যাক। ব্রিটেনে নির্বাচনের আগে প্রশাসনের জন্য কার্যকর হয় পর্দা (Purdah) প্রথা। নারীদের সম্ভ্রম রক্ষায় যে পর্দার ব্যবহার, সেখান থেকেই ব্রিটিশ আমলারা এই পর্দাপ্রথা কথাটি আমদানি করেছেন। তবে তাঁদের উদ্দেশ্য হচ্ছে দলীয় রাজনীতির ওপর পর্দা টেনে আমলাতন্ত্রের নিরপেক্ষতা রক্ষা করা। এই ব্যবস্থায় মন্ত্রীরা দৈনন্দিন কাজের বাইরে আমলাদের সহায়তা নিতে পারেন না এবং আমলারাও সে রকম সেবা দিয়ে কাউকে বিশেষ সুবিধা পারেন না। এই পর্দাপ্রথা স্থানীয় সরকার এবং রাজ্য পরিষদগুলোর নির্বাচনেও কার্যকর হয়ে থাকে। অতীতে নির্বাচন ঘোষণার আগে মন্ত্রিপরিষদ সচিব আমলাদের জন্য আচরণবিধি প্রকাশ করে এটি নিশ্চিত করতেন। এরপর ২০১১-এর অক্টোবরে ডেভিড ক্যামেরনের প্রথম মেয়াদের সময় তৈরি করা কেবিনেট ম্যানুয়ালে নির্বাচনকালে আমলাদের আচরণ কী হবে তা স্থায়ীভাবে বিধিবদ্ধ করা হয়েছে। ওই ম্যানুয়ালে এমনকি পার্লামেন্টে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে আমলাদের ভূমিকা কী হবে তাও নির্দিষ্ট করা আছে। নির্বাচনের পর সরকার গঠন কিংবা আস্থা ভোটে সরকার হেরে গেলেও আমলাদের ওপর ওই পর্দাপ্রথা অনুসরণের বিধান আছে। প্রশাসনের এই দলনিরপেক্ষতা নিশ্চিত করার ব্যবস্থাটিতে আমরা কবে নজর দেব, সেই প্রশ্নের সুরাহা না করে ওয়েস্টমিনস্টার পদ্ধতি থেকে শিক্ষা নেওয়ার কথা অনেকটাই অর্থহীন। আর হ্যাঁ, তার আগে গণতন্ত্রে আস্থা রাখাটাও জরুরি।
কামাল আহমেদ: সাংবাদিক।