গণতন্ত্র এবং নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ জুলাই প্রথম আলোর আয়োজনে ‘গণতন্ত্র এবং নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে ছাপা হলো।যাঁরা অংশ নিলেনরেহমান সোবহান: চেয়ারম্যান, সিপিডি এ টি এম শামসুল হুদা: সাবেক প্রধান নির্বাচন কমিশনারতোফায়েল আহমেদ: সাংসদ, উপদেষ্টামণ্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগখন্দকার মোশাররফ হোসেন: স্থায়ী কমিটির সদস্য, বিএনপি আনিসুল ইসলাম মাহমুদ: সাংসদ, সভাপতিমণ্ডলীর সদস্য, জাতীয় পার্টি আকবর আলি খান: উপদেষ্টা, সাবেক তত্ত্বাবধায়ক সরকার হামিদা হোসেন: চেয়ারপারসন, আইন ও সালিশ কেন্দ্র হোসেন জিল্লুর রহমান: উপদেষ্টা, সাবেক তত্ত্বাবধায়ক সরকারমাহবুবউল্লাহ: অধ্যাপক, অর্থনীতিবিদ হাসানুজ্জামান চৌধুরী: অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়শিরীন আখতার: সভাপতি, জাতীয় শ্রমিক জোট ও নারীনেত্রীআসিফ ইব্রাহীম: চেয়ারম্যান, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টসঞ্চালকআব্দুল কাইয়ুম, সহযোগী সম্পাদক, প্রথম আলোআলোচনাআব্দুল কাইয়ুম: নির্বাচন আসন্ন। কিন্তু নির্বাচনকালীন সরকার সম্পর্কে দুই দল একমত হতে পারছে না। পাঁচটি সিটি করপোরেশনসহ অন্য স্থানীয় নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে। এই প্রথম বাংলাদেশে নির্বাচনের পর প্রার্থীরা জয়-পরাজয় মেনে নিয়েছেন। পরস্পর শুভেচ্ছা বিনিময় করেছেন। একে অপরকে সহযোগিতার কথা বলেছেন। আমরাও চাই এমন পরিবেশ সব সময় অব্যাহত থাকুক। এখন আলোচনা করবেন এ টি এম শামসুল হুদা।এ টি এম শামসুল হুদাপ্রকৃত গণতন্ত্রের জন্য অনেকগুলো ধাপ পার হতে হয়। আমরা কেবল নির্বাচনী গণতন্ত্রের মধ্যে আছি। কিন্তু কখনো কখনো নির্বাচনী গণতন্ত্র নিয়েও সংশয় দেখা দেয়। ফলে পরবর্তী গণতন্ত্রের কার্যক্রম বাধাগ্রস্ত হয়। নির্বাচনী গণতন্ত্রের অনেকগুলো পক্ষ আছে। রাজনৈতিক দল হলো বড় পক্ষ। তারপর আছে নির্বাচন কমিশন, প্রশাসন ও বিচার বিভাগ। এরপর গণমাধ্যম, নাগরিক সমাজ ও এনজিওর ভূমিকা থাকে। সর্বোপরি, জনগণের একটা ভূমিকা থাকে। নির্বাচন সুষ্ঠু করার জন্য আমরা অনেকগুলো কাজ করেছি। তার মধ্যে অন্যতম হলো ভোটার পরিচয়পত্রের ব্যবস্থা। সাম্প্রতিক সময়ের নির্বাচনগুলো প্রায় সব শ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। কারণ, নির্বাচন কমিশনের বর্তমান ব্যবস্থায় জালিয়াতি করা কোনোভাবে সম্ভব নয়। কিন্তু কেউ ভোটকেন্দ্র দখল ও ভোটারদের ভোট দিতে বাধা সৃষ্টি করতে পারে। এখন এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পরিবর্তনের একটা আভাস পাওয়া যাচ্ছে। এটা অভূতপূর্ব ঘটনা, বিজয়ী ও পরাজিত প্রার্থী পরস্পরকে শুভেচ্ছা জানিয়েছেন। বড় দুটি দলকেই নির্বাচনের জটিলতা দূর করতে হবে। আমাদের সময় প্রধানমন্ত্রীসহ কেন্দ্রীয় পর্যায়ের কেউ ফোন করেননি। কিন্তু স্থানীয় পর্যায়ের নির্বাচনে সাংসদেরা চড়াও হয়েছেন। সংসদ বহাল রেখে কীভাবে নির্বাচন সম্ভব? এ বিষয়ে আলোচনা কম হয়। এটি আলোচনা হওয়া উচিত। সংসদ যদি বহাল থকে এবং ৩০০ আসনে একই দিনে নির্বাচন হয়, তাহলে এসব সাংসদকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নির্বাচন কমিশন বা জেলা প্রশাসকদের নেই।রেহমান সোবহানরাজনীতিকেরা বিভিন্ন জায়গায় কথা বলছেন। কিন্তু আজকের আলোচনার একটা উদ্দেশ্য থাকা দরকার। এখনকার পরিস্থিতি সবাই জানেন। তাই আলোচনার শেষে একটা সমাধান বেরিয়ে আসা উচিত। আমাদের আলোচনাটা যেন সমাধানের দিকে যায়, সে আশা করব। তত্ত্বাবধায়ক সরকারের আগে ভোটকেন্দ্র দখল হয়ে যেত। গুলশানে আমি যেখানে ভোট দিই, সেই কেন্দ্রও দখল হতে দেখেছি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়ে বড় রকমের কোনো প্রশ্ন নেই; যদিও পরাজিত দল নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রধানমন্ত্রী বলেছেন, অন্যান্য দেশের মতো নির্বাচন করবেন। এটা ঠিক কথাই বলেছেন। কিন্তু তিনি বলেননি বিশ্বে এমন কোনো দেশ নেই, যেখানে সংকটকালে বড় রাজনৈতিক দলের মধ্যে সংলাপ হয় না। বিশ্বে এমন কোনো দেশ নেই, যেখানে ২৩ বছর দুই দলের প্রধান নেতার মধ্যে কোনো আলোচনা হয়নি। রাজনৈতিক দলগুলোকে একটা মতৈক্যে আসতে হবে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে।আশি-নব্বইয়ের দশকে অনেক কিছু করা সম্ভব ছিল। আজকে একটা ভোটের বাক্স ছিনতাই হলে কয়েকটি ক্যামেরা তার ছবি তুলবে। চ্যানেলগুলোয় এ ছবি প্রকাশিত হবে। ভোট জালিয়াতি রোধে এটি একটি বড় ধরনের বাস্তবতা। এখানে তিনটি দলের তিনজন গুরুত্বপূর্ণ নেতা আছেন। কীভাবে দলগুলো আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে এবং সবার অংশগ্রহণে একটি নির্বাচন হতে পারে, সে ব্যাপারে তাঁরা বক্তব্য দেবেন।তোফায়েল আহমেদবাংলাদেশ আওয়ামী লীগের মূলনীতি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। অধ্যাপক রেহমান সোবহান ভোটকেন্দ্র দখলের কথা বলেছেন। কিন্তু আমরা পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন করলাম। সর্বশেষ গাজীপুর। গাজীপুর আওয়ামী লীগের ঘাঁটি বলে পরিচিত। সেখানেও নির্বাচন হলো। গাজীপুরসহ প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয়েছে। এতে প্রমাণিত হয়েছে, আগের দিন এখন আর নেই। আগে স্থানীয় নির্বাচনেও ক্ষমতাসীন দল হারতে চাইত না। ৩০০ আসনের নিরাপত্তার বিষয়টি আলোচনায় এসেছে। কিন্তু নির্বাচনব্যবস্থা এমন হয়েছে, কোনোভাবে নির্বাচনকে কলুষিত করা সম্ভব নয়। যেকোনো সময় সংসদ বিলুপ্ত হতে পারে। নির্বাচনের ৯০ দিন আগে, অর্থাৎ ২৪ অক্টোবর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হবে। আমি একটি আসনে নির্বাচন করব। কিন্তু সে আসনের সাংসদ আমি থাকছি না। সবার সমান সুযোগের বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। তখন একটি সরকার থাকবে। তারা রাষ্ট্রের দৈনন্দিন কাজ করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো নির্বাচন কমিশনের হাতে চলে যাবে। হবিগঞ্জ-১ আসনে দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুতে উপনির্বাচন হয়। সে নির্বাচনেও আমরা এক হাজার ২০০ ভোটে পরাজিত হই। এটিও একটি দৃষ্টান্ত যে আমাদের জেতা আসনে উপনির্বাচনে হেরেছি। এরপর নারায়ণগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম—কোথাও সিটি করপোরেশন নির্বাচনে আমাদের প্রার্থী জেতেননি। সরকার নির্বাচনকে প্রভাবিত করেনি এবং করা সম্ভবও নয়। গাজীপুরের নির্বাচনে যত ধরনের অভিযোগ করা যায়, তার সবই বিরোধী দল করেছে। কিন্তু সবাই জানেন, ফলাফল কী হয়েছে। এসব নির্বাচনে সেনাবাহিনী চাওয়া হয়েছে। কিন্তু সেনাবাহিনী ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নেই। মূল প্রশ্ন হচ্ছে বিশ্বাসের। আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না। তা ছাড়া যাঁরা নির্বাচন করবেন, সবার দৃষ্টি তাঁদের ওপর থাকবে। চেষ্টা করলেও এখনকার পদ্ধতিতে নির্বাচনকে নিজের পক্ষে নেওয়া সম্ভব নয়। আজকের আলোচনায় কেউ কাউকে দোষারোপ করতে চাই না। উভয়কে দোষারোপ করার অনেক ক্ষেত্র আছে। বর্তমান পদ্ধতিতে আমি মনে করি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব। যদি আমাদের বিশ্বাস করা না হয়, তাহলে কী অবস্থা হবে? আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত, বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। এ সিদ্ধান্ত থেকে বেরোনোর কোনো সুযোগ নেই।খন্দকার মোশাররফ হোসেনগণতন্ত্র ও নির্বাচন—দুটোই স্বাভাবিক প্রক্রিয়া। তার পরও কেন আজকে গণতন্ত্র ও নির্বাচন নিয়ে আলোচনা করতে হচ্ছে? কারণ, বিষয় দুটি এখন সংকটের মধ্যে আছে। তোফায়েল আহমেদের আলোচনা থেকে মনে হয়েছে, দেশে কোনো সংকট নেই। তাহলে কেন এই গোলটেবিল আলোচনা? এখনকার বাস্তবতা হলো, সামনে নির্বাচন। নির্বাচন অনিশ্চিত হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। এই দুশ্চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছিল না। তখন বাংলাদেশে তত্ত্ববধায়ক সরকারব্যবস্থা এসেছে। এখন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্যান্য দেশ অনুসরণ করছে। আমরা এটাকে বাদ দেওয়ার চেষ্টা করছি। তত্ত্বাবধায়ক সরকার আসারও একটা প্রেক্ষাপট ছিল। স্বাধীনতার পর দেশে অনেকগুলো নির্বাচন দলীয় সরকারের অধীনে হয়েছে। এর কোনোটাই পূর্ণ মেয়াদ অতিক্রম করতে পারেনি। এসব নির্বাচন ও সরকার গ্রহণযোগ্য হয়নি। ১৯৭৩ সালে নির্বাচিত আওয়ামী লীগের সরকার ১৯৭৫ সালে শেষ হয়েছে। ১৯৭৮ সালে শহীদ জিয়ার সরকার ১৯৮১ সালে শেষ হয়। ১৯৮৬ সালে হুসেইন মুহম্মদ এরশাদের সরকার ১৯৮৮ সালে শেষ হয়। ১৯৮৮ সালে আবার এরশাদ নির্বাচন করে ১৯৯০ সালে গণ-অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত হন। ১৯৯৬ সালে বিএনপি একতরফাভাবে নির্বাচন করেছে, অল্প দিনের মধ্যে সংসদ ভেঙে গেছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনগুলো পূর্ণ মেয়াদ অতিক্রম করতে পেরেছে। তত্ত্বাবধায়ক সরকারের মীমাংসিত বিষয়টি পঞ্চদশ সংশোধনীতে বাতিল করা হয়েছে। আগামী নির্বাচন অনিশ্চিত করা হয়েছে। পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনের ভিত্তিতে সরকার বলছে, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কিন্তু এগুলো স্থানীয় নির্বাচন। আমাদের সময়ও স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ হানিফ, মহিউদ্দিন ও কামরান নির্বাচিত হয়েছেন। বিমানবন্দর থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলা, খালেদা জিয়াকে বাড়ি থেকে উৎখাত করা, আমাদের নামে গাড়ি পোড়ানের মামলা দেওয়া, নগ্নভাবে বিএনপির অফিসে হামলা ইত্যাদি দমন-পীড়নের কারণে সরকারের ওপর আস্থা নেই। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য একটি কার্যকর আলোচনা এখনই শুরু হওয়া উচিত। কোনো কারণে যদি গণতন্ত্র হোঁচট খায়, তাহলে তাঁরা বা আমরা জনগণের কাছে দায়ী থেকে যাব।হামিদা হোসেনআমরা সবাই নির্বাচন চাই। কারণ, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আসে। কিন্তু আসলেই কি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আসে? নির্বাচনে একটি দল ক্ষমতায় আসে। কিন্তু ক্ষমতায় আসার পর গণতন্ত্র শব্দটা ভুলে যায়। আওয়ামী লীগের কমিটিতে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সবাই একমত হয়েছিলেন। তারপর প্রধানমন্ত্রী বলেছেন তত্ত্বাবধায়ক সরকার থাকবে না। তাই এখন এ ব্যবস্থা নেই। আগামী নির্বাচন যেভাবেই হোক, হিন্দুসম্প্রদায় ও নারীদের ওপর আক্রমণ করা হবে। এ দুটো শ্রেণীকে আক্রমণের আশঙ্কা সব সময় বেশি থাকে। নির্বাচনের ক্ষেত্রে কেউ কাউকে বিশ্বাস করছে না। আবার নির্বাচনের সময় যে ধরনের প্রার্থী দেখি, অনেক সময় তাঁদের ভোট দেওয়া যায় না। নিজের দলের মধ্যে গণতন্ত্রের চর্চা হচ্ছে কি না, সেটি আগে দেখতে হবে। আপনারা বললেন, কেন্দ্র থেকে মনোনয়ন দেওয়া হয়। কেন্দ্র থেকে হলে সেটা কতটুকু গণতান্ত্রিক হয়? কাকে মনোনয়ন দেওয়া হয়? সংসদে গ্রামীণ ব্যাংক, পদ্মা সেতুর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা হয় না। কেবল নির্বাচনের বিষয় আলোচনা হলে গণতন্ত্রায়ণ হবে না। এটা হলো বড় দুই দলের ক্ষমতার খেলা। এখানে সার্বিকভাবে সব বিষয় আলোচনা করতে হবে। একটা ভোটার তালিকা হয়েছে। কিন্তু সঠিকভাবে এটা হালনাগাদ করা হচ্ছে কি না, সেটা নিয়ে সংশয় রয়েছে। হালনাগাদ করার জন্য খুব বেশি বাড়ি বাড়ি যেতে দেখিনি। যাঁরা নির্বাচন পরিচালনা করবেন, তাঁদের নিয়োগ-পদ্ধতি কীভাবে হয়েছে, সেটি বিবেচনায় নিতে হবে।আনিসুল ইসলাম মাহমুদনব্বইতে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছিল না। সাংবিধানিক বিধিবিধান মেনেই আমরা ক্ষমতা হস্তান্তর করেছিলাম। আজকে গণ-অভ্যুত্থানসহ অনেকে অনেক কিছু বলেন। সেদিন সামরিক সরকারের ক্ষমতা গ্রহণসহ অনেক কিছুই হতে পারত। কিন্তু আমরা এমনভাবে ক্ষমতা হস্তান্তর করেছি, যেন সামরিক সরকার আসতে না পারে। তখন বলা হয়েছিল, ক্ষমতা ছেড়ে নির্বাচনে আসুন। কিন্তু ক্ষমতা ছাড়ার পর প্রেসিডেন্টসহ সবাইকে জেলে ঢোকানো হলো। এই যে নব্বই থেকে প্রতিহিংসার ধারা শুরু হলো, সেটা আজও চলছে। প্রতিহিংসার জন্য নির্বাচনে পরাজিত হওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়েছে। বলা হয় যে ‘নির্বাচনে হারলে খবর আছে।’ আজকে বড় দুটো দলকে নিশ্চয়তা দিতে হবে, প্রতিহিংসার রাজনীতি তারা বন্ধ করবে। উচ্চ আদালতের রায় দ্বিমুখী। রায়ে সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ বলে আরও দুবার এ পদ্ধতি রাখা যেতে পারে বলা হয়েছে। যেভাবেই নির্বাচন করা হোক না কেন, জটিলতা কাটবে না। নির্বাচন করতেই হবে। এর কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে আমার ব্যক্তিগত মত হলো, সাংসদদের মধ্য থেকে নিরপেক্ষ একজনকে বেছে নিতে হবে। উনি উভয় দলের কাছে গ্রহণযোগ্য হবেন। এখন প্রশ্ন আসতে পারে, এটা কী করে সম্ভব? এটা সম্ভব করতে পারলে একটা সমাধান পাওয়া যাবে। নির্বাচনের দিন নির্বাচন কমিশনের করার কিছুই থাকে না। নির্বাচন পরিচালনা করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই চারজনকে দায়িত্ব পালনে নিরপেক্ষ করতে হবে।হোসেন জিল্লুর রহমাননির্বাচন নিয়ে মূল সংশয় হলো অবিশ্বাস। অবিশ্বাসের কারণগুলো আমরা জানি। কারণগুলো বাদ দিয়ে কেবল নির্বাচন নিয়ে আলোচনা ফলপ্রসূ হবে না। সংলাপের মাধ্যমে একধরনের রাজনৈতিক চুক্তি হতে হবে। বাংলাদেশে গণতন্ত্র কীভাবে পরিচালিত হবে, এর সার্বিক বিষয় নিয়ে আলোচনা হতে হবে। আমরা পাকিস্তান ও মিসরের অভিজ্ঞতা কাজে লাগাতে পারি। এখন দেশে দুটি অনিশ্চয়তা রয়েছে। প্রথম অনিশ্চয়তা আগামী নির্বাচন সঠিক সময়ে হবে কি না। দ্বিতীয় অনিশ্চয়তার ভিত্তি হচ্ছে জন-অসন্তোষ। যেমন কীভাবে গণতন্ত্র পরিচালিত হচ্ছে। কারণ, কেউ ভাবেনি পাঁচ বছরের মাথায় এসে নির্বাচন নিয়ে এ রকম সমস্যা তৈরি হবে। উভয় দল মিলে একটা দীর্ঘমেয়াদি যৌক্তিক সমাধানে আসতে হবে। নির্বাচন হলো রাজনৈতিক দলের বিষয়। গণতন্ত্র হলো জনগণের বিষয়। যত কথা নির্বাচন নিয়ে। কিন্তু গণতন্ত্র নিয়ে তেমন কথা হচ্ছে না। সরকারের শাসনব্যবস্থার মান কী? সুশাসনের একেবারে ধস। সামগ্রিকভাবে গণতন্ত্র নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অর্থনীতির প্রবৃদ্ধির মধ্যে কালো ছায়া ভর করেছে। এখন সংলাপ হতে হবে একটা বৃহত্তর রাজনৈতিক সমঝোতার ভাবনা থেকে। নির্বাচনের দিন থেকেই প্রতিহিংসা শুরু হয়। বিরোধীদের হাজার হাজার মামলা দেওয়া হয়। ২০ বছর ধরে আদালত ও পুলিশি প্রক্রিয়ার চরম অপব্যবহার হয়ে আসছে। এগুলো এখন মহামারি পর্যায়ে চলে গেছে। নির্বাচনের পর প্রতিপক্ষের অনেককে পাঁচ বছর গ্রামছাড়া থাকতে হয়। তাদের ভেতরে চরমভাবে প্রতিহিংসা দানা বাঁধে। কেবল সুযোগের অপেক্ষায় থাকে, ক্ষমতায় এলে তাদের প্রথম কাজ হয় আরও দ্বিগুণ মামলা প্রতিপক্ষকে দেওয়া। এটার অবসান হতে হবে।আসিফ ইব্রাহীমহরতালের ক্ষতির বিষয়ে ঢাকা চেম্বার থেকে একটা সমীক্ষা করা হয়। এ সমীক্ষা থেকে দেখা যায়, এক দিন হরতালে ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হয় এক হাজার ৬০০ কোটি টাকা। প্রতিটি গণতান্ত্রিক সরকারের প্রথম তিন বছর যে জিডিপি অর্জিত হয়, শেষ দুই বছর অর্জিত জিডিপির ১ থেকে দেড় শতাংশ হারাতে হয়। শেষ দুই বছরে জিডিপি কমার কারণ হরতালসহ বিভিন্ন ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা। ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হতে চাই। ২০৩০ সালের মধ্যে বৃহৎ অর্থনৈতিক দেশ হতে চাই। এ জন্য রাজনীতিকে সঠিকভাবে পরিচালিত করতে হবে। তা না হলে এ লক্ষ্য অর্জন করতে পারব না। আমরা প্রতিবছর ৩০ লাখ লোকের কর্মসংস্থান করতে চাই। এর জন্য আরও বেশি করে শিল্পায়ন করতে হবে। তাই প্রয়োজন স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ। কিন্তু প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে দশকের পর দশক কোনো সংলাপ হয় না। তাহলে কীভাবে আমরা এগোব। চাটুকার রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হতে হবে। দলীয়করণের প্রভাব সব জায়গায় রয়েছে। বিভিন্ন বাণিজ্যিক সংস্থাকেও দলীয়করণের আওতায় আনার চেষ্টা হয়। আমার প্রস্তাব হলো আওয়ামী লীগ ও বিএনপি থেকে সাতজন করে সাংসদ নিয়ে একটি সরকার গঠন করা হোক। তাঁদের মধ্য থেকে সবার গ্রহণযোগ্য একজন সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। আপনারা এটা ভেবে দেখতে পারেন।মাহবুবউল্লাহদেশে আজকের এবং আগামী দিনের রাজনীতির প্রধান সমস্যা হচ্ছে আস্থার সংকট। ২০০৮ সালের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মহাজোট সরকার গঠন করল। কথা ছিল, ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দলকে দেবে। দুই পক্ষের মধ্যে আস্থা প্রতিষ্ঠার প্রাথমিক কাজটি হতে পারত, যদি সরকার এ কথা রাখত। বিরোধী দল শুরু থেকেই সহযোগিতার কথা বলছে। বাংলাদেশের ইতিহাসে আগে কখনো এটা হয়নি। সরকার সহযোগিতা গ্রহণ করতে পারত। তাহলে আজকের এ সমস্যা হতো না। একসময় মুসলিম লীগ মনে করত, তারা যেহেতু পাকিস্তান প্রতিষ্ঠা করেছে, তারাই পাকিস্তানের মালিক। অন্যদের এখানে থাকার অধিকার নেই। স্বাধীনতার নেতৃত্বদানকারী দল হিসেবে আওয়ামী লীগও মনে করে, তারা ছাড়া আর কেউ এ দেশের মঙ্গলের কথা ভাবে না। যে যখন ক্ষমতায় আসে, সে তখন প্রশাসন, বিচার বিভাগসহ সব জায়গায় নিজের লোক খোঁজে। ফলে চরম দলীয়করণের সৃষ্টি হয়েছে। পাঁচ বছর ক্ষমতাসীন দল নিজের মতো করে পুলিশ, প্রশাসন ও বিচার বিভাগ চালায়। তাই নির্বাচন যখন আসে, তখন অপর পক্ষ এ প্রশাসনের ওপর আস্থা রাখতে পারে না। এ সমস্যার জন্যই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তিত হয়েছে। আজকে দেশে নির্বাচন নিয়ে বড় ধরনের আশঙ্কা দেখা দিয়েছে। এ থেকে সংঘর্ষ, গোলযোগ, রক্তপাত অনেক কিছুই হতে পারে। তাই রাষ্ট্রের প্রয়োজনে সুপ্রিম কোর্টের কাছে একটি রেফারেন্স চাওয়া যেতে পারে। দেশের এ সংকটকালে বিভিন্ন ধরনের রায়ের আলোকে তাঁরা যেন নির্বাচনের একটা সুষ্ঠু পথ দেখান।শিরীন আখতারনব্বইয়ের গণ-আন্দোলনের রূপরেখায় বলা হয়েছিল, দুই বা তিনবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে। তারপর একটি গণতান্ত্রিক ধারায় যেতে হবে। নব্বইয়ের আন্দোলনের পর একটি রাজনৈতিক ও সামাজিক চুক্তি হয়েছিল। পরবর্তী সময়ে চুক্তির শর্তগুলো কার্যকর হয়নি। ফলে তখন থেকেই সংকট দেখা দেয়। খোন্দকার দেলোয়ার হোসেন বলেছিলেন, সরকারি দলকে সাহায্য করতে চাই। কিন্তু যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলো, তখন সাহায্যের পথ বন্ধ হলো। আমরা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে চাই। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চাই। এর জন্য আমাদের রাজনীতিকে ঢেলে সাজাতে হবে। বিরোধীদলীয় নেতাকে ঘোষণা করতে হবে, তিনি সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদমুক্ত হয়ে রাজনীতি করতে চান কি না। যতক্ষণ পর্যন্ত এ প্রশ্নের সমাধান না হবে, ততক্ষণ দেশে গণতন্ত্র রক্ষা ও সুষ্ঠু নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকার-সম্পর্কিত রায়ে বলা আছে, ‘যদি সংসদ মনে করে, তাহলে আরও দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে।’ তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা সংসদ মনে করেনি, তাই বাতিল হয়েছে। কেউ কি নিশ্চয়তা দিতে পারবে, আগামী দুটি নির্বাচনের পর তত্ত্বাবধায়ক সরকার বন্ধ হবে? গাজীপুর নির্বাচনে কয়েকবার গিয়েছিলাম। অনেক উন্নয়ন চোখে পড়েছে। সব উন্নয়ন ঢাকা পড়ে যায়, যদি সুশাসন না থাকে। আজকে হেফাজত নারীকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করছে। তারা বলছে, নারীকে চতুর্থ শ্রেণীর বেশি পড়া দরকার নেই। নারী প্রগতি ও উন্নয়নের সম্পূর্ণ বিরুদ্ধে তারা। কিন্তু এদের কারা সমর্থন দিচ্ছে? এ সমস্যার সমাধান করতে না পারলে প্রগতি, উন্নয়ন, গণতন্ত্র রক্ষা, সুষ্ঠু নির্বাচন, রাজনৈতিক চর্চা—কোনোটাই হবে না। এটিই আজকে প্রধান সমস্যা। এ সমস্যার সমাধান করতে হবে।হাসানুজ্জামান চৌধুরীরাষ্ট্র এমন একটি ব্যবস্থা, যেখানে মানুষই প্রধান। মানুষ রাষ্ট্রব্যবস্থা মেনে নেয় বলে রাষ্ট্র টিকে থাকে। রবীন্দ্রনাথ বলেছিলেন, ‘যদি মানুষই ভালো না থাকল, তাহলে দেশ দিয়ে কী হবে?’ মানুষকে ভালো রাখার উপায় হচ্ছে সামাজিক চুক্তি। রাষ্ট্র বেশি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো রাষ্ট্রের মানুষ। এই মানুষ রাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে যাদের পাঠায়, তারা প্রভু হয়ে যায়। গণতন্ত্রের মানে হচ্ছে, জনগণই প্রভু। আপনি আমার নিয়োজিত কর্মচারী। সমাজসত্তার মধ্যে মূল বিষয় হচ্ছে জনগণ। কিন্তু দুটি বড় জোট ১৬ কোটি মানুষ নয়। ১৬ কোটি মানুষের ভাবনার মধ্যে বড় দুটি দল কোথায় আছে? দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যেই কখনো গণতন্ত্রের চর্চা হয় না। ভালোবেসে সব দায়িত্ব নেত্রীকে দিয়ে দিই। তাঁরা যা করেন, সেটা মানতে বাধ্য থাকি। কিছু সময়ের জন্য জনগণ এ দলগুলোকে দায়িত্ব দেয়। রাষ্ট্রের আসল মালিক জনগণ। রাজনীতি গুরুত্বপূর্ণ, সরকারও গুরুত্বপূর্ণ। কিন্তু সরকারের এমন কোনো অধিকার নেই তার সিদ্ধান্তকে জনগণের সিদ্ধান্ত বলে চাপিয়ে দেবে। কোনো উন্নত দেশে দুবারের বেশি নেতা নির্বাচিত হয় না। আমাদের দেশে বছরের পর বছর একজন নেতা হচ্ছেন। এমন কোনো উন্নত বা ভদ্র দেশ নেই, যেখানে একই ব্যক্তি দলের প্রধান, আবার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হয়ে বসে আছেন। এ সবকিছুকে ঢেলে সাজাতে না পারলে মানুষ, গণতন্ত্র, নির্বাচন কোনো কিছুই ভালো থাকবে না।আকবর আলি খানতত্ত্বাবধায়ক সরকার প্রশ্নটা কি রাজনৈতিক, না সাংবিধানিক? সাংবিধানিক হলে সাংবিধানিক সমাধান খোঁজা যেতে পারে। কামাল হোসেন বলেছেন, সাংবিধানিক সমাধান ১৫ মিনিটে করা সম্ভব। সমস্যাটা আসলে রাজনৈতিক, যে কারণে সমাধান সহজ হচ্ছে না। তত্ত্বাবধায়ক সরকার না হলে বিরোধী দল নির্বাচনে জিততে পারবে না—এটা ঠিক নয়। ১৯৫৪ সালে নূরুল আমীন সরকার নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেও ৩০০ আসনের মধ্যে নয়টি আসন পেয়েছিল। জনগণ যদি কোনো দিকে চলে যায়, তাহলে সে নির্বাচনকে ঠেকিয়ে রাখা যায় না। প্রধান বিরোধী দলের যদি সরকারের ওপর আস্থা না থাকে, তারা যদি অংশগ্রহণ না করে, তাহলে দেশ-বিদেশে এ নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সময় কম। রাজনৈতিক দলগুলোকে খোলা মন নিয়ে এগিয়ে আসতে হবে এবং আলোচনা করতে হবে। তা না হলে সমস্যার সমাধান সম্ভব নয়। সমাধান না হলে ক্ষতি রাজনৈতিক দলগুলোর যেমন হবে, আমাদের মতো সাধারণ নাগরিকেরও হবে। একসময় নির্বাচনের চারটি পদ্ধতির কথা বলেছিলাম। এর অর্থ এই নয় যে এগুলো মানতে হবে। অর্থাৎ, সমাধান আছে। এখন প্রশ্ন হচ্ছে, সমাধান করার মানসিকতা আছে কি না। যদি সমাধান না হয়, তাহলে কী হবে আমরা কেউ জানি না। এ বিষয়ে সবাই উদ্বিগ্ন।রেহমান সোবহানবর্তমান সরকারকে আবার ক্ষমতায় আসতে হলে সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে আসতে হবে। এ ছাড়া কোনো বিকল্প নেই। বর্তমান সরকারকেই নির্বাচনপদ্ধতি ঠিক করতে হবে, যেহেতু তারা ক্ষমতায় রয়েছে। সংবিধানে এবং বিভিন্নভাবে নির্বাচনের অনেক পদ্ধতির কথা বলা হয়েছে। প্রায় সবাই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা বলেছেন। নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক, তারা কি প্রতিশোধের নীতি শুরু করবে? প্রতিটি নির্বাচনের পর প্রতিশোধের মাত্রা তার আগের নির্বাচনের সময় থেকে দ্বিগুণ হারে বেড়ে যাচ্ছে। এভাবেই কি চলতে থাকবে? নাকি দেশ একটি গণতান্ত্রিক ধারায় আসবে? সেটি একটি বড় প্রশ্ন। যারা নির্বাচনে জয়ী হয়, পুলিশ, প্রশাসন, বিচার বিভাগসহ সবকিছুকে তারা দলীয়করণ করে। এ অবস্থার অবসান হবে কি না, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্ষমতার নামে দেশে এত দিন যে খেলাটি চলছে, কাউকে না কাউকে এর অবসান ঘটাতে হবে। আজকের আলোচনায় একটি বিষয়ে সবাই ঐকমত্যে এসেছেন, অতীতের রাজনীতির মতো ভবিষ্যতে দলীয়করণ হবে না। সহিংসতা হবে না। মিথ্যা মামলা হবে না। নির্যাতন-নিপীড়ন হবে না। দখলের সংস্কৃতি থাকবে না। দুর্নীতি নিয়ন্ত্রণ করা হবে। দেশ একটি সত্যিকার গণতান্ত্রিক ধারায় পরিচালিত হবে।আব্দুল কাইয়ুমদীর্ঘক্ষণ আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। সবাই চেয়েছি, আগামী নির্বাচনে সব দল অংশগ্রহণ করুক। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য দুই পক্ষই ফলপ্রসূ উদ্যোগ গ্রহণ করুক। খুবই আশার কথা এই যে আজকের আলোচনায় সহিংসতার বিরুদ্ধে সবাই একমত হয়েছেন। আমরা আশা করব, ভবিষ্যতে নির্বাচন-পরবর্তীকালে কোনো সহিংসতা হবে না। আলোচনায় সময় দেওয়ার জন্য সবাইকে প্রথম আলোর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।